৫৯

الحشر

সূরা আল্ হাশ্‌র

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৫ আয়াত এবং ৩ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

سَبَّحَ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۲﴾

২
আকাশসমূহে যাহা কিছু আছে এবং পৃথিবীতে যাহা কিছু আছে, সকলেই তাঁহার তসবীহ৩০১৫ করিতেছে, এবং তিনি মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৩০১৫। দেখুন টীকা ২৯৮১। আল্লাহ্‌তা’লার গুণাবলী উল্লেখ ও স্মরণ করাকে বলা হয় ‘তস্‌বীহ্‌’ এবং আল্লাহ্‌তা’লার কার্যাবলী উল্লেখ ও স্মরণ করাকে বলা হয় ‘তক্‌দিস’।

ہُوَ الَّذِیۡۤ اَخۡرَجَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ مِنۡ دِیَارِہِمۡ لِاَوَّلِ الۡحَشۡرِ ؕؔ مَا ظَنَنۡتُمۡ اَنۡ یَّخۡرُجُوۡا وَظَنُّوۡۤا اَنَّہُمۡ مَّانِعَتُہُمۡ حُصُوۡنُہُمۡ مِّنَ اللّٰہِ فَاَتٰٮہُمُ اللّٰہُ مِنۡ حَیۡثُ لَمۡ یَحۡتَسِبُوۡا ٭ وَقَذَفَ فِیۡ قُلُوۡبِہِمُ الرُّعۡبَ یُخۡرِبُوۡنَ بُیُوۡتَہُمۡ بِاَیۡدِیۡہِمۡ وَاَیۡدِی الۡمُؤۡمِنِیۡنَ ٭ فَاعۡتَبِرُوۡا یٰۤاُولِی الۡاَبۡصَارِ ﴿۳﴾

৩
তিনিই আহ্‌লে কিতাবদের মধ্য হইতে কাফেরদিগকে প্রথম নির্বাসনের সময় তাহাদের গৃহসমূহ হইতে বহিষ্কার করিয়াছিলেন।৩০১৬ তোমরা ধারণাও কর নাই যে, তাহারা বাহির হইবে এবং তাহারা ধারণা করিয়াছিল যে, তাহাদের দুর্গসমূহ আল্লাহ্‌র মোকাবেলায় তাহাদিগকে রক্ষা করিবে।৩০১৭ কিন্তু তাহাদের নিকটে আল্লাহ্ এমন দিক হইতে আগমন করিলেন যেদিক সম্বন্ধে তাহারা কল্পনাও করে নাই এবং তিনি তাহদের অন্তরে ত্রাসের সৃষ্টি করিলেন, ফলে তাহারা তাহাদের গৃহসমূহ তাহাদের নিজ হাতে৩০১৮ এবং মো’মেনগণের হাতে বিধ্বস্ত করিতেছিল। সুতরাং হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তিবর্গ। শিক্ষা গ্রহণ কর।
৩০১৬। মদীনাতে তিনটি ইহুদী গোত্র বাস করিত– বনু কাইনুকা, বনু নাযীর ও বনু কুরাইযা। এই আয়াত মদীনা হইতে ‘বনু নাযীর’ গোত্রের নির্বাসনের ঘটনার কথা বলিতেছে। ইহাদের পূর্ববর্তী ‘বনু কাইনুকা’ গোত্রের মত, ইহারাও বার বার মুসলমানদের সাথে বিশ্বাস-ঘাতকতা করিতেছিল। তাহারা ষড়যন্ত্র করিয়া শত্রুদের সাথে গোপনে হাত মিলাইয়া মুসলিম-বিরোধী মৈত্রী গড়িয়াছিল। তাহারা বার বার প্রতিজ্ঞা ভঙ্গ করিতেছিল এবং মুহাম্মদ (সাঃ)-এর এবং তাঁহার শক্রদের মধ্যে নিরপেক্ষ থাকার চুক্তিকে বার বার লঙঘন করিতেছিল। এমনকি মহানবী (সাঃ)-এর জীবন নাশের ষড়যন্ত্র পর্যন্ত তাহারা করিয়াছিল। তাহাদের নেতা কাব বিন্ আশরাফ মুসলমানগণকে মদীনা হইতে বিতাড়িত করিবার জন্য মক্কায় যাইয়া কুরায়শ ও অন্যান্য পৌত্তলিক গোত্রগুলির সাহায্য চাহিয়াছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের পর, তাহাদের ষড়যন্ত্র ও মহানবী (সাঃ)-র প্রতি অবজ্ঞা-প্রদর্শন বহুলাংশে বাড়িয়া গেল। যখন তাহাদের পাপের পাত্র কানায় কানায় ভরিয়া গেল এবং তাহাদের মদীনায় অবস্থান মুসলমানদের জীবনের প্রতি এবং মুসলিম রাষ্ট্রের প্রতি অবিরাম হুমকি হইয়া দাঁড়াইল তখন তাহাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিতে নবী করীম (সাঃ) বাধ্য হইলেন। তিনি তাহাদের দুর্গগুলি অবরোধ করিলেন। একুশ দিন ধরিয়া তাহারা দুর্গগুলিকে স্বীয় অধিকারে রাখিল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হইল না। তাহারা আত্মসমর্পণ করিল। তাহাদিগকে মদীনা ছাড়িয়া যাইতে বলা হইল এবং তাহারা সিরীয়ায় চলিয়া গেল। মাত্র দুইটি পরিবার খায়বরে রহিয়া গেল। মহানবী (সাঃ) তাহাদের প্রতি ব্যতিক্রম ধর্মী বিবেচনা ও অসামান্য দয়া প্রদর্শন করিলেন। তিনি তাহাগিকে তাহাদের সব মালামাল ও তৈজস-পত্র তাহাদের সাথে নিয়া যাইতে দিলেন। পূর্ণ নিরাপত্তার ভিতর দিয়া তাহারা মদীনা ত্যাগ করিল; কিন্তু তাহারা তখনও মক্কার মিত্রদের সাহায্যের আশা করিতেছিল এবং মদীনার মোনফেকদের দিকে তাকাইতেছিল। তাহাদের অজেয় দুর্গগুলি তাহাদিগেকে বাঁচাইতে পারিল না। তাহাদের অসৎ উদ্দেশ্য ও গোপন ষড়যন্ত্র, তাহাদের চালাকী ও চক্রান্ত, তাহাদের পৌনঃপুনিক বিশ্বাস-ঘাতকতা ও অবিশ্বস্ততা এবং বার বার প্রতিজ্ঞা-ভঙ্গ ইত্যাদির তুলনায় তাহাদিগকে যে শাস্তি দেওয়া হইয়াছে তাহা খুবই লঘু। “প্রথম নির্বাসনের সময়” কথাগুলি দ্বারা বদরের যুদ্ধের পরে ‘বনু কাইনুকা’ গোত্রের মদীনা হইতে নির্বাসনকেও বুঝাইতে পারে অথবা নবী করীম (সাঃ) কর্তৃক মদীনা হইতে উপরোক্ত তিন গোত্রের বহিষ্কারকেও বুঝাইতে পারে। ইহা তিন গোত্রের ক্ষেত্রেই প্রথম বহিষ্কার ছিল। মহানবী (সাঃ)-এর দ্বিতীয় খলীফা হযরত উমর দ্বিতীয় ও শেষবারের মত আরব ভূখণ্ড হইতে সকল ইহুদীকেই বিতাড়ন করেন। এই দিক দিয়া বিচার করিলে এই কথাগুলির মধ্যে একটা প্রচ্ছন্ন ভবিষ্যদ্বাণী দৃষ্ট হয়। তাহা এই যে, মদীনার ইহুদী গোত্রগুলি প্রথমবার নবী করীম (সাঃ) কর্তৃক নির্বাসিত হইবার পর, আবার দ্বিতীয়বার তাহারা সারা আরব ভূমি হইতে নির্বাসিত হইবে।
৩০১৭। ইহুদীদের ধন-সম্পদ, রাজনৈতিক জোট-বদ্ধতা এবং সংগঠনের দিকে তাকাইলে, কেহ কল্পনাও করিতে পারে না যে তাহারা এত সহজে রক্তপাত ও জীবনহানি ছাড়াই মদীনা হইতে নির্বাসিত হওয়ার বাস্তবতাকে মানিয়া নিবে। মুসলমানগণও তাহা ভাবে নাই।
৩০১৮। মদীনা ত্যাগের পূর্ব মুহূর্তে, বনু নাযীর গোত্র নিজ হাতে তাহাদের বাড়ী-ঘর, আসবাব-পত্র ও অন্যান্য অস্থাবর সম্পত্তি মুসলমানদের চোখের সামনে ধ্বংস করিল। মহানবী (সাঃ) তাহাদিগকে নিজ ইচ্ছা মাফিক তাহাদের বিষয়-সম্পত্তির বিধি-ব্যবস্থা করিবার জন্য দশ দিনের সময় দিয়াছিলেন। কিন্তু তাহারা অন্য কিছু না করিয়া ধ্বংস করার নীতিই অবলম্বন করিল। এইরূপে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় রুশীয়দের ‘পোড়া-নীতি’ পন্থা অবলম্বনের বহু শতাব্দী পূর্বেই মদীনার ইহুদীরা এই নীতির গোড়াপত্তন করিয়াছিল।

وَلَوۡلَاۤ اَنۡ کَتَبَ اللّٰہُ عَلَیۡہِمُ الۡجَلَآءَ لَعَذَّبَہُمۡ فِی الدُّنۡیَا ؕ وَلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابُ النَّارِ ﴿۴﴾

৪
এবং আল্লাহ্‌ যদি তাহাদের উপর নির্বাসন অবধারিত করিয়া না দিতেন তথাপি তিনি এই পৃথিবীতেও তাহাদিগকে নিশ্চয় আযাব দিতেন।৩০১৯ এবং পরকালে তো তাহাদের জন্য আগুনের আযাব নির্ধারিত আছেই।
৩০১৯। মদীনা হইতে বনু নাযীরের বহিষ্কার ছিল অপরাধের তুলনায় নগণ্য শাস্তি মাত্র। তাহারা গুরুতর শাস্তির যোগ্য ছিল। তাহারা নির্বাসিত না হইলে অন্যভাবে ভয়াবহ শাস্তিপ্রাপ্ত হইত।

ذٰلِکَ بِاَنَّہُمۡ شَآقُّوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ۚ وَمَنۡ یُّشَآقِّ اللّٰہَ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۵﴾

৫
ইহা এই জন্য হইয়াছে যে, তাহারা আল্লাহ্ ও তাঁহার রসূলের বিরুদ্ধাচরণ করিয়াছে; এবং যে আল্লাহ্ ও তাঁহার রসূলের বিরুদ্ধাচরণ করে, তাহার জানিয়া রাখা উচিত যে, নিশ্চয় আল্লাহ্ কঠিন শাস্তিদাতা।

مَا قَطَعۡتُمۡ مِّنۡ لِّیۡنَۃٍ اَوۡ تَرَکۡتُمُوۡہَا قَآئِمَۃً عَلٰۤی اُصُوۡلِہَا فَبِاِذۡنِ اللّٰہِ وَلِیُخۡزِیَ الۡفٰسِقِیۡنَ ﴿۶﴾

৬
খেজুরের যে বৃক্ষই তোমরা কর্তন করিয়াছ৩০২০ অথবা যেগুলিকে উহার কাণ্ডের উপর দণ্ডায়মান অবস্থায় ছাড়িয়া দিয়াছ, ইহা বস্তুতঃ আল্লাহ্‌র আদেশ অনুযায়ীই, এবং ইহা এইজন্য যেন তিনি দুষ্কৃতকারীদিগকে অপদস্থ করেন।
৩০২০। এখানে বনু নাযীর গোত্রের কয়েকটি খেজুর গাছ কাটার কথা উল্লেখিত হইয়াছে। ৩ আয়াতে বলা হইয়াছে যে, নবী করীম (সাঃ) ইহুদী গোত্রকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাইলেও তাহারা তাহা গ্রাহ্য না করিয়া নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ রাখিল। বেশ কয়েকদিন অবরোধ করিয়া রাখার পর তাহাদিগকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য মহানবী (সাঃ) কয়েকটি নিম্ন মানের ফলদায়ী, ‘লীনা’ জাতীয় খেজুর গাছ কাটিয়া ফেলার নির্দেশ দেন (আর রাউযুল উনুফ)। ছয়টি গাছ কাটার পরই তাহারা আত্মসমর্পণ করে (যুরকানী)। মহানবী (সাঃ)-এর এই নির্দেশ ছিল অত্যন্ত লঘু ও অনুকম্পাপুর্ণ, যাহা বর্তমান সভ্যতার যুগে অনুষ্ঠিত যুদ্ধের নীতি ও আইনের সাথে সম্পূর্ণ সঙ্গতিপর্ণ।

وَمَاۤ اَفَآءَ اللّٰہُ عَلٰی رَسُوۡلِہٖ مِنۡہُمۡ فَمَاۤ اَوۡجَفۡتُمۡ عَلَیۡہِ مِنۡ خَیۡلٍ وَّلَا رِکَابٍ وَّلٰکِنَّ اللّٰہَ یُسَلِّطُ رُسُلَہٗ عَلٰی مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۷﴾

৭
এবং যে ধন-সম্পদ (বিনাযুদ্ধে) আল্লাহ্ তাহাদের নিকট হইতে নিজ রসূলকে প্রদান করিয়াছেন (উহা আল্লাহ্‌র দান,) যাহার জন্য তোমরা ঘোড়া এবং উট দৌড়াও নাই, বরং আল্লাহ্ নিজ রসূলগণকে যাহার উপর তিনি চাহেন আধিপত্য দান করেন, এবং আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বশক্তিমান।

مَاۤ اَفَآءَ اللّٰہُ عَلٰی رَسُوۡلِہٖ مِنۡ اَہۡلِ الۡقُرٰی فَلِلّٰہِ وَلِلرَّسُوۡلِ وَلِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ کَیۡ لَا یَکُوۡنَ دُوۡلَۃًۢ بَیۡنَ الۡاَغۡنِیَآءِ مِنۡکُمۡ ؕ وَمَاۤ اٰتٰٮکُمُ الرَّسُوۡلُ فَخُذُوۡہُ ٭ وَمَا نَہٰٮکُمۡ عَنۡہُ فَانۡتَہُوۡا ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ۘ﴿۸﴾

৮
আল্লাহ্ তাঁহার রসূলকে জনপদসমূহের অধিবাসীগণ হইতে বিনাযুদ্ধে যে ধন-সম্পদ দান করিয়াছেন৩০২১ উহা আল্লাহ্‌র জন্য, এবং রসূলের জন্য, আত্মীয়দের জন্য, এতীমদের জন্য, মিস্‌কীনদের জন্য এবং মুসাফেরদের জন্য, যেন ইহা তোমাদের মধ্য হইতে বিত্তশালীদের মধ্যে চক্রাকারে আবর্তিত না হয়। এবং রসূল তোমাদিগকে যাহা দান করে উহা গ্রহণ কর,৩০২২ এবং যাহা হইতে তোমাদিগকে নিষেধ করে উহা হইতে তোমরা বিরত থাক। এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ শাস্তি প্রদানে অতীব কঠোর।
৩০২১। ‘ফাই’ ঐ সকল দ্রব্যসামগ্রীকে বলা হইয়া থাকে যাহা বিনা পরিশ্রমে, বিনা যুদ্ধে ও বিনা কষ্টে মুসলমানদের হাতে আসে। সেজন্য, ইহাতে যোদ্ধাগণের কোন অংশ প্রাপ্য থাকে না বরং সবটাই সরকারী খাজাঞ্চী খানায় চলিয়া যায়। খায়বরের ইহুদীদের কাছ হইতে যে দ্রব্যসামগ্রী মুসলমানদের হস্তগত হইয়াছিল, এই আয়াতে উহার প্রতিই বিশেষ ইঙ্গিত রহিয়াছে। ইহা নীতি বাধিয়া দিয়াছে যে, ধন-দৌলত কেবল ধনী ও সম্পদশালীদের মাঝেই হাত-বদল হইবে না। ব্যক্তি বিশেষের স্বাস্থ্য সংরক্ষণের জন্য যেমন তাহার শারীরিক প্রয়োজন ও চাহিদাগুলি মিটানো দরকার, তেমনি সমাজের স্বাস্থ্যের জন্য, সম্পদের বন্টন এবং ধনের অবাধ ও সহজ সরবরাহ বা সার্কুলেশন অত্যাবশ্যক। ইহাই ইসলামী অর্থনীতির মূল-ভিত্তি। ইসলাম আসিয়া মানুষকে কায়েমী স্বার্থের যাঁতাকলে নিষ্পেষিত পাইয়াছিল। তাই ইহা এমন সব ব্যবস্থা প্রবর্তন করিল যাহা অর্থসম্পদ-ভিত্তিক সামাজিক ব্যবধানকে চূর্ণ-বিচূর্ণ করিয়া দিল এবং অন্যায়ভাবে সংরক্ষিত বিশেষ সুবিধা-ভোগকে প্রায় বিলুপ্ত করিয়া দিল। ইসলাম ন্যায্য মুনাফা-ভিত্তিক ব্যবসা কিংবা অর্থনৈতিক প্রতিযোগিতার বিরোধিতা করে না। তবে, সম্পদ আহরণের প্রেরণা ও প্রতিযোগিতা, ন্যায় ও দয়া-মায়া দ্বারা নিয়ন্ত্রিত হইতে হইবে। মুনাফার লোভ মানুষের আছেই, তবে প্রতিযোগিতামূলক অতি মুনাফা আর অতি লোভ সামাজিক আইন দ্বারা সংযত করা ছাড়া উপায় নাই। ‘যাকাত’ ইসলামের হাতে এমন একটি মৌলিক অস্ত্র যাহা অন্যের প্রয়োজন ও অভাবকে প্রতিষ্ঠানিক রূপ প্রদান করিয়াছে। সমাজের দারিদ্র বিতাড়নে যাকাত ছাড়াও অন্যান্য ব্যবস্থা ইসলামে রহিয়াছে।
৩০২২। “রসূল তোমাদিগকে যাহা দান করে উহা গ্রহণ কর” বাক্যটিতে প্রকাশ পায় যে, ইসলামী আইনের একটি অপরিহার্য অঙ্গ হইল রসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নত।

لِلۡفُقَرَآءِ الۡمُہٰجِرِیۡنَ الَّذِیۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَاَمۡوَالِہِمۡ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنَ اللّٰہِ وَرِضۡوَانًا وَّیَنۡصُرُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ ہُمُ الصّٰدِقُوۡنَ ۚ﴿۹﴾

৯
(এই ধন-সম্পদ উপরোক্ত লোক ব্যতীত) দরিদ্র মুহাজেরদের জন্য যাহাদিগকে তাহাদের গৃহসমূহ হইতে ও ধন-সম্পদ হইতে বিতাড়িত করা হইয়াছে, তাহারা আল্লাহ্‌র ফযল ও সন্তোষ কামনা করে এবং আল্লাহ্ ও তাঁহার রসূলের সাহায্য করে। ইহারাই সত্যবাদী।

وَالَّذِیۡنَ تَبَوَّؤُ الدَّارَ وَالۡاِیۡمَانَ مِنۡ قَبۡلِہِمۡ یُحِبُّوۡنَ مَنۡ ہَاجَرَ اِلَیۡہِمۡ وَلَا یَجِدُوۡنَ فِیۡ صُدُوۡرِہِمۡ حَاجَۃً مِّمَّاۤ اُوۡتُوۡا وَیُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَلَوۡ کَانَ بِہِمۡ خَصَاصَۃٌ ؕ۟ وَمَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ۚ﴿۱۰﴾

১০
এবং (এই মাল) তাহাদেরও জন্য যাহারা তাহাদের (হিজরতের) পূর্বে (মদীনায়) বাসগৃহে বসবাস করিতেছিল এবং ঈমান আনিয়াছিল; তাহারা তাহাদিগকে ভালবাসে যাহারা তাহাদের নিকট হিজরত করিয়া আসে, এবং তাহারা নিজেদের বক্ষঃস্থলে সেই সম্পদের জন্য কোন আকাঙক্ষা বোধ করে না যাহা তাহাদিগকে (মুহাজেরীনকে) দেওয়া হয়, এবং নিজেদের দারিদ্র্য থাকা সত্বেও তাহাদিগকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়।৩০২৩ এবং যাহাকে তাহার আত্মার কৃপণতা হইতে রক্ষা করা হয়, তাহারাই বস্তুতঃপক্ষে সফলকাম।
৩০২৩। এই আয়াতের কথাগুলি, আনসারের (মদীনার সাহায্যকারী মুসলমান) আত্মত্যাগ, আতিথেয়তা ও শুভেচ্ছার বিরাট সাক্ষ্য ও প্রশংসাপত্র। মক্কার মোহাজেরগণ তাহাদের ধন-সম্পদ সব কিছু মক্কাতে ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছিলেন, কেবলমাত্র প্রাণ নিয়া তাহারা নিরুপায়ের মত মদীনায় পৌঁছিলে, মদীনাবাসী মুসলমানেরা তাহাদিগকে প্রাণ খুলিয়া স্বাগত জানাইলেন এবং নিজেদের সবকিছুতেই তাহাদিগকে সম-অংশীদার বানাইলেন। যে প্রগাঢ় ভালবাসা ও ভ্রাতৃত্ব মহানবী (সাঃ) মক্কার আশ্রয়প্রার্থী ও মদীনার সাহায্যকারীগণের মধ্যে স্থাপন করিয়াছিলেন এবং এই আয়াতে যাহার সপ্রশংস উল্লেখ রহিয়াছে তাহা মানব-সম্পর্কের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্বরূপ স্বর্ণাক্ষরে বিরাজ করিবে।