৫৫

الرحمن

সূরা আর্‌ রাহ্‌মান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ৩ রুকু আছে।

ہَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ ﴿ۚ۶۱﴾

৬১
ইহ্‌সানের (সদাচরণের) বিনিময় ইহ্‌সান (সদাচরণ) ব্যতীত আর কি হইতে পারে?২৯৪৭
২৯৪৭। ‘ইহসান’ শব্দের অর্থ ‘আল্লাহ্‌র এমনভাবে ইবাদত করা যেন ইবাদতকারী তাঁহাকে স্বচক্ষে দেখিতেছে অথবা অন্ততঃ এতটুকু একাগ্রতা থাকা যে, আল্লাহ্ তাহাকে স্বয়ং দেখিতেছেন’ (বুখারী)। ইহার অর্থ বা তাৎপর্য এই যে, সত্যিকার মো’মেন প্রতিটি কাজ-কর্ম ও পদক্ষেপ নিবার সময় আল্লাহ্‌তা’লাকে তাহার চোখের সামনে রাখে। আর ইহার ফল স্বরূপ সে আল্লাহ্‌র সন্তষ্টিরূপ পুরস্কারে ভূষিত হয়। আর এই আল্লাহ্‌র সন্তুষ্টিই সমুদয় বেহেশ্‌তী পুরস্কারের সামগ্রিক রূপ।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۲﴾

৬২
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

وَمِنۡ دُوۡنِہِمَا جَنَّتٰنِ ﴿ۚ۶۳﴾

৬৩
এবং এই জান্নাতদ্বয় ব্যতীত আরও দুইটি জান্নাত আছে-২৯৪৮
২৯৪৮। ৪৭ আয়াতে উল্লেখকৃত ‘দুই বাগান’ বেহেশতের, এবং এই আয়াতে উল্লেখকৃত ‘দুই বাগান’ ইহজগতের হইতে পারে। মুসলমানগণকে পরলোকের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল এবং ইহার বাস্তবতার প্রমাণ স্বরূপ এই জগতেও বাগান দানের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং শেষোক্ত প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করিয়া দেখানোও হয় যখন মুসলমানরা মিশর ও ইরাকের উর্বর উপত্যকাগুলি জয় করিয়া নিজেদের দখলে আনে। কিন্ত ৪৭ আয়াতে বর্ণিত দুই বাগান বর্ণনার দিক দিয়া এই আয়াতের দুই বাগানের বর্ণনা হইতে ভিন্ন। ইহাতে বুঝা যায় যে, দুই ধরণের মো’মেনদের কথা বলা হইয়াছে। ৪৭ আয়াতে বর্ণিত বাগান যে ধরণের মো’মেনদিগকে দিবার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহারা ঐ সকল মো’মেনদের চাইতে উচ্চতর মর্যাদা-বিশিষ্ট যাহাদিগকে আলোচ্য আয়াতে বাগান দানের কথা বলা হইয়াছে। ৪৭ ও ৬৩ আয়াত, এই দুইটি আয়াতকে যত্নসহকারে তুলনা করিয়া পাঠ করিলে, এই সত্যটি উপলব্ধি করা যাইবে। এই দুই শ্রেণীর মো’মেনগণের কথা পরবর্তী সূরায় ১১ আয়াত ও ২৮ আয়াতে যথাক্রমে উল্লেখ করা হইয়াছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۙ۶۴﴾

৬৪
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

مُدۡہَآمَّتٰنِ ﴿ۚ۶۵﴾

৬৫
উভয়ই ঘন সবুজ হইবে–২৯৪৯
২৯৪৯। ৪৯ আয়াতে বর্ণিত বাগানগুলি বিভিন্ন জাতের বৃক্ষমালার দ্বারা সজ্জিত বলিয়া উল্লেখ করা হইয়াছে। ইহা দ্বারা এই কথাই বুঝায় যে, মো’মেনগণকে এই বাগানগুলি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহাদের সৎকর্মগুলিও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত ছিল, জীবনের সকল শাখা-প্রশাখায় তাহারা উওম কার্য সম্পাদন করিয়াছেন। আর এই আয়াতে (৬৫ আয়াতে) বাগানগুলিকে ঘন-সবুজ পল্লবগুচ্ছে সজ্জিত বলিয়া বর্ণিত হইয়াছে, ইহাতে মো’মেনগণের উত্তম কার্যের ব্যাপকতা, গভীরতা ও বিরামহীনতার কথা প্রকাশ পাইতেছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۶۶﴾

৬৬
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

فِیۡہِمَا عَیۡنٰنِ نَضَّاخَتٰنِ ﴿ۚ۶۷﴾

৬৭
উভয়ের মধ্যে দুইটি স্ববেগে উচ্ছলিত প্রবহমান ঝরণা২৯৫০ থাকিবে।
২৯৫০। এই আয়াতে (৬৭ আয়াতে) এবং ৫১ আয়াতে, বিশ্বাসীগণকে দুই পৃথক ধরণের প্রস্রবণ দানের প্রতিশ্রুতি রহিয়াছে। ৫১ আয়াতে বর্ণিত প্রস্রবণকে মুক্ত চলমান প্রবাহ-ধারা বলা হইয়াছে (তাজ্‌রিয়ানে)। ইহাতে বুঝা যায়, যে সকল মো’মেনগণকে ৫১ আয়াতের প্রস্রবণ দেওয়া হইবে, তাহারা হইবেন অতি উচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী যাহারা কোন পুরস্কার-প্রাপ্তির বাসনা না রাখিয়াই নিঃস্বার্থভাবে পরোপকারের কাজে নিজের জীবনকে অনুক্ষণ ব্যাপৃত রাখেন। কিন্তু আলোচ্য আয়াতের প্রতিশ্রুত প্রস্রবণকে ‘নায্‌যাখাতান’ বা সবেগে উচ্ছলিত প্রবহমান ঝরণা বলা হইয়াছে। ইহা ঐ সকল মো’মেনগণের জন্য প্রতিশ্রুত যাহারা সাধারণভাবে সৎকর্মে নিয়োজিত থাকেন, সচরাচর পরোপকারও করেন। তাহাদের সৎকর্মের পরিধি এত বিস্তৃত ও বিভিন্নমুখী নহে, যতটা পূর্বোল্লিখিত উচ্চতর আধ্যাত্মিক পর্যায়ের ধার্মিকগণের।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۸﴾

৬৮
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

فِیۡہِمَا فَاکِہَۃٌ وَّنَخۡلٌ وَّرُمَّانٌ ﴿ۚ۶۹﴾

৬৯
উভয়ের মধ্যে থাকিবে (নানারকম) ফল-ফলাদি, এবং খর্জুর এবং ডালিম।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۷۰﴾

৭০
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?