৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

اِلَّا الَّذِیۡنَ یَصِلُوۡنَ اِلٰی قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ اَوۡ جَآءُوۡکُمۡ حَصِرَتۡ صُدُوۡرُہُمۡ اَنۡ یُّقَاتِلُوۡکُمۡ اَوۡ یُقَاتِلُوۡا قَوۡمَہُمۡ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَسَلَّطَہُمۡ عَلَیۡکُمۡ فَلَقٰتَلُوۡکُمۡ ۚ فَاِنِ اعۡتَزَلُوۡکُمۡ فَلَمۡ یُقَاتِلُوۡکُمۡ وَاَلۡقَوۡا اِلَیۡکُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰہُ لَکُمۡ عَلَیۡہِمۡ سَبِیۡلًا ﴿۹۱﴾

৯১
কেবল ঐ সকল লোক ব্যতিরেকে যাহারা ঐ জাতির সহিত সম্পর্ক রাখে যাহদের মধ্যে এবং তোমাদের মধ্যে কোন চুক্তি রহিয়াছে, অথবা যাহারা তোমাদের নিকট আসে এমতাবস্থায় যে তোমাদের সহিত যুদ্ধ করিতে অথবা তাহাদের জাতির সহিত যুদ্ধ করিতে তাহাদের অন্তঃকরণ সংকুচিত হয়। এবং যদি আল্লাহ্ চাহিতেন, তাহা হইলে নিশ্চয় তিনি তাহাদিগকে তোমাদের বিরুদ্ধে ক্ষমতা দিতেন, তখন তাহারা নিশ্চয় তোমাদের সহিত যুদ্ধ করিত। অতএব, যদি তাহারা তোমাদের নিকট হইতে পৃথক হইয়া যায় এবং তোমাদের সহিত যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি-প্রস্তাব পেশ করে তাহা হইলে আল্লাহ্ তোমাদের জন্য তাহাদের বিরুদ্ধে (আক্রমণের) কোন পথ বাকী রাখেন নাই।

سَتَجِدُوۡنَ اٰخَرِیۡنَ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّاۡمَنُوۡکُمۡ وَیَاۡمَنُوۡا قَوۡمَہُمۡ ؕ کُلَّ مَا رُدُّوۡۤا اِلَی الۡفِتۡنَۃِ اُرۡکِسُوۡا فِیۡہَا ۚ فَاِنۡ لَّمۡ یَعۡتَزِلُوۡکُمۡ وَیُلۡقُوۡۤا اِلَیۡکُمُ السَّلَمَ وَیَکُفُّوۡۤا اَیۡدِیَہُمۡ فَخُذُوۡہُمۡ وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ ثَقِفۡتُمُوۡہُمۡ ؕ وَاُولٰٓئِکُمۡ جَعَلۡنَا لَکُمۡ عَلَیۡہِمۡ سُلۡطٰنًا مُّبِیۡنًا ﴿٪۹۲﴾

৯২
শীঘ্রই তোমরা অন্য এমন কতক লোক পাইবে যাহারা তোমাদের নিকট হইতে নিরাপদ থাকতে চাহে এবং তাহাদের নিজেদের জাতির৬৪৭ নিকট হইতেও নিরাপদ থাকতে চাহে। যখনই তাহাদিগকে ফিত্‌নার৬৪৮ দিকে ফিরাইয়া দেওয়া হয় তখনই তাহাদিগকে উহাতে নিম্নমুখী করিয়া ফেলিয়া দেওয়া হয়। সুতরাং যদি তাহারা তোমাদের নিকট হইতে পৃথক না হয় এবং তোমাদের নিকট শান্তি-প্রস্তাব পেশ না করে এবং নিজেদের হাত সংযত না করে, তাহা হইলে তাহাদিগকে ধৃত কর এবং তাহাদিগকে হত্যা কর যেখানেই তোমরা তাহাদিগকে পাও। এবং তোমরাই এমন লোক যে, আমরা তাহাদের উপর তোমাদিগকে সুস্পষ্ট কর্তৃত্ব দান করিয়াছি।
সূরা আন্‌-নিসা - রুকু ১২
৬৪৭। এখানে মনে হয় দুইটি উপজাতি-আসাদ ও গাৎফানদের কথা বলা হইয়াছে, যাহাদের সহিত মুসলমানদের কোন মৈত্রীচুক্তি ছিল না। তাহারা ছিল দ্বিমুখী নীতি দ্বারা পরিচালিত, সুযোগ-সন্ধানী। যখন তাহাদের লোকেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য তাহাদিগকে আহ্বান জানাইল, তখন সাথে সাথে তাহারা সেই আহ্বানে সাড়া দিল। এই আয়াতগুলির উপদেশাবলী, যুদ্ধচলাকালীন সময়ে কিংবা মুসলিম জাতির বিপদাশঙ্কার সময়ে কার্যকরী।
৬৪৮। ’ফিৎনা’ শব্দটি দ্বারা এখানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ বুঝাইয়াছে।

وَمَا کَانَ لِمُؤۡمِنٍ اَنۡ یَّقۡتُلَ مُؤۡمِنًا اِلَّا خَطَـًٔا ۚ وَمَنۡ قَتَلَ مُؤۡمِنًا خَطَـًٔا فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ وَّدِیَۃٌ مُّسَلَّمَۃٌ اِلٰۤی اَہۡلِہٖۤ اِلَّاۤ اَنۡ یَّصَّدَّقُوۡا ؕ فَاِنۡ کَانَ مِنۡ قَوۡمٍ عَدُوٍّ لَّکُمۡ وَہُوَ مُؤۡمِنٌ فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ ؕ وَاِنۡ کَانَ مِنۡ قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ فَدِیَۃٌ مُّسَلَّمَۃٌ اِلٰۤی اَہۡلِہٖ وَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ ۚ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ شَہۡرَیۡنِ مُتَتَابِعَیۡنِ ۫ تَوۡبَۃً مِّنَ اللّٰہِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۹۳﴾

৯৩
কোন মো’মেনের উচিত নহে যে, সে কোন মো’মেনকে হত্যা করে কেবল ভুল ব্যতিরেকে৬৪৯ এবং কেহ ভুল বশতঃ কোন মো’মেনকে হত্যা করিলে একজন মো’মেন দাসকে মুক্ত করা এবং তাহার পরিজনবর্গকে রক্ত-পণ অর্পণ করা বিধেয়, যদি না তাহারা উহা সদকাহ্ (হিসাবে মাফ) করিয়া দেয়। কিন্তু সেই (নিহত) ব্যক্তি৬৫০ যদি তোমাদের শত্রু পক্ষের হয় এবং সে মো‘মেন হয় তাহা হইলে একজন মো‘মেন দাস মুক্ত করা বিধেয়, এবং যদি সেই (নিহত) ব্যক্তি এমন এক জাতির লোক হয় যাহাদের মধ্যে এবং তোমাদের মধ্যে কোন চুক্তি রহিয়াছে তাহা হইলে তাহার পরিজনবর্গের নিকট রক্ত-পণ অর্পণ করা এবং একজন মো’মেন দাস৬৫১ মুক্ত করা বিধেয়। কিন্তু যে (সামর্থ্য) রাখে না তাহাকে একাদিক্রমে দুই মাস রোযা রাখিতে হইবে– আল্লাহ্‌র তরফ হইতে দয়ার দৃষ্টি স্বরূপ। বস্তুতঃ আল্লাহ্ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।
৬৪৯। যুদ্ধের অবস্থা চলাকালীন সময়ে কিংবা সমরাঙ্গণে, এমনও সম্ভাবনা আছে যে, একজন মুসলমান ভুলক্রমে অন্য একজন মুসলমানকে বধ করিতে পারে। তাই, এই আয়াতে এ সম্বন্ধে পূর্বাহ্নেই মুসলমানদিগকে বিশেষ সতর্কতা অবলম্বনের উপদেশ দেওয়া হইয়াছে যাহাতে তাহারা এইরূপ দুর্ঘটনা হইতে বাঁচিতে পারে।
৬৫০। নিহত ব্যক্তি যদি মুসলমান হয়, কিন্তু ঘটনাক্রমে যদি সে শত্রুপক্ষীয় লোকের অন্তর্ভুক্ত হইয়া থাকে, তাহা হইলে হত্যাকারীকে কেবল একজন কৃতদাস মুক্ত করিতে হইবে, ক্ষতি–পূরণ স্বরূপ অর্থ দিতে হইবে না। কেননা, যেই অর্থ, শত্রুপক্ষের সমর শক্তিকে মুসলমানদের বিরুদ্ধেই বাড়াইয়া দিবে। “এবং সেই ব্যক্তি এমন এক জাতির লোক হয় যাহাদের মধ্যে ও তোমাদের মধ্যে কোন চুক্তি রহিয়াছে” বাক্যাংশের পরে “এবং সে যদি মুসলমান হয়” কথাটির পুনরুল্লেখ করা হয় নাই। ইহার কারণ এই যে, ‘যিম্মীদের’ (মুসলমানদের দায়িত্বে রক্ষিত অবিশ্বাসীগণ) এবং মু’য়াহীদগণের (মুসলমানদের সহিত মিত্রতা–চুক্তিভুক্ত অবিশ্বাসীগণ) সম্বন্ধে ঐ আইন-কানূনই প্রযোজ্য, যাহা মুসলমান-মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য।
৬৫১। এখানে বিশেষ লক্ষ্যণীয় বিষয় এই যে, মুসলমানগণের সহিত যাহারা মৈত্রী-চুক্তি-বদ্ধ তাহাদেরকে কেবল মুসলমানদের সম পর্যায়েই ফেলা হয় নাই, বরং তাহাদের স্বপক্ষে একটু বিশেষত্বও দেখানো হইয়াছে। মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে, ক্ষতিপূরণের অর্থদানের কথা বলা হইয়াছে ‘কৃতদাস’ মুক্ত করার আদেশের পরে। কিন্তু সন্ধি-বদ্ধদের কাহাকেও হত্যা করার ক্ষেত্রে, ক্ষতিপূরণের অর্থ প্রদানের কথা বলা হইয়াছে প্রথমে,আর কৃতদাস মুক্তির কথা বলা হইয়াছে পরে। মৈত্রীর ও সন্ধির মূল্য ও মর্যাদার প্রতি সবিশেষ গুরুত্ব প্রদর্শনের জন্যই এইরূপ করা হইয়াছে। অবিশ্বাসী মিত্রদের কাহাকেও নিহত করিলে, হত্যাকারী মুসলমানের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া উপায় নাই। সন্ধি, মৈত্রী ও শান্তি-চুক্তির প্রতি মুসলমানেরা যাহাতে সবিশেষ সম্মান প্রদর্শন করে এবং এইরূপ করাকে নিজেদের পবিত্র দায়িত্ব বলিয়া বিশ্বস্ততার সহিত পালন করে, সেই শিক্ষা দিবার জন্যই কৃতদাস-মুক্তি আদেশের আগে, ক্ষতিপূরণের অর্থ-প্রদানের আদেশ সন্নিবেশিত হইয়াছে।

وَمَنۡ یَّقۡتُلۡ مُؤۡمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُہٗ جَہَنَّمُ خٰلِدًا فِیۡہَا وَغَضِبَ اللّٰہُ عَلَیۡہِ وَلَعَنَہٗ وَاَعَدَّ لَہٗ عَذَابًا عَظِیۡمًا ﴿۹۴﴾

৯৪
এবং কেহ ইচ্ছাকৃতভাবে কোন মো’মেনকে হত্যা করিলে তাহার প্রতিফল হইবে জাহান্নাম, যাহাতে সে বসবাস করিতে থাকিবে। এবং আল্লাহ্ তাহার প্রতি ক্রোধ বর্ষণ করিবেন এবং তিনি তাহাকে অভিসম্পাত করিবেন এবং তাহার জন্য মহা আযাব প্রস্তুত করিবেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا ضَرَبۡتُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَتَبَیَّنُوۡا وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ اَلۡقٰۤی اِلَیۡکُمُ السَّلٰمَ لَسۡتَ مُؤۡمِنًا ۚ تَبۡتَغُوۡنَ عَرَضَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۫ فَعِنۡدَ اللّٰہِ مَغَانِمُ کَثِیۡرَۃٌ ؕ کَذٰلِکَ کُنۡتُمۡ مِّنۡ قَبۡلُ فَمَنَّ اللّٰہُ عَلَیۡکُمۡ فَتَبَیَّنُوۡا ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۹۵﴾

৯৫
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা আল্লাহ্‌র পথে সফর কর, তখন তোমরা ভালরূপে তদন্ত করিয়া লও; এবং যে তোমাদিগকে সালাম বলে, ‘তাহাকে বলিও না যে তুমি মো’মেন নহ।’৬৫২ তোমরা পার্থিব জীবনের৬৫৩ সম্পদ কামনা করিতেছ, অথচ আল্লাহ্‌র নিকট রহিয়াছে প্রচুর সম্পদ। তোমরাও ইতিপূর্বে এইরূপ ছিলে, অতঃপর আল্লাহ্ তোমাদের প্রতি অনুগ্রহ করিলেন; সুতরাং তোমরা ভালরূপে তদন্ত করিয়া লও। তোমরা যাহা কিছু কর নিশ্চয় আল্লাহ্ উহা সম্বন্ধে সবিশেষ অবহিত আছেন।
৬৫২। যখন কোন জাতি শান্তির প্রতি মুসলমানকে আহ্বান করে অথবা মুসলমানের প্রতি শান্তির মনোভাব প্রদর্শন করে, তখন মুসলমানের উচিত তাহাতে সাড়া দেওয়া এবং তাহাদের সহিত শত্রুতা পরিহার করা। তদুপরি, মদীনার মুসলমানগণ যেহেতু চারিদিকে শত্রু ও অবিশ্বাসীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, সে জন্য তাহাদিগকে উপদেশ দেওয়া হইয়াছে যে, যদি কোন ব্যক্তি ইসলামী কায়দায় তাহাদিগকে সালাম করে, তাহা হইলে সালামকারী ব্যক্তিকে যেন মুসলমানই মনে করা হয়, যে পর্যন্ত অনুসন্ধান করিয়া অন্যরূপ প্রমাণিত না হয়।
৬৫৩। অন্য কথায় অনুসন্ধান না করিয়া যদি অপরিচিত সালামকারী ব্যক্তিকে অমুসলমান বলিয়া ধরিয়া লওয়া হয় তাহা হইলে বুঝা যাইবে যে, তোমরা (মুসলমানরা) ধন-সম্পদের লোভে তাহাকে হত্যা করিতে চাও। এইরূপ ক্ষেত্রে ইহাই প্রমাণিত হইবে যে, তোমরা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের চাইতে দুনিয়ার ধন-সম্পদকে অধিকতর ভালবাস।

لَا یَسۡتَوِی الۡقٰعِدُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ غَیۡرُ اُولِی الضَّرَرِ وَالۡمُجٰہِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ فَضَّلَ اللّٰہُ الۡمُجٰہِدِیۡنَ بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ عَلَی الۡقٰعِدِیۡنَ دَرَجَۃً ؕ وَکُلًّا وَّعَدَ اللّٰہُ الۡحُسۡنٰی ؕ وَفَضَّلَ اللّٰہُ الۡمُجٰہِدِیۡنَ عَلَی الۡقٰعِدِیۡنَ اَجۡرًا عَظِیۡمًا ﴿ۙ۹۶﴾

৯৬
মো’মেনগণের মধ্যে অক্ষম ব্যাতিরেকে যাহারা পিছনে বসিয়া থাকে তাহারা এবং যাহারা আল্লাহ্‌র পথে নিজেদের ধন-সম্পদ এবং জীবন দিয়া জিহাদ করে তাহারা সমান হইতে পারে না। ধন-সম্পদ ও জীবন দিয়া জিহাদকারীগণকে আল্লাহ্ ঐ সকল লোকের উপর, যাহারা (গৃহে) বসিয়া থাকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন, এবং তাহাদের প্রত্যেককেই আল্লাহ্ কল্যাণ দানের প্রতিশ্রুতি দিয়াছেন। বস্তুতঃ যাহারা (গৃহে) বসিয়া থাকে তাহাদের উপর আল্লাহ্ মুজাহিদগণকে মহা পুরস্কারের৬৫৪ দিক দিয়া শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন—
৬৫৪। এই আয়াত মুসলমানগণের দুইটি শ্রেণীর কথা বলিতেছেঃ (১) যাহারা সত্যিকারভাবেই ইসলাম গ্রহণ করিয়াছে এবং ইসলামের শিক্ষানুযায়ী জীবন যাপন করে, কিন্তু ইসলামের রক্ষার জন্য যে সব যুদ্ধ বিগ্রহ ও জিহাদ উপস্থিত হয়, তাহাতে অংশ গ্রহণ করে না কিংবা ধর্মপ্রচারের কাজেও আত্মনিয়োগ করে না; এই আয়াতে তাহাদিগকে বসিয়া থাকা লোক (অলস-অকর্মা) বলা হইয়াছে; (২) যাহারা ইসলামী জীবনধারা অনুযায়ী জীবন যাপন করা ছাড়াও নিজের জান-মাল দিয়া ইসলামকে রক্ষার ও প্রচার করার দায়িত্বাবলী পালন করিয়া থাকেন তাহাদিগকে বলা হয় “মুজাহিদ” (সদা-সচেষ্ট) দল। এই কর্ম-তৎপর মুজাহিদ শ্রেণী ছাড়াও আরো একটি তৃতীয় শ্রেণীর বিশ্বাসী রহিয়াছেন, যাহারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদগণের সাথে সক্রিয় অংশ গ্রহণ করিতে না পারিলেও তাহাদেরই মত পুরস্কার পাইবেন। তাহারা মুজাহিদদের সাথে সম্পূর্ণ একাত্ম, কিন্তু তাহাদের বিশেষ অবস্থার কারণে- রোগ, দরিদ্র, বার্ধক্যের কারণে-ব্যক্তিগত ভাবে তাহারা যুদ্ধ করিতে অক্ষম।

دَرَجٰتٍ مِّنۡہُ وَمَغۡفِرَۃً وَّرَحۡمَۃً ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿٪۹۷﴾

৯৭
তাহার সন্নিধান হইতে পদমর্যাদা, এবং ক্ষমা এবং রহমত দ্বারা। এবং আল্লাহ্ অতীব ক্ষমাশীল এবং পরম দয়াময়।
সূরা আন্‌-নিসা - রুকু ১৩

اِنَّ الَّذِیۡنَ تَوَفّٰہُمُ الۡمَلٰٓئِکَۃُ ظَالِمِیۡۤ اَنۡفُسِہِمۡ قَالُوۡا فِیۡمَ کُنۡتُمۡ ؕ قَالُوۡا کُنَّا مُسۡتَضۡعَفِیۡنَ فِی الۡاَرۡضِ ؕ قَالُوۡۤا اَلَمۡ تَکُنۡ اَرۡضُ اللّٰہِ وَاسِعَۃً فَتُہَاجِرُوۡا فِیۡہَا ؕ فَاُولٰٓئِکَ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿ۙ۹۸﴾

৯৮
নিশ্চয় যাহাদিগকে ফিরিশ্‌তাগণ এমতাবস্থায় মৃত্যু দান করে, যখন তাহার নিজেদের উপর অন্যায় করিতেছিল, তাহারা (ফিরিশ্‌তাগণ) বলিবে, ‘তোমরা কি অবস্থায় ছিলে?’ তাহারা বলিবে, ‘আমাদিগকে দুনিয়াতে দুর্বল বলিয়া গণ্য করা হইত।’ তাহারা বলিবে, ‘আল্লাহ্‌র পৃথিবী কি প্রশস্ত ছিল না যে উহাতে তোমরা হিজরত করিতে?’৬৫৫ সুতরাং এই সব লোকের বাসস্থান হইবে জাহান্নাম, ইহা কতই না মন্দ বাসস্থান!
৬৫৫। দুর্বল ও অকর্মণ্য ঈমানকে ইসলাম পসন্দ করে না। যদি কোনও মো’মেনের পরিবেশ ও পারিপার্শ্বিকতা তাহার ধর্ম-কর্মের পরিপন্থী হয়, তাহা হইলে তাহাকে অনুকূল স্থানে সরিয়া যাইতে হইবে। অন্যথায়, তাহার ঈমান সরল ও সত্য বলিয়া বিবেচিত হইবে না।

اِلَّا الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ لَا یَسۡتَطِیۡعُوۡنَ حِیۡلَۃً وَّلَا یَہۡتَدُوۡنَ سَبِیۡلًا ﴿ۙ۹۹﴾

৯৯
কেবল পুরুষ এবং মহিলা এবং বালক-বালিকাদের মধ্য হইতে দুর্বলগণ ব্যতীত যাহারা কোন উপায় উদ্ভাবন করিতে পারে না এবং (উদ্ধারের) কোন পথও খুঁজিয়া পায় না।৬৫৬
৬৫৬। যে সকল মো’মেন প্রকৃতই সামর্থ্যহীন, যাহারা প্রতিকূল ও পরিপন্থী অবস্থান হইতে সরিবার যোগ্যতা না থাকার কারণে সেখানেই থাকিতে বাধ্য হয়, তাহাদের কথা স্বতন্ত্র। তাহাদিগকে পূর্ববর্তী আয়াতে বর্ণিত শ্রেণী হইতে বাদ দেওয়া হইয়াছে।

فَاُولٰٓئِکَ عَسَی اللّٰہُ اَنۡ یَّعۡفُوَ عَنۡہُمۡ ؕ وَکَانَ اللّٰہُ عَفُوًّا غَفُوۡرًا ﴿۱۰۰﴾

১০০
এই সকল লোককে অচিরেই৬৫৭ আল্লাহ্ মার্জনা করিয়া দিবেন, প্রকৃতপক্ষে আল্লাহ্ বড়ই মার্জনাকারী, পরম ক্ষমাশীল।
৬৫৭। ‘আসা (হইতে পারে) শব্দটি আল্লাহ্‌র সিদ্ধান্তের প্রতি সন্দেহ সৃষ্টি করে না, বরং এই শব্দটি সংশ্লিষ্ট বিশ্বাসী ব্যক্তিগণকে আশা ও ভয়ের মধ্যে দোলায়মান রাখার জন্য ব্যবহৃত হইয়াছে যাহাতে তাহারা প্রার্থনা ও সৎকর্মে কোন শৈথিল্য না দেখায়। বাক্যটি উদ্দিষ্ট ব্যক্তিদের মনে মিথ্যা নিরাপত্তা ও আত্মপ্রসাদ সৃষ্টি না করিয়া আশার সঞ্চার করে।