৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

قَالُوۡا بَلۡ اَنۡتُمۡ ۟ لَا مَرۡحَبًۢا بِکُمۡ ؕ اَنۡتُمۡ قَدَّمۡتُمُوۡہُ لَنَا ۚ فَبِئۡسَ الۡقَرَارُ ﴿۶۱﴾

৬১
তাহারা (অনুসারীরা) বলিবে, ‘বরং তোমরা এমন লোক, যাহাদিগকে কেহ স্বাগত জানাইবে না। তোমরাই তো (আমাদিগকে বিভ্রান্ত করিয়া) ইহাকে (জাহান্নামকে) আমাদের জন্য আগে পাঠাইয়াছ।২৫৪৭ বস্তুতঃ ইহা অতি মন্দ অবস্থান স্থল।
২৫৪৭। অনুসারীরা তাহাদের ভ্রান্ত নেতৃবর্গকে এই বলিয়া দোষারোপ করিবে ও অভিশাপ দিবে যে, তাহারাই তাহাদিগকে অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত করিয়াছে। ইহা মানুষের স্বাভাবিক প্রকৃতি যে, যখন সে নিজের মন্দ কাজের কুফলের সম্মুখীন হয়, তখন সে অপরের কাঁধে দোষ চাপাইবার চেষ্টা করে।

قَالُوۡا رَبَّنَا مَنۡ قَدَّمَ لَنَا ہٰذَا فَزِدۡہُ عَذَابًا ضِعۡفًا فِی النَّارِ ﴿۶۲﴾

৬২
তাহারা যখন বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! যে ব্যক্তি আমাদের জন্য এই অবস্থার সৃষ্টি করিয়াছে তুমি তাহাকে আগুনের মধ্যে দ্বিগুণ আযাব বর্ধিত করিয়া দাও!’২৫৪৮
২৫৪৮। কাফের নেতৃবৃন্দের অনুসারীগণ তাহাদের পূর্বতম নেতাদের উপর আল্লাহ্‌র অভিসম্পাত ও বহুগুণ অধিক শান্তি কামনা করিবে।

وَقَالُوۡا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا کُنَّا نَعُدُّہُمۡ مِّنَ الۡاَشۡرَارِ ﴿ؕ۶۳﴾

৬৩
এবং তাহারা (জাহান্নামীরা) বলিবে, ‘আমাদের কি হইয়াছে যে আমরা ঐ সমস্ত লোকদিগকে দেখিতেছি না২৫৪৯ যাহাদিগকে আমরা মন্দ বলিয়া গণ্য করিতাম?’
২৫৪৯। ‘আমরা ঐ সমস্ত লোকদিগকে দেখিতেছি না’ এখানে লোকদিগকে বলিতে বিশ্বাসীগণকে বুঝাইতেছে।

اَتَّخَذۡنٰہُمۡ سِخۡرِیًّا اَمۡ زَاغَتۡ عَنۡہُمُ الۡاَبۡصَارُ ﴿۶۴﴾

৬৪
‘আমরা কি (অযথাই আমাদের খেয়াল অনুযায়ী) তাহাদিগকে উপহাসের পাত্র মনে করিতাম, অথবা তাহাদের সম্বন্ধে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে?’২৫৫০
২৫৫০। দোযখবাসীরা পরস্পর বলাবলি করিবে, “আমাদের কি হইয়াছে যে, আমরা ঐ লোকদিগকে এখানে দেখিতে পাইতেছি না, যাহাদিগকে পৃথিবীতে থাকাকালে আমরা অবজ্ঞার চোখে দেখিতাম এবং বিদ্রুপ করিতাম—ঐ লোকেরা কি আসলে আমাদের বিদ্রুপের পাত্র ছিলনা, বরং সত্যিকার খোদা-ভক্ত পূণ্যবান ভাল মানুষই ছিল? তাহারা যদি দোযখেই থাকিত তাহা হইলে দেখিতে পাই না কেন?”

اِنَّ ذٰلِکَ لَحَقٌّ تَخَاصُمُ اَہۡلِ النَّارِ ﴿٪۶۵﴾

৬৫
নিশ্চয় ইহা সত্য— জাহান্নামীদের এই তর্ক-বিতর্ক।
সূরা সাদ - রুকু ৪

قُلۡ اِنَّمَاۤ اَنَا مُنۡذِرٌ ٭ۖ وَّمَا مِنۡ اِلٰہٍ اِلَّا اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿ۚ۶۶﴾

৬৬
তুমি বল, ‘আমি মাত্র একজন সতর্ককারী, এবং আল্লাহ্ ব্যতীত কোন মা’বূদ নাই, তিনি এক-অদ্বিতীয় এবং মহা প্রতাপশালী;

رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا الۡعَزِیۡزُ الۡغَفَّارُ ﴿۶۷﴾

৬৭
তিনি আকাশসমূহ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর প্রতিপালক, যিনি মহা পরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।

قُلۡ ہُوَ نَبَؤٌا عَظِیۡمٌ ﴿ۙ۶۸﴾

৬৮
তুমি বল, ‘ইহা এক মহা সংবাদ২৫৫১
২৫৫১। ‘নাবা’ অর্থ সংবাদ; একটি অত্যাবশ্যক ঘোষণা; বাণী; ভয়ঙ্কর খবর। ‘নাবাউন আযীম’ বিরাট সংবাদ বলিতে কুরআন অবতরণের বিরাট ঘটনাকে বুঝাইতেছে অথবা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অভ্যূদয়কে বুঝাইতেছে।

اَنۡتُمۡ عَنۡہُ مُعۡرِضُوۡنَ ﴿۶۹﴾

৬৯
যাহা হইতে তোমরা বিমুখ হইতেছ;

مَا کَانَ لِیَ مِنۡ عِلۡمٍۭ بِالۡمَلَاِ الۡاَعۡلٰۤی اِذۡ یَخۡتَصِمُوۡنَ ﴿۷۰﴾

৭০
ঊর্ধ্বোন্নত মজলিসের২৫৫২ কোন ইল্‌ম-জ্ঞান আমার জানা ছিল না, যখন তাহারা (তাহাদের বিষয় লইয়া) পরস্পর তর্ক-বিতর্ক করিতেছিল,
২৫৫২। কুরআনের সূরা বাকারার ৩১ আয়াত হইতে বুঝা যায় এবং হাদীস হইতে সাব্যস্ত হয় যে, আল্লাহ্‌তা’লা যখন পৃথিবীতে নবী পাঠাইতে চাহেন, তখনই তিনি তাঁহার নিকটবর্তী ফিরিশ্‌তাগণের কাছে ,তাঁহার এই ইচ্ছাটি প্রকাশ করেন। তাহারা বিষয়টি অতিশয় গুরুত্বপূর্ণ জানিয়া ও বুঝিয়া নিজেদের মধ্যে আলোচনা করেন। আলোচনারত ফিরিশ্‌তাদেরকেই ‘মালায়ে আলা’ বা উচ্চ পর্যায়ের মজলিস বলা হইয়াছে। মহানবী (সাঃ) এই কথা বলিয়াছেন বলিয়া জানা যায় যে, তাঁহার উপর যখন নবুওয়াতের ঐশী দায়িত্ব অর্পিত হইতেছিল, তখন ফিরিশ্‌তাদের মধ্যে এই ব্যাপারে কি কি বিষয় আলাপ-আলোচনা হইয়াছিল, তাহা তিনি জানিতে পারেন নাই।