৬৭

الملك

সূরা আল্ মূল্‌ক

Al-Mulk

মক্কী ৩১ আয়াত ২ রুকু পারা ২৮–২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩১ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

تَبٰرَکَ الَّذِیۡ بِیَدِہِ الۡمُلۡکُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرُ ۙ﴿۲﴾

২
পরম বরকত ও কল্যাণময় তিনি, যাঁহার হতে সকল আধিপত্য, এবং তিনিই সব কিছুর উপর সর্বশক্তিমান;

ۣالَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡغَفُوۡرُ ۙ﴿۳﴾

৩
যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যুকে৩০৭৯ এবং জীবনকে যেন তিনি তোমাদিগকে পরীক্ষা করেন— তোমাদের মধ্যে কে কর্মে উত্তম; এবং তিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল;
৩০৭৯। সারা প্রকৃতি ব্যাপিয়া জীবন ও মৃত্যুর নিয়ম ক্রিয়াশীল রহিয়াছে। প্রত্যেকটি প্রাণী জরা ও মৃত্যুর অধীন। এই আয়াতে এবং ২ঃ২৯ ও ৫৩ঃ৪৫ আয়াতদ্বয়ে ‘মৃত্যুর’ কথা ‘জীবন’ শব্দের পূর্বে ব্যবহৃত হইয়াছে। এর কারণ মনে হয় ইহাই যে, মৃতাবস্থা বা অনস্তিত্বই জীবনের পূর্বাবস্থা। আরেক কারণ ইহাও হইতে পারে যে, জীবন হইতে মৃত্যু অধিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কেননা মৃত্যু মানুষকে অনন্ত জীবনের পথে লইয়া যায় ও সীমাহীন আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করিয়া দেয়। আর এই পার্থিব জীবন পান্থশালায় সাময়িক বিশ্রামের মত। কবরের ওপারে যে অনন্ত চিরস্থায়ী জীবন সেই অনন্ত জীবনের জন্য এখানে, এই মর-জগতে, প্রস্তুতি নিতে হয় মাত্র।

الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیۡ خَلۡقِ الرَّحۡمٰنِ مِنۡ تَفٰوُتٍ ؕ فَارۡجِعِ الۡبَصَرَ ۙ ہَلۡ تَرٰی مِنۡ فُطُوۡرٍ ﴿۴﴾

৪
যিনি স্তরে স্তরে৩০৭৯-ক সৃষ্টি করিয়াছেন সাত আকাশ। তুমি রহমান আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে কোন অসামঞ্জস্য দেখিতে পাইবে না। অতঃপর তুমি পুনরায় দৃষ্টি নিবন্ধ কর। তুমি কি কোন ত্রুটি-বিচ্যুতি দেখিতে পাও?
৩০৭৯-ক। ‘তিবাক’ ও ‘তাবাক’ এবং বহুবচন ‘আৎবাক’ সমার্থক। আরবীতে বলা হয় ‘এই বস্তুটা ঐ বস্তুর তাবাক বা তিবাক’ অর্থাৎ এই জিনিষটা ঐ জিনিষের সমান বা অনুরূপ পরিমাপে, আকারে ও গুণে। তিবাকের অন্য অর্থ হইল মঞ্চ বা তাক (লেইন)। কোন বস্তুর উপর অনুরূপ বস্তু রাখা (মুফরাদাত)।

ثُمَّ ارۡجِعِ الۡبَصَرَ کَرَّتَیۡنِ یَنۡقَلِبۡ اِلَیۡکَ الۡبَصَرُ خَاسِئًا وَّہُوَ حَسِیۡرٌ ﴿۵﴾

৫
অতঃপর তুমি পুনঃপুনঃ দৃষ্টি নিবদ্ধ কর, (পরিশেষে তোমার) দৃষ্টি ব্যর্থ হইয়া তোমার নিকট ফিরিয়া আসিবে এমতাবস্থায় যে উহা অতি শ্রান্ত-ক্লান্ত হইবে৩০৮০ (তবু কোন প্রকার অসামঞ্জস্য দেখিতে পাইবে না)।
৩০৮০। আল্লাহ্‌র সৃষ্টি সত্যই বিস্ময়কর। এই যে সৌরমণ্ডল, যাহার এক কোণে আমাদের পৃথিবী পড়িয়া আছে, তাহা কতই না বিশাল, কতই না বৈচিত্রময় ও শৃঙ্খলাপূর্ণ! এইরূপ কোটি কোটি সৌরমণ্ডল মহাবিশ্বে ছড়াইয়া রহিয়াছে, যাহার এক একটি আমাদের সৌর-মণ্ডল হইতে বহুগুণ বড়। এইরূপ অগণিত সূর্য-গ্রহ-তারকা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অবস্থায় এমন শ্রেণীবদ্ধ ও সুন্দরভাবে সাজানো হইয়াছে যে, এত মিল, ঐক্য ও সৌন্দর্যানুভূতি মানুষের মনকে একেবারে বিমোহিত করিয়া ফেলে। যে সারিবদ্ধতা ও শৃংখলা খালি চোখেই মানুষ দেখিতে পায়, বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতির সাহায্যে দেখিলে তাহা যখন শত শত গুণ বর্দ্ধিত আকারে দৃষ্টিগোচর হয় ও ধরা পড়ে, তখন অবাক বিস্ময়ে মানুষের মন অভিভূত হইয়া পড়ে।

وَلَقَدۡ زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِمَصَابِیۡحَ وَجَعَلۡنٰہَا رُجُوۡمًا لِّلشَّیٰطِیۡنِ وَاَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابَ السَّعِیۡرِ ﴿۶﴾

৬
এবং নিশ্চয় আমরা নিকটতম আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করিয়াছি, এবং আমরা ঐগুলিকে সৃষ্টি করিয়াছি শয়তানকে প্রস্তারাঘাত করার জন্য; এবং আমরা তাহাদের জন্য প্রস্তুত করিয়াছি প্রজ্জ্বলিত আগুন।

وَلِلَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ عَذَابُ جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷﴾

৭
এবং যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের আযাব, এবং উহা অতি নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

اِذَاۤ اُلۡقُوۡا فِیۡہَا سَمِعُوۡا لَہَا شَہِیۡقًا وَّہِیَ تَفُوۡرُ ۙ﴿۸﴾

৮
যখন তাহাদিগকে উহাতে নিক্ষেপ করা হইবে, তখন তাহারা উহার গর্জন শুনিবে এবং উহা তখন উথলাইতে থাকিবে।

تَکَادُ تَمَیَّزُ مِنَ الۡغَیۡظِ ؕ کُلَّمَاۤ اُلۡقِیَ فِیۡہَا فَوۡجٌ سَاَلَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ نَذِیۡرٌ ﴿۹﴾

৯
উহা ক্রোধে ফাটিয় পড়িবার উপক্রম হইবে। যখনই কোন দল উহাতে নিক্ষিপ্ত হইবে, উহার প্রহরীগণ তাহাদিগকে জিজ্ঞাসা করিবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই?’

قَالُوۡا بَلٰی قَدۡ جَآءَنَا نَذِیۡرٌ ۬ۙ فَکَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ ۚۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ کَبِیۡرٍ ﴿۱۰﴾

১০
তাহারা বলিবে, ‘হাঁ, নিশ্চয় আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, কিন্তু আমরা (তাহাকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিলাম এবং আমরা বলিয়াছিলাম, ‘আল্লাহ্‌ কোন কিছু নাযেল করেন নাই; তোমরা অবশ্যই এক স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত ব্যতীত নহ।’