৭৬

الدهر

সূরা আদ্‌ দাহ্‌র

Ad-Dahr

মক্কী ৩২ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩২ আয়াত এবং ২ রুকু আছে।

وَاِذَا رَاَیۡتَ ثَمَّ رَاَیۡتَ نَعِیۡمًا وَّمُلۡکًا کَبِیۡرًا ﴿۲۱﴾

২১
এবং যখন তুমি অবলোকন করিবে, সেখানে তুমি এক মহা নেয়ামত এবং বিশাল রাজ্য অবলোকন করিবে।৩১৯৮
৩১৯৮। পরলোকে মো’মেনদের জন্য আধ্যাত্মিক রাজত্ব তো আছেই, তাহা ছাড়াও মহানবী (সঃ)-এর সাহাবীগণকে ইহজগতেই সম-সাময়িক বড় বড় সাম্রাজ্যের উপর আধিপত্য দেওয়া হইয়াছিল।

عٰلِیَہُمۡ ثِیَابُ سُنۡدُسٍ خُضۡرٌ وَّاِسۡتَبۡرَقٌ ۫ وَّحُلُّوۡۤا اَسَاوِرَ مِنۡ فِضَّۃٍ ۚ وَسَقٰہُمۡ رَبُّہُمۡ شَرَابًا طَہُوۡرًا ﴿۲۲﴾

২২
তাহাদের উপর সবুজ বর্ণের চিকণ রেশমী এবং ঘন রেশমী পোষাক থাকিবে এবং তাহাদিগকে রৌপ্য নির্মিত কংকণ দ্বারা অলংকৃত করা হইবে, এবং তাহাদের প্রতিপালক তাহাদিগকে পবিত্র পানীয় পান করাইবেন।৩১৯৯
৩১৯৯। আল্লাহ্‌র প্রেমে বিভোর পথিক যখন ‘কাফূর’ অবস্থায় থাকিয়া আধ্যাত্মিক ভ্রমণে ব্যস্ত থাকে, সেই অবস্থায় বলা হইয়াছে, সে নিজেই আল্লাহ্‌র প্রেমের শরাব খুঁজিয়া বেড়ায় (আয়াত-৬) ‘যানজাবীল’ স্তরে অন্যেরা তাহাকে খেদমত করে ও জীবন-দায়িনী শরবত পান করায় (আয়াত ১৮)। শেষ স্তরে অর্থাৎ ‘সালসাবীল’ স্তরে, আল্লাহ্‌ স্বয়ং তাহাকে চিরস্থায়ী জীবনের অমোঘ সুরা পান করিতে দেন (আয়াত ১৯)। এই তিন প্রকারের শরবত একটার পর একটা, উন্নততর দেখা যায়। ইহা তাৎপর্যপূর্ণ। ‘কর্পূর’ শীতলকারী, ‘আদা’ উত্তাপ সৃষ্টিকারী এবং ‘সালসাবীল’ গন্তব্যের দিকে স্বাভাবিক গতি দানকারী। কর্পূর-মিশ্রিত শরবত উগ্র কামনা-বাসনাকে শীতল (দমন) করে, আদা-মিশ্রিত শরবত ধর্মপরায়ণতাকে উত্তপ্ত করিয়া ইহাকে গতিময় করিয়া তোলে এবং সালসাবীলের পানি ধার্মিককে আধ্যাত্মিক গন্তব্যের দিকে স্বাভাবিক গতিতে চালাইয়া নেয়, পদস্খলিত হইতে দেয় না।

اِنَّ ہٰذَا کَانَ لَکُمۡ جَزَآءً وَّکَانَ سَعۡیُکُمۡ مَّشۡکُوۡرًا ﴿٪۲۳﴾

২৩
(তাহাদিগকে বলা হইবে) ইহাই হইল তোমাদের জন্য পুরস্কার, বস্তুতঃ তোমাদের চেষ্টা-প্রচেষ্টার কদর করা হইয়াছে।
সূরা আদ্‌ দাহ্‌র - রুকু ১

اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ تَنۡزِیۡلًا ﴿ۚ۲۴﴾

২৪
নিশ্চয় আমরা তোমার প্রতি কুরআন ক্রমে ক্রমে নাযেল করিয়াছি।৩২০০
৩২০০। কুরআন ক্রমে ক্রমে এবং খণ্ড-খণ্ডভাবে অবতীর্ণ হইয়াছে। ইহা পূরাপূরি অবতীর্ণ হইতে ২৩ বৎসর সময় লাগিয়াছে। এই ক্রম-অবতরণ পদ্ধতির মধ্যে দুইটি উদ্দেশ্য রহিয়াছেঃ (ক) ইহা মো’মেনগণকে সুযোগ দিয়াছে, যাহাতে তাহারা অবতীর্ণ অংশটুকু শিখিতে, মুখস্থ করিতে, সংগৃহীত করিতে এবং জীবনে প্রতিফলিত করিতে পারে এবং (২) পরিবর্তিত ও পরিবর্তনশীল সমাজ-বিবর্তনের ধারার বিভিন্ন প্রয়োজনকে মিটাইবার জন্য ও সময়ের চাহিদা পূরণের জন্য ক্রম-ধারায় অবতরণই অধিকতর যুক্তিসঙ্গত ছিল। এই পদ্ধতি অবলম্বনের মধ্যে মো’মেনদের ঈমানবর্ধন, মুসলমানদের প্রত্যয়-বৃদ্ধি ইত্যাদিও অন্তর্ভুক্ত। কেননা, ফাঁকে ফাঁকে মধ্যবর্তী সময়ে, তাহারা কুরআনের মধ্যে বর্ণিত ও ঘোষিত ভবিষ্যদ্বাণীগুলি বাস্তবে পরিণত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত দেখার মহা-সুযোগ লাভ করিয়া পরিতৃপ্ত হইতেন এবং দ্বিগুণ উৎসাহ লাভ করিতেন। কুরআনের খণ্ড-খণ্ডভাবে, ক্রমান্বয়ে অবতরণ দ্বারা বাইবেলের এই ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হইয়াছেঃ ‘বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু; সেখানে একটুকু।’ শুন, তিনি অস্পষ্টবাক ওষ্ঠ ও পরভাষা দ্বারা এই লোকদের সহিত কথাবার্তা কহিবেন, যাহাদিগকে তিনি বলিলেন’ (যিশাইয়- ২৮ঃ১০)।

فَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ وَلَا تُطِعۡ مِنۡہُمۡ اٰثِمًا اَوۡ کَفُوۡرًا ﴿ۚ۲۵﴾

২৫
সুতরাং তুমি তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর এবং তাহাদের মধ্যে কোন পাপাচারী অথবা অস্বীকারকারীকে অনুসরণ করিও না,

وَاذۡکُرِ اسۡمَ رَبِّکَ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿ۖۚ۲۶﴾

২৬
এবং প্রভাতে ও সন্ধ্যায় তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর,

وَمِنَ الَّیۡلِ فَاسۡجُدۡ لَہٗ وَسَبِّحۡہُ لَیۡلًا طَوِیۡلًا ﴿۲۷﴾

২৭
এবং রাত্রেও তাঁহার উদ্দেশ্যে সেজদা কর এবং দীর্ঘ রাত পর্যন্ত তাঁহার তসবীহ্ করিতে থাক।

اِنَّ ہٰۤؤُلَآءِ یُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ وَیَذَرُوۡنَ وَرَآءَہُمۡ یَوۡمًا ثَقِیۡلًا ﴿۲۸﴾

২৮
নিশ্চয় এই সকল লোক সত্বর-লভ্য পার্থিব জীবনকে ভালবাসে এবং তাহাদের পরবর্তী কঠিন দিনকে উপেক্ষা করে।

نَحۡنُ خَلَقۡنٰہُمۡ وَشَدَدۡنَاۤ اَسۡرَہُمۡ ۚ وَاِذَا شِئۡنَا بَدَّلۡنَاۤ اَمۡثَالَہُمۡ تَبۡدِیۡلًا ﴿۲۹﴾

২৯
আমরাই তাহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং তাহাদের গঠনকে মযবুত করিয়াছি এবং যখন আমরা ইচ্ছা করিব তখন তাহাদের অনুরূপ জাতিকে তাহাদের স্থলে দাঁড় করাইব।৩২০১
৩২০১। আল্লাহ্ মানুষকে সর্বোত্তম করিয়া সৃষ্টি করিয়াছেন (৯৫ঃ৫) যাহাতে সে নিজের মধ্যে ঐশী গুণাবলীর বিকাশ ও প্রকাশ ঘটাইতে পারে। অতএব কাফের যদি কুরআনের শিক্ষা হইতে ফায়দা উঠাইতে অস্বীকার করে, তাহা হইলে আল্লাহ্ তাহাদের স্থলে অন্য জাতিকে নিয়া আসিবেন যাহারা ইহা হইতে ফায়দা উঠাইবে।

اِنَّ ہٰذِہٖ تَذۡکِرَۃٌ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّہٖ سَبِیۡلًا ﴿۳۰﴾

৩০
নিশ্চয় ইহা এক উপদেশ-বাণী। অতএব যাহার ইচ্ছা নিজ প্রতিপালক অভিমুখী পথ অবলম্বন করুক।