৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ۬ؕ اُحِلَّتۡ لَکُمۡ بَہِیۡمَۃُ الۡاَنۡعَامِ اِلَّا مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ غَیۡرَ مُحِلِّی الصَّیۡدِ وَاَنۡتُمۡ حُرُمٌ ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ مَا یُرِیۡدُ ﴿۲﴾

২
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ যাহারা কর, তোমাদের জন্য গবাদি চতুষ্পদ জন্তু,৭১৬ কেবল ঐ সকল জন্তু ব্যতিরেকে যাহাদের বিবরণ তোমাদের নিকট আবৃত্তি করিয়া শুনানো হইতেছে,৭১৭ হালাল করা হইল, কিন্তু এই শর্তে যে, ইহরাম বাঁধা অবস্থায় তোমরা শিকারকে হালাল করিতে পারিবে না, নিশ্চয় আল্লাহ্ হুকুম করেন যাহা তিনি চাহেন।
৭১৬। ‘বাহীমাতুল আন’আম’ অর্থ ‘গবাদি চতুষ্পদ জন্তু’ এই বাক্যটি দ্বারা সকল চতুষ্পদ জন্তু বুঝায় না, কেননা ‘চতুষ্পদ জন্তু’, ‘গবাদি পশু’ শব্দ হইতে অনেক বেশী বিস্তৃত। ইহার সঠিক অর্থ গবাদি শ্রেণীর বা তদনুরূপ চতুষ্পদ প্রাণী। এই শব্দযুগল গঠনের দ্বারা বুঝানো হইয়াছে যে, যেখানে সকল রকমের চতুষ্পদ প্রাণী খাদ্যোপযোগী (হালাল) নয়, সেখানে গবাদি শ্রেণীর বা তদুনুরূপ তৃণভোজী রোমন্থনকারী চতুষ্পদ প্রাণী সবই সাধারণভাবে খাদ্যোপযোগী (হালাল)। অতএব, এই প্রকাশ-ভঙ্গী দ্বারা, গৃহপালিত গবাদি চতুষ্পদ জন্তু ছাড়াও, তদনুরূপ বন্য চতুষ্পদ জন্তু যেমন-ছাগল, গরু, মহিষ হরিণ ইত্যাদিও হালাল ঘোষণা করা হইল৷
৭১৭। ‘ঐ সকল জন্তু ব্যতিরেকে যাহাদের বিবরণ তোমাদের নিকট আবৃত্তি.......’-এই বাক্যাংশটি ঐসব জন্তুকে বুঝাইয়াছে যাহার নাম পরবর্তী আয়াতে ঘোষণা করা হইয়াছে। ‘মৃত-জীব এবং রক্ত এবং শূকরের মাংস’ এই কথাগুলি, উপরোক্ত (প্রথমোক্ত) বাক্যাংশের আওতাভুক্ত নহে, কেননা ‘শূকর’ গবাদি পশুর অন্তর্ভুক্ত নহে। প্রথমোক্ত বাক্যাংশটিতে যে ব্যতিক্রমের কথা বলা হইয়াছে, তাহা গবাদি পশু-সংক্রান্ত এবং গবাদিতেই সীমাবদ্ধ, সকল জন্তুর উপর পরিব্যাপ্ত নহে। এই টীকার দ্বিতীয় উদ্ধৃতিটি পূর্বেই কুরআনের ২ঃ১৭৪ আয়াতে নাযেল হইয়াছিল।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحِلُّوۡا شَعَآئِرَ اللّٰہِ وَلَا الشَّہۡرَ الۡحَرَامَ وَلَا الۡہَدۡیَ وَلَا الۡقَلَآئِدَ وَلَاۤ آٰمِّیۡنَ الۡبَیۡتَ الۡحَرَامَ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنۡ رَّبِّہِمۡ وَرِضۡوَانًا ؕ وَاِذَا حَلَلۡتُمۡ فَاصۡطَادُوۡا ؕ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ اَنۡ صَدُّوۡکُمۡ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اَنۡ تَعۡتَدُوۡا ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۳﴾

৩
হে যাহারা ঈমান আনিয়াছ! আল্লাহ্‌র নির্দিষ্ট চিহ্নগুলির৭১৮ অবমাননা করিও না, পবিত্র মাসেরও৭১৯ না, কুরবানীর জন্তুগুলিরও না, এবং ঐ জন্তুগুলিরও না যেগুলির গলায় (কুরবানীর চিহ্নস্বরূপ) মালা৭২০ পরানো হয়, বায়তুল হারামের পথে অভিযাত্রীগণেরও না যাহারা নিজেদের প্রভুর ফযল ও তাঁহার সন্তুষ্টির অনুসন্ধানে ব্যাপৃত থাকে। যখন তোমরা ইহরাম খুলিয়া ফেল তখন তোমরা শিকার করিতে পার;৭২০-ক এবং কোন জাতির এইরূপ শত্রুতা যে, তাহারা তোমাদিগকে মসজিদে-হারাম হইতে প্রতিরোধ করিয়াছে তোমাদিগকে যেন সীমালংঘন করিতে প্ররোচিত না করে। এবং তোমরা পূণ্যকাজে এবং তাক্‌ওয়ার কাজে পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘনে৭২০-খ পরস্পর সহযোগিতা করিও না। আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, নিশ্চয় আল্লাহ্ শাস্তি প্রদানে কঠোর।
৭১৮। “আল্লাহ্‌র নিদর্শন” বলিতে, যে কোনও ধরণের বস্তু যাহা আল্লাহকে জানিতে ,বুঝিতে, চিনিতে ও হৃদয়ঙ্গম করিতে সাহায্য করে, তাহাকেই বুঝায় (২ঃ১৫৯)।
৭১৯। পবিত্র মাসকে অপবিত্র না করার তাৎপর্য ঐ মাসের পবিত্র কর্তব্যগুলির প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা এবং অবহেলা ও অবজ্ঞা ন করা। ঐ মাসের নিয়ম-আচার যথাযথ পালন করা।
৭২০। ‘হাদইয়া ও কালায়েদ’ উভয় শব্দই ঐ সকল পশুকে বুঝায় যেগুলি হজ্জের উপলক্ষ্যে মক্কায় কুরবানীর উদ্দেশ্যে আনা হয়। ‘কালায়েদ’ বিশেষভাবে ঐ কুরবানীর পশুকে বলা হয় যে গুলির গলায় মালা থাকে (মুহীত) এবং অন্যান্য পশু, যেগুলি কুরবানীর জন্য মক্কায় আনা হয়, সেগুলিকে সাধারণভাবে ‘হাদ্‌ইয়া’ বলা হয়।
৭২০-ক। হজ্জপালনকারী ব্যক্তি, হজ্জব্রত সম্পূর্ণ করার পর, যখন হজ্জের (এহরামের) কাপড়দি বদলাইয়া পবিত্র হজ্জ এলাকা হইতে বাহির হইয়া আসেন, তখন তিনি শিকার করিতে যাইতে পারেন।
৭২০-খ। ব্যক্তিগত, জাতিগত ও আন্তর্জাতিক আচরণের কী সুন্দর, কী মহান নীতি ! আহা, যদি এই নীতি মানব-জীবনে বাস্তবায়িত হইত, তাহা হইলে, ঘৃণা, হিংসা, শত্রুতা শূন্যে মিলাইয়া যাইত।

حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَالۡمُنۡخَنِقَۃُ وَالۡمَوۡقُوۡذَۃُ وَالۡمُتَرَدِّیَۃُ وَالنَّطِیۡحَۃُ وَمَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَرَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴﴾

৪
তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জীব, এবং রক্ত এবং শুকরের মাংস এবং উহা, যাহার উপর আল্লাহ্‌র নাম ব্যতিরেকে অপরের নাম উচ্চারণ করা হয়, এবং শ্বাসরোধ করিয়া নিহত জীব, এবং প্রহারে নিহত জীব এবং উচ্চ স্থান হইতে নিপতনে মৃত-জীব, এবং শৃঙ্গাঘাতে মৃতজীব, এবং ঐ জন্তু যাহাকে হিংস্র পশু খাইয়াছে, কেবল উহা ছাড়া যাহাকে তোমরা (মরার আগে) যবাহ করিয়া লইয়াছ, এবং যে জীবকে কোন দেব-দেবীর স্থানে বলি দেওয়া হয় এবং ইহা (নিষিদ্ধ) যে, তোমরা ভাগ্য নির্দেশক তীর সমূহের দ্বারা ভাগ্য নির্ণয় কর। এই সব তোমাদের নাফরমানীর ও পাপকার্যের অন্তর্গত। যাহারা অস্বীকার করিয়াছে তাহারা আজ তোমাদের ধর্ম সম্বন্ধে নিরাশ হইয়াছে। সুতরাং তাহাদিগকে ভয় করিও না, বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপুর্ন করিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে (অনুগ্রহকে) সম্পূর্ণ৭২১ করিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন রূপে মনোনীত করিলাম। কিন্তু কেহ যদি ক্ষুধার তাড়নায় বাধ্য হয়, স্বেচ্ছায় পাপের দিকে না ঝুঁকে, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৭২১। ইকমাল’ ও ‘ইৎমাম’ শব্দটি ক্রিয়া-বিশেষ্য, প্রথমটি গুণের দিক হইতে পূর্ণতা প্রকাশ করে এবং দ্বিতীয়টি সংখ্যার দিক হইতে পূর্ণতা প্রকাশ করে। প্রথম শব্দটি দ্বারা বুঝানো হইয়াছে যে, ধর্মীয় নীতিমালা ও আইন-কানুন যাহা মানুষের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় তাহা পরিপূর্ণভাবে কুরআনে বিরত করা হইয়াছে।দ্বিতীয় শব্দটি দ্বারা বুঝানো হইয়াছে যে, মানুষের উন্নতির জন্য যাহা যাহা প্রয়োজন তাহার কিছুই বাদ দেওয়া হয় নাই। প্রথমটি দ্বারা মানুষের দৈহিক ও বাহ্যিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে বুঝাইয়াছে, দ্বিতীয় শব্দটি মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে বুঝাইয়াছে। আল্লাহ্‌র ধর্ম ও তাঁহার অনুগ্রহরাজির পূর্ণতা দান করার কথাগুলি, খাদ্য-সম্বন্ধীয় আইন-কানুন বর্ণনা করার পরে পরেই বিবৃত হইয়াছে। ইহা এই জন্য করা হইয়াছে যাহাতে মানুষ বুঝিতে পারে যে, হালাল, ভাল ও পরিমিত খাদ্য মানুষের নৈতিক ভিত্তির প্রথম ধাপ, যাহার উপর নির্ভর করিয়া আধ্যাত্মিক সোপানগুলি উঠিয়াছে। এখানে প্রসঙ্গক্রমে বলা যাইতেছে যে, এই আয়াতটিই আল্ কুরআনে অবতীর্ণ সর্বশেষ আয়াত। ইহা নাযেল হওয়ার ৮২ দিন পরেই হযরত নবী করীম (সাঃ) ওফাৎ প্রাপ্ত হন।

یَسۡـَٔلُوۡنَکَ مَاذَاۤ اُحِلَّ لَہُمۡ ؕ قُلۡ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمۡتُمۡ مِّنَ الۡجَوَارِحِ مُکَلِّبِیۡنَ تُعَلِّمُوۡنَہُنَّ مِمَّا عَلَّمَکُمُ اللّٰہُ ۫ فَکُلُوۡا مِمَّاۤ اَمۡسَکۡنَ عَلَیۡکُمۡ وَاذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلَیۡہِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۵﴾

৫
তাহারা তোমাকে প্রশ্ন করে যে, তাহাদের জন্য কি কি হালাল করা জন্য হইয়াছে৭২২। তুমি বল, ‘সকল পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হইয়াছে, এবং শিকারী পশু-পাখী হইতে যাহাদিগকে তোমরা শিকারের শিক্ষা দিয়া বশ কর,৭২২-ক যেহেতু তোমরা তাহাদিগকে উহাই শিক্ষা দাও যাহা আল্লাহ্‌ তোমাদিগকে শিক্ষা দিয়াছেন। অতএব, উহারা তোমাদের জন্য যাহা ধরে উহা হইতে খাও এবং উহার উপর আল্লাহ্‌র নাম লও। এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ হিসাব গ্রহণে তৎপর।’
৭২২। পূর্ববর্তী আয়াতে নিষিদ্ধ খাদ্যবস্তুগুলি সম্বন্ধে জ্ঞাত করার পর, এই আয়াতে ও পরবর্তী আয়াতে বলা হইয়াছে, ঐসব নিষিদ্ধ খাদ্যবস্তুগুলি ব্যতীত অন্য সব খাদ্য বস্তুই হালাল (বৈধ)-এই শর্তে যে, এই গুলি বৈধ, পবিত্র ও ভাল হইতে হইবে, সদুপায়ে উপার্জিত হইতে হইবে, স্বাস্থ্যের ও নৈতিকতার বিরোধী হইবে না। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য হিতকর ও স্বাস্থ্যপ্রদ, বৈধ ও রুচিকর খাদ্য গ্রহণ করিতে পারিবে। মহানবী (সাঃ) শিকারী ও মাংসাশী জন্তুর মাংস ও শিকারী-মাংসাশী পাখীর গোস্ত খাওয়া নিষিদ্ধ করিয়াছেন। এইগুলির মাংস ভক্ষণ সুনির্দিষ্টভাবে বৈধতার বাহিরে।
৭২২-ক। শিক্ষাপ্রাপ্ত জন্তু বা শিকারী পাখী দ্বারা ধৃত হালাল পশু পাখীও যবাহ্ - করা পশু-পাখীর মতই হালাল, যেহেতু মানুষের দ্বারা শিক্ষা-প্রাপ্ত পশু-পাখীর মাধ্যমে ঐ গুলিকে ধরা হইয়াছে। তবে ঐগুলিকে পূর্ণ বৈধতা দানের জন্য আল্লাহ্‌র নামে যবাহ্‌ করিতে হইবে। শিকারী পশু বা পাখীকে বিসমিল্লাহ্ বলিয়া ছাড়িয়া দিলে উহা কর্তৃক মৃত শিকার খাওয়াও হালাল।

اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ ۪ وَطَعَامُکُمۡ حِلٌّ لَّہُمۡ ۫ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَلَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِالۡاِیۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُہٗ ۫ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿٪۶﴾

৬
অদ্য তোমাদের জন্য সকল পবিত্র বস্তু হালাল করা হইল। এবং ঐ সকল লোকের খাদ্য-বস্তু৭২৩ যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল, তোমাদের জন্য হালাল। এবং তোমাদের খাদ্যবস্তু তাহাদের জন্য হালাল। এবং সতী-সাধ্বী মো’মেন নারী এবং তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব৭২৪ দেওয়া হইয়াছিল তাহাদের মধ্য হইতে সতী-সাধ্বী নারী (তোমাদের জন্য বৈধ করা হইল) যখন তোমরা তাহাদিগকে তাহাদের দেন-মহর দিয়া দাও বিবাহের উদ্দেশ্যে, অবৈধ কাম চরিতার্থে নহে, এবং গোপণ প্রণয়িনী গ্রহণকারীরূপেও নহে। এবং যে কেহ ঈমানকে অস্বীকার করে, তাহার কর্ম নিষ্ফল হয় এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে।
সূরা আল্‌ মায়েদা - রুকু ১
৭২৩। ইহার তাৎপর্য হইল, তওরাতের আইন মোতাবেক যবাহ্-করা পশু-পাখীর মাংস মুসলমানের জন্য খাওয়া বৈধ, এবং তওরাত কিতাবে যে সব খাদ্য বৈধ বলিয়া বর্ণিত হইয়াছে, ইসলাম সেগুলিকে বৈধ বলিয়া স্বীকৃতি দিয়াছে। তবে, ঐ খাদ্যগ্রহণের পূর্বে খাদ্যবস্তুর উপর আল্লাহ্‌র নাম পাঠ করিয়া নেওয়া উত্তম। ইবনে আব্বাসের মতে এখানে ‘খাদ্য’ শব্দটি ‘হালাল খাদ্য’ অর্থে ব্যবহৃত হইয়াছে, অর্থাৎ আহলে-কিতাবের দ্বারা নিয়মিতভাবে যবাহ্-করা পশুর মাংস খাওয়া হালাল বলা হইয়াছে (বুখারী, যাবীহা আহলিল কিতাব অধ্যায়)।
৭২৪। মুসলমান পুরুষের সহিত আহ়্লে-কিতাব (ইহুদী-খৃষ্টান) স্ত্রীলোকের বিবাহের অনুমতি দিলেও, ইসলাম ইহাই সত্যিকার ভাবে পসন্দ করে যে, মুসলমান পুরুষ মুসলমান নারীকেই বিবাহ করে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَاَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَاَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَاِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ مِّنۡہُ ؕ مَا یُرِیۡدُ اللّٰہُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّلٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَہِّرَکُمۡ وَلِیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷﴾

৭
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা নামাযের জন্য দণ্ডায়মান হও তখন তোমরা ধৌত কর তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হস্ত কনুই পর্যন্ত এবং তোমরা (সিক্ত হস্ত দ্বারা) তোমাদের মস্তক মুছিয়া ফেল এবং (ধৌত কর) তোমাদের পা গিরা পর্যন্ত৭২৫। এবং যদি তোমরা অপবিত্র হও তাহা হইলে (গোসল করিয়া) পূর্ণরূপে পবিত্র হও, এবং যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাক অথবা তোমাদের মধ্যে কেহ শৌচাগার হইতে আসে অথবা তোমরা স্ত্রী-স্পর্শ করিয়া থাক এবং তোমরা পানি না পাও, তাহা হইলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর, এই ভাবে যে, উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাত মুছিয়া ফেল।৭২৫-ক আল্লাহ্ তোমাদিগকে অসুবিধায় ফেলিতে চাহেন না বরং তিনি তোমাদিগকে পরিশুদ্ধ করিতে এবং তোমাদের উপর স্বীয় নেয়ামতকে পূর্ণ করিতে চাহেন যেন তোমরা কৃতজ্ঞ হও।
৭২৫। মাথা মাসাহ্ করার (মাথার উপর দিয়া ভিজা হস্তদ্বয় বুলাইয়া নেওয়ার ) কথা বলার অব্যবহিত পরেই আসিয়াছে পায়ের কথা। কিন্তু ইহার উদ্দেশ্য পা দুইটিও মাসাহ্ করা নহে। যেহেতু পা ধৌত করা ওযুর প্রক্রিয়াতে সর্বশেষ পদক্ষেপ,সেই হেতু মাথা মাসাহ্ করার পরে পায়ের কথা আসিয়াছে। এখানে ‘পাগুলিকে’ (আরজুলা) কর্মকারকে ব্যবহৃত হইয়াছে যাহা ফাগসিলু (ধৌত কর) ক্রিয়ার কর্মকারক। অর্থাৎ পাগুলিকে ধৌত কর। ‘আরজুলাকুম’ যদি ‘ওয়াম্সাহু’ ক্রিয়ার কর্ম হইত তাহা হইলে বেরুউসেকুমের সঙ্গে ব্যবহৃত ‘বা’ অব্যয়ের কারণে ইহা ‘আরজুলাকুম’ না হইয়া ‘আরজুলিকুম’ হইত।
৭২৫-ক। ৬১০-৬১২ টীকা দেখুন।

وَاذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمِیۡثَاقَہُ الَّذِیۡ وَاثَقَکُمۡ بِہٖۤ ۙ اِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَاَطَعۡنَا ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾

৮
এবং তোমরা তোমাদের উপর আল্লাহ্‌র নেয়ামতকে স্মরণ কর, এবং তাহার ঐ অঙ্গীকারকেও৭২৬ যাহা তিনি তোমাদের নিকট হইতে তখন লইয়াছিলেন যখন তোমরা বলিয়াছিলে যে ‘আমরা শ্রবণ করিলাম এবং আনুগত্য করিলাম।’ সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ্‌ বক্ষদেশে নিহিত সকল বিষয় সম্বন্ধে সবিশেষ অবহিত।
৭২৬। এই কথাগুলি আহলে-কিতাবদের উদ্দেশ্যে নয়, বরং মুসলমানদের উদ্দেশ্যে বলা হইয়াছে। মুসলমানের সহিত কোন বিশেষ চুক্তি আল্লাহ্‌তালার তরফ হইতে করা হইয়াছে বলিয়া জানা নাই। অতএব, ‘চুক্তি’ বলিতে ইসলামে দীক্ষা গ্রহণের সময় প্রত্যেক নব-মুসলমান যে শপথ-বাক্য পাঠ করেন, তাহা বুঝাইতে পারে। অথবা কুরআনের মাধ্যমে অবতীর্ণ ইসলামী শরীয়াতকে বুঝাইতে পারে যাহা প্রত্যেক মুসলমানই গ্রহণ করিয়াছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ لِلّٰہِ شُہَدَآءَ بِالۡقِسۡطِ ۫ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ عَلٰۤی اَلَّا تَعۡدِلُوۡا ؕ اِعۡدِلُوۡا ۟ ہُوَ اَقۡرَبُ لِلتَّقۡوٰی ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۹﴾

৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র উদ্দেশ্যে ন্যায়পরায়ণতার উপর সাক্ষী হিসাবে দৃঢ় প্রতিষ্ঠিত হও, এবং কোন জাতির শত্রুতা যেন তোমাদিগকে এই অপরাধ করিতে আদৌ প্ররোচিত না করে যে, তোমরা ন্যায়বিচার না কর। তোমরা সুবিচার কর, ইহা তাক্‌ওয়ার অধিকতর নিকটবর্তী। এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, নিশ্চয় তোমরা যে কার্জ-কর্ম করিতেছ উহার সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত।

وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۰﴾

১০
যাহারা ঈমান আনে এবং পুণ্যকর্ম করে আল্লাহ্ তাহাদিগকে প্রতিশ্রুতি দিয়াছেন যে, তাহাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রহিয়াছে।