৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৪ আয়াত এবং ৫ রুকু আছে।

لَا الشَّمۡسُ یَنۡۢبَغِیۡ لَہَاۤ اَنۡ تُدۡرِکَ الۡقَمَرَ وَلَا الَّیۡلُ سَابِقُ النَّہَارِ ؕ وَکُلٌّ فِیۡ فَلَکٍ یَّسۡبَحُوۡنَ ﴿۴۱﴾

৪১
সূর্যের ক্ষমতা নাই যে উহা চন্দ্রকে ধরে এবং রাত্রিরও ক্ষমতা নাই যে উহা দিবসকে অতিক্রম করে। এবং উহাদের প্রত্যেকেই আকাশে নিজ নিজ কক্ষপথে অবাধে সন্তরণ করিয়া চলিয়াছে।২৪৪৬
২৪৪৬। মহাশূন্যে বিরাজমান গ্রহ-নক্ষত্র-তারকাপুঞ্জ ও অন্যান্য বিশালাকার জ্যোতিষ্কসমূহ সুশৃঙ্খলভাবে ভাসিয়া বেড়াইতেছে। কুরআন নাযেল হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ এই অভিমত পোষণ করিত যে, আকাশমালা ঘন দেহধারী জড়পিণ্ড বিশেষ। ইহা কুরআনের এক মহাবৈশিষ্ট্য যে, ইহা এমন এক সুন্দর ভাষা ও শব্দব্যবহার করে যাহা পূর্বেকার ভুল-ভ্রান্তিগুলিকে সাবলীলভাবে খণ্ডন করিয়া দেয় এবং সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও দর্শনের রাজ্যে নূতন নূতন আবিষ্কারের পথ খুলিয়া দেয়। এই আয়াত বিশ্ব-জগতের সুশৃঙ্খল পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রতি ইঙ্গিত করে আকাশের তারকামণ্ডলীই বলুন আর পৃথিবীর উপগ্রহই বলুন সকলেই তাহাদের প্রতি আরোপিত কাজ নিয়মিতভাবে সুশৃঙ্খলার সহিত সময়মত ও অভ্রান্তভাবে একে অন্যের ব্যাঘাত না ঘটাইয়া সম্পাদন করিয়া যাইতেছে। এই সৌরমণ্ডল এমনিভাবে লাখ লাখ মণ্ডলের একটি মাত্র, এই লাখ লাখ মণ্ডলে এমন সব মণ্ডলও রহিয়াছে, যাহারা সৌরমণ্ডল হইতে লক্ষলক্ষ গুণ বড়। এই লক্ষ লক্ষ সূর্যও লক্ষ লক্ষ তারকা মহাশূন্যে এমনিভাবে পরস্পরের সঙ্গে নিরাপদ দূরত্ব রক্ষা করিয়া ভাসিয়া বেড়াইতে ছে যে, ইহাদের সামঞ্জস্য ও সৌন্দর্য কখনও ব্যাহত হয়না। একে অপরের সঙ্গে উহারা ঐক্য-সূত্রে গাঁথা থাকিয়া নিজ নিজ কক্ষপথে নিজের গন্তব্যের দিকে চলে। কাঠোমো ও গতিময়তায় তারা সব এক ও অভিন্ন, কী চমৎকার!

وَاٰیَۃٌ لَّہُمۡ اَنَّا حَمَلۡنَا ذُرِّیَّتَہُمۡ فِی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ ﴿ۙ۴۲﴾

৪২
এবং তাহাদের জন্য ইহাও এক নিদর্শন যে, আমরা তাহাদের বংশধরগণকে বোঝাই করা নৌযানে বহন করিয়া থাকি।

وَخَلَقۡنَا لَہُمۡ مِّنۡ مِّثۡلِہٖ مَا یَرۡکَبُوۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং আমরা নিশ্চয় উহার সদৃশ আরও (যানবাহন) সৃষ্টি করিব যাহাতে তাহারা আরোহণ করিবে।২৪৪৭
২৪৪৭। কুরআন কত আগেই বলিয়া রাখিয়াছে যে, মানুষের জন্য আল্লাহ্ অন্যান্য কত ধরণের যান-বাহন পৃথিবীর বুকে সৃষ্টি করিবেন। রেলগাড়ী, স্টিমার,সমুদ্রগামী জাহাজ, এরোপ্লেন, মহাশূন্যযান ইত্যাদি আমাদিগকে আল্লাহ্‌-প্রদত্ত ঐ ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার কথা স্মরণ করাইয়া দেয়। কুরআন আল্লাহ্‌র বাণী না হইলে ইহা এত সুদূর ভবিষ্যতের কথা বলিতে পারিত না।

وَاِنۡ نَّشَاۡ نُغۡرِقۡہُمۡ فَلَا صَرِیۡخَ لَہُمۡ وَلَا ہُمۡ یُنۡقَذُوۡنَ ﴿ۙ۴۴﴾

৪৪
এবং যদি আমরা চাহি তাহা হইলে তাহাদিগকে নিমজ্জিত করিয়া দিতে পারি, তখন তাহাদের জন্য কেহ ফরিয়াদ শ্রবণকারী থাকিবে না এবং তাহাদিগকে উদ্ধারও করা হইবে না,

اِلَّا رَحۡمَۃً مِّنَّا وَمَتَاعًا اِلٰی حِیۡنٍ ﴿۴۵﴾

৪৫
কেবল আমাদের পক্ষ হইতে রহমত ব্যতীত, এবং উহা কেবল এক নির্দিষ্ট কাল পর্যন্ত পার্থিব সুখ-সম্ভোগ স্বরূপ।

وَاِذَا قِیۡلَ لَہُمُ اتَّقُوۡا مَا بَیۡنَ اَیۡدِیۡکُمۡ وَمَا خَلۡفَکُمۡ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
এবং যখন তাহাদিগকে বলা হয়, ‘যাহা কিছু তোমাদের সম্মুখে২৪৪৮ আছে উহা হইতে এবং যাহা কিছু তোমাদের পশ্চাতে২৪৪৯ আছে উহা হইতে বাঁচিবার চেষ্টা কর যেন তোমাদের উপর রহম করা হয় (তখন তাহারা মুখ ফিরাইয়া লয়)।’
২৪৪৮। ভবিষ্যতের সম্ভাব্য মন্দ কাজের কুফল।
২৪৪৯। অতীতে কৃত দুষ্কর্মের কুফল।

وَمَا تَاۡتِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ مِّنۡ اٰیٰتِ رَبِّہِمۡ اِلَّا کَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং যখনই তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী হইতে কোন নিদর্শন তাহাদের নিকট আসে তখনই তাহারা উহা হইতে মুখ ফিরাইয়া লয়।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اَنۡفِقُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ ۙ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنُطۡعِمُ مَنۡ لَّوۡ یَشَآءُ اللّٰہُ اَطۡعَمَہٗۤ ٭ۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۴۸﴾

৪৮
এবং যখন তাহাদিগকে বলা হয়, ‘আল্লাহ্ তোমাদিগকে যাহা কিছু দিয়াছেন উহা হইতে খরচ কর,’ তখন কাফেরগণ মো’মেনগণকে বলে, ‘আমরা কি এমন ব্যক্তিকে খাওয়াইব যাহাকে আল্লাহ্‌ ইচ্ছা করিলে নিজে খাওয়াইতে পারেন? তোমরা একেবারে স্পষ্ট বিভ্রান্তিতে আছ।’

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং তাহারা বলে, ‘যদি তোমরা সত্যবাদী হও, তাহা হইলে বল এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে?’

مَا یَنۡظُرُوۡنَ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً تَاۡخُذُہُمۡ وَہُمۡ یَخِصِّمُوۡنَ ﴿۵۰﴾

৫০
তাহারা কেবল এক বিকট শব্দকারী আযাবের২৪৫০ অপেক্ষা করিতেছে যাহা তাহাদিগকে আসিয়া ধরিবে এমন অবস্থায় যে তাহারা বিতর্কই করিতে থাকিবে।
২৪৫০। এখানে আল্লাহ্‌র তরফ হইতে যে শাস্তি আসার উল্লেখ আছে, তাহা (বিনামেঘে বজ্রাঘাতের মত) হঠাৎ উপস্থিত হইবে ইহা এত দ্রুতবেগে ও এত অকস্মাৎ উপস্থিত হইবে যে, অবিশ্বাসী দুষ্ট ব্যক্তিরা ওসীয়্যত বা উইল করারও সময় পাইবে না। পরবর্তী আয়াতে তাহাই বলা হইয়াছে।