৬৭

الملك

সূরা আল্ মূল্‌ক

Al-Mulk

মক্কী ৩১ আয়াত ২ রুকু পারা ২৮–২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩১ আয়াত এবং ২ রুকু আছে।

اَمَّنۡ ہٰذَا الَّذِیۡ ہُوَ جُنۡدٌ لَّکُمۡ یَنۡصُرُکُمۡ مِّنۡ دُوۡنِ الرَّحۡمٰنِ ؕ اِنِ الۡکٰفِرُوۡنَ اِلَّا فِیۡ غُرُوۡرٍ ﴿ۚ۲۱﴾

২১
এমন লোক, যাহারা তোমাদের সৈন্য-বাহিনী (বলিয়া অভিহিত), রহমান আল্লাহ্‌র বিরুদ্ধে তোমাদিগকে কি সাহায্য করিতে পারিবে? কাফেররা শুধু আত্মপ্রতারণায় পড়িয়া আছে।

اَمَّنۡ ہٰذَا الَّذِیۡ یَرۡزُقُکُمۡ اِنۡ اَمۡسَکَ رِزۡقَہٗ ۚ بَلۡ لَّجُّوۡا فِیۡ عُتُوٍّ وَّنُفُوۡرٍ ﴿۲۲﴾

২২
অথবা সে এমন কে যে তোমাদিগকে রিয্‌ক দিবে যদি তিনি তাঁহার রিয্‌ক বন্ধ করিয়া দেন?৩০৮৪ প্রকৃতপক্ষে তাহারা অবাধ্যতা ও (সত্যের প্রতি) ঘৃণায় অবিচল রহিয়াছে।
৩০৮৪। এই কথাটি মক্কার দুর্ভিক্ষের প্রতি ইঙ্গিত করিতে পারে। মক্কায় কয়েক বৎসর ধরিয়া এমন দৃর্ভিক্ষ চলিয়াছিল যে, মক্কার লোকেরা মহানবী (সাঃ)-এর কাছে তাহাদের এই বিপদ মুক্তির জন্য প্রার্থনার আবেদন করিয়াছিল। ২৬৯৪ টীকা দেখুন।

اَفَمَنۡ یَّمۡشِیۡ مُکِبًّا عَلٰی وَجۡہِہٖۤ اَہۡدٰۤی اَمَّنۡ یَّمۡشِیۡ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۲۳﴾

২৩
তবে কি যে ব্যক্তি নিজের মুখমণ্ডলের উপর উপুড় হইয়া চলে৩০৮৫ সে অধিক হেদায়াত প্রাপ্ত, না ঐ ব্যক্তি যে সরল-সুদৃঢ় পথে সোজা হইয়া চলে?
৩০৮৫। কাফেরগণ অবনত মস্তকে ভ্রান্ত পথে বিচরণ করে, শিরক, সংশয় ও অবিশ্বাসের অন্ধগলিতে পা বাড়ায়। আর মো’মেনগণ ঈমানের দৃঢ়তা বক্ষেঃ ধারণ করিয়া, মাথা উঁচু করিয়া, সোজা-সরল ও সত্য পথে দৃপ্ত পদক্ষেপে চলে। এই দুই দল কি সমান হইতে পারে?

قُلۡ ہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَکُمۡ وَجَعَلَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿۲۴﴾

২৪
তুমি বল, ‘তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য কর্ণ, চক্ষু এবং হৃদয় তৈয়ার করিয়াছেন; (কিন্তু) তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

قُلۡ ہُوَ الَّذِیۡ ذَرَاَکُمۡ فِی الۡاَرۡضِ وَاِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
তুমি বল, ‘তিনিই তোমাদিগকে পৃথিবীতে সম্প্রসারিত করিয়াছেন এবং তাঁহারই সমীপে তোমাদিগকে সমবেত করা হইবে।’

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۲۶﴾

২৬
এবং তাহারা বলে, ‘যদি তোমরা সত্যবাদী হও তাহা হইলে (বল) এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে?

قُلۡ اِنَّمَا الۡعِلۡمُ عِنۡدَ اللّٰہِ ۪ وَاِنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۲۷﴾

২৭
তুমি বল, ‘ইহার জ্ঞান একমাত্র আল্লাহ্‌র নিকট আছে; এবং আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র।’

فَلَمَّا رَاَوۡہُ زُلۡفَۃً سِیۡٓـَٔتۡ وُجُوۡہُ الَّذِیۡنَ کَفَرُوۡا وَقِیۡلَ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تَدَّعُوۡنَ ﴿۲۸﴾

২৮
অতঃপর যখন তাহারা উহাকে নিকটে দেখিতে পাইবে, তখন যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের মুখমণ্ডল মলিন হইবে,৩০৮৬ এবং বলা হইবে, ‘ইহা উহাই যাহার জন্য তোমরা বার বার দাবী জানাইতে।’
৩০৮৬। কাফেরগণের বৈশিষ্ট্য ইহাই যে, যতক্ষণ শাস্তি আসিয়া তাহাদিগকে ঘিরিয়া না ফেলে, ততক্ষণ পর্যন্ত তাহারা অহঙ্কারে মত্ত থাকিয়া, মো’মেনগণের প্রতি বিদ্রুপ ও হাসি-ঠাট্টা করিতে থাকে। কিন্তু যখন তাহারা শাস্তির মুখা-মুখি হয়, তখন তাহারা হতাশাগ্রস্ত, কিংকর্তব্যবিমূঢ় ও ভীত-সন্ত্রস্ত হইয়া পড়ে। হা-হুতাশ ছাড়া তখন তাহাদের আর কিছুই থাকে না।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَہۡلَکَنِیَ اللّٰہُ وَمَنۡ مَّعِیَ اَوۡ رَحِمَنَا ۙ فَمَنۡ یُّجِیۡرُ الۡکٰفِرِیۡنَ مِنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿۲۹﴾

২৯
তুমি বল, ‘তোমরা কি চিন্তা করিয়া দেখিয়াছ, যদি আল্লাহ্‌ আমাকে এবং যাহারা আমার সহিত রহিয়াছে তাহাদিগকে ধ্বংস করিয়া দেন অথবা আমাদের উপর দয়া করেন, তখন কাফেরদিগকে যন্ত্রণাদায়ক আযাব হইতে কে রক্ষা করিবে?’

قُلۡ ہُوَ الرَّحۡمٰنُ اٰمَنَّا بِہٖ وَعَلَیۡہِ تَوَکَّلۡنَا ۚ فَسَتَعۡلَمُوۡنَ مَنۡ ہُوَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۰﴾

৩০
তুমি বল, ‘তিনিই অযাচিত-অসীম দাতা,৩০৮৭ তাঁহার উপর আমরা ঈমান আনিয়াছি এবং তাঁহার উপরই আমরা আস্থা স্থাপন করি। এবং অচিরেই তোমরা জানিতে পারিবে কে প্রকাশ্য ভ্রান্তিতে পড়িয়া আছে।’
৩০৮৭। আল্লাহ্‌র গুণবাচক নাম ‘আর-রাহমান’ (অযাচিত-অসীম দাতা) এই সূরাটিতে বার বার উল্লেখ করা হইয়াছে। কুরআনের অন্যান্য বহু স্থানে এই ঐশী নামটি ব্যাপকভাবে ব্যবহাত হইয়াছে। ইহার কারণ এই যে, এই সূরাটিতে বর্ণিত সকল আশীর্বাদ ও অনুগ্রহরাজি, তাহা পার্থিবই হউক বা আধ্যাত্মিক উন্নতিই হউক, সরাসরি আল্লাহ্‌তা’লার রাহমানিয়াত বা অযাচিত-অসীম দয়ারই দান, মানুষের চেষ্টার্জিত নহে।