৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمُ الرَّسُوۡلُ بِالۡحَقِّ مِنۡ رَّبِّکُمۡ فَاٰمِنُوۡا خَیۡرًا لَّکُمۡ ؕ وَاِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۷۱﴾

১৭১
হে মানব মণ্ডলী। নিশ্চয় এই রসূল তোমাদের প্রতিপালকের তরফ হইতে তোমাদের নিকট সত্য সহ আগমন করিয়াছে, সুতরাং তোমরা ঈমান আন, ইহা তোমাদের জন্য কল্যাণজনক হইবে। কিন্তু যদি তোমরা অস্বীকার কর তাহা হইলে (জানিয়া রাখ যে) নিশ্চয় যাহা কিছু আকাশমণ্ডল ও পৃথিবীতে রহিয়াছে সবই আল্লাহ্‌র; বস্তুতঃ তিনি সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَا تَغۡلُوۡا فِیۡ دِیۡنِکُمۡ وَلَا تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ اِلَّا الۡحَقَّ ؕ اِنَّمَا الۡمَسِیۡحُ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ رَسُوۡلُ اللّٰہِ وَکَلِمَتُہٗ ۚ اَلۡقٰہَاۤ اِلٰی مَرۡیَمَ وَرُوۡحٌ مِّنۡہُ ۫ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ۚ۟ وَلَا تَقُوۡلُوۡا ثَلٰثَۃٌ ؕ اِنۡتَہُوۡا خَیۡرًا لَّکُمۡ ؕ اِنَّمَا اللّٰہُ اِلٰہٌ وَّاحِدٌ ؕ سُبۡحٰنَہٗۤ اَنۡ یَّکُوۡنَ لَہٗ وَلَدٌ ۘ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۱۷۲﴾٪

১৭২
হে আহ্‌লে কিতাব! তোমরা তোমাদের দীন সম্বন্ধে বাড়াবাড়ি করিও না, এবং আল্লাহ্ সম্বন্ধে সত্য ব্যতিরেকে কিছু বলিও না। নিশ্চয় মরিয়মের পুত্র ঈসা মসীহ্ আল্লাহ্‌র এক রসূল মাত্র, এবং তাঁহার কালাম৭১১ (-এর প্রতিশ্রুতি পূর্ণকারী) ছিল যাহা তিনি মরিয়মের উপর নাযেল করিয়াছিলেন এবং তাঁহার তরফ হইতে একটি রূহ৭১২ (রহমত) ছিল; সুতরাং তোমরা আল্লাহ্ এবং তাঁহার রসূলগণের উপর ঈমান আন, এবং বলিও না যে, ‘(আল্লাহ্) তিন’ তোমরা (এইরূপ কথা হইতে) বিরত হও, ইহা তোমাদের জন্য উত্তম, নিশ্চয় আল্লাহ্‌ই এক-অদ্বিতীয় মা’বূদ। তিনি ইহা হইতে পবিত্র যে, তাঁহার কোন পুত্র থাকিবে, যাহা কিছু আকাশমণ্ডলে এবং যাহা কিছু পৃথিবীতে আছে সকলই তাঁহার, এবং কার্যনির্বাহক হিসাবে আল্লাহ্ যথেষ্ট।
সূরা আন্‌-নিসা - রুকু ২৩
৭১১। ৪১৪ টীকা দেখুন।
৭১২। ‘রূহ’ অর্থ আত্মা; যে শ্বাস মানুষের শরীরকে জীবন্ত রাখে এবং যাহা বাহির হইয়া গেলে মৃত্যু ঘটে,ঐশী-বাণী বা প্রেরণা, কুরআন; ফিরিশ্‌তা, সুখ ও আনন্দ, করুণা (লেইন)। ‘রূহ’ ও ‘কলিমা’ শব্দদ্বয়ের বিভিন্ন অর্থ হইতে ইহা পরিষ্কার হইয়া যায় যে, ঈসা (আঃ) আধ্যাত্মিক মর্যাদার দিক হইতে অন্য নবীদের তুলনায় কোনও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদার অধিকারী নহেন। এই ধরণের প্রকাশ-ভঙ্গি অন্যান্য নবীগণ ও পুণ্যাত্মাগণের (যথা মরিয়মের) জন্যও ব্যবহৃত হইয়াছে (১৫ঃ৩০, ৩২ঃ১০; ৫৮ঃ২৩)। এই সব শব্দগুলি ঈসা (আঃ) ও মরিয়মের স্বপক্ষে, ইহুদীদের ঘৃণ্য অপবাদগুলি খণ্ডনের জন্য ব্যবহৃত হইয়াছে, আধ্যাত্মিক মার্গের বিশেষ কোন বৈশিষ্ট্যপূর্ণ স্থান দানের উদ্দেশ্যে নয়।

لَنۡ یَّسۡتَنۡکِفَ الۡمَسِیۡحُ اَنۡ یَّکُوۡنَ عَبۡدًا لِّلّٰہِ وَلَا الۡمَلٰٓئِکَۃُ الۡمُقَرَّبُوۡنَ ؕ وَمَنۡ یَّسۡتَنۡکِفۡ عَنۡ عِبَادَتِہٖ وَیَسۡتَکۡبِرۡ فَسَیَحۡشُرُہُمۡ اِلَیۡہِ جَمِیۡعًا ﴿۱۷۳﴾

১৭৩
মসীহ্‌ আল্লাহ্‌র বান্দা হওয়াতে কখনও ঘৃণা বোধ করে না, আল্লাহ্‌র নৈকট্যপ্রাপ্ত ফিরিশ্‌তাগণও না, এবং যাহারা তাঁহার ইবাদত করিতে ঘৃণাবোধ করিবে এবং অহংকার করিবে, অচিরেই তিনি তাহাদের সকলকে নিজের নিকটে একত্রিত করিবেন।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیۡہِمۡ اُجُوۡرَہُمۡ وَیَزِیۡدُہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ۚ وَاَمَّا الَّذِیۡنَ اسۡتَنۡکَفُوۡا وَاسۡتَکۡبَرُوۡا فَیُعَذِّبُہُمۡ عَذَابًا اَلِیۡمًا ۬ۙ وَّلَا یَجِدُوۡنَ لَہُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿۱۷۴﴾

১৭৪
অতঃপর, যাহারা ঈমান আনে এবং সৎ কর্ম করে অবশ্যই তিনি তাহাদিগকে তাহাদের প্রতিদান পূর্ণমাত্রায় দান করিবেন, অধিকন্তু তিনি তাহাদিগকে স্বীয় ফযল হইতে অতিরিক্ত দান করিবেন। কিন্তু যাহারা ঘৃণা করে এবং অহংকার করে তাহা হইলে তিনি অবশ্যই তাহাদিগকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। এবং তাহারা নিজেদের জন্য আল্লাহ্ ব্যতিরেকে না পাইবে বন্ধু এবং না পাইবে সাহায্যকারী।

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ نُوۡرًا مُّبِیۡنًا ﴿۱۷۵﴾

১৭৫
হে মানব মন্ডলী! তোমাদের প্রভুর তরফ হইতে তোমাদের নিকট প্রকাশ্য প্রমাণ৭১৩ আসিয়াছে, এবং আমরা তোমাদের প্রতি উজ্জ্বল আলোক৭১৪ নাযেল করিয়াছি।
৭১৩। ‘সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ’ দ্বারা কুরআনকে বুঝাইয়াছে, যাহার মধ্যে মহান ও স্পষ্ট নিদর্শন ও প্রমাণাদি রহিয়াছে, অথবা নবী করীম (সাঃ)-কে বুঝাইয়াছে, যিনি নিজের জীবনে কুরআনের শিক্ষাকে বাস্তবায়িত করিয়া প্রমাণ করিয়াছেন যে, এই শিক্ষাগুলি মানব জাতির জন্য মঙ্গল ও আশীর্বাদ বিশেষ।
৭১৪। ‘উজ্জ্বল (পরিষ্কার) আলো’ দ্বারাও হযরত রসূলে করীম (সাঃ) অথবা কুরআনকে বুঝাইয়াছে।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَاعۡتَصَمُوۡا بِہٖ فَسَیُدۡخِلُہُمۡ فِیۡ رَحۡمَۃٍ مِّنۡہُ وَفَضۡلٍ ۙ وَّیَہۡدِیۡہِمۡ اِلَیۡہِ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ﴿۱۷۶﴾ؕ

১৭৬
বাকি রহিল তাহাদের অবস্থা যাহারা আল্লাহ্‌র উপর ঈমান আনে এবং তাঁহাকে মযবুতভাবে অবলম্বন করে, অচিরেই তিনি তাহাদিগকে নিজের রহমতের এবং ফযলের মধ্যে প্রবিষ্ট করিবেন, এবং তিনি তাহাদিগকে নিজের দিকে আসিবার সরল-সুদৃঢ় পথে পরিচালিত করিবেন।

یَسۡتَفۡتُوۡنَکَ ؕ قُلِ اللّٰہُ یُفۡتِیۡکُمۡ فِی الۡکَلٰلَۃِ ؕ اِنِ امۡرُؤٌا ہَلَکَ لَیۡسَ لَہٗ وَلَدٌ وَّلَہٗۤ اُخۡتٌ فَلَہَا نِصۡفُ مَا تَرَکَ ۚ وَہُوَ یَرِثُہَاۤ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہَا وَلَدٌ ؕ فَاِنۡ کَانَتَا اثۡنَتَیۡنِ فَلَہُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَکَ ؕ وَاِنۡ کَانُوۡۤا اِخۡوَۃً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ؕ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اَنۡ تَضِلُّوۡا ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۷۷﴾٪

১৭৭
তাহারা তোমার নিকট (কালালাহ্‌ সম্বন্ধে) নির্দেশ চাহিতেছে, তুমি বল, ‘আল্লাহ্ কালালাহহ্‌”৭১৫ সম্বন্ধে তোমাদিগকে নির্দেশ দিতেছেন। যদি কোন ব্যক্তি মারা যায় এবং তাহার কোন সন্তানাদি না থাকে এবং তাহার একজন ভগ্নী থাকে তাহা হইলে তাহার জন্য হইবে তাহার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক; এবং (যদি ভগ্নী মারা যায় তাহা হইলে) ভ্রাতা ভগ্নীর (সম্পূর্ণ সম্পত্তির) উত্তরাধিকারী হইবে, যদি ভগ্নীর কোন সন্তানাদি না থাকে; এবং যদি দুই ভগ্নী থাকে তাহা হইলে উভয়ের জন্য ভ্রাতা যাহা পরিত্যাগ করিয়া যাইবে উহা হইতে দুই-তৃতীয়াংশ এবং যদি (উত্তরাধিকারী) ভ্রাতৃবৃন্দ হয় — পুরুষ এবং মহিলা, তাহা হইলে একজন পুরুষের জন্য দুইজন মহিলার অংশের সমান। আল্লাহ্ (এই কথাগুলি) তোমাদের জন্য বর্ণনা করিতেছেন, পাছে তোমরা পথভ্রষ্ট হইয়া যাও, এবং আল্লাহ্ সকল বিষয়ে সবিশেষ অবহিত।
সূরা আন্‌-নিসা - রুকু ২৪
৭১৫। ৪ঃ১৩ আয়াতে এক ধরণের ‘কালালাহ্’র কথা বলা হইয়াছে, যে পিতা-মাতাহীন ও সন্তান-বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং কেবল মাতার গর্ভজাত ভাইবোন রাখিয়া যায়, পিতার ঔরসজাত কেহ থাকে না। আলোচ্য আয়াতে অপর ধরণের ‘কালালাহ্’র কথা বলা হইতেছে যে, সন্তানহীন ব্যক্তি কেবল পিতার তরফ হইতে বা পিতা-মাতার তরফ হইতে ভ্রাতা-ভগ্নী রাখিয়া যায়। এই আলোচ্য আয়াতটিকে ৪ঃ১৩ আয়াতের সহিত তুলনা করিলে দেখা যায় যে, স্বাভাবিক কারণেই প্রথমোক্ত শ্রেণীর ভ্রাতা-ভগ্নীগণ শেষোক্ত ভ্রাতা-ভগ্নী হইতে উত্তরাধিকার হিসাবে কম অংশ পাইবেন। উত্তরাধিকার আইনের এই ধারাটিকে পৃথকভাবে বর্ণনা করার উদ্দেশ্য রহিয়াছে। ঈসা (আঃ)-এর বিরুদ্ধে ইহুদীদের বহুবিধ অপবাদ ও অন্যায়াচরনের দীর্ঘ আলোচনার পর, কুরআন সূরাটির শেষপ্রান্তে আসিয়া, আবার ‘কালালাহ্‌’র উত্তরাধিকার বিষয়ে প্রত্যাবর্তন করিয়াছে। ইহাতে ‘কালালা’র উত্তরাধিকার সম্পর্কিত আইন হওয়া ছাড়াও, ঈসা (আঃ)-এর আধ্যাত্মিক উত্তরাধিকার-বিহীন অবস্থা প্রতিপন্ন করিয়াছে। কেননা তিনিও একধরণের ‘কালালাহ্‌’ ছিলেন। ঈসা (আঃ) পিতার মধ্যবর্তিতায় জন্ম গ্রহণ করেন নাই এবং কোন আধ্যাত্মিক উত্তরাধিকারীও রাখিয়া যান নাই। ইবনে আব্বাস ‘কালালাহ্‌’ এর সংজ্ঞা দিতে যাইয়া বলিয়াছেন, যে ব্যক্তি সন্তানহীন অবস্থায় মারা যায়, সে-ই কালালাহ্। ঈসা (আঃ) যেহেতু কোনও আধ্যাত্মিক খলীফা রাখিয়া যান নাই, সেইহেতু তিনি আধ্যাত্মিকভাবেও কালালাহ্।