৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَحَآجَّہٗ قَوۡمُہٗ ؕ قَالَ اَتُحَآجُّوۡٓنِّیۡ فِی اللّٰہِ وَقَدۡ ہَدٰٮنِ ؕ وَلَاۤ اَخَافُ مَا تُشۡرِکُوۡنَ بِہٖۤ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ رَبِّیۡ شَیۡئًا ؕ وَسِعَ رَبِّیۡ کُلَّ شَیۡءٍ عِلۡمًا ؕ اَفَلَا تَتَذَکَّرُوۡنَ ﴿۸۱﴾

৮১
এবং তাহার জাতি তাহার সহিত বিতর্ক করিল। তখন সে বলিল, ‘তোমরা কি আমার সঙ্গে আল্লাহ্‌র সম্বন্ধে তর্ক করিতেছ, অথচ তিনি আমাকে হেদায়াত দান করিয়াছেন? এবং তোমরা যাহাকে তাহার সহিত শরীক করিতেছ উহাকে আমি আদৌ ভয় করি না, —আমার প্রভু যাহা চাহিবেন তাহা ব্যতিরেকে। আমার প্রভু জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?

وَکَیۡفَ اَخَافُ مَاۤ اَشۡرَکۡتُمۡ وَلَا تَخَافُوۡنَ اَنَّکُمۡ اَشۡرَکۡتُمۡ بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ عَلَیۡکُمۡ سُلۡطٰنًا ؕ فَاَیُّ الۡفَرِیۡقَیۡنِ اَحَقُّ بِالۡاَمۡنِ ۚ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿ۘ۸۲﴾

৮২
এবং আমি কিরূপে উহাকে ভয় করিতে পারি যাহাকে তোমরা (আল্লাহ্‌র সহিত) শরীক করিতেছ, যখন তোমরা আল্লাহ্‌র সহিত এমন কিছুকে শরীক করিতে ভয় কর না যাহার সম্বন্ধে তিনি তোমাদের উপর কোন প্রমাণ নাযেল করেন নাই?’ যদি তোমরা জ্ঞান রাখ তাহা হইলে বল, উভয় পক্ষের মধ্যে কোন্‌ পক্ষ নিরাপত্তা৮৬৭ লাভের অধিক অধিকারী?
৮৬৭। বর্তমান এবং পূর্ববর্তী আয়াত নিশ্চিতভাবে প্রতিপন্ন করে যে, ৭৭-৭৯ আয়াতে বর্ণিত ঘটনা হযরত ইব্‌রাহীম (আঃ) স্বেচ্ছাকৃতভাবে যুক্তিরূপেই উপস্থাপন করিয়াছিলেন, নচেৎ তিনি নিজে একনিষ্ঠ একেশ্বরবাদী ছিলেন এবং ঐশী-প্রেমে ও জ্ঞানে সমৃদ্ধ ছিলেন।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَمۡ یَلۡبِسُوۡۤا اِیۡمَانَہُمۡ بِظُلۡمٍ اُولٰٓئِکَ لَہُمُ الۡاَمۡنُ وَہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানকে অন্যায়ের সহিত মিশ্রিত করে নাই ইহারাই এমন লোক যে তাহাদের জন্য নিরাপত্তা নির্ধারিত আছে এবং তাহারাই হেদায়াতপ্রাপ্ত।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৯

وَتِلۡکَ حُجَّتُنَاۤ اٰتَیۡنٰہَاۤ اِبۡرٰہِیۡمَ عَلٰی قَوۡمِہٖ ؕ نَرۡفَعُ دَرَجٰتٍ مَّنۡ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّکَ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۸۴﴾

৮৪
এবং ইহা ছিল আমাদের যুক্তি-প্রমাণ, যাহা আমরা ইব্‌রাহীমকে তাহার জাতির৮৬৮ বিরুদ্ধে প্রদান করিয়াছিলাম। আমরা যাহাকে চাহি মর্যাদায় উন্নীত করি, নিশ্চয় তোমার প্রভু পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।
৮৬৮। হযরত ইব্‌রাহীম (আঃ) আকাশে ক্রমান্বয়ে দৃশ্যমান বস্তুকে একটির পরে আর একটিকে নিজ প্রভুরূপে মনে করিয়া অবশেষে আল্লাহ্‌তা’লার উপর ঈমান আনিয়াছিলেন অথবা এই সকল যুক্তির অবতারণা তিনি তাঁহার জাতিকে আকাশের চন্দ্র, সূর্য ও নক্ষত্রকে খোদারূপে পূজা করার বিপথগামিতায় ত্রুটি প্রদর্শন করিবার জন্য কৌশল অবলম্বন করিয়াছিলেন কিনা সেই প্রশ্নের নিশ্চিত সমাধান বর্তমান আয়াত করিয়া দিয়াছে। এই আয়াতে ইহাই ব্যক্ত করা হইয়াছে যে, ইব্‌রাহীম (আঃ) প্রথম হইতেই স্পষ্টরূপে এবং অটলভাবে আল্লাহ্‌তা’লার একত্বে বা তৌহীদে বিশ্বাস করিতেন, এবং যাহা তিনি চন্দ্র, সূর্য ইত্যাদি সম্পর্কে বলিয়াছিলেন সেই সমস্ত তাঁহার যুক্তি-তর্কের অংশ মাত্র, যাহা আল্লাহ্‌ই তাঁহাকে শিখাইয়াছিলেন।

وَوَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ کُلًّا ہَدَیۡنَا ۚ وَنُوۡحًا ہَدَیۡنَا مِنۡ قَبۡلُ وَمِنۡ ذُرِّیَّتِہٖ دَاوٗدَ وَسُلَیۡمٰنَ وَاَیُّوۡبَ وَیُوۡسُفَ وَمُوۡسٰی وَہٰرُوۡنَ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿ۙ۸۵﴾

৮৫
এবং আমরা তাহাকে দান করিয়াছিলাম ইসহাক্‌ ও ইয়াকুব; আমরা তাহাদের প্রত্যেককে হেদায়াত দিয়াছিলাম; এবং ইতিপূর্বে আমরা হেদায়াত দিয়াছিলাম নূহকে এবং তাহার বংশধর হইতে দাউদ এবং সুলায়মান এবং আইউব৮৬৯ এবং ইউসুফ এবং মূসা এবং হারূনকে। এবং এইরূপে আমরা সৎকর্মশীলদিগকে প্রতিদান দিয়া থাকি।
৮৬৯। আইউব (আঃ) বাইবেলের ইয়োব কিতাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তাঁহাকে উয্ অঞ্চলের বাসিন্দা বলিয়া বাইবেলে উল্লেখ আছে। কোন কোন নির্ভরযোগ্য বিশেষজ্ঞের মতে ইহা ইদুমেয়া বা আরবিয়া ডেজার্টা অর্থাৎ আরব মরুভূমি এবং অন্যেরা তাঁহার জন্মস্থান মেসোপটিমিয়া বলিয়া নির্দেশ করে। ইহাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আরবের উত্তরাঞ্চলের কোন স্থানে উয্ অবস্থিত ছিল। কথিত আছে যে, ইহুদীজাতির মিশর পরিত্যাগের পূর্বে আইউব সেখানে বাস করিতেন। অতএব, তিনি হযরত মূসা (আঃ)-এর পূর্বেই সেখানে ছিলেন, অথবা কাহারো মতে তিনি মূসা (আঃ)-এর স্বদেশবাসী ছিলেন, এবং তাঁহার কুড়ি (২০) বৎসর পূর্বে নবুওয়াতের মিশন প্রাপ্ত হইয়াছিলেন। তিনি ইসরাঈলী ছিলেন না, তবে ইসরাঈল-এর বড় ভাই এসাউ (Esau)-এর বংশজাত ছিলেন। আল্লাহ্‌তা’লা কর্তৃক বিভিন্নভাবে পরীক্ষিত বহু বৈচিত্রময় জীবন ছিল তাঁহার; কিন্তু চরম দুঃখ ও বিপর্যয়ের মুখেও ধৈর্যশীল, সহিষ্ণু, সৎ এবং পরম বিশ্বস্ততার প্রমাণ দিয়াছিলেন তিনি। মানুষের স্মৃতিপটে আজ পর্যন্ত তিনি ধৈর্যশীলতার পরমোৎকর্ষের আদর্শরূপে জীবন্ত আছেন। (যিউ এনসাইক ও এনসাইক অব ইসলাম)।

وَزَکَرِیَّا وَیَحۡیٰی وَعِیۡسٰی وَاِلۡیَاسَ ؕ کُلٌّ مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿ۙ۸۶﴾

৮৬
এবং (আমরা হেদায়াত দিয়াছিলাম) যাকারিয়্যা এবং ইয়াহ্‌ইয়া এবং ঈসা এবং ইলইয়াসকে; তাহারা সকলেই সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত ছিল।

وَاِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَیُوۡنُسَ وَلُوۡطًا ؕ وَکُلًّا فَضَّلۡنَا عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۸۷﴾

৮৭
এবং (আমরা হেদায়াত দিয়াছিলাম) ইসমাঈল এবং আল্ইয়াসায়া এবং ইউনুস এবং লূতকে; এবং তাহাদের প্রত্যেককেই আমরা বিশ্ববাসীগণের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম।৮৭০
৮৭০। বর্তমান এবং পূর্ববর্তী দুই আয়াতে হযরত নূহ (আঃ) হইতে উদ্ভূত নবীগণকে ভিন্ন ভিন্ন তিন ভাগে বিভক্ত করা হইয়াছে এবং প্রত্যেক বিভাগের জন্য বৈশিষ্ট্যপূর্ণ বিশেষণের ব্যবহার করা হইয়াছে। প্রথম শ্রেণীভুক্ত নবীগণ হইলেন হযরত দাউদ, সুলায়মান, আইউব, ইউসুফ, মূসা এবং হারূন (আঃ) যাহাদিগকে ক্ষমতা ও উন্নতি দেওয়া হইয়াছিল এবং ফলস্বরূপ তাঁহারা সমসাময়িক মানব গোষ্ঠীর মঙ্গল সাধনে সক্ষম ছিলেন। এই জন্য এই শ্রেণীর বা সম্প্রদায়ের সদস্যগণকে সৎকর্মশীল নামে আখ্যায়িত করা হইয়াছে। কারণ জাগতিক শক্তি ও সৌভাগ্য বলে তাঁহারা স্বজাতির বাস্তব উপকার করিতে সক্ষম ছিলেন। হযরত দাউদ (আঃ) এবং হযরত সুলায়মান (আঃ) বাদশাহ ছিলেন। হযরত ইউসুফ ও আইউব (আঃ) অসাধারণ ও অপরিসীম ধৈর্যের সাথে অশেষ দুঃখ কষ্টপূর্ণ অগ্নিপরীক্ষার পর সাফল্য ও সৌভাগ্যে ভূষিত হইয়াছিলেন। হযরত মূসা ও হারূন (আঃ) তাঁহাদের সম্প্রদায়ের লোকের উপর সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী ছিলেন। দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন হযরত যাকারীয়্যা, ইয়াহ্ইয়া, ঈসা এবং ইলিয়াস (আঃ)। এই নবীগণের মধ্যে কেহই পার্থিব ক্ষমতা অথবা জাগতিক সৌভাগ্যের অধিকারী ছিলেন না; প্রত্যেকে খুবই বিনম্র ও বিনীত এবং অজ্ঞাত জীবন যাপন করিতেন। এমনকি, হযরত ইলিয়াস (আঃ) সম্বন্ধে বর্ণিত আছে যে, তিনি কদাচিৎ দৃষ্টিগোচর হইতেন এবং সাধারণতঃ বন-বাদাড়েই থাকিতেন। এই বিভাগের বা শ্রেণীভুক্ত নবীগণকে ধার্মিক বা খোদাভক্ত বলিয়া বর্ণনা করা হইয়াছে। তৃতীয় শ্রেণীতে রহিয়াছেন হযরত ইসমাঈল, আলইয়াসায়া, ইউনুস,এবং লূত (আঃ)। তাঁহাদের পার্থিব ক্ষমতা ছিল না, আল্লাহ্‌তা’লা তাঁহাদিগকে সম্মান এবং মর্যাদায় ভূষিত করিয়াছিলেন। ক্ষমতা এবং ধনলিপ্‌সার দুর্নামও রটনা করা হইত তাঁহাদের সম্পর্কে। হযরত ইসমাঈল (আঃ) সম্বন্ধে বাইবেলে আমরা দেখিঃ “তিনি বন্য মানব হইবেন, তাঁহার হাত প্রত্যেক মানুষের বিরুদ্ধে উদ্যত হইবে এবং প্রত্যেক মানুষের হাত তাঁহার বিরুদ্ধে” (আদিপুস্তক-১৬ :১২)। হযরত আল্ইয়াসায়া সম্পর্কে কথিত আছে যে, তিনি রাজনৈতিক ক্ষমতা দখল করিবার মতলবে এক রাজাকে তাঁহার বশ্যতা স্বীকার না করার জন্য হত্যা করাইয়াছিলেন। ইউনুস (আঃ) সম্পর্কে ধারণা করা হইয়া থাকে যে, তিনি আল্লাহ্‌তা’লার প্রতি অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি ভাবিয়াছিলেন, তাঁহার ভবিষ্যদ্বাণী পূর্ণ না হওয়ায় তিনি অপদস্থ হইয়াছিলেন। সেই ভবিষ্যদ্বাণীর দ্বারা তিনি নাকি ক্ষমতার অভিলাষ করিয়াছিলেন। হযরত লুত (আঃ)-এর নামে অপবাদ রটানো হয় যে, তিনি অন্যায়ভাবে উর্বর চারণভূমির লালসা করিয়াছিলেন এবং তাঁহার জ্ঞাতি ইব্‌রাহীম (আঃ)-এর সঙ্গে সর্বদা ফ্যাসাদ করিতেন। এহেনভাবে উক্ত নবীগণ সম্পর্কে ধনসম্পদ এবং ক্ষমতা লিপ্সার অপবাদ দেওয়া হইয়াছে। কিন্তু মহাপবিত্র গ্রন্থ কুরআন এই সমস্ত অভিযোগ মিথ্যা বলিয়া ঘোষণা করিয়া বলিয়াছে যে, তাঁহারা আল্লাহ্‌তা’লার প্রেরিত বান্দা ছিলেন যাঁহাদিগকে তিনি গৌরবান্বিত করিয়াছিলেন।

وَمِنۡ اٰبَآئِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ وَاِخۡوَانِہِمۡ ۚ وَاجۡتَبَیۡنٰہُمۡ وَہَدَیۡنٰہُمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۸۸﴾

৮৮
এবং (শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম) তাহাদের পিতৃপুরুষগণ এবং তাহাদের বংশধরগণ এবং তাহাদের ভ্রাতৃবৃন্দ হইতে অনেককেই এবং আমরা তাহাদিগকে মনোনীত করিয়াছিলাম এবং তাহাদিগকে সরল-সুদৃঢ় পথে হেদায়াত দান করিয়াছিলাম।

ذٰلِکَ ہُدَی اللّٰہِ یَہۡدِیۡ بِہٖ مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَلَوۡ اَشۡرَکُوۡا لَحَبِطَ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸۹﴾

৮৯
ইহাই আল্লাহ্‌র হেদায়াত, তিনি নিজ বান্দাগণের মধ্য হইতে যাহাকে চাহেন ইহা দ্বারা হেদায়াত দান করেন; এবং যদি তাহারা শির্‌ক করিত, তাহা হইলে তাহারা যে কর্ম করিত সবই নিষ্ফল হইত।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ ۚ فَاِنۡ یَّکۡفُرۡ بِہَا ہٰۤؤُلَآءِ فَقَدۡ وَکَّلۡنَا بِہَا قَوۡمًا لَّیۡسُوۡا بِہَا بِکٰفِرِیۡنَ ﴿۹۰﴾

৯০
ইহারাই হইতেছে ঐ সকল লোক, যাহাদিগকে আমরা কিতাব৮৭১ এবং শাসনক্ষমতা এবং নবুওয়াত দান করিয়া ছিলাম। অতএব, যদি এই সকল লোক ইহাকে অস্বীকার করে, তাহা হইলে নিশ্চয় আমরা ইহা অন্য এক জাতির উপর ন্যস্ত করিয়াছি যাহারা ইহার অস্বীকারকারী নহে।
৮৭১। এই আয়াতের অর্থ ইহা নহে যে, প্রত্যেক নবীকেই পৃথক পৃথক কিতাব দেওয়া হইয়াছিল। “কিতাব দেওয়া” কুরআনে ব্যবহৃত একটি প্রকাশ-ভঙ্গী, যাহা সাধারণতঃ শরীয়াতবাহী নবীর মধ্যবর্তিতায় দেওয়া অর্থে বুঝায়। কুরআন করীমের অন্যত্র (৪৫ঃ১৭) আয়াতে উল্লেখ আছে যে, তিনটি বিষয়, যথা—কিতাব, সাম্রাজ্য এবং নবুওয়াত বনী ইসরাঈলকে দেওয়া হইয়াছিল। ৫ঃ৪৫ আয়াতে দেখা যায় যে, বহু নবীর এক প্রবহমান ধারা হযরত মূসা (আঃ)-এর পরেও জারী ছিল। তাঁহাদিগকে নূতন কোন বিধান বা শরীয়াত দেওয়া হয় নাই। তাঁহারা তাওরাত কিতাবের বিধান মানিতেন এবং উহা দ্বারাই ফয়সালা করিতেন। প্রকৃতপক্ষে নবী প্রধানতঃ দুই প্রকার হইয়া থাকেনঃ এক— শরীয়াতওয়ালা নবী যাঁহাকে কিতাব (বিধান বা শরীয়াত) দেওয়া হয়, এবং দুই— যাঁহাদিগকে কোন কিতাব বা শরীয়াত দেওয়া হয় না, তাঁহারা শরীয়াতধারী নবীদের অনুসরণ করেন। তাঁহাদের বেলায় “যাহাদিগকে কিতাব দিয়াছিলাম” এই কথার অর্থ হইল, তাঁহাদিগকে কিতাবের জ্ঞান দান করা হইয়াছিল অথবা তাঁহারা ঐ কিতাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়াছিলেন অথবা তাঁহাদের পূর্ববতী শরীয়াতবাহী নবীর বিধানের বা শরীয়াতের অধিকারী হইয়াছিলেন।