৪০

المؤمن

সূরা আল্ মো’মেন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৬ আয়াত এবং ৯ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا یُنَادَوۡنَ لَمَقۡتُ اللّٰہِ اَکۡبَرُ مِنۡ مَّقۡتِکُمۡ اَنۡفُسَکُمۡ اِذۡ تُدۡعَوۡنَ اِلَی الۡاِیۡمَانِ فَتَکۡفُرُوۡنَ ﴿۱۱﴾

১১
যাহারা অস্বীকার করিয়াছে তাহাদিগকে (সেদিন) ডাকিয়া বলা হইবে: ‘তোমাদের আত্মার প্রতি তোমাদের ঘৃণা অপেক্ষা (তোমাদের প্রতি) আল্লাহ্‌র ঘৃণা বৃহত্তর; (স্মরণ কর) যখন তোমাদিগকে ঈমানের দিকে আহ্বান করা হইত তখন তোমরা অস্বীকার করিতে।’২৫৯৭
২৫৯৭। ইহা মানুষের স্বাভাবিক প্রকৃতি যে, যখন সে তাহার অপকর্মের জন্য সাজা প্রাপ্তির সম্মুখীন হয়, তখন সে নিজেকে ধিক্কার দিতে থাকে। অবিশ্বাসীগণকে বলা হইতেছে যে, তাহারা যখন শাস্তির মুখামুখী হইবে তখন তাহারাও নিজেদের প্রতি বিরক্ত হইবে। কিন্তু কৃপাময়, দয়াশীল আল্লাহ্‌তা’লা ইহার চাইতেও বেশী বিরক্ত হইয়াছিলেন যখন তাহারা আল্লাহ্‌র প্রেরিত বাণীকে অবজ্ঞা প্রদর্শন করতঃ অস্বীকার করিয়াছিল এবং তাঁহার প্রেরিত পুরুষকে বিরোধিতা বশতঃ অত্যাচার করিয়াছিল।

قَالُوۡا رَبَّنَاۤ اَمَتَّنَا اثۡنَتَیۡنِ وَاَحۡیَیۡتَنَا اثۡنَتَیۡنِ فَاعۡتَرَفۡنَا بِذُنُوۡبِنَا فَہَلۡ اِلٰی خُرُوۡجٍ مِّنۡ سَبِیۡلٍ ﴿۱۲﴾

১২
তাহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে দুইবার মৃত্যু দিয়াছ,২৫৯৮ দুইবার আমাদিগকে জীবিত করিয়াছ; অতএব আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি। সুতরাং নিষ্কৃতি লাভের কি কোন পথ আছে?’
২৫৯৮। জন্মের পূর্বাবস্থার অনস্তিত্ব এক প্রকারের মৃত্যু এবং এই জীবনের অবসান মানুষের দ্বিতীয় মৃত্যু। জন্ম ও পুনরুত্থান দুইটি জীবন বিশেষ।

ذٰلِکُمۡ بِاَنَّہٗۤ اِذَا دُعِیَ اللّٰہُ وَحۡدَہٗ کَفَرۡتُمۡ ۚ وَاِنۡ یُّشۡرَکۡ بِہٖ تُؤۡمِنُوۡا ؕ فَالۡحُکۡمُ لِلّٰہِ الۡعَلِیِّ الۡکَبِیۡرِ ﴿۱۳﴾

১৩
(তাহাদিগকে বলা হইবে) ‘তোমাদের এইরূপ অবস্থা এই কারণে যে, যখন আল্লাহ্‌কে ডাকা হইত, তাঁহাকে একক বলিয়া তখন তোমরা অস্বীকার করিতে, কিন্তু যখন তাঁহার সহিত কোন শরীক স্থির করা হইত তখন তোমরা ঈমান আনিতে। অতএব (এখন প্রকাশ হইয়া গেল যে) সকল আদেশ একমাত্র আল্লাহ্‌র ইখতিয়ারে, যিনি অতি উচ্চ এবং অতি মহান।

ہُوَ الَّذِیۡ یُرِیۡکُمۡ اٰیٰتِہٖ وَیُنَزِّلُ لَکُمۡ مِّنَ السَّمَآءِ رِزۡقًا ؕ وَمَا یَتَذَکَّرُ اِلَّا مَنۡ یُّنِیۡبُ ﴿۱۴﴾

১৪
তিনিই তোমাদিগকে নিজ নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ হইতে রিয্‌ক২৫৯৯ নাযেল করেন; কিন্তু উপদেশ কেবল ঐ ব্যক্তিই গ্রহণ করে যে (আল্লাহ্‌র দিকে) ঝুঁকে।
২৫৯৯। দৈহিক ও আধ্যাত্মিক এই উভয় প্রকারের খাদ্যই আকাশ হইতে আসে। পানি, যাহার উপর সর্ব প্রকারের জীব ও জীবন নির্ভরশীল, তাহাও আকাশ হইতেই আসে। তেমনিভাবে ঐশী-বাণী, যাহার উপর আধ্যাত্মিক জীবন নির্ভরশীল, তাহাও আকাশ হইতেই আসিয়া থাকে।

فَادۡعُوا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ وَلَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতএব তোমরা আল্লাহ্‌কে ডাক—আনুগত্যকে একমাত্র তাঁহারই জন্য বিশুদ্ধ করিয়া, যদিও কাফেররা ইহাকে অপসন্দ করুক না কেন।

رَفِیۡعُ الدَّرَجٰتِ ذُو الۡعَرۡشِ ۚ یُلۡقِی الرُّوۡحَ مِنۡ اَمۡرِہٖ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ لِیُنۡذِرَ یَوۡمَ التَّلَاقِ ﴿ۙ۱۶﴾

১৬
তিনি মর্যাদায় অতি উচ্চ, আরশের অধিপতি।২৬০০ তিনি তাঁহার বান্দাগণের মধ্য হইতে যাহার উপর চাহেন নিজ আদেশ-বাণী অবতীর্ণ করেন যেন সে (লোকদিগকে) পরস্পর সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে।
২৬০০। “যুল্আরশ” (আরশের অধিপতি),“যুর্ রহমত” (করুণার অধিপতি)-এর মতই একটি বচন। সাধারণ মানুষের ভুল ধারণা রহিয়াছে যে, “আরশ্‌” একটি জড় বস্তু। এই বচন দ্বারা ঐ ভুল ধারণা নাকচ হইয়া যায়।

یَوۡمَ ہُمۡ بٰرِزُوۡنَ ۬ۚ لَا یَخۡفٰی عَلَی اللّٰہِ مِنۡہُمۡ شَیۡءٌ ؕ لِمَنِ الۡمُلۡکُ الۡیَوۡمَ ؕ لِلّٰہِ الۡوَاحِدِ الۡقَہَّارِ ﴿۱۷﴾

১৭
সেদিন তাহারা বাহির হইয়া পড়িবে, তখন আল্লাহ্‌র নিকট তাহাদের কোন কিছু গোপন থাকিবে না। আজ সর্বাধিপত্য কাহার জন্য? এক, প্রবল পরাক্রান্ত আল্লাহ্‌র জন্য।

اَلۡیَوۡمَ تُجۡزٰی کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ ؕ لَا ظُلۡمَ الۡیَوۡمَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۱۸﴾

১৮
আজ প্রত্যেক ব্যক্তিকে তাহার কৃত-কর্মের প্রতিফল দেওয়া হইবে। আজ (কাহারও উপর) কোন অবিচার করা হইবে না; নিশ্চয় আল্লাহ্ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।

وَاَنۡذِرۡہُمۡ یَوۡمَ الۡاٰزِفَۃِ اِذِ الۡقُلُوۡبُ لَدَی الۡحَنَاجِرِ کٰظِمِیۡنَ ۬ؕ مَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ حَمِیۡمٍ وَّلَا شَفِیۡعٍ یُّطَاعُ ﴿ؕ۱۹﴾

১৯
এবং তুমি তাহাদিগকে সেই আসন্ন (কিয়ামত) দিন সম্বন্ধে সতর্ক কর, যখন হৃদয়গুলি অন্তর্নিহিত দুঃখে ভারাক্রান্ত অবস্থায় কণ্ঠাগত হইবে। তখন যালেমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু এবং কোন শাফায়াতকারী (সুপারিশকারী) হইবে না যাহার শাফায়াত গ্রহণ করা যাইতে পারে।

یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَمَا تُخۡفِی الصُّدُوۡرُ ﴿۲۰﴾

২০
চক্ষুর বিশ্বাসঘাতকতা২৬০০-ক এবং বক্ষঃস্থল যাহা গোপন করিয়া রাখে তাহা তিনি জানেন।
২৬০০-ক। বিরাগের দৃষ্টি, রাগের রক্ত-চক্ষু, অবহেলার দৃষ্টি অথবা কামনা-বাসনার দৃষ্টি।