৬০

الممتحنة

সূরা আল্ মুম্‌তাহানা

Al-Mumtahinah

মাদানী ১৪ আয়াত ২ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৪ আয়াত এবং ২ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا جَآءَکُمُ الۡمُؤۡمِنٰتُ مُہٰجِرٰتٍ فَامۡتَحِنُوۡہُنَّ ؕ اَللّٰہُ اَعۡلَمُ بِاِیۡمَانِہِنَّ ۚ فَاِنۡ عَلِمۡتُمُوۡہُنَّ مُؤۡمِنٰتٍ فَلَا تَرۡجِعُوۡہُنَّ اِلَی الۡکُفَّارِ ؕ لَا ہُنَّ حِلٌّ لَّہُمۡ وَلَا ہُمۡ یَحِلُّوۡنَ لَہُنَّ ؕ وَاٰتُوۡہُمۡ مَّاۤ اَنۡفَقُوۡا ؕ وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اَنۡ تَنۡکِحُوۡہُنَّ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ؕ وَلَا تُمۡسِکُوۡا بِعِصَمِ الۡکَوَافِرِ وَسۡـَٔلُوۡا مَاۤ اَنۡفَقۡتُمۡ وَلۡیَسۡـَٔلُوۡا مَاۤ اَنۡفَقُوۡا ؕ ذٰلِکُمۡ حُکۡمُ اللّٰہِ ؕ یَحۡکُمُ بَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۱﴾

১১
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন মো’মেন মহিলাগণ হিজরত করিয়া তোমাদের নিকট আগমন করে, তখন তোমরা তাহাদিগকে পরীক্ষা কর।৩০৩১ আল্লাহ্ তাহাদের ঈমান সম্বন্ধে সবিশেষ অবগত। অতএব যদি তোমরা তাহাদিগকে মো’মেন মহিলা বলিয়া জ্ঞাত হও তাহা হইলে তোমরা তাহাদিগকে কাফেরদের নিকট ফিরাইয়া দিও না। কারণ তাহারা তাহাদের (কাফেরদের) জন্য বৈধ নহে, এবং তাহারা ইহাদের জন্য বৈধ নহে। তাহারা (এই মহিলাদের বিবাহে) যাহা খরচ করিয়াছে তোমরা তাহাদিগকে উহা দিয়া দাও। এবং যখন তোমরা উক্ত মহিলাগণকে (মুক্ত করার পর) তাহাদের প্রাপ্য দেন মহর আদায় কর তখন তাহাদিগকে বিবাহ করিলে তোমাদের কোন অপরাধ হইবে না। এবং কাফের মহিলাদের সহিত (তোমাদের) দাম্পত্য-বন্ধনকে তোমরা বজায় রাখিও না; এবং (যখন তাহারা কাফেরদের নিকট চলিয়া যায় তখন) তোমরা যাহা খরচ করিয়াছ উহা (কাফেরদের নিকট) দাবী কর, এবং (মুসলমান মহিলাগণ কাফেরদের নিকট হইতে চলিয়া আসিলে) তাহারা যাহা খরচ করিয়াছে উহা যেন তাহারা (তোমাদের নিকট) দাবী করে। ইহাই হইল আল্লাহ্‌র ফয়সালা। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। বস্তুতঃ আল্লাহ্‌ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।
৩০৩১। মুসলমানগণ চরম অত্যাচারের মাঝে মক্কায় দিন কাটাইতেছিলেন। মুসলিম সম্প্রদায়ের সহিত মদীনায় যাইয়া মিলিত হওয়াও খুব বিপজ্জনক ছিল। তথাপি, মুসলমানগণ আত্মীয়-পরিজন ও সহায়-সম্বল সব কিছু ফেলিয়া, সকল বিপদাপদের ঝুঁকি মাথায় লইয়া স্রোতের মত দলে দলে মদীনায় আসিতে লাগিলেন। এই সব আশ্রয়-প্রার্থীদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা একেবারে কম ছিল না। এই আয়াতটি সেই সব আশ্রয় প্রার্থী স্ত্রীলোকদের সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ করিতেছে। মহানবী (সাঃ)-এর সতর্কতার এক উজ্জ্বল সাক্ষ্য এই যে, তিনি মক্কা হইতে আগত আশ্রয়প্রার্থিণীদিগকে ভালভাবে পরীক্ষা না করিয়া এবং তাহাদের ইসলাম গ্রহণের আন্তরিকতা সঠিকভাবে যাচাই না করিয়া, তাহাদিগকে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিতেন না। তাহাদের ইসলাম গ্রহণের পিছনে দুনিয়ার কোন উদ্দেশ্য আছে কিনা তাহা অতি সতর্কতার সহিত পুংখানুপুংখরূপে যাচাই করার মাধ্যমে সুনিশ্চিত হওয়ার পরই কেবল তাহাদিগকে মুসলিম সমাজে গ্রহণ করিতেন। এই আয়াত আরও বলিতেছে যে, আশ্রিত মো’মেন মহিলার কাফের স্বামীর সহিত আপনা হইতেই বিবাহ-বিচ্ছেদ ঘটিয়া যায়। এমতাবস্থায় একজন মো’মেন ব্যক্তি দুইটি শর্তে তাহাকে বিবাহ করিতে পারেঃ (১) তাহার অবিশ্বাসী স্বামী তাহার উপর যাহা ব্যয় করিয়াছে, তাহা ঐ ব্যক্তিকে আগেই পরিশোধ করিতে হইবে; (২) রীতিমত মোহরানা ঠিক করিয়া স্ত্রীলোকটিকে দিতে হইবে। অনুরূপভাবে কোন মুসলমানের স্ত্রী যদি ইসলাম ত্যাগ করে তাহা হইলে তাহাদের বৈবাহিক সম্পর্ক নিজে নিজেই বিচ্ছিন্ন হইয়া যাইবে। ইসলামত্যাগী স্ত্রী যদি কাফের ব্যক্তিকে বিবাহ করিতে চায়, তাহা হইলে উপরোক্ত পন্থাই অনুসরণ করিতে হইবে। এই পারস্পরিক ব্যবস্থা, যাহা এই আয়াতে বর্ণিত হইয়াছে, তাহা ব্যক্তি-পর্যায়ে সম্পাদিত হইতে পারিবে না বরং রাষ্ট্র দ্বারা সম্পাদিত হইতে হইবে, যেরূপ যুদ্ধের সময় হইয়া থাকে। এই আয়াতটি যুদ্ধের সহিত সম্পর্কিত। যুদ্ধের সময় বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে ব্যক্তি-পর্যায়ে সামাজিক সম্পর্ক অব্যাহত থাকিতে পারে না এবং থাকা উঠিত নয়।

وَاِنۡ فَاتَکُمۡ شَیۡءٌ مِّنۡ اَزۡوَاجِکُمۡ اِلَی الۡکُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَاٰتُوا الَّذِیۡنَ ذَہَبَتۡ اَزۡوَاجُہُمۡ مِّثۡلَ مَاۤ اَنۡفَقُوۡا ؕ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اَنۡتُمۡ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۱۲﴾

১২
এবং যদি তোমাদের স্ত্রীগণের মধ্য হইতে কেহ তোমাদের হস্তচ্যুত হইয়া কাফেরদের নিকট চলিয়া যায়, (এবং তোমাদের ক্ষতি সাধিত হয়), অতঃপর (কোন কাফের মহিলা তোমাদের হাতে আসিলে) তোমরাও এইভাবে প্রতিশোধ লইতে পার যে, যাহাদের স্ত্রীগণ কাফেরদের নিকট চলিয়া গিয়াছে তাহাদিগকে সেই পরিমাণ (ক্ষতিপূরণ) দাও যাহা তাহারা খরচ করিয়াছে।৩০৩২ এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর যাহার উপর তোমরা ঈমান রাখ।
৩০৩২। যদি কোন মুসলমান ব্যক্তির স্ত্রী কাফেরদের কাছে চলিয়া যায় এবং এমন হয় যে কোন কাফের স্ত্রীলোক মুসলমানের কাছে যুদ্ধ-বন্দী হিসাবে আসে কিংবা স্বয়ং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ পূর্বক অবিশ্বাসীদের কাছ হইতে চলিয়া আসে, তাহা হইলে মুসলমান ব্যক্তি স্ত্রীর প্রাপ্য টাকা, অবিশ্বাসী ব্যক্তির স্ত্রীর প্রাপ্য টাকা হইতে কর্তন করা যাইতে পারে, যদি উভয় দিকের মোহারানা সমান-সমান হয়। নতুবা, ঘাটতির ক্ষেত্রে যেটুকু ঘাটতি পড়ে তাহা সম্মিলিতভাবে মুসলমানরা পূরণ করিয়া দিবে কিংবা (কাহারো কাহারো মতে) গণিমতের মাল হইতে তাহা পূরণ করিয়া দিবে। এই ব্যবস্থার প্রয়োজন ছিল। কেননা, কাফেরগণ মো’মেন ব্যক্তির পলাতক স্ত্রীকে বিবাহ করিলেও, তাহাকে (পূর্ব-স্বামীকে) ক্ষতিপূরণ দিতে অস্বীকার করিত।

یٰۤاَیُّہَا النَّبِیُّ اِذَا جَآءَکَ الۡمُؤۡمِنٰتُ یُبَایِعۡنَکَ عَلٰۤی اَنۡ لَّا یُشۡرِکۡنَ بِاللّٰہِ شَیۡئًا وَّلَا یَسۡرِقۡنَ وَلَا یَزۡنِیۡنَ وَلَا یَقۡتُلۡنَ اَوۡلَادَہُنَّ وَلَا یَاۡتِیۡنَ بِبُہۡتَانٍ یَّفۡتَرِیۡنَہٗ بَیۡنَ اَیۡدِیۡہِنَّ وَاَرۡجُلِہِنَّ وَلَا یَعۡصِیۡنَکَ فِیۡ مَعۡرُوۡفٍ فَبَایِعۡہُنَّ وَاسۡتَغۡفِرۡ لَہُنَّ اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳﴾

১৩
হে নবী! যখন মো’মেন মহিলাগণ তোমার নিকট বায়’আত করিবার জন্য আসে এই শর্তে যে, তাহারা আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক করিবে না এবং চুরি করিবে না এবং ব্যভিচার করিবে না এবং নিজেদের সন্তানদিগকে হত্যা করিবে না, এবং কাহারও প্রতি অপবাদ আরোপ করিবে না যাহা তাহারা নিজেদের হস্তসমূহ এবং পদসমূহের মাধ্যমে মিথ্যারূপে রচনা করিয়া থাকে এবং কোন সংগত বিষয়ে তোমার অবাধ্যতা করিবে না, তাহা হইলে তুমি তাহাদের বায়্‌’আত গ্রহণ করিও এবং তাহাদের জন্য আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করিও। নিশ্চয় আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَوَلَّوۡا قَوۡمًا غَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ قَدۡ یَئِسُوۡا مِنَ الۡاٰخِرَۃِ کَمَا یَئِسَ الۡکُفَّارُ مِنۡ اَصۡحٰبِ الۡقُبُوۡرِ ﴿٪۱۴﴾

১৪
হে যাহারা ইমান আনিয়াছ! তোমরা এমন জাতির সহিত বন্ধুত্ব স্থাপন করিও না যাহাদের প্রতি আল্লাহ্ ক্রোধ বর্ষণ করিয়াছেন; তাহারা পরকাল সম্বন্ধে এইরূপে নিরাশ হইয়াছে৩০৩৩ যেরূপে কাফেররা কবরবাসীদের সম্বন্ধে নিরাশ হইয়াছে।
সূরা আল্ মুম্‌তাহানা - রুকু ২
৩০৩৩। “তাহারা পরকাল সম্বন্ধে এইরূপে নিরাশ হইয়াছে” দ্বারা বুঝায় যে, তাহারা পরকালে তেমনিভাবেই বিশ্বাস রাখে না যেমন তাহারা বিশ্বাস রাখে না যে, মৃতেরা কখনও ফিরিয়া আসিতে পারে। ‘তাহারা’ শব্দটি দ্বারা বিশেষভাবে ইহুদীদিগকে বুঝাইয়া থাকিবে। কেননা “যাহাদের প্রতি আল্লাহ্ গযব নাযেল করিয়াছেন” কথাগুলি কুরআনে অনেক স্থানে ইহুদীদের সম্বন্ধে ব্যবহৃত হইয়াছে।