৫৪

القمر

সূরা আল্ কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৬ আয়াত এবং ৩ রুকু আছে।

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿٪۴۱﴾

৪১
এবং নিশ্চয় আমরা কুরআনকে স্মরণ রাখার জন্য সহজ করিয়া দিয়াছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
সূরা আল্ কামার - রুকু ২

وَلَقَدۡ جَآءَ اٰلَ فِرۡعَوۡنَ النُّذُرُ ﴿ۚ۴۲﴾

৪২
এবং ফেরাউনের জাতির নিকটও সতর্ককারীগণ আসিয়াছিল।

کَذَّبُوۡا بِاٰیٰتِنَا کُلِّہَا فَاَخَذۡنٰہُمۡ اَخۡذَ عَزِیۡزٍ مُّقۡتَدِرٍ ﴿۴۳﴾

৪৩
তাহারা আমাদের সকল নিদর্শনকে মিথ্যা বলিয়া অস্বীকার করিয়াছিল। ফলে আমরা তাহাদিগকে এক মহা পরাক্রমশালী শক্তিধরের ধৃতকরণের ন্যায় ধৃত করিয়াছিলাম।২৯১০
২৯১০। ফেরাউন অতি প্রতাপান্বিত বাদশাহ ছিল। সে নিজেকে “বনী ইসরাঈলীদের অবিসম্বাদিত প্রভু” বলিয়া মনে করিত (৭৯ঃ২৫)। অতএব, মূসা ও হারূনের প্রভু, যিনি সত্যিকার সর্বশক্তিমান, তিনি সেই ‘স্ব-ঘোষিত প্রভু’ ফেরাউনের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করিলেন যাহার ফলে সে একেবারে নিশ্চিহ্ন হইয়া গেল।

اَکُفَّارُکُمۡ خَیۡرٌ مِّنۡ اُولٰٓئِکُمۡ اَمۡ لَکُمۡ بَرَآءَۃٌ فِی الزُّبُرِ ﴿ۚ۴۴﴾

৪৪
(হে মক্কাবাসীগণ!) তোমাদের কাফেরগণ কি উহাদের অপেক্ষা অধিকতর উত্তম? অথবা পূর্ববর্তী কিতাবসমূহে তোমাদের জন্য (আযাব হইতে) নিষ্কৃতি লিপিবদ্ধ আছে?২৯১১
২৯১১। অবিশ্বাসী পৌত্তলিক কুরায়শগণকে অত্র আয়াতে নূতন ধরণের সাবধান-বাণী শোনান হইতেছে। তাহা এই যে, তোমরা ঐ সকল জাতি হইতে কোন অংশে উত্তম, যাহারা নূহ, হূদ, লূত, সালেহ্ বা মূসা (আলাইহিমুস সালাম)-কে প্রত্যাখ্যান করিয়াছিল? তোমরা কি ঐশী গ্রন্থাবলীতে নিজেদের সম্বন্ধে এমন কোন প্রতিশ্রুতি পাইয়াছ যে, মহানবী (সাঃ)-কে প্রত্যাখ্যান করিলেও তোমরা শাস্তি পাইবে না?

اَمۡ یَقُوۡلُوۡنَ نَحۡنُ جَمِیۡعٌ مُّنۡتَصِرٌ ﴿۴۵﴾

৪৫
তাহারা কি বলে, ‘আমরা এক অপরাজেয় দল?’

سَیُہۡزَمُ الۡجَمۡعُ وَیُوَلُّوۡنَ الدُّبُرَ ﴿۴۶﴾

৪৬
অচিরেই সেই দলকে পরাভূত করা হইবে২৯১২ এবং তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে।
২৯১২। মক্কার সেনাবাহিনী যে অতি শীঘ্রই মুসলমানদের হাতে চরম পরাজয় বরণ করিবে, উহার সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন ভবিষ্যদ্বাণী এই আয়াতে রহিয়াছে এবং অল্প কয়েক বৎসরের মধ্যেই ‘বদরের যুদ্ধে’ এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতাও জগদ্বাসী দেখিতে পাইয়াছে। এই অসম যুদ্ধে, মুসলমানের অবস্থা সর্বতোভাবে এতই প্রতিকূল ছিল যে, তাহা বর্ণনা করা কঠিন। যখন যুদ্ধ আরম্ভ হইল, তখন মহানবী (সাঃ) তাঁহার প্রার্থনা-তাবুতে গিয়া, বিনীত-বিগলিত, হৃদয়-নিংড়ানো, মর্মস্পর্শী কণ্ঠে আল্লাহ্‌র কাছে চিরস্বরণীয় ভাষায় দোয়া করিলেন, ‘হে আমার প্রভু! আমি তোমার কাছে সকাতর প্রার্থনা জানাই, তুমি তোমার চুক্তি ও প্রতিশ্রুতি পালন কর। যদি এই ক্ষুদ্র মুসলিম দলটি ধ্বংস হইয়া যায়, তাহা হইলে তোমার উপাসনা আর কখনও পৃথিবীতে পুনঃ প্রতিষ্ঠিত হইবে না (বুখারী)। প্রার্থনা সমাপন করিয়া হুযুর (সাঃ) তাঁবু হইতে বাহির হইয়া আসিলেন এবং যুদ্ধ-ময়দানের দিকে মুখ করিয়া এই আয়াতটি পাঠ করিলেন। যাহার অনুবাদ হইল— অচিরেই সেই দলকে পরাভূত করা হইবে এবং তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে।

بَلِ السَّاعَۃُ مَوۡعِدُہُمۡ وَالسَّاعَۃُ اَدۡہٰی وَاَمَرُّ ﴿۴۷﴾

৪৭
বরং (তাহাদের ধ্বংসের) সেই মুহূর্ত তাহাদের সঙ্গে কৃত প্রতিশ্রুত মুহূর্ত; বস্তুতঃ সেই মুহূর্ত অত্যন্ত ধ্বংসকারী এবং তিক্ত।

اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ ضَلٰلٍ وَّسُعُرٍ ﴿ۘ۴۸﴾

৪৮
নিশ্চয় অপরাধীরা পথ-ভ্রষ্টতা এবং উন্মাদনায় আক্রান্ত।

یَوۡمَ یُسۡحَبُوۡنَ فِی النَّارِ عَلٰی وُجُوۡہِہِمۡ ؕ ذُوۡقُوۡا مَسَّ سَقَرَ ﴿۴۹﴾

৪৯
যেদিন তাহাদিগকে অধোমুখী করিয়া আগুনের মধ্যে হেঁচড়াইয়া লইয়া যাওয়া হইবে,২৯১৩ (এবং বলা হইবে), ‘তোমরা জাহান্নামের স্পর্শ-স্বাদ আস্বাদন কর।’
২৯১৩। বদরের পরাজয় কুরায়শদের জন্য সত্য সত্যই একটি ধ্বংসাত্মক মহা বিপর্যয় ছিল। তাহাদের প্রতাপ ও মর্যাদা চূর্ণ-বিচূর্ণ হইয়া গেল। তাহাদের নেতৃবৃন্দের অধিকাংশই নিহত হইল এবং তাহাদের মৃতদেহগুলি টানিয়া-হ্যাঁচড়াইয়া গর্তে নিক্ষেপ করা হইল৷ মহানবী (সাঃ) ঐ গর্তের কিনারায় গেলেন এবং মৃত দেহগুলির প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, “তোমরা কি তোমাদের প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হইতে দেখিয়াছ? আমি তো আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হইতে স্বচক্ষে দেখিলাম”। (বুখারী, কিতাবুল মাগাজী)। এইভাবেই, এই সুস্পষ্ট ভবিষ্যদ্বাণীটি শান-শওকতের সহিত পূর্ণ হইয়াছিল।

اِنَّا کُلَّ شَیۡءٍ خَلَقۡنٰہُ بِقَدَرٍ ﴿۵۰﴾

৫০
নিশ্চয় আমরা প্রত্যেক বস্তুকে পরিমাণ অনুযায়ী সৃষ্টি করিয়াছি।২৯১৪
২৯১৪। প্রত্যেকটি বস্তুর জন্য একটি নির্দিষ্ট পরিমাপ আছে, নির্দ্ধারিত সময় ও নির্দ্ধারিত স্থান আছে।