৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

صٓ وَالۡقُرۡاٰنِ ذِی الذِّکۡرِ ؕ﴿۲﴾

২
সাদ২৫১৩ নসীহতপূর্ণ২৫১৪ কুরআনের শপথ (যে ইহা আমাদের তরফ হইতে নাযেলকৃত কালাম)।
২৫১৩। ‘সাদ’ ‘সাদেক’ এর সংক্ষিপ্ত অক্ষর। অক্ষরটির মর্ম হইতে পারে ‘সত্যবাদী আল্লাহ্’‌, ‘আমি আল্লাহ্‌ সত্যবাদী’ অথবা ‘আল্লাহ্‌ সত্য বলিয়াছেন’।
২৫১৪। সত্যবাদী আল্লাহ্‌ কুরআনের শপথ নিয়া বলিতেছেন যে, হযরত রসূলে পাক (সাঃ)-এর অনুসারীরা কুরআনের শিক্ষার উপর আমল করিয়া এবং কুরআনকে জীবন-দিশারী বানাইয়া জীবন পথে অগ্রসর হইলে, উন্নতির পর উন্নতি করিবে এবং বিশ্বের জাতিবর্গের মধ্যে এক সম্মানিত মর্যাদার আসন লাভ করিবে। ‘যিক্‌র্‌’ শব্দের এক অর্থ সম্মান ও মর্যাদা (লেইন)।

بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ عِزَّۃٍ وَّشِقَاقٍ ﴿۳﴾

৩
কিন্তু যাহারা অস্বীকার করে তাহারা অহংকার এবং শত্রুতায় নিমগ্ন রহিয়াছে।২৫১৫
২৫১৫। পাপ ও অবিশ্বাসের মূল শিকড় হইল মিথ্যা অহংঙ্কার, আত্মম্ভরিতা ও ঔদ্ধত্য। শয়তানের প্রথম পাপকর্ম ইহাই ছিল যে, সে নিরর্থক আত্মগরিমায় নিমগ্ন হইয়া নিজেকে ‘আদম’ হইতে শ্রেষ্ঠতর মনে করিল এবং আদমের আনুগত্য স্বীকার করাকে অপমান মনে করিল। “আমি তাহা অপেক্ষা শ্রেষ্ঠ” (৭ঃ১৩) এই অহমিকা ও কু-ধারণাই অবিশ্বাসীদিগকে সমাগত নবীর সত্যতাকে স্বীকার করিতে বাধা দেয়।

کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوۡا وَّلَاتَ حِیۡنَ مَنَاصٍ ﴿۴﴾

৪
কতই না জনগোষ্ঠীকে আমরা তাহাদের পূর্বে ধ্বংস করিয়াছি! তখন তাহারা (সাহায্যের জন্য) আর্তনাদ করিয়াছিল, অথচ তখন বাঁচিবার সময় ছিল না।২৫১৬
২৫১৬। কিছু সংখ্যক আলেম বলেন, “লাতা” আদতে “লাইসা”। অন্যেরা মনে করেন, স্ত্রীলিঙ্গে ব্যবহৃত ‘তা’ না-বোধক ‘লা’-এর সহিত যোগ করা হইয়াছে এইজন্য যে, ‘না’ কথাটা যেন অধিক শক্তিশালী হয়। জ্ঞানীদের তৃতীয় দল মনে করেন, এই শব্দটি স্বয়ং সম্পূর্ণ স্বাধীন শব্দ; লাইসা বা ‘লা’ হইতে উদ্ভূত শব্দ নহে। এই ব্যাপারে চতুর্থ একটি মতও আছে। এই অভিমত অনুযায়ী, ইহা একটি স্বতন্ত্র শব্দ বটে, তবে একটি শব্দাংশও; যথা না-বোধক ‘লা’ এবং ‘তা’, ‘হীনা’ শব্দের পূর্বে যোজিত অবস্থা। এই ‘লাতা’ শব্দটি ‘হীনা’ শব্দের পূর্বে সহযোগী হিসাবে ব্যবহৃত হয় বা অন্য কোন সমার্থক শব্দের সহিত একযোগে ব্যবহৃত হইয়া থাকে।

وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ ۫ وَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا سٰحِرٌ کَذَّابٌ ۖ﴿ۚ۵﴾

৫
এবং তাহারা বিস্মিত হয় যে, তাহাদের নিকট তাহাদেরই মধ্য হইতে একজন সতর্ককারী আসিয়াছে, এবং কাফেরগণ বলে, ‘এ তো একজন যাদুকর, বড়ই মিথ্যাবাদী।’

اَجَعَلَ الۡاٰلِہَۃَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عُجَابٌ ﴿۶﴾

৬
কী! সে বহু মা’বূদকে এক মা’বূদ বানাইয়া লইয়াছে? নিশ্চয় ইহা এক তাজ্জবের ব্যাপার!

وَانۡطَلَقَ الۡمَلَاُ مِنۡہُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰۤی اٰلِہَتِکُمۡ ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ یُّرَادُ ۖ﴿ۚ۷﴾

৭
এবং তাহাদের মধ্যে প্রধানগণ এই বলিয়া চলিয়া গেল যে, তোমরা এখান হইতে চলিয়া যাও, এবং তোমাদের মা’বূদগণের উপর তোমরা অবিচল থাক। নিশ্চয় ইহা এমন এক বিষয় যদ্বারা কোন একটা মতলব আঁটা হইয়াছে;

مَا سَمِعۡنَا بِہٰذَا فِی الۡمِلَّۃِ الۡاٰخِرَۃِ ۚۖ اِنۡ ہٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖ﴿ۚ۸﴾

৮
আমরা এরূপ কথা পূর্ববর্তী কোন ধর্মমতে২৫১৭ কখনও শুনি নাই। ইহা মনগড়া মিথ্যা বই কিছুই নহে;
২৫১৭। “পূর্ববর্তী ধর্মমত” বলিতে খৃষ্ট-ধর্ম অথবা মক্কার পৌত্তলিক-ধর্ম অথবা ইস্‌লাম-পূর্ব যে কোন ধর্মকেই বুঝাইতে পারে। কারণ প্রাক-ইসলামি কোন ধর্মেই তওহীদের বিশ্বাসের ক্ষেত্রে বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষিত হয় নাই।

ءَاُنۡزِلَ عَلَیۡہِ الذِّکۡرُ مِنۡۢ بَیۡنِنَا ؕ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ ذِکۡرِیۡ ۚ بَلۡ لَّمَّا یَذُوۡقُوۡا عَذَابِ ؕ﴿۹﴾

৯
আমাদের (সারা জাতির) মধ্য হইতে কি কেবল তাহারই উপর এই উপদেশবাণী নাযেল করা হইয়াছে? না, বরং তাহারা আমার উপদেশ-বাণী সম্বন্ধে সন্দেহে পড়িয়া আছে। না, বরং তাহারা এখন পর্যন্ত আমার আযাবের স্বাদই গ্রহণ করে নাই।

اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَحۡمَۃِ رَبِّکَ الۡعَزِیۡزِ الۡوَہَّابِ ۚ﴿۱۰﴾

১০
তোমার মহা পরাক্রমশালী ও পরম দানশীল প্রতিপালকের রহমতের ভাণ্ডারসমূহ কি তাহাদের নিকটে আছে?