الواقعة
Al-Waqi`ah
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।
নাযেল হওয়ার সময় ও প্রসঙ্গ
সূরা কাফ হইতে আরম্ভ করিয়া কাছাকাছি সময়ে অবতীর্ণ সাতটি সূরা আছে, যেগুলিকে এক গ্রুপভুক্ত করা যায়। সূরা ওয়াকেআ এই গ্রুপের শেষ সূরা। এই সূরাগুলি নবুওয়াতের প্রাথমিক পর্যায়ে মক্কায় অবতীর্ণ হইয়াছিল। স্বাভাবিক ভাবেই ভাষা, ভাব ও বিষয়ের দিক দিয়া ইহাদের মাঝে মিল রহিয়াছে। তবে পূর্ববর্তী সূরা আর রহমান ও এই সূরার মধ্যে যতটা ঘনিষ্ঠতা আছে, অন্য সূরাগুলির মধ্যে সাধারণ মিল থাকলেও ততটা ঘনিষ্ঠতা নাই। সূরা আর রহমানের বিষয়াবলী এই সূরাতে আসিয়া শেষ হইয়াছে। তাই এই সূরাটি যুক্তিসঙ্গতভাবেই সূরা আর রহমানের অব্যবহিত পরে স্থান পাইয়াছে। সূরা আর রহমানে তিন প্রকারের লোকের কথা ইঙ্গিতে উল্লেখ করা হইয়াছে, যেমনঃ (১) সেই সব ভাগ্যবান ব্যক্তিবর্গ যাহাদিগকে আল্লাহ্তা’লার বিশেষ নৈকট্য মঞ্জুর করা হইয়াছে, (২) মো’মেনদের মধ্যে যাহারা সাধারণভাবে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করিয়াছেন, (৩) আল্লাহ্র প্রেরিত পুরুষগণকে প্রত্যাখ্যানকারীদের দল। এই সূরাতে, তাহাদের কথা ইঙ্গিতে নয় বরং প্রকাশ্যে উল্লেখ করা হইয়াছে। মৃত্যুর পর পুনরুত্থান, আল্লাহ্র কাছ হইতে ওহী-ইলহামের অবতরণ এবং পৌত্তলিকতার অসারতা ইত্যাদি প্রয়োজনীয় ও সময়োপযোগী বিষয়াদি সম্বলিত এই সূরা নবুওয়াতের প্রথম দিকে মক্কাতে অবতীর্ণ হওয়া তাৎপর্যপূর্ণ ছিল। কেননা মক্কার কুরায়শগণ পৌত্তলিকতায় আপাদমস্তক এরূপ নিমগ্ন ছিল যে, পুনরুত্থান, ওহী-ইলহাম বা ঐশী-বাণীতে বিশ্বাস স্থাপন ইত্যাদির কথা তাহাদের চিন্তার বাহিরে ছিল। কুরায়শরাই ছিল কুরআনের বাণীর প্রথম সম্বোধিত জাতি। এই সপ্ত-সূরায় পুনরুত্থানের অনিবার্যতা সম্বন্ধে জোরালো উপস্থাপনের পাশা-পাশি, ইসলামের গৌরবময় ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করা হইয়াছে, এই উদ্দেশ্যে যে,ইসলামের উন্নতির ভবিষ্যদ্বাণীগুলি যদি বাস্তব-সত্যে পরিণত হয়, তাহা হইলে, স্থিরনিশ্চিতভাবে ইহাও প্রমাণিত হইয়া যাইবে যে পুনরুত্থানের কথাও অপ্রতিরোধ্য সত্য।
বিষয়-বস্তু
পূর্ববর্তী সূরাতে যে অনিবার্য মহাঘটনার অটল ভবিষ্যদ্বাণী অত্যন্ত দৃঢ়তার সহিত উদাত্ত ভাষায় ঘোষণা করা হইয়াছিল তাহা নিশ্চয়ই সংঘটিত হইবে, এই বক্তব্য দ্বারা এ সূরাটির শুরু হইয়াছে এবং বলা হইয়াছে যে, যখন ঐ মহাবিধ্বংসী ঘটনাটি ঘটিয়া যাইবে তখন পৃথিবীর তলদেশ পর্যন্ত কাঁপিয়া উঠিবে, পাহাড়-পর্বত চূর্ণ-বিচূর্ণ হইবে এবং বিধ্বস্ত বিশ্বের ছাই-মাটি হইতে এক নূতন পৃথিবীর অভ্যুদয় ঘটবে। এই ঘটনার ফলে মানুষকে তিনটি বৈশিষ্ট্যে চিহ্নিত করা হইবেঃ (ক) ঐ সকল সৌভাগ্যসম্পন্ন মানুষ যাহারা আল্লাহ্তা’লার বিশেষ নৈকট্য উপভোগ করিবে, (খ) সত্যিকার ধর্মপরায়ণ মো’মেন যাহারা নিজেদের সৎকর্মের জন্য পর্যাপ্ত পুরস্কার লাভ করিবেন, (গ) দুর্ভাগা কাফেরগণ যাহারা নিজেদের দুষ্কর্মের জন্য শাস্তি প্রাপ্ত হইবে। এই সূরার মধ্যে প্রথম দুই দলের প্রাপ্য ঐশী পুরস্কারসমূহের সুন্দর চিত্র বর্ণনার মাধ্যমে তুলিয়া ধরা হইয়াছে এবং পরে পরেই ঐশী-বাণীকে প্রত্যাখ্যানকারীদের শাস্তির বিবরণও দেওয়া হইয়াছে। অতঃপর, সামান্য বীর্যের ফোটা হইতে মানুষের সৃষ্টি ও ক্রমোন্নতির ধারায় পূর্ণ মানবাকারে তাহার দৈহিক-মানসিক বিকাশের উল্লেখ পূর্বক যুক্তি প্রদর্শন করা হইয়াছে যে, মৃত্যুর পরে (আরো বিকাশ লাভের জন্য) তাহার পুনরুত্থান হইবে। সূরার শেষদিকে প্রারম্ভিক বক্তব্যের জের টানিয়া ব্যাখ্যা করা হইয়াছে যে, যে বৈপ্লবিক পরিবর্তনের কথা সূরাটির উদ্বোধনী আয়াতগুলিতে উল্লেখিত হইয়াছে, তাহা পবিত্র কুরআনের মাধ্যমেই সাধিত হইবে, যে কুরআন সুনিশ্চিতভাবে আল্লাহ্তা’লার অবতীর্ণ বাণী, সুরক্ষিত ও সংরক্ষিত মহামূল্য ধন। একটি চমৎকার ধর্মোপদেশ দিয়া সূরাটি সমাপ্ত হইয়াছে। উপদেশটি হইলঃ মৃত্যুই যখন পার্থিব জীবনের অনিবার্য পরিণতি, তখন মানুষ এই কঠোর সত্যকে কী করিয়া ভুলিয়া এত সংসারাসক্ত হয় এবং আল্লাহ্কে স্মৃতি হইতে সরাইয়া রাখে?
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ﴿۲﴾
خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ﴿۴﴾
اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ﴿۵﴾
فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ﴿۹﴾