৫৯

الحشر

সূরা আল্ হাশ্‌র

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৫ আয়াত এবং ৩ রুকু আছে।

وَالَّذِیۡنَ جَآءُوۡ مِنۡۢ بَعۡدِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَلِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَلَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
এবং যাহারা তাহাদের পরে আসিল,৩০২৪ তাহারা বলিল, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে এবং আমাদের সেই সকল ভাইকে ক্ষমা কর যাহারা ঈমানে আমাদের উপর অগ্রগামীতা লাভ করিয়াছে, এবং আমাদের অন্তরে তাহাদের প্রতি কোন বিদ্বেষ সৃষ্টি করিও না যাহারা ঈমান আনিয়াছে। হে আমাদের প্রতিপালক! নিশ্চয় তুমি অতীব স্নেহশীল, পরম দয়াময়।’
সূরা আল্ হাশ্‌র - রুকু ১
৩০২৪। এই কথাগুলি সম্ভবতঃ ঐ সকল মোহাজেরদের জন্য প্রযোজ্য যাহারা পরবর্তীকালে মক্কা হইতে মদীনায় আসিয়া আশ্রয় নিয়াছিলেন অথবা অনাগত ভবিষ্যতের মুসলমান মুহাজেরদের জন্যও উহা প্রযোজ্য হইতে পারে।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ نَافَقُوۡا یَقُوۡلُوۡنَ لِاِخۡوَانِہِمُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَئِنۡ اُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَکُمۡ وَلَا نُطِیۡعُ فِیۡکُمۡ اَحَدًا اَبَدًا ۙ وَّاِنۡ قُوۡتِلۡتُمۡ لَنَنۡصُرَنَّکُمۡ ؕ وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۲﴾

১২
তুমি কি সেই সকল মোনাফেককে দেখ নাই যাহারা নিজেদের ভাইদিগকে, যাহারা আহ্‌লে কিতাব হইতে অস্বীকার করিয়াছে, বলে, ‘যদি তোমাদিগকে বাহির করিয়া দেওয়া হয়, তাহা হইলে নিশ্চয় আমরাও তোমাদের সঙ্গে বাহির হইব, এবং তোমাদের বিরুদ্ধে কাহারও কথা মান্য করিব না; এবং যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহা হইলে আমরা নিশ্চয় তোমাদের সাহায্য করিব?’৩০২৫ কিন্তু আল্লাহ্ সাক্ষ্য দেন যে, তাহারা নিশ্চয় মিথ্যাবাদী।
৩০২৫। মোনাফেকরা মদীনার ইহুদীগণকে এই বলিয়া নবী করীম (সাঃ)-এর অবাধ্যতা ও বিদ্রোহ করার উস্কানী দিতেছিল যে, তাহারা ইহুদীদের সাথে সর্বদা থাকিবে এবং সময়মত সাহায্য-সহায়তা করিবে-ইহাই তাহাদের প্রতিজ্ঞা। কিন্তু তাহাদের এই প্রতিশ্রুতির উপর নির্ভর করিয়া, যখন ইহুদীরা মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে বিদ্রোহপূর্ণ অভিযান শুরু করিল, তখন মোনাফেকদের টিকিটাও দেখা গেল না।

لَئِنۡ اُخۡرِجُوۡا لَا یَخۡرُجُوۡنَ مَعَہُمۡ ۚ وَلَئِنۡ قُوۡتِلُوۡا لَا یَنۡصُرُوۡنَہُمۡ ۚ وَلَئِنۡ نَّصَرُوۡہُمۡ لَیُوَلُّنَّ الۡاَدۡبَارَ ۟ ثُمَّ لَا یُنۡصَرُوۡنَ ﴿۱۳﴾

১৩
যদি তাহাদিগকে বাহির করিয়া দেওয়া হয়, তাহা হইলে তাহারা তাহাদের সঙ্গে কখনও বাহির হইবে না এবং যদি তাহাদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহা হইলে তাহারা কখনও তাহাদের সাহায্য করিবে না। এবং যদি তাহারা তাহাদিগকে সাহায্য করেও তাহা হইলে নিশ্চয় তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে; অতঃপর তাহাদের কোন সাহায্য করা হইবে না।

لَاَنۡتُمۡ اَشَدُّ رَہۡبَۃً فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنَ اللّٰہِ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ ﴿۱۴﴾

১৪
নিশ্চয় তাহাদের বক্ষঃস্থলে ভয়-ভীতিতে আল্লাহ্‌ অপেক্ষা তোমরা অধিকতর ভয়ংকর। ইহা এই জন্য যে, তাহারা এমন এক জাতি, যাহারা বুঝে না!

لَا یُقَاتِلُوۡنَکُمۡ جَمِیۡعًا اِلَّا فِیۡ قُرًی مُّحَصَّنَۃٍ اَوۡ مِنۡ وَّرَآءِ جُدُرٍ ؕ بَاۡسُہُمۡ بَیۡنَہُمۡ شَدِیۡدٌ ؕ تَحۡسَبُہُمۡ جَمِیۡعًا وَّقُلُوۡبُہُمۡ شَتّٰی ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَعۡقِلُوۡنَ ﴿ۚ۱۵﴾

১৫
তাহারা দুর্গ দ্বারা সুরক্ষিত জনপদসমূহে অবস্থানপূর্বক অথবা প্রাচীরের পিছন হইতে যুদ্ধ ব্যতিরেকে তোমাদের সংগে কখনও সম্মিলিতভাবে যুদ্ধ করিবে না। তাহাদের নিজেদের মধ্যকার যুদ্ধ অতীব ভীষণ। তুমি তাহাদিগকে সংঘবদ্ধ মনে কর; অথচ তাহাদের হৃদয়সমূহ বিচ্ছিন্ন।৩০২৬ ইহা এইজন্য যে, তাহারা এমন জাতি যাহারা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে না।
৩০২৬। এই আয়াতের তাৎপর্য হইলঃ ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসীদের, বিশেষ করিয়া ইহুদী ও মদীনার মোনাফেকদের মধ্যে, দৃশ্যতঃ একটা ঐক্য আছে বলিয়া মনে হয়। কিন্তু মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার জন্য তাহাদের মধ্যে যে সম-স্বার্থ জড়িত থাকা দরকার, তাহা এই ক্ষেত্রে অনুপস্থিত। তাহাদের পরস্পরের স্বার্থ ভিন্ন ভিন্ন, একমুখী নহে আরবে তখন তিনটি দল ছিল, যাহারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে একতাবদ্ধ হইয়াছিল (১) ইহুদী, (২) মদীনার মোনাফেক-দল, (৩) মক্কার পৌত্তলিক কুরায়শগণ। ইসলামের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিপত্তির মধ্যে, মদীনা-অঞ্চলে কুরায়শ-প্রভাব অস্তমিত হইবার বিপদ ছিল। মোনাফেকের দল (আব্দুল্লা বিন উবাই এর নেতৃত্বাধীন) মদীনায় তাহাদের কর্তৃত্ব-হ্রাস স্বচক্ষে দেখিতেছিল। আর ইহুদীরা তাহাদের প্রতিপত্তি, আত্মগরিমা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি ইসলামী শিক্ষার সুদূর-প্রসারী প্রভাব লক্ষ্য করিতেছিল। অতএব, তাহাদের উদ্দেশ্যের মধ্যে সত্যিকার একতার কোন ভিত্তি ছিল না। কাজেই ঐ বাহ্যিক ঐক্য কখনও কাজে আসে নাই,এমনকি বিপদের সময়ও অকার্যকর ছিল।

کَمَثَلِ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ قَرِیۡبًا ذَاقُوۡا وَبَالَ اَمۡرِہِمۡ ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿ۚ۱۶﴾

১৬
তাহাদের উপমা সেই সকল লোকের ন্যায় যাহারা তাহাদের পূর্বে নিকটবর্তীকালে অতীত হইয়াছে, তাহারা তাহাদের কৃত-কর্মের প্রতিফল আস্বাদন করিয়াছে।৩০২৭ এবং তাহাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে।
৩০২৭। এই আয়াত সম্ভবতঃ মক্কার কুরায়শদের প্রতি অঙ্গুলি নির্দেশ করিতেছে যাহারা কিছুদিন পূর্বে বদরের যুদ্ধে লাঞ্ছিতভাবে পরাজিত হইয়াছিল অথবা ইহা ‘বনু-কাইনুকা’ গোত্রকে বুঝাইতে পারে, যাহারা বদরের যুদ্ধের মাসখানেক পরেই তাহাদের বিশ্বাস-ঘাতকতা, ষড়যন্ত্র ও চুক্তি-ভঙ্গের অপরাধে মদীনা হইতে নির্বাসিত হইয়াছিল। এই গোত্র সিরীয়াতে যাইয়া বসতি স্থাপন করে।

کَمَثَلِ الشَّیۡطٰنِ اِذۡ قَالَ لِلۡاِنۡسَانِ اکۡفُرۡ ۚ فَلَمَّا کَفَرَ قَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۷﴾

১৭
অথবা তাহাদের উপমা সেই শয়তানের ন্যায় যে একসময়ে মানুষকে বলে, ‘অস্বীকার কর;’ অতঃপর যখন সে অস্বীকার করে, তখন সে বলে, ‘আমি তোমা হইতে দায়-মুক্ত, নিশ্চয় আমি আল্লাহ্‌কে ভয় করি, যিনি সকল জগতের প্রতিপালক।’

فَکَانَ عَاقِبَتَہُمَاۤ اَنَّہُمَا فِی النَّارِ خَالِدَیۡنِ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزٰٓؤُا الظّٰلِمِیۡنَ ﴿٪۱۸﴾

১৮
ফলে উভয়ের পরিণাম এই দাঁড়ায় যে, তাহারা আগুনে নিপতিত হয়, তথায় তাহারা দীর্ঘকাল বাস করিবে। এবং ইহাই যালেমদের প্রতিফল।
সূরা আল্ হাশ্‌র - রুকু ২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَلۡتَنۡظُرۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۹﴾

১৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং প্রত্যেককেই চিন্তা করিয়া দেখা উচিত যে, আগামীকল্যের জন্য সে অগ্রে কি প্রেরণ করিয়াছে। এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, তোমরা যে কর্মই কর উহা সম্বন্ধে নিশ্চয় আল্লাহ্ সবিশেষ খবর রাখেন।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ نَسُوا اللّٰہَ فَاَنۡسٰہُمۡ اَنۡفُسَہُمۡ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۲۰﴾

২০
তোমরা সেই সকল লোকের ন্যায় হইও না যাহারা আল্লাহ্‌কে ভুলিয়া গিয়াছে, ফলে তিনিও তাহাদিগকে আত্মবিস্মৃত করিয়া দিয়াছেন। ইহারাই দুষ্কৃতকারী।