৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ یَکۡفُرُوۡنَ بِاللّٰہِ وَرُسُلِہٖ وَیُرِیۡدُوۡنَ اَنۡ یُّفَرِّقُوۡا بَیۡنَ اللّٰہِ وَرُسُلِہٖ وَیَقُوۡلُوۡنَ نُؤۡمِنُ بِبَعۡضٍ وَّنَکۡفُرُ بِبَعۡضٍ ۙ وَّیُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَّخِذُوۡا بَیۡنَ ذٰلِکَ سَبِیۡلًا ﴿۱۵۱﴾ۙ

১৫১
নিশ্চয় যাহার আল্লাহ্‌ এবং তাঁহার রসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ্‌ এবং তাঁহার রসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করিতে চাহে এবং বলে, ‘আমরা কতকের উপর ঈমান আনি এবং কতককে অস্বীকার করি’, এবং তাহারা চাহে যেন তাহারা ইহার মাঝামাঝি পথ অবলম্বন করে;৬৯২
৬৯২। এমন লোক আছে, যাহারা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখে কিন্তু তাঁহার রসূলগণকে মানে না অথবা রসূলগণের মধ্যে কাহাকেও মানে কাহাকেও মানে না, অথবা একই রসূলের কোন দাবীকে মানে, কোন দাবীকে মানে না। তাহারা বিশ্বাসের ক্ষেত্রে মধ্য-পথে থাকতে চায়। তাহারা বিশ্বাসী নহে। প্রকৃত বিশ্বাস সম্পূর্ণ আত্মসমর্পণ চায়, আল্লাহ্ ও তাঁহার রসূলগণের দাবীগুলির প্রতি সম্পূর্ণতম আস্থা স্থাপনের নাম ঈমান বা বিশ্বাস।

اُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ حَقًّا ۚ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿۱۵۲﴾

১৫২
ইহারাই প্রকৃত কাফের এবং আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাজনক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছি।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ وَلَمۡ یُفَرِّقُوۡا بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ اُولٰٓئِکَ سَوۡفَ یُؤۡتِیۡہِمۡ اُجُوۡرَہُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۵۳﴾٪

১৫৩
এবং যাহারা আল্লাহ্ এবং তাঁহার রসূলগণের উপর ঈমান আনে এবং তাহাদের কাহারও মধ্যে পার্থক্য করে না, ইহারাই ঐ সকল লোক যাহাদিগকে তিনি শীঘ্রই তাহাদের পুরস্কার দিবেন। বস্তুতঃ আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
সূরা আন্‌-নিসা - রুকু ২১

یَسۡـَٔلُکَ اَہۡلُ الۡکِتٰبِ اَنۡ تُنَزِّلَ عَلَیۡہِمۡ کِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدۡ سَاَلُوۡا مُوۡسٰۤی اَکۡبَرَ مِنۡ ذٰلِکَ فَقَالُوۡۤا اَرِنَا اللّٰہَ جَہۡرَۃً فَاَخَذَتۡہُمُ الصّٰعِقَۃُ بِظُلۡمِہِمۡ ۚ ثُمَّ اتَّخَذُوا الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنٰتُ فَعَفَوۡنَا عَنۡ ذٰلِکَ ۚ وَاٰتَیۡنَا مُوۡسٰی سُلۡطٰنًا مُّبِیۡنًا ﴿۱۵۴﴾

১৫৪
আহ্‌লে কিতাব তোমার নিকট দাবী করিতেছে যে, তুমি তাহাদের উপর আকাশ হইতে এক কিতাব নাযেল কর। তাহারা মূসার নিকট ইহা হইতেও গুরুতর দাবী করিয়াছিল। যেমন তাহারা বলিয়াছিল, ‘আমাদিগকে প্রকাশ্যভাবে আল্লাহ্‌ দেখাও৬৯৩’। ফলে তাহাদের যুলুমের কারণে তাহাদিগকে বজ্রপাত আঘাত হানিয়াছিল। অতঃপর, তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী প্রকাশিত হওয়ার পরও তাহারা গো-বৎসকে (মা‘বূদ রূপে) গ্রহণ করিয়াছিল, কিন্তু ইহাও আমরা ক্ষমা করিয়াছিলাম। এবং আমরা মূসাকে প্রকাশ্য ক্ষমতা দান করিয়াছিলাম।
৬৯৩। ৯৬ টীকা দেখুন।

وَرَفَعۡنَا فَوۡقَہُمُ الطُّوۡرَ بِمِیۡثَاقِہِمۡ وَقُلۡنَا لَہُمُ ادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا وَّقُلۡنَا لَہُمۡ لَا تَعۡدُوۡا فِی السَّبۡتِ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ﴿۱۵۵﴾

১৫৫
এবং আমরা তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিবার সময় তূরপর্বতকে তাহাদের উর্ধে সমুচ্চ করিয়াছিলাম এবং তাহাদিগকে বলিয়াছিলাম, ‘তোমরা পূর্ণ আনুগত্যের সহিত এই ফটক দিয়া প্রবেশ কর’, এবং তাহাদিগকে আরও বলিয়াছিলাম, ‘তোমরা সাবাতের৬৯৪ বিষয়ে সীমালংঘন করিও না।’ এবং আমরা তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম।
৬৯৪। ৪ঃ৪৮ দেখুন।

فَبِمَا نَقۡضِہِمۡ مِّیۡثَاقَہُمۡ وَکُفۡرِہِمۡ بِاٰیٰتِ اللّٰہِ وَقَتۡلِہِمُ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ وَّقَوۡلِہِمۡ قُلُوۡبُنَا غُلۡفٌ ؕ بَلۡ طَبَعَ اللّٰہُ عَلَیۡہَا بِکُفۡرِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۱۵۶﴾۪

১৫৬
অতঃপর, তাহাদের অঙ্গীকার ভঙ্গের কারণে এবং আল্লাহ্‌র নিদর্শনাবলী অস্বীকার করার ও নবীগণকে অন্যায়ভাবে হত্যার চেষ্টা করার কারণে, এবং তাহাদের এই বক্তব্যের কারণে, ‘আমাদের হৃদয়গুলি পর্দাবৃত’,— বরং আল্লাহ্ উহাদের উপর মোহর৬৯৫ করিয়া দিয়াছেন তাহাদের অস্বীকারের কারণে, সুতরাং তাহারা ঈমান আনে অতি অল্পই-
৬৯৫। ২৭ টীকা দেখুন।

وَّبِکُفۡرِہِمۡ وَقَوۡلِہِمۡ عَلٰی مَرۡیَمَ بُہۡتَانًا عَظِیۡمًا ﴿۱۵۷﴾ۙ

১৫৭
এবং তাহাদের অস্বীকারের কারণে এবং মরিয়মের প্রতি তাহাদের ভয়ানক মিথ্যা অপবাদ৬৯৬ আরোপ করার কারণে;
৬৯৬। ইহুদীরা মরিয়মকে অবিবাহিতা অবস্থায় যৌনাচারের অভিযোগে অভিযুক্ত করে (প্যান্থার কর্তৃক প্রণীত যীশুর ইহুদী-জীবন)। মরিয়মের বিরুদ্ধে ইহুদীরা ‘কুৎসা-রটনা’ করে। মরিয়মের সম্বন্ধে ইহুদীদের ‘কুৎসা-রটনা’ শব্দগুলি উল্লেখ করিয়া কুরআন মরিয়মের সতীত্ব বর্ণনা করিয়াছে এবং স্পষ্ট বলিয়া দিতেছে যে, ঈসার (আঃ) জন্ম পিতৃমাধ্যম ছাড়াই হইয়াছিল। কারণ যদি ঈসার (আঃ) পিতাই থাকিত, তাহা হইলে মরিয়মের বিরুদ্ধে ইহুদীদের কুৎসা রটনার কোন সুযোগই থাকত না। আর অন্য কোনও ধরণের কুৎসাও মরিয়মের বিরুদ্ধে ছিল না। ঈসা (আঃ)-এর নবুওয়াত দাবীর প্রেক্ষিতে মরিয়মকে বিদ্রুপ করা হইয়াছিল বটে, কিন্তু কুরআন এই কুৎসাকে গুরুত্ব দেয়নাই এবং স্বীকার করে নাই। কুরআনের অন্যত্র ইহুদীদের এই জঘন্য অপবাদকে খণ্ডন করিয়া বলা হইয়াছে, “ঈসার (আঃ) মাতা ধার্মিকা, সতী রমণী ছিলেন” (৩ঃ৮৩, ৫ঃ৭৬)।

وَّقَوۡلِہِمۡ اِنَّا قَتَلۡنَا الۡمَسِیۡحَ عِیۡسَی ابۡنَ مَرۡیَمَ رَسُوۡلَ اللّٰہِ ۚ وَمَا قَتَلُوۡہُ وَمَا صَلَبُوۡہُ وَلٰکِنۡ شُبِّہَ لَہُمۡ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اخۡتَلَفُوۡا فِیۡہِ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ ؕ مَا لَہُمۡ بِہٖ مِنۡ عِلۡمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوۡہُ یَقِیۡنًۢا ﴿۱۵۸﴾ۙ

১৫৮
এবং তাহাদের এই বক্তব্যের কারণে, ‘আমরা আল্লাহ্‌র রসূল মরিয়মের পুত্র ঈসা মসীহ্‌কে নিশ্চয় হত্যা করিয়াছি’, অথচ না তাহারা তাহাকে হত্যা করিয়াছিল এবং না তাহারা তাহাকে ক্রুশে৬৯৭ বিদ্ধ করিয়া নিহত করিয়াছিল, বরং তাহাদের নিকটে তাহাকে (ক্রুশ-বিদ্ধ মৃতের) অনুরূপ৬৯৮ করা হইয়াছিল; এবং নিশ্চয় যাহারা তাহার ব্যাপারে মতভেদ করে তাহারা ঘোর সন্দেহের মধ্যে নিপতিত, তাহাদের এই বিষয়ে কোন (নিশ্চিত) জ্ঞান নাই, কেবল অনুমানের অনুসরণ ব্যতীত এবং নিশ্চিতরূপে তাহারা তাহাকে হত্যা করে৬৯৯ নাই।
৬৯৭। ‘মা সালাবুহু’ অর্থ তাহারা ক্রুশে দিয়াও তাহাকে নিহত করিতে পারে নাই। ‘সালাব’ অর্থই হইল এক ধরণের হত্যা-পদ্ধতি। ‘সালাবাল্‌ লিস্বা’ অর্থ তাহারা ক্রুশে দিয়া চোরটাকে হত্যা করিল। এই আয়াত ঈসা (আঃ)-কে ক্রুশে চড়াইবার কথা স্বীকার করে, কিন্তু ক্রুশে বিদ্ধ অবস্থায় তাহার মৃত্যু হইয়াছে বলিয়া স্বীকার করে না।
৬৯৮। ‘শুব্বিহা লাহুম’ অর্থ ইহুদীদের কাছে ঈসা (আঃ)-কে ক্রুশে বিদ্ধ অবস্থায় বা ক্রুশ হইতে নামানোর পর মৃত দেখাইতেছিল। অন্য অর্থ ঈসার (আঃ) মৃত্যুর ব্যাপারটা ইহুদীদের কাছে সন্দেহযুক্ত ও ঘোলাটে হইয়াছিল। ‘গুব্বিহা আলায়হিল আমরু’ অর্থ বিষয়টা তাহার নিকট অস্পষ্ট, ঘোলাটে বা সন্দেহযুক্ত করা হইয়াছিল (লেইন)।
৬৯৯। “মা কাতালুহু একীনান” বাক্যটির অর্থঃ (১) তাহারা নিশ্চয় তাহাকে হত্যা করিতে পারে নাই, (২) তাহারা তাহার (ঈসা আঃ-এর) মৃত্যুর অনুমানকে নিশ্চয়তার পর্যায়ে পৌছাইতে পারে না। অর্থাৎ ঈসা (আঃ)- এর ক্রুশে মৃত্যু সম্বন্ধীয় তাহাদের ধারণা সংশয়াতীত হইয়া তাহদের মনে নিশ্চয়তা সৃষ্টি করে নাই। এই ক্ষেত্রে, ‘কাতালুহু’র ‘হু’ ‘যান্ন্‌’ (অনুমান) শব্দের সর্বনামরূপে ব্যবহৃত হইয়াছে মনে করিতে হইবে। আরবেরা বলে, ‘কাতালাশ্ শাইয়া খুবরান’ অর্থাৎ সে বিষয়টি সম্বন্ধে এত জ্ঞান লাভ করিয়াছিল যে, ঐ বিষয়ে তাহার সংশয়ের সামান্য সম্ভাবনাও অবশিষ্ট রহিল না (লেইন, লিসান, এবং মুফরাদাত)। ঈসা (আঃ) যে ক্রুশে মৃত্যুবরণ না করিয়া পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিয়াছিলেন, তাহা কুরআন হইতে স্পষ্টভাবে বুঝা যায়। বাইবেলের নিম্নবর্ণিত কথাগুলি হইতেও কুরআনের বর্ণনার সমর্থন পাওয়া যায়ঃ (ক) ঈসা (আঃ) আল্লাহ্‌র প্রেরিত পুরুষ ছিলেন। তাঁহার পূণ্যজীবনের অবসান ক্রুশের উপরে কখনই হইতে পারে না। কারণ বাইবেল অনুযায়ী, “যে ব্যক্তি ক্রুশবিদ্ধ অবস্থায় মৃত্যু বরণ করে সে আল্লাহ্‌র অভিশাপ গ্রস্ত (দ্বিতীয়-২১ঃ২৩)। (খ) তিনি অতিশয় কাতর হৃদয়ে রাতভর দোয়া করিয়াছিলেন, “আমার নিকট হইতে এই পান পাত্র দূর কর” (মার্ক-১৪ঃ৩৬; মথি-২৬ঃ৩৯, লুক-২২ঃ৪২) এবং তাঁহার এই দোয়া কবুল হইয়াছিল (হবঃ-৫ঃ৭) (গ) তিনি পূর্বেই ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে, ইউনূস নবী (আঃ) যেমন মাছের পেটে জীবিতাবস্থায় গিয়াছিলেন এবং জীবিত অবস্থায়ই উহার পেট হইতে বাহির হইয়া আসিয়াছিলেন (মথি-১২ঃ৪০), তেমনি তিনিও খোদিত কবরে তিন দিন থাকিয়া জীবিত অবস্থায়ই উহা হইতে বাহির হইয়া আসিবেন। (ঘ) তিনি ইহাও ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে, ইস্‌রাঈলের দশটি হারানো গোত্রকে খুঁজিয়া পাওয়ার জন্য তাঁহাকে বাহিরে যাইতে হইবে (যোহন-১০ঃ১৬)। ঈসা (আঃ)-এর সময়ের ইহুদীগণও বিশ্বাস করিত যে, ইস্‌রাঈলের হারানো গোত্রগুলি বিভিন্ন দেশে ছড়াইয়া পড়িয়াছে (যোহন-৭ঃ৩৪,৩৫)। (ঙ) ঈসা (আঃ) মাত্র তিন ঘন্টার মত ক্রুশে লটকানো অবস্থায় ছিলেন (যোহন-১৯ঃ১৪) এবং তাঁহার মত স্বাভাবিক শারীরিক গঠনের ব্যক্তি এত অল্প সময়ে ক্রুশে মরিতে পারেন না। (চ) ক্রুশ হইতে নামাইবার পরে পরেই তাহার পার্শ্বদেশে ধারাল অস্ত্রের দ্বারা আঘাত করা হয় এবং রক্ত ও পানি সেই আহত স্থল হইতে ফিনকি দিয়া বাহির হইয়া আসে। ইহা তাঁহার জীবিত থাকার পরিচায়ক (যোহন-১৯ঃ৩৪)। (ছ) ইহুদীরা, ঈসা (আঃ)-এর মৃত্যুর ব্যাপারে নিজেরাই নিশ্চিত ছিল না। কারণ তাহারা পীলাতকে তাঁহার কবরে পাহারাদার রাখার অনুরোধ জানাইয়াছিল। তাহারা এই বলিয়া অনুরোধ করিয়াছিল, “তাঁহার শিষ্যরা রাত্রে আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যাইতে পারে এবং তৎপর জনগণের কাছে বলিতে পারে, তিনি মৃতের মধ্য হইতে, জীবিত হইয়া উঠিয়াছেন’ (মথি-২৭ঃ৬৪)। (জ) সুসমাচারগুলির একটিতেও কোন চাক্ষুস-সাক্ষীর বিবৃতি লিপিবদ্ধ নাই যে, তাহাকে ক্রুশ হইতে নামাইবার সময়ে তিনি মৃত অবস্থায় ছিলেন কিংবা কবরে রাখার সময়ে তিনি মৃত ছিলেন। তাছাড়া তাঁহাকে ক্রুশে চড়াইবার সময়, একজন অনুসারীও ঐ দৃশ্যপটে উপস্থিত ছিলেন না। তাহারা সকলেই আত্মগোপন করিয়াছিলেন। আসল ঘটনা এইরূপ ছিল যে, পীলাতের স্ত্রীর পূর্ববতী রাত্রের স্বপ্ন-বাণী, “এই ন্যায়বান ব্যক্তির ক্ষতি করিও না”, পীলাতের মনে এই বিশ্বাস সৃষ্টি করিয়াছিল যে ঈসা (আঃ)নিরপরাধ। তাই পীলাত, ‘এসেনি’ফেরকার সম্মানিত ব্যক্তি আরিমেথিয়ার যোসেফের সাথে যুক্তি করিয়া ঈসা (আঃ)কে বাঁচাইবার কৌশল অবলম্বন করিয়াছিলেন। কারণ, নবুওয়াত প্রাপ্তির পূর্ব পর্যন্ত ঈসা (আঃ) এসেনি ফেরকারই সদস্য ছিলেন। ঈসা (আঃ)-এর বিচার হইয়াছিল শুক্রবারে। পীলাত বিচার-কার্য ইচ্ছাপূর্বক দীর্ঘায়িত করিয়াছিলেন। তিনি জানিতেন যে, ক্রুশের শাস্তি-প্রাপ্ত ব্যক্তিদিগকে শুক্রবার দিবাগত সন্ধ্যায়ই ক্রুশ হইতে নামাইয়া ফেলিতে হইবে। তাই তিনি যখন ঈসা (আঃ)-এর বিরুদ্ধে ক্রুশের শাস্তি ঘোষণা করিতে বাধ্য হইলেন, তখন সূর্যাস্ত হইতে মাত্র তিন ঘন্টা বাকী ছিল, তিনি নিশ্চিত হইয়াছিলেন যে, সাধারণ স্বাস্থ্য-সম্পন্ন কোনও ব্যক্তিই এত অল্প সময় ক্রুশে থাকিয়া মৃত্যু বরণ করে না। পীলাত কিছু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিয়া, ঈসা (আঃ)- কে সুগন্ধি নির্যাস মিশ্রিত সিরকা জাতীয় পানীয় পান করাইয়াছিলেন যাহাতে তাহার কষ্টানুভূতি কম হয়। ক্রুশে লটকাইবার তিন ঘন্টা পরে, ঈসা (আঃ)-কে যখন সংজ্ঞাহীন অবস্থায় নামানো হইল (সম্ভবতঃ সিরকার প্রভাবে অচেতন ছিলেন), তখন আরিমেথিয়ার যোসেফের অনুরোধে পীলাত সাথে সাথে ঈসা (আঃ)-এর দেহ তাহাকে সমর্পণ করিলেন। ঈসা (আঃ)-এর সাথে দুইজন দুষ্কৃতকারীকেও ক্রশে লটকানো হইয়াছিল এবং তাহাদের হাড় ভাঙ্গিয়া দেওয়া হইয়াছিল। কিন্তু ঈসা (আঃ)-এর হাড় ভাঙ্গা হয় নাই। যোসেফ পাহাড়ের টিলার গাত্রে খোদাই করা প্রশস্ত কোঠায় তাঁহার দেহটি রাখিলেন। তাঁহার দেহের কোনরূপ ডাক্তারী পরীক্ষা হয় নাই, জীবিত কি মৃত তাহাও পরীক্ষা করা হয় নাই, এমন কি এ ব্যাপারে তাঁহার অন্তিম সময়ের কাহারও সাক্ষ্য প্রমাণও নেওয়া হয় নাই (মিস্‌টিকেল লাইফ অব জিসাস, প্রণেতা এইচ, স্পেন্সার লিউইস)। (ঝ) একটি ভেষজ মলম (ইহা পরে ‘মরহমে ঈসা’ বা ঈসার মলম নামে পরিচিত হয়) তৈরী করিয়া তাঁহার ক্ষতস্থানগুলিতে প্রলেপ দেওয়া হয় এবং আরিমেথিয়ার যোসেফ ও নিকোডিমাস তাঁহার শুশ্রুষা ও সেবাযত্ন করিতে থাকেন। ‘নিকোডিমাস এসেনি’ ভ্রাতৃমণ্ডলীর একজন অতি সম্মানী ও উচ্চ জ্ঞানী ব্যক্তি ছিলেন। (ঞ) ঈসা (আঃ)-এর ক্ষতগুলি মোটামুটি সারিয়া উঠিলে, তিনি কবরটি ত্যাগ করেন এবং রাত্রিযোগে পর পর কয়েকজন শিষ্যের সহিত সাক্ষাৎ করেন এবং তাহাদের সাথে খাদ্য গ্রহণ করেন। অতঃপর, তিনি পদব্রজে জেরুসালেম হইতে গেলিলী চলিয়া যান (লুক-২৪ঃ৫০)। (টা) আমেরিকায় প্রথমে ১৮৭৩ খৃষ্টাব্দে ’দি ক্রুসিফিকশন বাই এন আই-উইটনেস’ নামক একটি পুস্তক প্রকাশিত হয়। ক্রুশের ঘটনার সাত বৎসর পর, জেরুযালেমের এসেনি ভ্রাতৃত্ব-মণ্ডলীর একজন সদস্য আলেকজান্দ্রিয়ার অপর এসেনি ভ্রাতা সদস্যকে এই বিষয়ের উপর একটি পত্র লিখিয়াছিলেন। পত্রটির পুরাতন ল্যাটিন ভাষার কপির ইংরেজী অনুবাদ করিয়া, উক্ত পুস্তকটি প্রকাশিত হয়। এই পুস্তকট, এই অভিমতের জোরালো সমর্থন যোগাইয়াছে যে, ঈসা (আঃ) ত্রুশ হইতে অবতরণের পর জীবিত ছিলেন। পুস্তকখানা, ক্রুশে-লটকানোর পূর্ব-ঘটনাবলীর বিবরণ, ক্রুশ-স্থলের দৃশ্যাবলী এবং পরবর্তী ঘটনা সমূহ বিস্তৃতভাবে বর্ণনা করিয়াছে। (তফসীরের বৃহত্তর ইংরেজি বা উর্দু সংস্করণও দেখুন)। ঈসা (আঃ)-এর তথাকথিত ক্রুশবিদ্ধ-মৃত্যু সম্বন্ধে ইহুদীদের মধ্যে দুইটি পৃথক মতামত রহিয়াছে। একদল বলে যে, তাঁহাকে প্রথমে মারা হইয়াছিল এবং পরে তাঁহার মৃতদেহ ক্রশে লটকানো হইয়াছিল। অন্যেরা বলে, ক্রুশে লটকাইয়াই তাঁহাকে হত্যা করা হইয়াছে। প্রথমোক্ত মতটি প্রেরিত-৫ঃ৩০ এর উপর ভিত্তি করিয়া গড়িয়া উঠিয়াছে, সেখানে লেখা আছে, “যাহা তোমরা বধ করিয়াছিলে এবং গাছে লটকাইয়াছিলে।” কুরআন এই দুইটি অভিমতকেই খণ্ডন করিয়া বলিতেছে, তাহারা তাঁহাকে হত্যা করিতে পারে নাই, এমন কি ক্রুশে লটকাইয়াও হত্যা করিতে পারে নাই।” প্রথমে কুরআন বলিতেছে, তাহারা বহু রকমের চেষ্টা করিয়া কোনও প্রকারেই তাঁহাকে হত্যা করিতে পারে নাই, অতঃপর বলিতেছে শেষ পর্যন্ত তাহারা ষড়যন্ত্র করিয়া তাঁহাকে ক্রুশে লটকাইল, কিন্তু তাহাতেও তাঁহাকে মারিতে পারিল না। কুরআন ঈসা (আঃ)-কে ক্রুশে লটকানোর কথা অস্বীকার করে নাই। বরং ক্রুশের উপরেই ঈসা (আঃ) মরিয়াছেন, এই কথাটি অস্বীকার করে।

بَلۡ رَّفَعَہُ اللّٰہُ اِلَیۡہِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۱۵۹﴾

১৫৯
বরং আল্লাহ্ তাহাকে তাঁহার দিকে৭০০ উন্নীত করিয়াছেন। বস্তুতঃ আল্লাহ্ মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৭০০। ইহুদীরা উল্লাসের সহিত দাবী করে, তাহারা ঈসা (আঃ)-কে ক্রুশে নিহত করিয়া প্রমাণ করিয়াছে যে, তিনি নবী ছিলেন না, বরং মিথ্যা দাবীকারক ছিলেন। পূর্ববর্তী আয়াত ও আলোচ্য আয়াত মিলিয়া, ইহুদীদের এই মিথ্যা অপবাদকে খণ্ডন করিয়াছে এবং তাহাদের আরোপিত সর্বপ্রকার দোষ-ত্রুটি হইতে তাহাকে মুক্ত ঘোষণা করিতেছে। আরও ঘোষণা করিতেছে যে, ঈসা (আঃ) আল্লাহ্‌তা’লার নিকট আধ্যাত্মিক মর্যাদার উচ্চস্তরে সম্মানিত আসনে সমাসীন আছেন। এই আয়াতের কোথাও ঈসার (আঃ) সশরীরে আকাশে উঠার কোন কথা নাই। আয়াতে করীমা শুধু এই কথাই বলিতেছে যে, আল্লাহ্ তাঁহাকে নিজের সন্নিধানে সম্মানিত করিয়াছেন অর্থাৎ আধ্যাত্মিক উচ্চ মর্যাদায় ভূষিত করিয়াছেন। আল্লাহ্র কাছে উঠাইবার অর্থ কোনও নির্দিষ্ট জাগতিক স্থানে নিয়া যাওয়া বুঝাইতে পারে না, কেননা আল্লাহ্‌র জন্য কোন বাসস্থান নিধারণ করা যায় না।

وَاِنۡ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ اِلَّا لَیُؤۡمِنَنَّ بِہٖ قَبۡلَ مَوۡتِہٖ ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یَکُوۡنُ عَلَیۡہِمۡ شَہِیۡدًا ﴿۱۶۰﴾ۚ

১৬০
আহ্‌লে কিতাব হইতে প্রত্যেক ব্যক্তিই তাহার নিজ মৃত্যুর৭০১ পূর্বে ইহার (ঈসার ক্রুশীয় মৃত্যুর) উপর অবশ্যই বিশ্বাস রাখিবে এবং সে (ঈসা) কিয়ামতের দিনে তাহাদের বিরুদ্ধে সাক্ষী হইবে।
৭০১। ‘তাহার মৃত্যুর পূর্বে’; এই কথাটিতে ‘তাহার’ সর্বনামটি ‘প্রত্যেক ব্যক্তিই’-এর স্থলে বসিয়াছে। মোট কথা, অর্থ এই বুঝায় যে, আহ্‌লে-কিতাবের প্রত্যেক ব্যক্তি তাহার নিজের মৃত্যুর পূর্বে ইহাই বিশ্বাস করিবে যে, ঈসা (আঃ)-এর মৃত্যু ক্রুশেই হইয়াছে। ‘মাওতিহি’র অন্য একটি পঠন ‘মাওতিহিম’ (তাহাদের মৃত্যু) এই অর্থের পূর্ণ সমর্থন করে। এই ভিন্ন পঠন ‘মাওতিহিম’ উবাই কর্তৃক বর্ণিত হইয়াছে (জরীর, ৬ষ্ঠ, ১৩)। ইহুদীরা বিশ্বাস রাখে যে, তাহারা ঈসা (আঃ)-কে ক্রুশে মারিয়া ইহাই প্রমাণ করিয়াছিল যে, তিনি (মাআযাল্লাহ) সত্য নবী ছিলেন না বরং মিথ্যা দাবীদার ছিলেন। খৃষ্টানেরা বিশ্বাস করে যে, ঈসা (আঃ) ক্রুশে মৃত্যু বরণ করিয়াছেন। কারণ, এই ক্রুশীয় মৃত্যুকে ভর করিয়াই তাহারা প্রায়শ্চিত্তবাদ গ্রহণ করিয়াছে।