৭৩

المزمل

সূরা আল্ মুয্‌যাম্মেল

Al-Muzzammil

মক্কী ২১ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২১ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا الۡمُزَّمِّلُ ۙ﴿۲﴾

২
হে বস্ত্রাবৃত ব্যক্তি!৩১৫০
৩১৫০। ‘যামালাহু’ অর্থ সে তাহাকে পিঠের পিছনে বহন করিল। ‘যাম্মালা’র অন্য অর্থ সে তাড়াতাড়ি দৌড়াইয়া চলিল৷ ‘তাযান্মালা’, ‘ইয্‌যাস্মালা’, ‘ইয্‌দামালা’-এই শব্দগুলির অর্থঃ সে নিজেকে চাদরে (কম্বলে) জড়াইল, সে বোঝা বহন করিয়া চলিল। মুয্‌যাম্মেল (বা মুতাযাম্মেল) অর্থ বস্ত্রাবৃত (কম্বল-জড়ানো) লোক যাহার উপর হাজারো দায়িত্বের বোঝা (আকরাব, কাদীর, মা’আনী)। হেরার পর্বত-গুহায় আল্লাহ্‌র ফিরিশ্‌তা তাঁহার কাছে ‘বাণী’ দিয়া আসিলে, মহানবী (সাঃ) এই নূতন আধ্যাত্মিক অভিজ্ঞতায় ভীত-সন্ত্রস্ত হইয়া তাড়াতাড়ি গৃহে ফিরিলেন। এই ভীতি-বিহলতা খুবই স্বাভাবিক ছিল, কেননা অভিজ্ঞতাটা ছিল একেবারেই অভিনব ও অসাধারণ। গৃহে পৌঁছিয়াই তিনি তাঁহাকে বৃহৎ বস্ত্রে আচ্ছাদিত করিয়া দিতে অনুরোধ করিলেন। বস্ত্রাবৃত করণের মধ্যে যেহেতু জোড়া দেওয়া ও একত্রীকরণ অর্থ নিহিত আছে, অতত্রব এই আয়াতের অর্থ এইরূপও হইতে পারে, “ওহে ব্যক্তি, বিশ্বের সকল জাতিকে পরস্পর সংযুক্ত করিয়া এক পতাকার নীচে একত্রিত করিতে তুমি নিয়োগ-প্রাপ্ত হইয়াছো”। হাদীসের মধ্যেও মহানবী (সাঃ)-কে ‘হাশের’ বলা হইয়াছে, ‘হাশের’ অর্থ বিশ্ববাসীকে সংযোজনকারী ও একত্রীভূত কারী (বুখারী)। এই আয়াতের আরও তাৎপর্য আছেঃ- (১) মহানবী (সাঃ) এমনই এক ব্যক্তি যাহাকে মহান উদ্দেশ্য পূর্ণ করিবার জন্য মানব জাতিকে জাগাইয়া তুলিতে হইবে। আর ইহা এক সুদীর্ঘ পথ, যাহা অতিক্রম করিতে সুদীর্ঘ সময়ের প্রয়োজন। অতত্রব তাহাকে দ্রুত পদে চলিতে হইবে– কঠোর পরিশ্রমের সহিত অবিশ্রান্তভাবে দ্রুতগতিতে কাজ করিয়া যাইতে হইবে; (২) তিনি এক অনন্য সাধারণ ব্যক্তি, যাঁহাকে অসামান্য বোঝা বহন করিতে হইবে– বিশ্ব-মানবের ঘরে ঘরে তাঁহাকে ঐশী-বাণীর গুরুভার বহনের বিরাট দায়িত্ব সম্পাদন করিতে হইবে। মহানবী (সাঃ)-কে স্মরণ করাইয়া দেওয়া হইতেছে যে, তাঁহাকে আল্লাহ্‌-ভক্ত এক বিরাট সম্প্রদায় তৈরী করিতে হইবে যাহারা তাঁহারই মহান আদর্শ ও অবিচল প্রেরণায় অনুপ্রাণিত হইয়া, ইসলামের বাণীকে মানবতার দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিতে তাঁহাকে (সাঃ) সাহায্য করিবে। এই কষ্টসাধ্য কর্তব্য ও গুরুদায়িত্বের প্রতিই এখানে ইঙ্গিত করা হইয়াছে, লম্বা ও মোটা কাপড়ে তাঁহার আচ্ছাদিত হওয়ার প্রতি নহে।

قُمِ الَّیۡلَ اِلَّا قَلِیۡلًا ۙ﴿۳﴾

৩
তুমি রাত্রে (ইবাদতের জন্য) দণ্ডায়মান হও, অল্প অংশ ব্যতীত,

نِّصۡفَہٗۤ اَوِ انۡقُصۡ مِنۡہُ قَلِیۡلًا ۙ﴿۴﴾

৪
ইহার অর্ধেক অংশ অথবা ইহা হইতে কিছু কম কর,

اَوۡ زِدۡ عَلَیۡہِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ﴿۵﴾

৫
অথবা ইহার উপর কিছু বাড়াও এবং তরতীব সহকারে সুললিত কণ্ঠে কুরআন আবৃত্তি কর।

اِنَّا سَنُلۡقِیۡ عَلَیۡکَ قَوۡلًا ثَقِیۡلًا ﴿۶﴾

৬
নিশ্চয় আমরা তোমার উপর গুরুভার কালাম ন্যস্ত করিতে চলিয়াছি।৩১৫১
৩১৫১। ‘গুরু-ভার কালাম’, দ্বারা কুরআনের মহান ও বৈপ্লবিক শিক্ষাকে বুঝাইয়াছে। কেননা, ইহা এতই ভারী ও গুরুত্ববহ যে, ইহার পরিবর্তন বা স্থানান্তর সম্ভব নহে। কুরআনের একটি শব্দ বা অক্ষর সংশোধিত বা পরিবর্তিত হইবার নহে। বিভিন্ন স্থলে বর্ণিত একটি হাদীসে আছে, যখনই মহানবী (সাঃ)-এর নিকট ‘ওহী’ আসিত, তখনই তিনি ভীষণ বিহ্বল অবস্থা প্রাপ্ত হইতেন, তিনি এমনই এক অস্বাভাবিক অনুভূতি-গ্রস্ত হইতেন যে, অতিরিক্ত শীতের দিনেও বড় বড় ঘর্মবিন্দু তাঁহার কপাল বাহিয়া পড়িত এবং তিনি নিজের শরীরকে বোঝার মত অনুভব করিতেন (বুখারী)। কুরআনের ঐশী-বাণী ‘গুরু-ভারাক্রান্ত’ হওয়ার কারণেই নবী করীম (সাঃ)-এর ইন্দ্রিয়সমূহে ইহার প্রকোপ ও প্রভাব এইভাবে দেখা দিত।

اِنَّ نَاشِئَۃَ الَّیۡلِ ہِیَ اَشَدُّ وَطۡاً وَّاَقۡوَمُ قِیۡلًا ؕ﴿۷﴾

৭
নিশ্চয় (ইবাদতের উদ্দেশ্যে) রাত্রিকালের উত্থান আত্মশুদ্ধির জন্য সর্বাধিক কঠিন পন্থা এবং বাক্যালাপে সর্বাধিক দৃঢ়তাদানকারী।৩১৫২
৩১৫২। নিশীথ রাত্রে জাগিয়া নামায, দোয়া ইত্যাদি আত্নশুদ্ধির কাজ করিলে, রিপু ও কুপ্রবৃতিসমূহ দমন হয় এবং নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখিতে কার্যকরীভাবে সাহায্য করে। আল্লাহ্‌র পবিত্র বান্দাগণের সকলেরই এই একই অভিজ্ঞতা যে, আধ্যাত্নিক উন্নতির জন্য নিশীথের দোয়া ও নামাযের মত এত কার্যকরী পন্থা আর কোনটিই নহে। গভীর রাত্রের নীরব-নিভৃত কন্দরে এক অব্যক্ত প্রশান্তি বিরাজ করিতে থাকে। সেই নিস্তব্ধ-নিরবতায় মানুষ একাকী তাঁহার স্রষ্টার সঙ্গ লাভ করিবার মহা-সুযোগ প্রাপ্ত হয়। তাহার আত্মা ঐশী আলোকে আলোকিত ও সমুজ্জ্বল হইয়া উঠে এবং সেই আলো সে অপরের কাছে বিলাইবারও সুযোগ পায়। এই সময়টা ব্যক্তির চারিত্রিক শক্তি অর্জনের পক্ষে এবং নিজের কথাবার্তাকে যুক্তিপূর্ণ, সার্থক ও প্রভাব-বিস্তার করার পক্ষে বড়ই উপযোগী। সফল বাকশক্তি ও অদম্য কর্মক্ষমতা এমনই দুইটি গুণ যাহা ধর্ম-সংস্কারকের জন্য অপরিহার্য। জাগরিত রাত্রির প্রার্থনা এই দুইটি শক্তিকে (গুণকে) জাগাইয়া তোলে। স্বীয় মনের উপর ও স্বীয় জিহ্বার উপর নিয়ন্ত্রণ লাভের মাধ্যমে, অপর সকলের উপর নিয়ন্ত্রণ লাভ ঘটে।

اِنَّ لَکَ فِی النَّہَارِ سَبۡحًا طَوِیۡلًا ؕ﴿۸﴾

৮
নিশ্চয় দিবসে তুমি দীর্ঘ কর্ম ব্যস্ততায় নিমগ্ন৩১৫৩ থাক।
৩১৫৩। এই আয়াত নবী করীম (সাঃ)-এর শতমুখী কর্তব্যের প্রতি অঙ্গুলি নির্দেশ করিতেছে, যাহা তিনি দ্রুততার সহিত, খুশী মনে সম্পাদন করিতেন। ‘সাব্‌হান’ শব্দটির মধ্যেই এই অর্থ নিহিত আছে (লেইন)।

وَاذۡکُرِ اسۡمَ رَبِّکَ وَتَبَتَّلۡ اِلَیۡہِ تَبۡتِیۡلًا ؕ﴿۹﴾

৯
সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং পার্থিব সম্পর্ক বর্জন করিয়া তাঁহারই প্রতি পূর্ণ অনুরক্তির সহিত অনুরক্ত হও।

رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ فَاتَّخِذۡہُ وَکِیۡلًا ﴿۱۰﴾

১০
তিনিই পূর্ব ও পশ্চিমের প্রতিপালক; তিনি ব্যতীত কোন মা’বূদ নাই, অতএব তুমি তাঁহাকে অভিভাবক হিসাবে গ্রহণ কর।