৫২

الطور

সূরা আত্ তুর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫০ আয়াত এবং ২ রুকু আছে।

مُتَّکِئِیۡنَ عَلٰی سُرُرٍ مَّصۡفُوۡفَۃٍ ۚ وَزَوَّجۡنٰہُمۡ بِحُوۡرٍ عِیۡنٍ ﴿۲۱﴾

২১
(সেইদিন) তাহারা সারি সারি সুসজ্জিত পালঙ্কের উপর হেলান দিয়া উপবিষ্ট থাকিবে। এবং আমরা তাহাদিগকে পরমাসুন্দরী আয়তলোচনা রমনীগণ জোড়ারূপে দান করিব।২৮৫১
২৮৫১। ‘যাওয়াজা শাইয়ান বিশাইয়িন’ অর্থ, সে একটি বস্তুর সহিত ঐ বস্তুটিরই জোড় তৈরী করিল, সে ইহাকে ইহারই সদৃশ বস্তুর সহিত একত্রিত করিল বা মিলাইল। ‘হুর’ শব্দটি, ‘আহ্ওয়ার’ (পুঃ) ও ‘হাওরা’ (স্ত্রী) উভয় শব্দেরই বহুবচন এবং এই শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে বুঝায় যাহার চক্ষুদ্বয়ের শ্বেতাংশ অত্যুজ্জ্বল সাদা ও কৃষ্ণাংশ অত্যুজ্জ্বল কালো এবং তৎসহ সারাটা শরীরও অত্যন্ত উজ্জল, সুন্দর অঙ্গ সৌষ্ঠবে পরিপূর্ণ। ‘আহ্ওয়ার’ শব্দের দ্বারা, পরিষ্কার, তীক্ষ্ণ, পবিত্র, দীপ্ত-বুদ্ধিও বুঝাইয়া থাকে। ‘ঈন’ শব্দটি ‘আইয়ান’ ও ‘আইনা’ শব্দদ্বয়েরই বহুবচন, এই শব্দদ্বয় যথাক্রমে সুন্দর, বড় বড়, কৃষ্ণ-চক্ষু বিশিষ্ট পুরুষ বা স্ত্রীলোককে বুঝায়। অবশ্য ‘আইনা’ শব্দের দ্বারা একটি উত্তম সৌকর্যমণ্ডিত বাক্য বা শব্দকেও বুঝাইয়া থাকে (লেইন, মুফরাদাত এবং তাজ)। অতএব ‘হুর’ ও ‘ঈন’ শব্দদ্বয় মিলিয়া, দেহ ও মনের তথা ব্যক্তির ও চরিত্রের সৌন্দর্য ও পবিত্রতা প্রকাশ করে। পরকালের জীবন ইহকালের জীবনেরই প্রতিফলন, প্রতিকৃতি ও প্রকাশ্য ছবি। পরজগতের পুরস্কার ও শাস্তি ইহজগতের কৃত-কর্মের প্রতিচ্ছবি ও মূর্ত-রূপায়ণ বিশেষ। বেহেশ্‌ত ও দোযখ কোন বস্তু-জগত নহে, তবে ইহা অবশ্যই সত্য যে, ইহা দৃশ্যমান ও ভোগযোগ্য হইবে। ইহাকে কেহ বস্তু-জগৎ বলিলেও বলিতে পারে, তবে আসলে তাহা ইহজগতের আধ্যাত্মিক অবস্থান ও কর্মকাণ্ডের দ্বারা রচিত ভুবন ব্যতীত অন্য কিছু নহে। ইহজগতের প্রতি ঐকান্তিক প্রেমাকষর্ণে মগ্ন থাকিয়া যাহারা দেহত্যাগ করে, তাহারা পরকালে নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ দেখিতে পাইবে। ইহকালের অদম্য ভোগ-বিলাস ও লোভাতুর হা-হুতাশ পরকালে জ্বলন্ত অগ্নিশিখার রূপ পরিগ্রহ করিবে। তেমনি, সৃষ্টিকর্তা প্রভুর প্রতি প্রেম-প্রীতি ও ভক্তি-ভালবাসা পরকালে তৃপ্তিদায়ক উৎকৃষ্টতম শরবৎ রূপে প্রেমিকের কাছে উপস্থিত করা হইবে.....ইত্যাদি। এইরূপভাবে বেহেশত, উদ্যান,স্রোতস্বিনী, ঝর্ণা, দুগ্ধ, মধু, পাখীর মাংস, সরাব, ফল-ফলাদি, সিংহাসন, সুজন-সার্থী ও অন্যান্য উপভোগ্য সামগ্রী থাকিবে—ঐগুলি এই জগতের বস্তু হইবে না, বরং এই জগতের জীবনের আধ্যাত্মিক বিষয়াবলীও কর্মফলের দ্বারা রূপায়িত বস্তু-নিচয় হইবে। ‘যাওয়াজনা’, ‘হুর’ এবং ‘ঈন্’ এই শব্দত্রয়ের ব্যাখ্যা উপরে যথাস্থানে দেওয়া হইয়াছে। তাহাতে দেখা যায় যে, আল্লাহ্‌তা’লার ধার্মিক বান্দাগণকে বেহেশ্‌তে উজ্জ্বল ও আধ্যাত্মিক জ্যোতির্ময় সৌন্দর্যে মণ্ডিত মুখমণ্ডলাধিকারী সঙ্গী-সাথীদের সাথে বাস করিতে দেওয়া হইবে, অথবা সুন্দরী, কুমারী নারীগণকে তাহাদের পবিত্র সাথী করা হইবে, অর্থাৎ তাহাদের আপন স্ত্রী করা হইবে। পরকালের জীবন সম্বন্ধে সঠিক ধারণা করিতে হইলে এবং মৃত্যুর পরবর্তী জীবনের পুরস্কার ও শাস্তির তাৎপর্য বুঝিতে হইলে, এই কথাটি ভালভাবে মনে রাখিতে হইবে যে, পরজীবন ইহজীবনেরই ধারাবাহিক অবস্থা মাত্র। মানুষের আত্মা যখনই এই মাটির দেহ ত্যাগ করে, তখনই ঐ আত্মাকে একটা নূতন দেহ পরাইয়া দেওয়া হয়। কেননা, দেহ ব্যতীত আত্মা উন্নতি করিতে পারে না, আশীর্বাদও উপভোগ করিতে পারে না। শাস্তিও ভোগ করিতে পারে না। নূতন দেহটি অবশ্যই সেইরূপ সূক্ষ্ম অনুভূতি-সম্পন্ন হইবে ইহকালে আত্মা যতটুকু সূক্ষ্মানুভূতি সম্পন্ন ছিল। যেহেতু এই নূতন দেহটি, আমাদের ইহকালীন দেহ হইতে ভিন্নতর হইবে এবং যাহার প্রকৃতি ইহলোকে উপলব্ধিযোগ্য নহে, তেমনি পরকালের শাস্তি ও পুরস্কারসমূহের প্রকৃতি ও গুণাগুণ ইহকালে থাকা অবস্থায় অবোধগম্যই থাকিবে। এই জন্যই কুরআনে বলা হইয়াছে, ‘বস্তুতঃ কেহই জানে না যে, তাহাদের জন্য তাহাদের কৃত-কর্মের প্রতিদান স্বরূপ কি কি নয়নতৃপ্তিকর বস্তু গোপন করিয়া রাখা হইয়াছে’ (৩২ঃ১৮)। মহানবী (সাঃ) বলিয়াছেন, ‘বেহেশ্‌তের আশীর্বাদ ও নেয়ামতসমূহ, না কোন চক্ষু দেখিয়াছে, না কোন কর্ণ শুনিয়াছে, না কোন মন উপলব্ধি করিয়াছে’ (বুখারী)। কুরআনে বেহেশতের একটি ছোট বর্ণনা হইল, ‘বেহেশতে পাপ থাকিবে না, বৃথা বাক্যালাপ পর্যন্ত থাকিবে না’ (৫৬ঃ২৬-২৭)। ইহা দ্বারাই ধার্মিকের জন্য প্রতিশ্রুত স্বর্গরাজ্যের একটি উজ্জ্বল চিত্র স্পষ্টভাবে ফুটিয়া উঠে। এই প্রসঙ্গে ২৩২৬ টীকাও দেখুন।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡہُمۡ ذُرِّیَّتُہُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَمَاۤ اَلَتۡنٰہُمۡ مِّنۡ عَمَلِہِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَہِیۡنٌ ﴿۲۲﴾

২২
এবং যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের সন্তান-সন্ততি ঈমানের ক্ষেত্রে তাহাদিগকে অনুসরণ করিয়াছে - আমরা তাহাদের সন্তান-সন্ততিকেও তাহাদের সহিত মিলিত করিব।২৮৫২ এবং তাহাদের কৃত-কর্ম হইতে আমরা কিছু মাত্রও কম করিব না। প্রত্যেক ব্যক্তি উহার জন্য দায়ী২৮৫৩ হইবে যাহা সে অর্জন করিয়াছে।
২৮৫২। পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছে যে, ধর্মপরায়ণ পুণ্যাত্মাগণকে, তাহাদের পুণ্যবতী পবিত্র স্ত্রীদের সাথে বেহেশ্‌তে রাখা হইবে। এই আয়াতে বলা হইয়াছে যে, তাহাদের সন্তানাদিগকেও তাহাদের সাথে একত্রিত করা হইবে, যাহাতে তাহাদের আনন্দ পূর্ণ হয়।
২৮৫৩। একজন পূণ্যাত্মার সাথে সম্পর্ক থাকাটাই (বেহেশ্‌তে যাওয়ার জন্য) যথেষ্ট নয়; কেননা ঈমান ও ‘আমলের ক্ষেত্রে তাহাদের অনুসরণ শর্ত করা হইয়াছে। কোন ব্যক্তি নিজ ঈমান ও আমল অনুযায়ী বেহেশ্‌তে নিম্ন শ্রেণী পাওয়ার মত হইলে কেবল সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন শ্রেণীতে অবস্থানকারী পিতা-মাতার সম্মানার্থে তাহাকে উন্নতি দান পূর্বক তাহাদের সহিত মিলানো হইবে।

وَاَمۡدَدۡنٰہُمۡ بِفَاکِہَۃٍ وَّلَحۡمٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ﴿۲۳﴾

২৩
এবং আমরা তাহাদিগকে নানাবিধ ফল ও মাংস প্রদান করিব যাহা তাহারা কামনা করিবে।

یَتَنَازَعُوۡنَ فِیۡہَا کَاۡسًا لَّا لَغۡوٌ فِیۡہَا وَلَا تَاۡثِیۡمٌ ﴿۲۴﴾

২৪
তাহারা তথায় একে অপরের সঙ্গে পান-পাত্র আদান প্রদান করিবে২৮৫৪ (ফলে) উহাতে (পানকারীর জন্য) বৃথা কথা বলারও কিছু থাকিবে না এবং পাপকর্ম করারও কিছু থাকিবে না।
২৮৫৪। ‘তানাজাউল কা’সা,’ মানে তাহারা একে-অপরের কাছে হইতে বাটি গ্রহণ করিল (আকরাব)।

وَیَطُوۡفُ عَلَیۡہِمۡ غِلۡمَانٌ لَّہُمۡ کَاَنَّہُمۡ لُؤۡلُؤٌ مَّکۡنُوۡنٌ ﴿۲۵﴾

২৫
এবং তাহাদের কিশোরগণ২৮৫৫ তাহাদের চতুষ্পার্শ্বে পরিক্রমণ করিবে, তাহারা সুরক্ষিত মুক্তার ন্যায় পরিদৃষ্ট হইবে।
২৮৫৫। ‘গোলাম’ (যুবক) শব্দের বহুবচন ‘গিলমান’ (যুবকগণ)। গোলাম অর্থ যুবক, চাকর, পুত্র ইত্যাদি (লেইন)। কুরআনেও ‘গোলাম’ শব্দটি ‘ওয়ালাদ’ (পুত্র) অর্থে ব্যবহাত হইয়াছে (৩ঃ৪১, ১৫ঃ৫৪, ১৯ঃ৮; ৩৭ঃ১০২; ৫১;২৯)। কুরআনের অন্যত্র (৭৬ঃ২০) ‘গিলমান’ শব্দের পরিবর্তে ভিল্‌দান (পুত্রগণ) শব্দটি ব্যবহৃত হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় যে, বেহেশ্‌তে যে সব যুবক পুণ্যাত্মাগণের খেদমতে নিয়োজিত হইবে তাহারা ঐ পুণ্যাত্মাগণেরই পুত্র। এই আয়াত দ্বারা আরেকটি অর্থও প্রকাশ পায়। আল্লাহ্‌তা’লা মুসলমানদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলেন যে অদূর ভবিষ্যতে তাহাদের হাতে অপরিমেয় ধন ও শক্তি আসিবে এবং অগণিত দাস তাহাদের খেদমতের জন্য তাহারা লাভ করিবে। এই আয়াত সেই প্রতিশ্রুতির প্রতিও আরোপিত হইতে পারে।

وَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۲۶﴾

২৬
এবং তাহারা প্রশ্ন করিতে করিতে পরস্পর মুখামুখি হইবে।

قَالُوۡۤا اِنَّا کُنَّا قَبۡلُ فِیۡۤ اَہۡلِنَا مُشۡفِقِیۡنَ ﴿۲۷﴾

২৭
তাহারা বলিবে, ‘ইতিপূর্বে নিশ্চয় আমরা আমাদের স্বজনদের মধ্যে (আল্লাহ্‌র ফয়সালা সম্বন্ধে) ভীত ছিলাম,২৮৫৬
২৮৫৬। মূল পাঠস্থলে যে অনুবাদ দেওয়া হইয়াছে, তাহা ছাড়াও অন্য একটি অর্থ এই হইতে পারে। তাহা এই—“চতুর্দিকে শত্রু-পরিবেষ্টিত থাকাবস্থায়, তাহাদের শক্তি-মত্তা ও ভীতি-প্রদর্শন আমাদিগকে সময়ে সময়ে ভীত ও সন্ত্রস্ত করিত বটে। কিন্তু এখন আমরা পূর্ণ নিরাপত্তা ও শান্তি উপভোগ করিতেছি।”

فَمَنَّ اللّٰہُ عَلَیۡنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوۡمِ ﴿۲۸﴾

২৮
কিন্তু আল্লাহ্‌ আমাদের উপর অনুগ্রহ করিয়াছেন এবং তিনি আমাদিগকে উষ্ণ বায়ুর আযাব হইতে রক্ষা করিয়াছেন;

اِنَّا کُنَّا مِنۡ قَبۡلُ نَدۡعُوۡہُ ؕ اِنَّہٗ ہُوَ الۡبَرُّ الرَّحِیۡمُ ﴿٪۲۹﴾

২৯
নিশ্চয় আমরা ইতিপূর্বে তাঁহাকে ডাকিয়া আসিতেছিলাম, নিশ্চয় তিনি পরম কল্যাণকারী, পরম দয়াময়।’
সূরা আত্ তুর - রুকু ১

فَذَکِّرۡ فَمَاۤ اَنۡتَ بِنِعۡمَتِ رَبِّکَ بِکَاہِنٍ وَّلَا مَجۡنُوۡنٍ ﴿ؕ۳۰﴾

৩০
অতএব তুমি উপদেশ দিতে থাক, কারণ তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে গণকও নহ এবং উন্মাদও নহ।