৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَنُقَلِّبُ اَفۡـِٕدَتَہُمۡ وَاَبۡصَارَہُمۡ کَمَا لَمۡ یُؤۡمِنُوۡا بِہٖۤ اَوَّلَ مَرَّۃٍ وَّنَذَرُہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۱۱﴾٪

১১১
এবং আমরা তাহাদের অন্তর ও চক্ষুকে ঘুরাইয়া দিব, যেহেতু তাহারা প্রথমবার ইহার উপর ঈমান আনে নাই, এবং আমরা তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় দিশাহারা হইয়া ঘুরিতে ছাড়িয়া দিব।৮৯৭
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৩
৮৯৭। কাফেরদিগের অতীতের অসৎকর্মগুলি যাহা আল্লাহ্‌তা’লার নিকট সংরক্ষিত রহিয়াছে, সেগুলি নিদর্শন দেখা সত্বেও তাহাদের সত্য গ্রহনে অন্তরায় হইয়া দাঁড়ায়, যতক্ষণ না তাহারা প্রতিমা উপাসনার অভ্যাস পরিত্যাগ করে।

وَلَوۡ اَنَّنَا نَزَّلۡنَاۤ اِلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃَ وَکَلَّمَہُمُ الۡمَوۡتٰی وَحَشَرۡنَا عَلَیۡہِمۡ کُلَّ شَیۡءٍ قُبُلًا مَّا کَانُوۡا لِیُؤۡمِنُوۡۤا اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ یَجۡہَلُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
এবং যদি আমরা তাহাদের উপর ফিরিশ্‌তাগণকে নাযেল করতাম এবং মৃতগণ৮৯৮ তাহাদের সহিত কথা বলিত এবং আমরা সকল বস্তুকেও যদি তাহাদের সামনাসামনি৮৯৯ একত্রিত করিয়া দিতাম, তবুও তাহারা আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত কখনও ঈমান আনিত না। কিন্তু তাহাদের অধিকাংশই অজ্ঞতা প্রকাশ করিতেছে।
৮৯৮। ফিরিশ্‌তাগণের কাজের মধ্যে একটি হইল, মানুষের মনে শুভ চিন্তার সঞ্চার করা এবং সত্যের প্রতি আকর্ষণ করা (৪১ঃ৩২, ৩৩)। কোন কোন সময় তাহারা এই কাজটি মানুষের স্বপ্ন এবং কাশ্‌ফ্‌ (দিব্যদর্শন)-এর মাধ্যমে সম্পন্ন করিয়া থাকেন। প্রেরিত নবীর দাবীর সত্যতার সাক্ষ্য দেওয়ার জন্য কখনও পরলোকগত পুণ্যবান বা ধার্মিক ব্যক্তি স্বপ্নে মানুষের নিকট দেখা দেয়। অন্য এক পন্থা রহিয়াছে যাহার মাধ্যমে মৃত ব্যক্তিগণ মানুষের কাছে কথা বলেন। যখন কোন মানব গোষ্ঠি বা জাতি আধ্যাত্মিকভাবে মরিয়া যায়, তখন সমসাময়িক নবীর শিক্ষার মাধ্যমে তাহাদিগকে নতুন করিয়া আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত করা হয় এবং তাহাদের আত্মিক পুনর্জীবন বা অভ্যুত্থান ঠিক যেন অবিশ্বাসীগণের নিকট কথা বলে এবং সমাগত নবীর সত্যতার সাক্ষ্য প্রদান করে।
৮৯৯। এখানে প্রকৃতির বিভিন্ন ঘটনার সাক্ষ্য প্রমাণের কথা বলা হইয়াছে, যাহা নবীর সত্যতাকে দৃঢ়ভাবে সমর্থন করে যেমনঃ— ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধ এবং অন্যান্য দৈবদুর্বিপাক। এইরূপে প্রকৃতি নিজেই কাফেরদের প্রতি রুদ্ররূপে আত্মপ্রকাশ করে; প্রতিটি প্রাকৃতিক উপকরণই তাহাদের বিরুদ্ধে তৎপর হইয়া উঠে।

وَکَذٰلِکَ جَعَلۡنَا لِکُلِّ نَبِیٍّ عَدُوًّا شَیٰطِیۡنَ الۡاِنۡسِ وَالۡجِنِّ یُوۡحِیۡ بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ زُخۡرُفَ الۡقَوۡلِ غُرُوۡرًا ؕ وَلَوۡ شَآءَ رَبُّکَ مَا فَعَلُوۡہُ فَذَرۡہُمۡ وَمَا یَفۡتَرُوۡنَ ﴿۱۱۳﴾

১১৩
এবং এইরূপে আমরা ইনসান ও জিন্ন্‌৯০০ হইতে শয়তানদিগকে প্রত্যেক নবীর জন্য শত্রু করিয়াছি। তাহারা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ কথা একে অন্যের (অন্তরের) মধ্যে সঞ্চারিত করে। যদি তোমার প্রভু চাহিতেন তাহা হইলে তাহারা ইহা করিত না; অতএব, তুমি তাহাদিগকেও এবং তাহারা যাহা কিছু মিথ্যা রচনা করিতেছে উহাকেও বর্জন কর।
৯০০। “আল্ ইন্‌স” ও “আল্‌ জিন্ন্‌” অর্থ— মানুষ এবং জিন্ন্‌। শব্দদ্বয় কুরআনের বহু আয়াতে পাওয়া যায়, এতদ্বারা আল্লাহ্‌তা’লার সৃষ্ট প্রাণীর দুইটি ভিন্ন প্রজাতি বুঝায় না, বরং মনুষ্যজাতির দুইটি শ্রেণীকে বুঝায়। “মানুষ” শব্দটি জনগণ বা সাধারণ লোক অর্থ ব্যক্ত করে এবং “জিন্ন্‌” শব্দ দ্বারা বড়লোক বুঝায়, যাহারা সাধারণ জনগণ হইতে দূরে থাকে এবং তাহাদের সাথে মেলামেশা করে না, বাস্তবে লোকচক্ষুর আড়ালে থাকিয়া যায়।

وَلِتَصۡغٰۤی اِلَیۡہِ اَفۡـِٕدَۃُ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ وَلِیَرۡضَوۡہُ وَلِیَقۡتَرِفُوۡا مَا ہُمۡ مُّقۡتَرِفُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
এবং (আল্লাহ্ ইহা এইজন্য চাহিয়াছেন) যেন পরকালের উপর যাহারা ঈমান আনে না তাহাদের অন্তর ইহার (এই প্রকার কথার) প্রতি ঝুঁকে এবং যেন ইহাতে তাহারা সন্তুষ্ট থাকে এবং যেন তাহারা যাহা অর্জন করিতেছে উহা অর্জন করিতে থাকে।৯০০-ক
৯০০-ক। যাহাতে তাহারা তাহাদের অসৎ কর্মে লাগিয়া থাকে। শব্দগুলির মর্মার্থ ইহাও হইতে পারে যে, তাহারা যাহা অর্জন করে উহার ফল ভোগ করিতে থাকে।

اَفَغَیۡرَ اللّٰہِ اَبۡتَغِیۡ حَکَمًا وَّہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ اِلَیۡکُمُ الۡکِتٰبَ مُفَصَّلًا ؕ وَالَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَعۡلَمُوۡنَ اَنَّہٗ مُنَزَّلٌ مِّنۡ رَّبِّکَ بِالۡحَقِّ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
(তুমি বল) তাহা হইলে কি আমি আল্লাহ্ ব্যতীত অন্য কোন বিচারকের অনুসন্ধান করিব, অথচ তিনি তোমাদের প্রতি বিশদভাবে বর্ণিত কিতাব নাযেল করিয়াছেন? এবং ঐ সকল লোক যাহাদিগকে আমরা কিতাব৯০১ দিয়াছি, জানে যে নিশ্চয় ইহা তোমার প্রভুর পক্ষ হইতে সত্যসহ নাযেল করা হইয়াছে; সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না।
৯০১। এই ‘কিতাব’ কুরআন শরীফের দিকেও ইঙ্গিত হইতে পারে; কারণ কেবল পূর্ববর্তী ঐশী- গ্রন্থসমূহই নহে বরং কুরআন নিজেও নবী করীম (সাঃ)-এর সত্যতার দৃঢ় সত্যায়নকারী। ইহা এমন সব শিক্ষা বহন করে, যেগুলি প্রচলিত ধ্যান-ধারণা এবং বিশ্বাসের বিপরীত হইলেও পক্ষপাতশূন্য লোকের নিকট আবৃত্তি করিলে এবং ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিলে তাহারা সেগুলির যৌক্তিকতা মানিয়া লইতে বাধ্য হয়।

وَتَمَّتۡ کَلِمَتُ رَبِّکَ صِدۡقًا وَّعَدۡلًا ؕ لَا مُبَدِّلَ لِکَلِمٰتِہٖ ۚ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۱۶﴾

১১৬
এবং তোমার প্রভুর কথা পূর্ণ হইয়াছে সত্যতার দিক দিয়াও এবং ন্যায়-বিচারের৯০১-ক দিক দিয়াও। (কারণ) তাঁহার কথার৯০২ কেহ পরিবর্তনকারী নাই; এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
৯০১-ক। বর্ণিত আছে যে, মক্কা বিজয়ের সময় যখন হযরত মুহাম্মদ (সাঃ) কা’বা গৃহে প্রবেশ করিয়াছিলেন তখন উহা প্রতিমায় ভরতি ছিল, এবং তিনি একটার পর একটা মূর্তি তাঁহার লাঠির আঘাতে ভাঙ্গিয়া চূরমার করিতেছিলেন এবং ভবিষ্যদ্বাণীর এই শব্দগুলির আবৃত্তি করিতে ছিলেন, “এবং তোমার প্রভুর কথা পূর্ণ হইয়াছে সত্যতার দিক দিয়াও এবং ন্যায়-বিচারের দিক দিয়াও”। এইরূপে পরোক্ষভাবে উল্লেখিত মক্কার কাফেরগণের পতনের এই ঘটনার সঙ্গে আল্লাহ্‌তা’লার বাণী অবশ্যই পূর্ণ হইয়াছিল (মনসূর)।
৯০২। ঐশী-ভবিষ্যদ্বাণীসমূহ বা পন্থা এবং পদ্ধতি যাহার মধ্য দিয়া আল্লাহ্‌র কানুন বা বিধান তাঁহার প্রেরিত নবীগণের সাহায্যার্থে কাজ করিয়া থাকে।

وَاِنۡ تُطِعۡ اَکۡثَرَ مَنۡ فِی الۡاَرۡضِ یُضِلُّوۡکَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اِنۡ یَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿۱۱۷﴾

১১৭
এবং ভূপৃষ্ঠে যাহারা আছে তুমি যদি তাহাদের অধিকাংশের অনুসরণ কর, তাহা হইলে তাহারা তোমাকে আল্লাহ্‌র পথ হইতে ভ্রষ্ট করিবে। তাহারা কেবল ধারণার অনুসরণ করে এবং তাহারা কেবল অনুমানের উপর কথা বলে।

اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ مَنۡ یَّضِلُّ عَنۡ سَبِیۡلِہٖ ۚ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۱۱۸﴾

১১৮
নিশ্চয় তোমার প্রভু তাহাদের সম্বন্ধেও সর্বাধিক অবহিত আছেন যাহারা তাঁহার পথ হইতে ভ্রষ্ট হয় এবং তিনি তাহাদের সম্বন্ধেও সর্বাধিক অবহিত যাহারা হেদায়াতপ্রাপ্ত।৯০৩
৯০৩। ঈমানের ক্ষেত্রে কোনটি সত্য বা মিথ্যা ইহার বিচারকরূপে সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠ কোনও পক্ষই গ্রহণযোগ্য নহে। একমাত্র আল্লাহ্‌তা’লাই অভ্রান্ত বিচারক। তিনি তাঁহার বিচারের রায় বা সিদ্ধান্ত দিয়া থাকেন ঐশী-নিদর্শন প্রকাশ করার মাধ্যমে এবং সত্য-সন্ধানীদের সাহায্য করার মাধ্যমে।

فَکُلُوۡا مِمَّا ذُکِرَ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ اِنۡ کُنۡتُمۡ بِاٰیٰتِہٖ مُؤۡمِنِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
অতএব, তোমরা উহা হইতে আহার কর যাহার উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হইয়াছে, যদি তোমরা তাঁহার আয়াতসমূহের উপর ঈমান আনিয়া থাক।৯০৪
৯০৪। আয়াত ২ঃ১৭৩ এবং ২৩ঃ৫২ ব্যক্ত করে যে, ভাল এবং বিশুদ্ধ অর্থাৎ পাক-পবিত্র খাদ্য গ্রহণের সরাসরি প্রভাব রহিয়াছে মানবের ক্রিয়াকর্মের উপরে। সুতরাং মো’মেনদিগকে এখানে আদেশ করা হইয়াছে যে, তাহারা যেন স্বাস্থ্যকর বা হিতকর এবং বিশুদ্ধ এবং পবিত্র খাদ্য গ্রহণ করে, যাহাতে তার ঈমান দৃঢ় হয় এবং অন্তরের কলুষতা দূরীভূত হয়।

وَمَا لَکُمۡ اَلَّا تَاۡکُلُوۡا مِمَّا ذُکِرَ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَقَدۡ فَصَّلَ لَکُمۡ مَّا حَرَّمَ عَلَیۡکُمۡ اِلَّا مَا اضۡطُرِرۡتُمۡ اِلَیۡہِ ؕ وَاِنَّ کَثِیۡرًا لَّیُضِلُّوۡنَ بِاَہۡوَآئِہِمۡ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِالۡمُعۡتَدِیۡنَ ﴿۱۲۰﴾

১২০
এবং তোমাদের কি হইয়াছে যে তোমরা উহা হইতে আহার কর না, যাহার উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হইয়াছে? অথচ তিনি উহা তোমাদের জন্য সবিস্তারে বর্ণনা করিয়া দিয়াছেন যাহা তিনি তোমাদের উপর হারাম করিয়াছেন, কেবল উহা ছাড়া যাহাতে তোমরা বাধ্য হও। এবং নিশ্চয় অনেকে জ্ঞানাভাবে আপন কুপ্রবৃত্তিবশে (লোকদিগকে) বিভ্রান্ত করে; তোমার প্রভু নিশ্চয় সীমালংঘনকারীদিগের সম্বন্ধে সম্যক অবহিত।