৫৭

الحديد

সূরা আল্ হাদীদ

Al-Hadid

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩০ আয়াত এবং ৪ রুকু আছে।

اِعۡلَمُوۡۤا اَنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّلَہۡوٌ وَّزِیۡنَۃٌ وَّتَفَاخُرٌۢ بَیۡنَکُمۡ وَتَکَاثُرٌ فِی الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ ؕ کَمَثَلِ غَیۡثٍ اَعۡجَبَ الۡکُفَّارَ نَبَاتُہٗ ثُمَّ یَہِیۡجُ فَتَرٰٮہُ مُصۡفَرًّا ثُمَّ یَکُوۡنُ حُطَامًا ؕ وَفِی الۡاٰخِرَۃِ عَذَابٌ شَدِیۡدٌ ۙ وَّمَغۡفِرَۃٌ مِّنَ اللّٰہِ وَرِضۡوَانٌ ؕ وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۱﴾

২১
তোমরা জানিয়া রাখ, এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, চাক-চিক্য, সৌন্দর্য, তোমাদের মধ্যে পারস্পরিক আত্মশ্লাঘা, এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। ইহার দৃষ্টান্ত বারিধারার ন্যায় যাহার (দ্বারা উৎপাদিত) শাক-সব্‌জি কৃষকদিগকে চমৎকৃত করে, অতঃপর উহা পরিপক্ক হয় এবং তুমি উহাকে হলুদবর্ণ দেখিতে পাও, যাহা অবশেষে চূর্ণ-বিচূর্ণ হইয়া যায়। এবং পরকালে রহিয়াছে (দুনিয়াদার লোকদের জন্য) কঠিন আযাব এবং (সৎকর্মশীল লোকদের জন্য) আল্লাহ্‌র নিকট হইতে ক্ষমা এবং সন্তুষ্টি। এবং এই পার্থিব জীবন (সাময়িক) ছলনাময়ী ভোগ্যবস্তু ব্যতিরেকে কিছু নহে।

سَابِقُوۡۤا اِلٰی مَغۡفِرَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ وَجَنَّۃٍ عَرۡضُہَا کَعَرۡضِ السَّمَآءِ وَالۡاَرۡضِ ۙ اُعِدَّتۡ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ؕ ذٰلِکَ فَضۡلُ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۲۲﴾

২২
(হে লোকসকল!) তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যাহার মূল্য আকাশ ও পৃথিবীর মূল্যের সমতুল্য;২৯৯৬ ইহা ঐ সকল লোকদের জন্য প্রস্তুত করা হইয়াছে যাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলগণের উপর ঈমান আনে। ইহা আল্লাহ্‌র বিশেষ ফযল, তিনি যাহাকে চাহেন ইহা দান করেন এবং আল্লাহ্‌ মহা ফযলের অধিকারী।
২৯৯৬। ‘আরয’ মানে মূল্য ও ব্যাপকতা। এই হিসাবে আয়াতটির তাৎপর্য হইলঃ (ক) পরলোকে ধর্মপরায়ণদের পুরস্কার অপরিসীম ও অগণিত। আকাশমালা, পৃথিবী এবং সমস্ত স্থান, শূন্য-মহাশূন্য জুড়িয়া বিস্তৃত রহিয়াছে বেহেশত; এমনকি দোযখও ইহারই আওতাভুক্ত। ইহা দ্বারা বুঝা যায় যে, বেহেশ্‌ত ও দোযখ দুইটা পৃথক স্থান বিশেষ নয়, বরং মনের দুইটা পৃথক পৃথক অবস্থা। কুরআনের বর্ণিত বেহেশ্‌ত-দোযখের স্বরূপ সম্বন্ধে মহানবী (সাঃ)-এর একটি প্রসিদ্ধ হাদীস সঠিক ধারণা দেয়। একবার নবী করীম (সাঃ) সাহাবীগণ কর্তৃক জিজ্ঞাসিত হইয়াছিলেন, ‘বেহেশ্‌ত যদি ইহার স্বীয় ব্যাপকতার মধ্যে আকাশমালা ও পৃথিবীকে ছাইয়া ফেলে, তাহা হইলে দোযখের স্থান কোথায়?’ রসূলুল্লাহ (সাঃ) উত্তর দিয়াছিলেন, “রাত্রি কোথায় থাকে, যখন দিনের আগমন হয়” (কাসীর)।

مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اِلَّا فِیۡ کِتٰبٍ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّبۡرَاَہَا ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿ۚۖ۲۳﴾

২৩
পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবৎ আসে না যে আমরা উহা প্রকাশ করিবার পূর্বেই এক কিতাবে২৯৯৬-ক লিবিবদ্ধ না থাকে— নিশ্চয় ইহা আল্লাহ্‌র জন্য অতি সহজ—
২৯৯৬-ক। কিতাব দ্বারা ঐশী বিধান বা ঐশী জ্ঞানকে বুঝাইতে পারে। অতএব আয়াতটির তাৎপর্য হইল প্রত্যেক বস্তুই নিয়মের অধীন। কিতাব দ্বারা কুরআনকেও বুঝায়। অতএব এই আয়াতের অর্থ হইতে পারে, ব্যক্তি বা জাতির দুঃখ-দুর্দশার কারণ ও প্রতিকার কুরআনে রহিয়াছে।

لِّکَیۡلَا تَاۡسَوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا تَفۡرَحُوۡا بِمَاۤ اٰتٰٮکُمۡ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرِ ﴿ۙ۲۴﴾

২৪
যেন তোমরা তোমাদের হারানো বস্তুর জন্য দুঃখ না কর এবং যাহা তিনি তোমাদিগকে দেন উহাতে তোমরা আনন্দে স্ফীত না হও। এবং আল্লাহ্‌ কোন দাম্ভিক ও অহংকারীকে ভালবাসেন না—

ۣالَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ وَیَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبُخۡلِ ؕ وَمَنۡ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿۲۵﴾

২৫
যাহারা স্বয়ং কৃপণতা করে এবং লোকদিগকেও কৃপণতার আদেশ দেয়, এবং যাহারা মুখ ফিরাইয়া লয়, সেই ক্ষেত্রে নিশ্চয় আল্লাহ্‌ই প্রাচুর্যশীল এবং সকল প্রশংসার অধিকারী।

لَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلَنَا بِالۡبَیِّنٰتِ وَاَنۡزَلۡنَا مَعَہُمُ الۡکِتٰبَ وَالۡمِیۡزَانَ لِیَقُوۡمَ النَّاسُ بِالۡقِسۡطِ ۚ وَاَنۡزَلۡنَا الۡحَدِیۡدَ فِیۡہِ بَاۡسٌ شَدِیۡدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعۡلَمَ اللّٰہُ مَنۡ یَّنۡصُرُہٗ وَرُسُلَہٗ بِالۡغَیۡبِ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ عَزِیۡزٌ ﴿٪۲۶﴾

২৬
নিশ্চয় আমরা আমাদের রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনাবলীসহ পাঠাইয়াছি এবং তাহাদের সঙ্গে কিতাব এবং তুলাদণ্ড২৯৯৭ নাযেল করিয়াছি যাহাতে লোক ন্যায়-বিচার কায়েম করিতে পারে, এবং আমরা লৌহ২৯৯৮ নাযেল করিয়াছি, যাহাতে ভীষণ যুদ্ধের উপকরণ আছে এবং মানব জাতির জন্য বহুবিধ উপকার রহিয়াছে, এবং যেন আল্লাহ্‌ স্বতন্ত্ররূপে প্রকাশ করেন তাহাদিগকে যাহারা (তাঁহাকে) না দেখিয়াও তাঁহাকে এবং তাঁহার রসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ্‌ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।
সূরা আল্ হাদীদ - রুকু ৩
২৯৯৭। ‘মীযান’ দ্বারা বুঝানো হইতেছেঃ (ক) সমতা ও ন্যায়নীতি, যাহা মানুষের সকল পারস্পরিক কাজ-কর্মে পালন করা অবশ্য কর্তব্য (ফরয) বলিয়া নির্ধারিত হইয়াছে; (খ) সঠিক মাপকাঠি, যাহা দ্বারা মানুষের কর্মকাণ্ডকে পরিমাপ করা, ওজন করা, মূল্যায়ন করা ও বিচার করা হইয়া থাকে; (গ) ভারসাম্যের তুলাদণ্ড, যাহা সারা বিশ্ব-জগতে ক্রিয়াশীল থাকিয়া সকল বস্তুর মধ্যে সুসম্পর্ক বজায় রাখিয়াছে; (ঘ) মহানবী (সাঃ)-এর কার্যধারা ও আল্লাহ্‌র কিতাব (কুরআন); (ঙ) মধ্যপথ অবলম্বন ও সীমাতিক্রম পরিত্যাগ; (চ) নিরীক্ষণ ও অভিজ্ঞতা-ভিত্তিক বিচার-বুদ্ধি ও যুক্তি।
২৯৯৮। ‘আল্ হাদীদ’ (লৌহ) এমনি একটা ধাতু যাহা মানুষের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে সর্বাপেক্ষা অধিক অবদান রাখিয়াছে এবং মানব-সভ্যতার সর্বাধিক প্রসার ঘটাইয়াছে। এই শব্দটির অন্য তাৎপর্য হইল, মানব-সমাজের অস্তিত্ব রক্ষাকারী নিয়ম-নীতিকে মানিবার জন্য মানুষকে বাধ্য করার শক্তি। অতএব এই আয়াত বুঝাইতেছে যে, আল্লাহ্‌তা’লা তিনটি বস্তু পাঠাইয়াছেনঃ (ক) ঐশী আইন-কানুন, (খ) মানব সমাজের সুষম সম্পর্ক রক্ষার পদ্ধতি; (গ) রাষ্ট্রীয় ক্ষমতা যাহা দ্বারা ঐশী আইন-কানুন মানিয়া চলিতে বাধ্য করা যায়।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا نُوۡحًا وَّاِبۡرٰہِیۡمَ وَجَعَلۡنَا فِیۡ ذُرِّیَّتِہِمَا النُّبُوَّۃَ وَالۡکِتٰبَ فَمِنۡہُمۡ مُّہۡتَدٍ ۚ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۲۷﴾

২৭
এবং নিশ্চয় আমরা নূহ ও ইব্‌রাহীমকে প্রেরণ করিয়াছিলাম এবং উভয়ের বংশধরগণের মধ্যে নুবওয়াত এবং কিতাব মনোনীত করিয়াছিলাম। সুতরাং তাহাদের মধ্যে কতক হেদায়াতের অনুসরণ করিয়া ছিল এবং তাহাদের মধ্যে অধিকাংশই ছিল দুষ্কৃতকারী।

ثُمَّ قَفَّیۡنَا عَلٰۤی اٰثَارِہِمۡ بِرُسُلِنَا وَقَفَّیۡنَا بِعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ وَاٰتَیۡنٰہُ الۡاِنۡجِیۡلَ ۬ۙ وَجَعَلۡنَا فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ اتَّبَعُوۡہُ رَاۡفَۃً وَّرَحۡمَۃً ؕ وَرَہۡبَانِیَّۃَ ۣابۡتَدَعُوۡہَا مَا کَتَبۡنٰہَا عَلَیۡہِمۡ اِلَّا ابۡتِغَآءَ رِضۡوَانِ اللّٰہِ فَمَا رَعَوۡہَا حَقَّ رِعَایَتِہَا ۚ فَاٰتَیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡہُمۡ اَجۡرَہُمۡ ۚ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۲۸﴾

২৮
অতঃপর তাহাদের পদাঙ্ক অনুসরণে আমরা পর্যায়ক্রমে আমাদের রসূলগণকে পাঠাইয়াছিলাম, এবং আমরা (তাহাদের) পিছনে মরিয়মের পুত্র ঈসাকে পাঠাইয়াছিলাম এবং তাহাকে ইন্‌জীল প্রদান করিয়াছিলাম। এবং যাহারা তাহার অনুসরণ করিয়াছিল তাহাদের অন্তরে আমরা স্নেহ-মমতা ও দয়ার সৃষ্টি করিয়াছিলাম। আর যে আছে সন্যাসবাদ– ইহা তাহারা নিজেরাই প্রবর্তন করিয়াছিল— যাহার নির্দেশ আমরা তাহাদিগকে দেই নাই, তাহারা অবশ্য আল্লাহ্‌র সন্তোষ লাভের২৯৯৯ জন্যই ইহা করিয়াছিল, কিন্তু তাহারা ইহার যথোচিত মর্যাদা রক্ষা করিতে পারে নাই। অতঃপর তাহাদের মধ্য হইতে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে আমরা তাহাদের পুরস্কার দিয়াছিলাম কিন্তু তাহাদের অধিকাংশই ছিল দুষ্কৃতকারী।
২৯৯৯। আয়াতটিতে বলা হইয়াছে যে, ঈসা (আঃ)-এর অনুসারী খৃষ্টানেরা আল্লাহ্‌তা’লার সন্তুষ্টি অর্জনের উপায় হিসাবে ‘বৈরাগ্য’ প্রথার আবিস্কার করে; অথচ আল্লাহ্‌তা’লা এরূপ করার নির্দেশ দেন নাই। আয়াতটির অর্থ এইরূপও হইতে পারেঃ খৃষ্টানগণ ‘বৈরাগ্য’ আবিস্কার করে, আল্লাহ্ বৈরাগ্য অবলম্বনের কোন আদেশ দেন নাই– তিনি কেবল তাঁহার সন্তুষ্টি অর্জনেরই আদেশ দিয়াছিলেন। ২৬ আয়াতে আল্লাহ্‌তা’লা কর্তৃক ‘আল্‌ মীযান’ পাঠানোর কথা বলা হইয়াছে, যাহাতে মানুষ চরম ও হঠকারী পন্থা পরিত্যাগ পূর্বক সকল কর্মে ও সকল ব্যাপারেই সুখকর মধ্যপথ অবলম্বন করে। এই আয়াতে খৃষ্টান জাতির উদাহরণ দিয়া বুঝানো হইতেছে যে, যত সদুদ্দেশ্যই হউক না কেন, খৃষ্টানেরা এই চরম পন্থা অবলম্বনের দ্বারা তাহাদের আসল লক্ষ্য খোদার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হইয়াছে। তাহারা এই ভুল-চিন্তা দ্বারা চালিত হইয়া সন্ন্যাস-প্রথা আবিস্কার করিয়াছিল যে, এই পথেই বুঝি তাহারা আল্লাহ্‌তা’লার নৈকট্য ও প্রসাদ লাভে সমর্থ হইবে; তাহারা আরো ভাবিয়াছিল, অবিবাহিত যীশুর শিক্ষা ও আচরণ বুঝি ইহাই। কিন্তু ইহা মস্তবড় সামাজিক অকল্যাণ ডাকিয়া আনিয়াছে। বহু অনর্থের মূলে রহিয়াছে খৃষ্টানদের এই ভ্রান্ত কুপ্রথা। “বৈরাগ্য সাধনে মুক্তি” বলিয়া তাহারা আরম্ভ করিয়াছিল, আর সুখ-সম্ভোগ ও সম্পদ-উপাসনার মধ্যে আত্মবিলীন হইয়া তাহারা সমাপ্তি ঘোষণা করিতেছে। ইসলাম এই সন্ন্যাস প্রথাকে মোটেই গুরুত্ব দেয় নাই বরং নিন্দা করিয়া ইহাকে জীবন হইতে নির্বাসন দিয়াছে, কেননা ইহা মানব-প্রকৃতির সম্পূর্ণ বিপরীত ও পরিপন্থী। মহানবী (সাঃ) বলিয়াছেন, “ইসলামে বৈরাগ্য নাই” (আসীর)। ইসলাম সেই সব স্বপ্ন-দর্শীদের ধর্ম নহে যাহারা রূঢ় বাস্তব জগত হইতে নিজেদেরকে দূরে বহুদূরে সরাইয়া নিয়া, নিজ নিজ ধ্যান-ধারণার কল্পনা-জগতে আশ্রয় নেয়। ইসলামে এইরূপ অবাস্তব শিক্ষারও কোন মূল্য নাই যেমন, “কল্যাণের নিমিত্ত ভাবিত হইও না” (মথি ৬ঃ৩৪)। বরং ইসলাম অত্যন্ত জোরের সহিত প্রত্যেক মুসলিমকে তাকিদ দেয় যে, “সে যেন এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দেয় যে, আগামী কালের জন্য সে কি (আমল) পাঠাইতেছে।” প্রকৃত মুসলিম হইল সেই ব্যক্তি, যিনি সমভাবে ও সম্পূর্ণভাবে, আল্লাহ্‌র প্রতি ও মানুষের প্রতি তাহার দায়িত্ব ও কর্তব্য পালন করিয়া থাকেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَاٰمِنُوۡا بِرَسُوۡلِہٖ یُؤۡتِکُمۡ کِفۡلَیۡنِ مِنۡ رَّحۡمَتِہٖ وَیَجۡعَلۡ لَّکُمۡ نُوۡرًا تَمۡشُوۡنَ بِہٖ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿ۚۙ۲۹﴾

২৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং তাঁহার রসূলের উপর ঈমান আন। তিনি তোমাদিগকে নিজ রহমত হইতে দ্বিগুণ পুরস্কার প্রদান করিবেন এবং তোমাদের জন্য এমন নূর নির্ধারণ করিবেন যাহার সাহায্যে তোমরা (অন্ধকারে) চলিতে পার, এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন—বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

لِّئَلَّا یَعۡلَمَ اَہۡلُ الۡکِتٰبِ اَلَّا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّنۡ فَضۡلِ اللّٰہِ وَاَنَّ الۡفَضۡلَ بِیَدِ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿٪۳۰﴾

৩০
(আমরা ইহা এই জন্য বলিতেছি) যেন আহ্‌লে কিতাব ইহা মনে না করে যে, তাহারা (মুসলমানগণ) আল্লাহ্‌র ফযলের কোন কিছুর উপর ক্ষমতা রাখে না,৩০০০ বস্তুতঃ ফযল আল্লাহ্‌র হাতে রহিয়াছে, তিনি যাহাকে চাহেন ইহা দান করেন এবং আল্লাহ্‌ মহা ফযলের অধিকারী।
সূরা আল্ হাদীদ - রুকু ৪
৩০০০। আহলে কিতাব (ইহুদী ও খৃষ্টানগণ) এই কথা তাহাদের মন হইতে সম্পূর্ণ মুছিয়া ফেলুক যে, একমাত্র তাহারাই আল্লাহ্‌তা’লার অনুগ্রহভাজন ও সন্তুষ্টি-পুষ্ট। তাহারা জানিয়া রাখুক যে, আল্লাহ্ তাঁহার অনুগ্রহকে ফিরাইয়া লইয়া এখন অন্য জাতিকে তথা মুসলিম উম্মতকে দান করিয়াছেন।