৫৫

الرحمن

সূরা আর্‌ রাহ্‌মান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ৩ রুকু আছে।

وَالۡاَرۡضَ وَضَعَہَا لِلۡاَنَامِ ﴿ۙ۱۱﴾

১১
এবং এই যে পৃথিবী— তিনি ইহাকে (তাহার) সৃষ্টির জন্য সংস্থাপন করিয়াছেন,

فِیۡہَا فَاکِہَۃٌ ۪ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ ﴿ۖ۱۲﴾

১২
যাহাতে রহিয়াছে ফল-ফলাদি এবং আবরণ-বিশিষ্ট খর্জুর বৃক্ষ,

وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّیۡحَانُ ﴿ۚ۱۳﴾

১৩
এবং খোসা বিশিষ্ট শস্য- দানা এবং সুগন্ধি ফুলগাছ।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۴﴾

১৪
অতএব (হে জিন্ন্‌ ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?২৯২৩
২৯২৩। দ্বিবচন ‘তুকায্‌যিবান’ হয়ত এই কারণে ব্যবহৃত হইয়াছে যেহেতু জিন্ন্‌ ও মানুষ এই দুই শ্রেণীকে এই ক্রিয়া পদের কর্তা গণ্য করা হইয়াছে যেরূপে ৩৪ আয়াতে উল্লেখ করা হইয়াছে। অথবা দুই শ্রেণীর মানুষকে বুঝাইয়া থাকিতে পারেঃ মো’মেন ও কাফের, নেতা ও অনুসারী, ধনী ও দরিদ্র, সাদা ও কালো মানুষ। অথবা বিভিন্ন আয়াতে যে সব আদেশ-উপদেশ রহিয়াছে সেগুলির প্রতি জোর দেওয়া ও সম্মান প্রদর্শনার্থেও সম্মান-সূচক দ্বিবচন ব্যবহৃত হইয়া থাকিতে পারে; কেননা এইরূপ ক্ষেত্রে, সম্মান-সূচক দ্বিবচন ব্যবহার আরবী ভাষায় প্রচলিত আছে।৫০ঃ২৫ দেখুন। হযরত নবী করীম (সাঃ) এই কথা বলিয়াছেন বলিয়া জানা যায়, “যখন এই আয়াতটির শব্দগুলি পড়িতে শুনিবে, তখন তোমরা উত্তরে বলিবে, তোমার কোন অনুগ্রহই আমরা অস্বীকার করি না। সকল প্রশংসা তোমারই, হে আমাদের প্রভু” (কাসীর)।

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ ﴿ۙ۱۵﴾

১৫
তিনি মানুষকে খন্‌ খনে পাত্রের ন্যায়২৯২৪ শুষ্ক মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন,
২৯২৪। আকাশ-মণ্ডলের সৃষ্টিসহ উহাতে চন্দ্র-সূর্যের অবস্থান নির্ধারণ করতঃ পৃথিবীর পরিসর, বিস্তার এবং উহাতে শস্যাদি উৎপাদনের ব্যবস্থা-সম্পাদন ও তদনুরূপ অন্যান্য বিষয়ের উল্লেখ করিবার পর এই আয়াতে মানব-সৃষ্টির কথা বলা হইয়াছে। ‘তিনি মানুষকে খন্‌ খনে পাত্রের ন্যায় শুষ্ক মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন’ বাক্যটির অর্থ এই হইতে পারে যে, মানুষকে এমন বস্তু-উপাদানের সমনুয়ে সৃষ্টি করা হইয়াছে যাহার মধ্যে কথা বলার গুণ ও শক্তি নিহিত রহিয়াছে। ‘সালসাল’ তখনই শব্দ করে, যখন বাহিরের কোন বস্তু দ্বারা ইহাকে আঘাত করা হয়। মানুষের ক্ষেত্রে ইহার ব্যবহার, এই কথার ইঙ্গিত বহন করে যে, তাহার প্রতিধ্বনি বা প্রত্যুত্তর দানের ক্ষমতা, বাণী গ্রহণের সামর্থ্যের উপর নির্ভরশীল। মানুষের সৃষ্টি ও আধ্যাত্মিক উন্নতির তিনটি ভিন্ন ভিন্ন স্তর বুঝাইবার জন্য কুরআনে তিনটি শব্দ ব্যবহৃত হইয়াছে। প্রথম স্তরটি বুঝাইতে বলা হইয়াছে, “আল্লাহ্‌তা’লা তাহাকে (মানুষকে) মাটি হইতে সৃষ্টি করিয়াছেন” (৩ঃ৬০)। দ্বিতীয় ধাপটি বুঝাইতে বলা হইয়াছে “তিনিই তোমাদিগকে কাদা হইতে সৃষ্টি করিয়াছেন”(৬ঃ৩) ইহা দ্বারা বুঝায় যে, ঐশী-বাণীরূপ পানির ছিটা পাইয়া মানুষ ভাল-মন্দ বিচার করিবার শক্তি অর্জন করে। মানুষের তৃতীয় স্তরকে বলা হইয়াছে “খন খনে পাত্রের ন্যায়, এই ধাপে মানুষকে দুঃখ-কষ্ট ইত্যাদির দ্বারা অগ্নি-পরীক্ষা করাইয়া নেওয়া হয়। যখন এই অগ্নিপরীক্ষার সব বিষয়ে সে কৃতকার্যতার সহিত পাশ করে এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাহার ভাগ্যে খোদা-মিলন ঘটে।

وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ ﴿ۚ۱۶﴾

১৬
এবং জিন্ন্‌কে করিয়াছেন আগুনের শিখা হইতে।২৯২৫
২৯২৫। ১৫ঃ২৮ দেখুন।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۷﴾

১৭
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَرَبُّ الۡمَغۡرِبَیۡنِ ﴿ۚ۱۸﴾

১৮
তিনি দুইটি পূর্বেরও প্রতিপালক এবং দুইটি পশ্চিমেরও প্রতিপালক।২৯২৬
২৯২৬। পৃথিবীর প্রত্যেকটি স্থান অপর স্থানের পূর্ব বা পশ্চিমে হইবে, প্রত্যেক স্থান অপর স্থানগুলির তুলনায় পূর্ব ও পশ্চিম। এই ইন্দ্রিয়-গ্রাহ্য বিষয়টিকেই দুই পূর্ব ও দুই পশ্চিম বলা হইয়াছে। তদুপরি, পৃথিবীর আকৃতি গোল হওয়ায়, পূর্ব গোলার্ধের পূর্বদিক পশ্চিম গোলার্ধের পশ্চিম, এবং পশ্চিম গোলার্ধের পশ্চিম পূর্ব গোলার্ধের পূর্বদিক হইয়া যায়। এইভাবেও দুই পূর্ব ও দুই পশ্চিম আছে। আধুনিক কালের রাজনৈতিক ভাষাতেও দুই পূর্ব, দুই পশ্চিম সুবিদিত, যথা মধ্য প্রাচ্য ও দূরপ্রাচ্য এবং দুই পশ্চিম ইউরোপ ও আমেরিকা। এই আয়াতটি এই কথার প্রতি ইশারা করিতেছে যে, আল্লাহ্‌ই সমগ্র বিশ্বের অধিপতি, তাই কুরআনের আলো পূর্ব গোলার্ধেই সীমাবদ্ধ থাকিবে না, তাহা পশ্চিম গোলার্ধকেও আলোকিত করিবে। “পৃথিবী তাহার প্রতিপালকের জোতিতে উজ্জ্বল হইয়া উঠিবে” (৩৯ঃ৭০)।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۹﴾

১৯
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ ﴿ۙ۲۰﴾

২০
তিনি দুই সমুদ্রকে এমনভাবে প্রবাহিত করিয়াছেন যে, (এক সময়ে) উভয়ে মিলিত হইবে।২৯২৭
২৯২৭। ‘দুই জলরাশি’ মানে লোহিত সাগর ও ভূমধ্য সাগর অথবা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর হইতে পারে কিংবা উভয় জোড়াই বুঝাইতে পারে। এই আয়াতে এক বিরাট ভবিষ্যদ্বাণী রহিয়াছে, যাহা সুয়েজ খাল ও পানামা খাল খননের মাধ্যমে সুস্পষ্টভাবে বাস্তবায়িত হইয়াছে। সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযোগ করিয়াছে আর পানামা খাল সংযোগ করিয়াছে প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতা দেখিতে বিশ্বের মানুষকে তেরশত বৎসর অপেক্ষা করিতে হইয়াছে। এই দুই জলরাশি দ্বারা অন্য অর্থও বুঝাইতে পারে, যেমন প্রকৃতি-বিজ্ঞান ও আধ্যাত্ম-বিজ্ঞান, অথবা প্রাকৃতিক নিয়ম-কানুন ও ঐশী-বাণী। শেষোক্ত দুইটি ভাবধারাকে ভুলবশতঃ পরস্পর বিপরীত মুখী মনে করা হয়, যদিও আসলে এই দুইটি পরস্পরের সহায়ক ও সম্পূরক। প্রাকৃতিক নিয়ম হইল আল্লাহ্‌র কাজ এবং ঐশী-বাণী (ওহী-ইলহাম) হইল আল্লাহ্‌র কথা। তাঁহার কথা ও কাজে কোনরূপ গরমিল থাকতে পারে না।