৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَجَعَلُوۡا لِلّٰہِ شُرَکَآءَ الۡجِنَّ وَخَلَقَہُمۡ وَخَرَقُوۡا لَہٗ بَنِیۡنَ وَبَنٰتٍۭ بِغَیۡرِ عِلۡمٍ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۰۱﴾٪

১০১
এবং তাহারা আল্লাহ্‌র সঙ্গে জিন্ন্‌কে৮৮৫ শরীক স্থির করে, অথচ তিনিই উহাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং তাহারা অজ্ঞতাবশতঃ তাঁহার প্রতি পুত্র ও কন্যা আরোপিত করে। তাহারা যাহা বর্ণনা করে উহা হইতে তিনি পবিত্র এবং বহু ঊর্ধ্বে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১২
৮৮৫। “জিন্ন্‌” এমন এক সত্তা যাহারা সাধারণ মানুষ হইতে গুপ্ত বা দূরে থাকে। আয়াতটি এই মর্ম ব্যক্ত করিতেছে যে, মানুষ যখন হোঁচট খাইয়া পতনোন্মুখ বা বিভ্রান্ত হইয়া পড়ে, যখন সে ঐশী বাণীকে প্রত্যাখ্যান করিয়া নিজ বিচার-বুদ্ধির যুক্তি দ্বারা পরিচালিত হয়,এবং জিন্ন্‌ ও ফিরিশ্‌তাকে আল্লাহ্‌তা’লার শরীক করিয়া বসে এবং তাঁহার প্রতি পুত্র এবং কন্যা আরোপ করিয়া থাকে। আরবী ভাষায় শব্দ বিন্যাসের নিয়ম প্রণালী অনুযায়ী যে শব্দে ‘জীম’ ও ‘নূন’-এর সমাবেশ ঘটে সেই শব্দে কোন না কোনভাবে গোপনীয়তা ও প্রচ্ছন্নতার অর্থ বিদ্যমান থাকে যেমন— জান্নাআলায় হেল্লায়লু অর্থ রাত্রি তাহাকে গোপন করিল (মুফরাদাত, মুনজিদ), জান্নাতুন অর্থ-বহু বৃক্ষবিশিষ্ট বাগান যাহা ভূমি, মানুষ ও অন্যান্য বস্তুকে গোপন করিয়া লয় (মুফরাদাত), ‘জানীন’ অর্থ গর্ভাশয়ে লুক্কায়িত সন্তান (মুফরাদাত; মুনজীদ), মাজনুন (পাগল) অর্থ যাহার বুদ্ধি বিবেকের উপর পর্দা পড়িয়া গিয়াছে (মুফরাদাত), ‘জাঁ-মুন’ অর্থ সর্প, যেহেতু ইহা গর্তে লুকাইয়া থাকে (মুফরাদাত), তদ্রপ জিন্ন্‌ দ্বারা এমন কোন সৃষ্টিকে বুঝায় যাহা পর্দার আড়ালে থাকে, যাহা মানুষ দেখিতে ও অনুভব করিতে পারে না (মুফরাদাত) উহা মানুষ হউক বা মানুষ ছাড়া অন্য কোন জীব-জন্তু হউক। নবী করীম (সাঃ) বলিয়াছেন, “তোমরা হাড় ও গোবর দিয়া শৌচকর্ম করিও না, কারণ ঐগুলি অপবিত্র ও জিন্ন্‌দের খাদ্য”(বুখারী, তিরমিযী)। হাদীস-ব্যাখ্যাকারীগণ বলিয়াছেন যে, এই স্থলে জিন্ন্‌ দ্বারা পোকা মাকড় ও জীবাণু বুঝাইতেছে। সুতরাং ব্যাখ্যাধীন আয়াতে যেভাবে উপরে উল্লেখ করা হইয়াছে জিন্ন্‌ দ্বারা মানুষের মধ্য হইতে এমন এক শ্রেণী বুঝায় যাহারা অহংকার বশতঃ জনসাধারণের সঙ্গে মেলামেশা করিতে চাহে না, লোকের ধরা-ছোঁয়ার বাহিরে, এমনকি ইবাদত-বন্দেগী হইতেও নিজদিগকে উর্ধ্বে মনে করে। যদি তাহারা মানুষই না হইত তাহা হইলে তাহারা নবী করীম (সাঃ) এর উপর ঈমান আনিত না; কারণ নবী করীম (সাঃ) এর সম্বন্ধে কুরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হইয়াছে যে, তিনি কেবল মানুষের পথ-প্রদর্শনের জন্যই আবির্ভূত হইয়াছেন, অন্য কোন সৃষ্টির জন্য নহে। যেমন আল্লাহ্‌তা’য়ালা নবী করীম (সাঃ)-কে সম্বোধন করিয়া বলিয়াছেন, ‘ওয়ামা আরসালনাকা ইল্লা কাফ্‌ফা তাল্লিনাসে’, অর্থাৎ আমরা তোমাকে কেবল মানুষের জন্যই পাঠাইলাম। অথচ সূরা আহকাফ্‌ ও সূরা জিন্নে আসিয়াছে যে, নবী করীম (সাঃ)-এর উপর একদল জিন্ন্‌ ঈমান আনিয়াছিল। ইহা দ্বারা প্রতীয়মান হয় যে, মানুষের মধ্য হইতেই একদলকে কুরআনের ভাষায় জিন্ন্‌ বলা হইয়াছে। আরও জানিবার জন্য ২৭৩৩ ও ৩১৩৭ টিকাদ্বয় দ্রষ্টব্য।

بَدِیۡعُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اَنّٰی یَکُوۡنُ لَہٗ وَلَدٌ وَّلَمۡ تَکُنۡ لَّہٗ صَاحِبَۃٌ ؕ وَخَلَقَ کُلَّ شَیۡءٍ ۚ وَہُوَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۰۲﴾

১০২
তিনিই আকাশমণ্ডল ও পৃথিবীর আদি-স্রষ্টা। কিরূপে তাঁহার পুত্র৮৮৬ হইতে পারে যখন তাঁহার কোন স্ত্রী-ই নাই, এবং তিনিই প্রত্যেক বস্তুকে সৃষ্টি করিয়াছেন, এবং তিনিই প্রত্যেক বস্তু সম্বন্ধে সর্বজ্ঞানী?
৮৮৬। ‘ওয়ালাদুন’, ‘উলদুন’ বা “ওয়ালদুন” অর্থ এক শিশু, একপুত্র, এক কন্যা বা যেকোন বাচ্চা; শিশুগণ, পুত্রগণ, কন্যাগণ, বাচ্চাগণ; বংশধরগণও বুঝায় (লেইন)। এক ব্যক্তির পুত্র হইতে পারে তখনই যখন তাহার স্ত্রী থাকে। আল্লাহ্‌র পত্নী নাই, অতএব তাঁহার পুত্র থাকিতে পারে না। তদুপরি যেহেতু আল্লাহ্‌তা’লা সবকিছুর স্রষ্টা এবং পূর্ণরূপে সর্বজ্ঞানী, সেই কারণে তাঁহাকে সাহায্য করার জন্য পুত্রের প্রয়োজন নাই অথবা তাঁহার উত্তরাধিকারী থাকারও প্রয়োজন নাই।

ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ خَالِقُ کُلِّ شَیۡءٍ فَاعۡبُدُوۡہُ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿۱۰۳﴾

১০৩
ইনিই আল্লাহ্, তোমাদের প্রভু, তিনি ব্যতিরেকে কোন মা’বূদ নাই, তিনি প্রত্যেক বস্তুর স্রষ্টা, অতএব তোমরা তাঁহার ইবাদত কর। এবং তিনিই প্রত্যেক বিষয়ের তত্ত্বাবধায়ক।

لَا تُدۡرِکُہُ الۡاَبۡصَارُ ۫ وَہُوَ یُدۡرِکُ الۡاَبۡصَارَ ۚ وَہُوَ اللَّطِیۡفُ الۡخَبِیۡرُ ﴿۱۰۴﴾

১০৪
দৃষ্টি তাঁহার নাগাল পাইতে পারে না, কিন্তু তিনি দৃষ্টির নাগাল পাইয়া থাকেন৮৮৭ বস্তুতঃ তিনি সূক্ষাতিসূক্ষ্ম, সম্যক অবিহত।
৮৮৭। “বাসারুন” বহুবচনে “আবসারুন” অর্থ দৃষ্টি অথবা বুদ্ধি বা মেধা এবং “লতীফ” অর্থ—ধারণাতীত বা উপলব্ধির অসাধ্য; অতিসূক্ষ্ম অস্পষ্ট, ধরা-ছোঁয়ার বহির্ভূত (লেইন ও তাজ)। এই আয়াতের মর্মার্থ হইল যে, পবিত্র ঐশী-বাণীর সহায়তা ছাড়া শুধু মানবীয় বিচার-বুদ্ধির দ্বারা আল্লাহ্‌তা’লাকে উপলব্ধি করা সম্ভব নহে। মানুষের চর্ম চক্ষু দ্বারা তাঁহাকে দেখা যায় না, কিন্তু তিনি মানুষের নিকট নিজেকে প্রকাশ করেন তাঁহার প্রত্যাদিষ্ট নবীগণের মাধ্যমে অথবা তাঁহার সিফ্‌ত বা গুণাবলীর কার্যপদ্ধতির মাধ্যমে। আধ্যাত্মিক চক্ষু দ্বারাই তাঁহাকে প্রত্যক্ষ করা যায়।

قَدۡ جَآءَکُمۡ بَصَآئِرُ مِنۡ رَّبِّکُمۡ ۚ فَمَنۡ اَبۡصَرَ فَلِنَفۡسِہٖ ۚ وَمَنۡ عَمِیَ فَعَلَیۡہَا ؕ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِحَفِیۡظٍ ﴿۱۰۵﴾

১০৫
তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হইতে চক্ষু উম্মীলনকারী প্রমাণসমূহ৮৮৮ অবশ্যই সমাগত হইয়াছে; অতএব, যে ব্যক্তি দেখে৮৮৯ ইহা তাহারই জন্য কল্যাণজনক, এবং যে অন্ধ৮৯০ থাকে ইহা তাহারই জন্য অকল্যাণজনক। বস্তুতঃ আমি তোমাদের উপর অভিভাবক৮৯১ নহি।
৮৮৮। “বাসায়েরুন” অর্থ— প্রমাণ, যুক্তি, নিদর্শন, সাক্ষ্যসমূহ (লেইন)।
৮৮৯। সে যুক্তি প্রয়োগ করে।
৮৯০। যে সত্যের প্রতি চক্ষু বন্ধ করিয়া চলে অর্থাৎ চক্ষু ফিরাইয়া নেয় সে যেন বস্তুতঃ অন্ধ হইয়া যায়।
৮৯১। প্রত্যেক নবীর কর্তব্য হইল আল্লাহ্‌তা’লার বাণীসমূহ মানুষের নিকট পৌঁছাইয়া দেওয়া। উহা গ্রহণ করার জন্য মানুষকে বাধ্য করা তাঁহার কাজ নহে। প্রসঙ্গক্রমে, এই আয়াত এই অভিযোগ খণ্ডন করিতেছে যে, ইসলাম ইহার শিক্ষা বা আদর্শ প্রচারে শক্তির ব্যবহারকে উৎসাহিত করে বা সমর্থন যোগায়।

وَکَذٰلِکَ نُصَرِّفُ الۡاٰیٰتِ وَلِیَقُوۡلُوۡا دَرَسۡتَ وَلِنُبَیِّنَہٗ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
এবং এইরূপে আমরা নিদর্শনাবলী বিভিন্নভাবে বর্ণনা করি, (যেন সত্য প্রতিষ্ঠিত হয়) এবং যেন তাহারা বলে, ‘তুমি পড়িয়া শুনাইয়া দিয়াছ (যাহা তুমি শিখিয়াছ); এবং যেন আমরা ইহা জ্ঞানসম্পন্ন জাতির জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া দিই।

اِتَّبِعۡ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
এবং যাহা কিছু তোমার প্রভুর পক্ষ হইতে তোমার প্রতি ওহী করা হয়, তুমি উহার অনুসরণ কর, তিনি ব্যতিরেকে কোন মা’বূদ নাই; এবং মোশরেকদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও।

وَلَوۡ شَآءَ اللّٰہُ مَاۤ اَشۡرَکُوۡا ؕ وَمَا جَعَلۡنٰکَ عَلَیۡہِمۡ حَفِیۡظًا ۚ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِوَکِیۡلٍ ﴿۱۰۸﴾

১০৮
এবং যদি আল্লাহ্ (জোরপূর্বক) চাহিতেন৮৯২ তাহা হইলে তাহারা শির্‌ক করিত না। বস্তুতঃ আমরা তোমাকে তাহাদের উপর কোন হিফাযতকারী নিযুক্ত করি নাই; এবং তুমি তাহাদের উপর কোন তত্ত্বাবধায়কও৮৯৩ নহ।
৮৯২। আল্লাহ্‌তা’লা তাঁহার অসীম প্রজ্ঞানুযায়ী মানুষকে স্বাধীন প্রতিনিধিরূপে সৃষ্টি করিয়াছেন। প্রকৃতই যদি তিনি চাহিতেন তাহা হইলে তিনি মানুষকে সত্য অনুসরণের জন্য নিশ্চয় বাধ্য করিতে পারিতেন, কিন্তু মানুষের স্বার্থেই আল্লাহ্‌তা’লা অনুগ্রহ করিয়া বাধ্যবাধকতা প্রয়োগ করেন নাই।
৮৯৩। “তত্ত্বাবধায়ক” “অভিভাবক” “রক্ষক” অথবা “কার্যনির্বাহক” শব্দগুলি কুরআন করীমে রসূলে আকরাম (সাঃ)-এর জন্য ব্যবহার করার মর্মার্থ হইল যে, তিনি (সাঃ) অন্যান্য মানুষের কর্ম-কাণ্ডের জন্য দায়ী নহেন।

وَلَا تَسُبُّوا الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ فَیَسُبُّوا اللّٰہَ عَدۡوًۢا بِغَیۡرِ عِلۡمٍ ؕ کَذٰلِکَ زَیَّنَّا لِکُلِّ اُمَّۃٍ عَمَلَہُمۡ ۪ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ مَّرۡجِعُہُمۡ فَیُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۰۹﴾

১০৯
এবং তোমরা তাহাদিগকে গালি দিও না৮৯৪। যাহাদিগকে তাহারা আল্লাহ্‌কে ছাড়িয়া (মা’বূদরূপে) ডাকে, নতুবা তাহারা শত্রুতাবশতঃ অজ্ঞতার কারণে আল্লাহ্‌কে গালি দিবে। এইরূপে আমরা প্রত্যেক জাতিকে তাহাদের কৃত-কর্ম মনোরম৮৯৫ করিয়া দেখাইয়াছি। অতঃপর, তাহাদের প্রভুর পানে তাহাদের প্রত্যাবর্তন ঘটিবে, তখন তিনি তাহাদিগকে তাহারা যে কাজকর্ম করিত তৎসম্বন্ধে অবহিত করিবেন।
৮৯৪। এই আয়াতে শুধু প্রতিমা পূজারীদের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নির্দেশ দান করা হয় নাই, বরং সকল জাতি এবং সকল সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্য স্থাপনের জন্যই উদ্বুদ্ধ করা হইয়াছে।
৮৯৫। ‘যাইয়ান্না’— “আমরা তাহাদের দৃষ্টিতে তাহাদের কৃত-কর্ম মনোরম করিয়া দেখাইয়াছি”। ইহার অর্থ এমন নহে যে, আল্লাহ্‌তা’লা নিজেই মানুষের খারাপ কর্মগুলিকে সুন্দর করিয়া দেখান। ইহার একমাত্র তাৎপর্য হইল যে, আল্লাহ্‌তা’লা মানব-প্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করিয়াছেন (এবং আল্লাহ্‌তা’লার এই নিয়মে মানবের সর্ব প্রকার উন্নতির গোপন রহস্য নিহিত) যে, মানুষ যখন কোন বিশেষ কাজে অধ্যবসায় চালায় তখন সেই কাজের প্রতি তাহার আসক্তি জন্মে এবং তাহার সেই কর্ম তাহার দৃষ্টিতে মনোরম মনে হইতে থাকে। এই সাধারণ প্রাকৃতিক নিয়মানুযায়ী, মুশরেকগণ তাহাদের প্রতিমার উপাসনা করিতে পসন্দ করে এবং উহা তাহাদের নিকট ভাল এবং পুরস্কারযোগ্য বলিয়া বিবেচিত হয়।

وَاَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ جَآءَتۡہُمۡ اٰیَۃٌ لَّیُؤۡمِنُنَّ بِہَا ؕ قُلۡ اِنَّمَا الۡاٰیٰتُ عِنۡدَ اللّٰہِ وَمَا یُشۡعِرُکُمۡ ۙ اَنَّہَاۤ اِذَا جَآءَتۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
এবং তাহারা তাহাদের দৃঢ় শপথরূপে আল্লাহ্‌র (নামে) শপথ করিয়া বলে যে, যদি তাহাদের নিকট কোন নিদর্শন আসে তাহা হইলে নিশ্চয় তাহারা উহার উপর ঈমান আনিবে। তুমি বল, ‘নিশ্চয় নিদর্শনাবলী আল্লাহ্‌র আয়ত্বাধীন এবং তোমাদিগকে কিসে উপলব্ধি দান করিবে যে, ইহা যখন আসিবে তখনও তাহারা ঈমান আনিবে না?’৮৯৬
৮৯৬। উপরোক্ত অর্থ ছাড়াও এই আয়াতের শেষাংশের অনুবাদ এইভাবেও করা যাইতে পারেঃ “নিশ্চয়, নিদর্শনাবলী আল্লাহ্‌তা’লার নিকট আছে এবং উহাও আল্লাহ্‌র নিকট রহিয়াছে, যদ্বারা তুমি জানিতে পারিবে যে, যখন নিদর্শন প্রকাশিত হইবে তখন তাহারা বিশ্বাস করিবে না।”