৪০

المؤمن

সূরা আল্ মো’মেন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৬ আয়াত এবং ৯ রুকু আছে।

وَقَالَ الَّذِیۡۤ اٰمَنَ یٰقَوۡمِ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ مِّثۡلَ یَوۡمِ الۡاَحۡزَابِ ﴿ۙ۳۱﴾

৩১
এবং যে ব্যক্তি ঈমান আনিয়াছিল সে বলিল, ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের সম্বন্ধে (পূর্ববর্তী) বড় বড় সম্প্রদায়ের (ধ্বংসের) দিনের ন্যায় (তোমাদের ধ্বংসের) আশংকা করিতেছি—

مِثۡلَ دَاۡبِ قَوۡمِ نُوۡحٍ وَّعَادٍ وَّثَمُوۡدَ وَالَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِہِمۡ ؕ وَمَا اللّٰہُ یُرِیۡدُ ظُلۡمًا لِّلۡعِبَادِ ﴿۳۲﴾

৩২
নূহ, আদ ও সামূদের জাতির এবং তাহাদের পরবর্তীদের অবস্থার অনুরূপ। বস্তুতঃ আল্লাহ্ তাঁহার বান্দাদের উপর অবিচার করিতে চাহেন না;

وَیٰقَوۡمِ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ یَوۡمَ التَّنَادِ ﴿ۙ۳۳﴾

৩৩
এবং হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের সম্বন্ধে সেই দিনের ভয় করিতেছি যখন লোক একে অপরকে (সাহায্যার্থে) ডাকাডাকি করিবে,২৬০৪
২৬০৪। যেদিন মানুষ ভীত-বিহবল হইয়া দিক্‌ বিদিক ছুটাছুটি করিতে থাকিবে বা যেদিন তাহারা পরস্পরের বিরোধিতা ও ঘৃণা-বিদ্বেষবশতঃ পৃথক হইয়া যাইবে বা যেদিন তাহারা পরস্পর পরস্পরকে সাহায্যের জন্য আহ্বান জানাইবে। (আকরাব)

یَوۡمَ تُوَلُّوۡنَ مُدۡبِرِیۡنَ ۚ مَا لَکُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ عَاصِمٍ ۚ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿۳۴﴾

৩৪
সেদিন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে, এবং কেহই আল্লাহ্‌র মোকাবেলায় তোমাদের রক্ষাকারী হইবে না, এবং আল্লাহ্ যাহাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তাহার জন্য কেহই হেদায়াতদাতা হইতে পারে না।’

وَلَقَدۡ جَآءَکُمۡ یُوۡسُفُ مِنۡ قَبۡلُ بِالۡبَیِّنٰتِ فَمَا زِلۡتُمۡ فِیۡ شَکٍّ مِّمَّا جَآءَکُمۡ بِہٖ ؕ حَتّٰۤی اِذَا ہَلَکَ قُلۡتُمۡ لَنۡ یَّبۡعَثَ اللّٰہُ مِنۡۢ بَعۡدِہٖ رَسُوۡلًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ مَنۡ ہُوَ مُسۡرِفٌ مُّرۡتَابُ ﴿ۚۖ۳۵﴾

৩৫
এবং ইতিপূর্বে ইউসুফ স্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের নিকট আসিয়াছিল, কিন্তু যাহা কিছু লইয়া সে তোমাদের নিকট আসিয়াছিল তৎসম্বন্ধে তোমরা সন্দেহেই পড়িয়া রহিলে, এমন কি যখন তাহার মৃত্যু হইল, তখন তোমরা (নিরাশ হইয়া) বলিতে লাগিলে, ‘আল্লাহ্‌ তাহার পরে আর কোন রসূল আবির্ভূত করিবেন না;’২৬০৫ এইভাবেই আল্লাহ্‌ প্রত্যেক সীমালংঘনকারী এবং সন্দেহ পোষণকারীকে পথভ্রষ্ট হইতে দেন—
২৬০৫। স্মরণাতীত কাল হইতে নবীগণ আসিতেছেন। কিন্তু মানুষের চিন্তার বিকার এতই প্রবল যে, যখনই কোন নূতন নবীর আগমন হয়, তখনই মানুষ তাঁহাকে অগ্রাহ্য করতঃ তাঁহার বিরোধিতায় লাগিয়া যায়। আর যখন সেই নবী মৃত্যুবরণ করেন তখন তাঁহার অনুসারীরা বলিতে আরম্ভ করিয়া দেয় যে, অতঃপর আর কোন নবী আসিবেন না, ওহী বা ঐশী-বাণীর দুয়ার চিরতরে বন্ধ হইয়া গিয়াছে।

ۣالَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ بِغَیۡرِ سُلۡطٰنٍ اَتٰہُمۡ ؕ کَبُرَ مَقۡتًا عِنۡدَ اللّٰہِ وَعِنۡدَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی کُلِّ قَلۡبِ مُتَکَبِّرٍ جَبَّارٍ ﴿۳۶﴾

৩৬
যাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলী সম্বন্ধে (তাঁহার তরফ হইতে) তাহাদের নিকট সমাগত কোন প্রমাণ ছাড়া বিতর্ক করে। ইহা আল্লাহ্‌র দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত বিষয় এবং তাহাদের দৃষ্টিতেও যাহারা ঈমান আনিয়াছে। এইরূপে আল্লাহ্ সকল অহংকারী স্বৈরাচারীর হৃদয়ে মোহর মারিয়া দেন।

وَقَالَ فِرۡعَوۡنُ یٰہَامٰنُ ابۡنِ لِیۡ صَرۡحًا لَّعَلِّیۡۤ اَبۡلُغُ الۡاَسۡبَابَ ﴿ۙ۳۷﴾

৩৭
এবং ফেরাউন বলিল, ‘হে হামান! আমার জন্য একটি উচ্চ মহল তৈরী কর যেন আমি ঐসকল প্রবেশ পথে গিয়া পৌঁছি —

اَسۡبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰہِ مُوۡسٰی وَاِنِّیۡ لَاَظُنُّہٗ کَاذِبًا ؕ وَکَذٰلِکَ زُیِّنَ لِفِرۡعَوۡنَ سُوۡٓءُ عَمَلِہٖ وَصُدَّ عَنِ السَّبِیۡلِ ؕ وَمَا کَیۡدُ فِرۡعَوۡنَ اِلَّا فِیۡ تَبَابٍ ﴿٪۳۸﴾

৩৮
আকাশসমূহের প্রবেশ পথে, যেন আমি মূসার মা’বূদকে২৬০৬ দেখিতে পাই; বস্তুতঃ আমি তাহাকে মিথ্যাবাদী বলিয়াই জানি।’ এবং এইরূপে ফেরাউনের দৃষ্টিতে তাহার নিকৃষ্ট কর্মকে মনোহর করিয়া দেখানো হইয়াছিল এবং তাহাকে সত্য পথ হইতে নিবৃত্ত রাখা হইয়াছিল; এবং ফেরাউনের তদবীর ব্যর্থতায় পর্যবসিত হওয়াই অবধারিত ছিল।
সূরা আল্ মো’মেন - রুকু ৪
২৬০৬। ফেরাউন ঠাট্টা করিয়া বলিল যে, সে উচ্চ স্তম্ভ বাহিয়া আকাশে উঠিবে এবং মূসা (আঃ)-এর আল্লাহ্‌কে স্বচক্ষে দর্শন করিবে। এইরূপ দম্ভপূর্ণ বিদ্রুপের উত্তর আল্লাহ্ এইভাবেই দিলেন যে, আল্লাহ্‌তা’লা তাঁহার শক্তির একঝলক দেখাইতেই ফেরাউন সাগরের অতল তলে ডুবিয়া গেল।

وَقَالَ الَّذِیۡۤ اٰمَنَ یٰقَوۡمِ اتَّبِعُوۡنِ اَہۡدِکُمۡ سَبِیۡلَ الرَّشَادِ ﴿ۚ۳۹﴾

৩৯
এবং যে ব্যক্তি ঈমান আনিয়াছিল সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদিগকে হেদায়াতের পথ দেখাইব;

یٰقَوۡمِ اِنَّمَا ہٰذِہِ الۡحَیٰوۃُ الدُّنۡیَا مَتَاعٌ ۫ وَّاِنَّ الۡاٰخِرَۃَ ہِیَ دَارُ الۡقَرَارِ ﴿۴۰﴾

৪০
হে আমার জাতি! এই পার্থিব জীবন (ক্ষণস্থায়ী) ভোগবিলাসের সম্ভার মাত্র, এবং পরলোকই প্রকৃত পক্ষে চিরস্থায়ী আবাস;২৬০৭
২৬০৭। ‘বিশ্বাসী’ মানুষটির দৃঢ় বক্তব্য ইহাই প্রমাণ করে যে, সত্যিকার বিশ্বাস আনয়নকারীরা নিজেদের প্রত্যয়ে এত দৃঢ়তা রাখেন যে, কোন কিছুই তাহাদিগকে ঐ বিশ্বাস হইতে অপসারিত করিতে পারে না। ঐ পর্বত-সদৃশ অটল বিশ্বাসের কারণেই তাহারা সানন্দে দুঃখ-কষ্ট ও নির্যাতন সহ্য করার শক্তি-সামর্থ্য পাইয়া থাকেন।