৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

بَلِ اللّٰہُ مَوۡلٰٮکُمۡ ۚ وَہُوَ خَیۡرُ النّٰصِرِیۡنَ ﴿۱۵۱﴾

১৫১
বরং, আল্লাহ্ই তোমাদের অভিভাবক এবং তিনিই সাহায্যকারীদের মধ্যে উত্তম।

سَنُلۡقِیۡ فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ کَفَرُوا الرُّعۡبَ بِمَاۤ اَشۡرَکُوۡا بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا ۚ وَمَاۡوٰٮہُمُ النَّارُ ؕ وَبِئۡسَ مَثۡوَی الظّٰلِمِیۡنَ ﴿۱۵۲﴾

১৫২
যাহারা অস্বীকার করিয়াছে অচিরেই আমরা তাহাদের অন্তরে ভীতির সঞ্চার করিব যেহেতু তাহারা আল্লাহ্‌র সহিত এমন বস্তুকে শরীক৪৯৮ করিয়াছে যাহার স্বপক্ষে তিনি কোন প্রমাণ নাযেল করেন নাই। তাহাদের আবাসস্থল আগুন, আর যালেমদের অবস্থানস্থল কতই না মন্দ!
৪৯৮। কুসংস্কার ও ভীতি হইতে জন্ম নিয়াছে পৌত্তলিকতা, যাহারা কুসংস্কার পূর্ণ ভীতির মধ্যে লালিত, তাহারা সত্যিকার ভাবে সাহসী হইতে পারে না।

وَلَقَدۡ صَدَقَکُمُ اللّٰہُ وَعۡدَہٗۤ اِذۡ تَحُسُّوۡنَہُمۡ بِاِذۡنِہٖ ۚ حَتّٰۤی اِذَا فَشِلۡتُمۡ وَتَنَازَعۡتُمۡ فِی الۡاَمۡرِ وَعَصَیۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَاۤ اَرٰٮکُمۡ مَّا تُحِبُّوۡنَ ؕ مِنۡکُمۡ مَّنۡ یُّرِیۡدُ الدُّنۡیَا وَمِنۡکُمۡ مَّنۡ یُّرِیۡدُ الۡاٰخِرَۃَ ۚ ثُمَّ صَرَفَکُمۡ عَنۡہُمۡ لِیَبۡتَلِیَکُمۡ ۚ وَلَقَدۡ عَفَا عَنۡکُمۡ ؕ وَاللّٰہُ ذُوۡ فَضۡلٍ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
এবং নিশ্চয় তোমাদের সহিত আল্লাহ্ স্বীয় প্রতিশ্রুতি৪৯৯ পূর্ণ করিয়াছিলেন যখন তোমরা তাহার অনুমতিক্রমে তাহাদিগকে মারিয়া বিনাশ করিতেছিলে, (তাহার এই সাহায্য ততক্ষণ পর্যন্ত বলবৎ রহিল) যতক্ষণ পর্যন্ত না তোমরা ভগ্নোৎসাহ৫০০ হইলে এবং (রসূলের) আদেশ৫০১ সম্বন্ধে পরস্পর মতভেদ করিলে এবং অবাধ্যতা৫০২ করিলে ইহার পর যে, তিনি তোমাদিগকে উহা দেখাইয়া দিলেন যাহা তোমরা ভালবাসিতে। তোমাদের মধ্যে কতক ব্যক্তি ইহকালের৫০৩ কামনা করিত এবং কতক পরকালের কামনা করিত। অতঃপর, তিনি তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য তাহাদের (আক্রমণ) হইতে দূরে সরাইয়া লইলেন এবং নিশ্চয় তিনি তোমাদিগকে মার্জ্‌না করিয়াছেন; বস্তুতঃ আল্লাহ্ মো’মেনগণের প্রতি পরম কৃপাময়।
৪৯৯। এখানে ‘প্রতিশ্রুতি’ বলিতে মুসলমানদের বিজয় ও কৃতকার্যতা লাভের সাধারণ প্রতিশ্রুতির কথা বলা হইয়াছে যাহা মুসলমানকে বার বার দেওয়া হইয়াছে, বিশেষ করিয়া ৩ঃ১২৪-১২৬ আয়াত সমূহে।
৫০০। এই আয়াতে ঐ তীরন্দাজ দলটির কথা বলা হইয়াছে যাহাদিগকে উহুদের যুদ্ধে মুসলিম সেনাদলের পশ্চাৎ-রক্ষী হিসাবে পিছনে রাখা হইয়াছিল। তাহারা সরাসরি যুদ্ধে যোগদান করিয়া গনিমতের মাল (যুদ্ধে-লব্ধ ধন) পাওয়ার লোভ সংবরণ করিতে পারিল না। তাহারা স্বল্প সংখ্যক ছাড়া স্বস্থান ছাড়িয়া দিল। তাহাদের স্ব-ইচ্ছা দমনে অসামর্থ্য ও নির্ধারিত স্থান ত্যাগকে কাপুরুষতা বলিয়া অভিহিত করা হইয়াছে। সত্যিকার সাহস ও মনোবল হৃদয়ের কন্দরে অবস্থিত। তাই, যাহারা যথাযথ ভাবে ইচ্ছা ও লোভ সংবরণ করিতে পারে না, তাহারা কাপুরুষ।
৫০১। ‘আদেশ’ বলিতে এখানে রসূলে করীম (সাঃ)-এর সেই আদেশকে বুঝাইতে পারে যদ্বারা তিনি (সাঃ) মুসলিম সেনাদলের পিছনে একটি টিলার চূড়ায় একদল তীরন্দাজকে প্রহরারত থাকার জন্য নিযুক্ত করিয়াছিলেন এবং বলিয়াছিলেন তাঁহার নির্দ্দেশ ব্যতীত তাহারা যেন ঐ স্থান ত্যাগ না করে। তবে যুদ্ধ দৃশ্যতঃ শেষ হইয়া গিয়াছে, এরূপ অবস্থায়ও তাহারা সেখানে থাকিবে, বা চলিয়া আসিবে এই নির্দ্দেশে তাহা সুস্পষ্টভাবে ব্যক্ত ছিল না বলিয়া, কেহ কেহ বলিয়াছেন, ‘নির্দ্দেশ ব্যতীত’ কথাটির মধ্যে তিনি তাহাদের সেখানে থাকাই নির্দ্ধারিত করিয়াছিলেন। আর অন্যেরা বলিয়াছেন, যুদ্ধ দৃশ্যতঃ শেষ হইয়া যাওয়ার সাথে সাথে উক্ত নির্দ্দেশ বলবৎ রহিল না।
৫০২। টিলার উপরিস্থিত তীরন্দাজেরা যখন দেখিল যে, যুদ্ধ প্রায় শেষ এবং বিজয়ও সমুপস্থিত, তখন তাহারা স্বস্থান পরিত্যাগ করিয়া যুদ্ধ ক্ষেত্রের দিকে অগ্রসর হইতে চাহিলেন। কিন্তু নবী করীম (সাঃ) এর নির্দেশানুযায়ী তীরন্দাজ দলপতি আব্দুল্লাহ্ বিন যুবাইর তাহাদিগকে স্বস্থান ত্যাগ করিতে নিষেধ করিলেন। তথাপি তাহারা নিজদিগকে দমন করিতে না পারিয়া, স্থানটি পরিত্যাগ করতঃ রণকৌশলগত বড় রকমের ভুল করিয়া ফেলিল। ফলে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বড়ই দুর্ভোগ পোহাইতে হইয়াছিল।
৫০৩। এই কথাটি ঐ তীরন্দাজদের সম্বন্ধে বলা হইয়াছে, যাহারা নিজেদের নির্দিষ্ট স্থান ছাড়িয়া দিয়াছিল। বাক্যাংশটি ইহা বুঝাইতেছে যে, ঐ তীরন্দাজ দলের কিছু সদস্য পার্থিব লালসাগ্রস্ত হইয়া গিয়াছিল এবং যুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করিয়া গনিমত সংগ্রহের জন্য স্থান ত্যাগ করিয়াছিল। অথচ সেই দলেরই অপর অংশ (আব্দুল্লাহ্‌-বিন-যুবাইর ও অন্যেরা) নিজ স্থানে অটল থাকিয়া পারলৌকিক মঙ্গল কুড়াইয়াছিলেন, আল্লাহ্‌র রসূল (সাঃ)-এর নিষেধ অমান্য করার কুফল সম্বন্ধে চিন্তা করিয়া, তাহারা স্থান ত্যাগ করেন নাই। ইহাদের একাংশ ছিল অদূরদর্শী এবং অপরাংশ ছিলেন দূরদর্শী।

اِذۡ تُصۡعِدُوۡنَ وَلَا تَلۡوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوۡلُ یَدۡعُوۡکُمۡ فِیۡۤ اُخۡرٰٮکُمۡ فَاَثَابَکُمۡ غَمًّۢا بِغَمٍّ لِّکَیۡلَا تَحۡزَنُوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا مَاۤ اَصَابَکُمۡ ؕ وَاللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
যখন তোমরা ছুটিয়া পলাইতেছিলে এবং পিছনে ফিরিয়া কাহারও৫০৪ দিকে তাকাইতেছিলে না, অথচ এই রসূল তোমাদের সর্ব পিছনের দলে থাকিয়া তোমাদিগকে ডাকিতেছিল, ইহার ফলে তিনি তোমাদিগকে এক দুঃখের পরিবর্তে আর এক দুঃখ৫০৫ দিলেন, যেন তোমরা যাহা হারাইয়াছ এবং যাহা তোমাদের উপর আপতিত৫০৫-ক হইয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। বস্তুতঃ যাহা তোমরা কর আল্লাহ্ সে বিষয়ে সবিশেষ অবহিত।
৫০৪। এই শব্দগুলি উহুদের যুদ্ধে মুসলমানদের করুণ অবস্থার কথা বলা হইয়াছে। এই যুদ্ধে মুসলমানগণ সম্মুখ হইতে ও পশ্চাৎ হইতে যুগপৎ আক্রান্ত হওয়ায় তাহাদের রচিত ব্যুহ ভঙ্গ হইয়া গেল এবং অনেকে এদিকে সেদিকে ছিট্‌কাইয়া পড়িলেন। যখন মুসলমানগণ প্রথমে শুনিলেন যে, শত্রু পিছন দিক হইতে আক্রমণ করিতে আসিতেছে, তখন তাহারা মুখ ফিরিয়া পিছন দিকে অগ্রসর হইয়া আক্রমণ চালাইলেন। কিন্তু দৈবাৎ একদল মুসলিম সৈন্যও ঐ পিছন দিক হইতেই আসিতেছিলেন, যাহারা মুসলমানদের আক্রমণের শিকার হইয়া গেলেন। পরিস্থিতি এমন ঘোলাটে ও নাযুক হইয়া গেল এবং ভীতি ও বিভ্রান্তি এমন রূপ ধারণ করিল যে, নবী করীম (সাঃ)-এর আহ্বানও তাহাদের কানে পর্যন্ত পোঁছাইল না।
৫০৫। পাহাড়ী টিলার উপরে থাকিবার জন্য মহানবী (সাঃ) একদল তীরন্দাজকে নিয়োজিত করিয়াছিলেন। যুদ্ধের এক পর্যায়ে, যুদ্ধে বিজয় হইয়াছে এবং যুদ্ধ শেষ হইয়া গিয়াছে মনে করিয়া, তাহারা ঐ স্থানটি অরক্ষিত অবস্থায় ছাড়িয়া দেয়। এই অসময়ে স্থানটি পরিত্যাগ করার ফলে, নিশ্চিত বিজয়ের দ্বার-প্রান্তে পৌঁছিয়াও মুসলমানদের বিজয় পরাজয়ে রূপান্তরিত হইয়া গেল। ইহা তাঁহাদের মনে বড় দুঃখ ও বিষাদ সৃষ্টি করিল। ইহাই ছিল তাহাদের মাদানী জীবনে প্রথম বড় ধাক্কা ও বড় দুঃখ। আর দ্বিতীয় ও পরবর্তী বড় আঘাত ও দুঃখ তাহারা তখন পাইলেন, যখন গুজব শুনিলেন যে, রসূলুল্লাহ্ (সাঃ) নিহত হইয়াছেন। এই দুইটি বিষয় আল্লাহতা’লা পরিকল্পিতভাবে পর পর ঘটাইয়াছিলেন, যাহাতে দ্বিতীয় দুঃখটির উৎস নবী করীম (সাঃ)-এর মৃত্যুর কথাটি মিথ্যা প্রমাণিত হওয়ার সাথে সাথে আনন্দের হিল্লোল আসিয়া প্রথম দুঃখটিকেও মন হইতে অপসারিত করিয়া ফেলে। ‘গাম্মাম্ বিগাম্মিন’ অর্থ দুঃখের উপর দুঃখ।
৫০৫-ক। ‘মা ফাতাকুম’ (তোমাদের যাহা হারাইল)-এর তাৎপর্য হইল যে, বিজয় আসিয়াও আসিল না এবং “মা আসাবাকুম” (যাহা তোমাদের উপর আপতিত হইল)-এর তাৎপর্য হইল, যে মৃত্যু ও পরাজয়ের গ্লানি তোমাদিগকে বরণ করিতে হইল।

ثُمَّ اَنۡزَلَ عَلَیۡکُمۡ مِّنۡۢ بَعۡدِ الۡغَمِّ اَمَنَۃً نُّعَاسًا یَّغۡشٰی طَآئِفَۃً مِّنۡکُمۡ ۙ وَطَآئِفَۃٌ قَدۡ اَہَمَّتۡہُمۡ اَنۡفُسُہُمۡ یَظُنُّوۡنَ بِاللّٰہِ غَیۡرَ الۡحَقِّ ظَنَّ الۡجَاہِلِیَّۃِ ؕ یَقُوۡلُوۡنَ ہَلۡ لَّنَا مِنَ الۡاَمۡرِ مِنۡ شَیۡءٍ ؕ قُلۡ اِنَّ الۡاَمۡرَ کُلَّہٗ لِلّٰہِ ؕ یُخۡفُوۡنَ فِیۡۤ اَنۡفُسِہِمۡ مَّا لَا یُبۡدُوۡنَ لَکَ ؕ یَقُوۡلُوۡنَ لَوۡ کَانَ لَنَا مِنَ الۡاَمۡرِ شَیۡءٌ مَّا قُتِلۡنَا ہٰہُنَا ؕ قُلۡ لَّوۡ کُنۡتُمۡ فِیۡ بُیُوۡتِکُمۡ لَبَرَزَ الَّذِیۡنَ کُتِبَ عَلَیۡہِمُ الۡقَتۡلُ اِلٰی مَضَاجِعِہِمۡ ۚ وَلِیَبۡتَلِیَ اللّٰہُ مَا فِیۡ صُدُوۡرِکُمۡ وَلِیُمَحِّصَ مَا فِیۡ قُلُوۡبِکُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۵۵﴾

১৫৫
অতঃপর, তিনি ঐ দুঃখের পরে তোমাদের উপর তন্দ্রারূপে প্রশান্তি৫০৬ নাযেল করিলেন যাহা তোমাদের এক দলকে আচ্ছন্ন করিতেছিল এবং আর এক দল৫০৬-ক এমন ছিল যাহাদের অন্তর (তাহাদের জীবন সম্বন্ধে) তাহাদিগকে উদ্বিগ্ন করিতেছিল। তাহারা আল্লাহ্‌ সম্বন্ধে অজ্ঞ- যুগের ধারনার অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিতেছিল, তাহারা বলিতেছিল, ‘কোন বিষয়ে কি আমাদের কিছু অধিকার আছে?’ তুমি বল, ‘নিশ্চয় সমস্ত বিষয় আল্লাহ্‌র ইখতিয়ারে।’ তাহারা নিজেদের অন্তরে যাহা পোষণ করিতেছে, তোমার নিকট উহা তাহারা প্রকাশ করিতেছে না। তাহারা বলে, ‘যদি কোন বিষয়ে (সিদ্ধান্ত গ্রহণ করার) অধিকার আমাদের থাকিত তাহা হইলে এখানে আমরা নিহত হইতাম না।’ তুমি বল, যদি তোমরা স্বগৃহেও থাকিতে (অবস্থান করিতে) তবুও যাহাদের উপর যুদ্ধ৫০৬-খ অবধারিত করা হইয়াছিল, তাহারা নিশ্চয় তাহাদের মৃত্যু-শয্যার৫০৬-গ দিকে ধাবিত হইত, এবং যেন আল্লাহ্ উহার পরীক্ষা করেন যাহা তোমাদের বক্ষদেশে লুক্কায়িত আছে; এবং যাহা তোমাদের হৃদয়ে আছে উহা পরিশুদ্ধ করেন। এবং বক্ষদেশে নিহিত বিষয় সম্বন্ধে আল্লাহ্ সবিশেষ অবহিত আছেন;
৫০৬। এখানেও উহুদের যুদ্ধের কথাই বলা হইয়াছে। আবু তাল্‌হা বলেন, “উহুদের দিনে আমি মাথা তুলিয়া দেখিলাম, এমন মস্তকও দেখিলাম না যাহা নিদ্রাবনত হয় নাই” (কাসীর, ২য়, ৩০৩)। নিদ্রা বা তন্দ্রা মানসিক স্থিরতা ও শান্তির প্রতীক, কুরআন এই ঘটনাকে আল্লাহ্‌র অনুগ্রহ বলিয়া ব্যক্ত করিতেছে। যুদ্ধ বাস্তবিকভাবে শেষ হওয়ার পর যখন মুসলমানেরা নিকটবর্তী টিলার কাছে ফিরিয়া বিশ্রাম নিতেছিলেন, এই প্রশান্ত নিদ্রার আবেশ সকলের উপর বিস্তার লাভ করিয়াছিল।
৫০৬-ক। এখানে মুনাফেকদের কথা বলা হইয়াছে, যাহারা যুদ্ধে না আসিয়া, মদীনাতে রহিয়া গিয়াছিল। তাহারা ইসলামের গৌরব, মুসলমানের সার্বিক নিরাপত্তা ও মহানবী (সাঃ)-এর মর্যাদা রক্ষার চাইতে, নিজেদের বিপদমুক্ত অবস্থায় থাকার উপর অধিকতর গুরুত্ব আরোপ করিয়াছিল। তাহাদের এই কথা, ‘যদি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের মতামত প্রবল হইত এবং গৃহীত হইত, তাহা হইলে আমাদের ভ্রাতৃবৃন্দ এমন ভাবে যুদ্ধে প্রাণ হারাইত না।’ ইহা মোনাফেকদের এক ধরণের বিদ্রুপাত্মক উক্তি। তাহারা বুঝাইতে চায় যে, এত বাধা-বিপত্তি ও সংখ্যা-স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়া মুসলমানদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া ছিল নিছক বোকামী। তাহারা (মোনাফেকেরা) যুদ্ধে না গিয়া বুদ্ধিমানের কাজ করিয়াছে। কুরআনের বাক্‌ধারা মতে, নিজের নিহত হওয়া বলিলে, নিজের সাথী বা ভ্রাতৃবৃন্দের নিহত হওয়া বুঝাইয়া থাকে (২ঃ৫৫, ৮৬)।
৫০৬-খ। ‘কত্‌ল’ শব্দটি এখানে ‘কিতাল’ (যুদ্ধ) অর্থে ব্যবহৃত হইয়াছে (মুহীত ও কাশ্‌শাফ)। ২ঃ১৯২ এবং জরীর ৩ঃ১৫৫ এর ব্যাখ্যা দেখুন।
৫০৬-গ। ‘মৃত্যু শয্যা’ শব্দটি ব্যবহার করিয়া একদিকে মুনাফেকদের চূড়ান্ত কাপুরুষতার মুখোশ উন্মোচন করা হইয়াছে এবং অপরদিকে কর্তব্যপরায়ণ মুসলমানদের চরম বিশ্বস্ততা ও ধৈর্য প্রকাশ করিতেছে। ইহা মুনাফেকদিগকে এই কথা স্মরণ করাইয়া দিতেছে যে, তাহারাতো ঐ অবস্থায় যুদ্ধ করাকে মৃত্যু তুল্য মনে করিয়া যুদ্ধ হইতে দূরে থাকিয়া মদীনায় প্রত্যাবর্তন করিল; কিন্তু সত্যিকার মুসলমানগণ এমনই দৃঢ় প্রত্যয় রাখিতেন যে, মুনাফেকরা প্রথম হইতেই মদীনায় থাকিয়া গেলেও, তাহারা (মুসলমানরা) নিশ্চয় সন্তুষ্টচিত্তে যুদ্ধ করিতে যাইতেন, যদিও ঐ যুদ্ধক্ষেত্র তাহাদের জন্য মৃত্যুশয্যা স্বরূপ মনে হইত। এই সব এইজন্য ঘটিয়াছিল যাহাতে আল্লাহ্‌তা’লা বিশ্বাসীদিগকে পবিত্র ও পুণ্যবান করেন।

اِنَّ الَّذِیۡنَ تَوَلَّوۡا مِنۡکُمۡ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ ۙ اِنَّمَا اسۡتَزَلَّہُمُ الشَّیۡطٰنُ بِبَعۡضِ مَا کَسَبُوۡا ۚ وَلَقَدۡ عَفَا اللّٰہُ عَنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۱۵۶﴾٪

১৫৬
যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল,৫০৭ সেই দিন তোমাদের মধ্য হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, নিশ্চয় শয়তান তাহাদের কোন কোন কৃতকর্মের৫০৭-ক জন্য তাহাদিগকে পদস্খলিত৫০৮ করিবার চেষ্টা করিয়াছিল। এবং অবশ্যই আল্লাহ্ তাহাদিগকে মার্জনা করিয়াছেন। নিশ্চয় আল্লাহ্ পরম ক্ষমাশীল, সহিষ্ণু।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১৬
৫০৭। এখানেও উহুদের যুদ্ধের কথা বলা হইতেছে।
৫০৭-ক। এই শব্দগুলি প্রকারান্তরে ঐ তীরন্দাজাদের কিছু প্রচ্ছন্ন প্রশংসা করিয়াছে, যাহারা মহানবী (সাঃ)-এর আদেশের ভুল ব্যাখ্যাদ্বারা প্রণোদিত হইয়া টিলার অবস্থান হইতে সরিয়া গিয়াছিলেন। তাহাদের ‘কিছু’ ভুল মুসলমানদের জন্য পরাজয়ের অপমান আনিলেও, মূলতঃ তাহারা ছিলেন বিশ্বস্ত এবং রসূলে করীম (সাঃ)-এর একান্ত অনুগত।
৫০৮। এই আয়াতের ‘পদস্খলন’ শব্দটি টিলার উপর অবস্থান গ্রহণকারী দলটির আদেশ লঙ্ঘনকে বুঝাইয়াছে কিংবা কিছুসংখ্যক মুসলমান সৈন্যের যুদ্ধক্ষেত্র ত্যাগকে বুঝাইয়াছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ کَفَرُوۡا وَقَالُوۡا لِاِخۡوَانِہِمۡ اِذَا ضَرَبُوۡا فِی الۡاَرۡضِ اَوۡ کَانُوۡا غُزًّی لَّوۡ کَانُوۡا عِنۡدَنَا مَا مَاتُوۡا وَمَا قُتِلُوۡا ۚ لِیَجۡعَلَ اللّٰہُ ذٰلِکَ حَسۡرَۃً فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ وَاللّٰہُ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۱۵۷﴾

১৫৭
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা তাহাদের মত হইও না যাহারা অস্বীকার করিয়াছে এবং যখন তাহারা পৃথিবীতে৫০৯ সফর করে অথবা যুদ্ধের জন্য বাহির হয় তখন তাহারা তাহাদের ভ্রাতাদের সম্পর্কে বলে, ‘যদি তাহারা আমাদের সঙ্গে থাকিত তাহা হইলে তাহারা মরিত না এবং নিহতও হইত না;’ (তাহারা ইহা এই জন্য বলে) যেন আল্লাহ্ তাহাদের এই কথাকে তাহাদের অন্তরে আক্ষেপের কারণ করেন।৫১০ বস্তুতঃ আল্লাহ্ই জীবন দান করেন এবং মৃত্যু দেন, এবং তোমরা যাহা কিছু কর্ম কর উহা সম্বন্ধে আল্লাহ্ সর্বদ্রষ্টা।
৫০৯। যখন তাহারা আল্লাহ্‌র খাতিরে স্থান হইতে স্থানান্তরে ভ্রমণ করে।
৫১০। অবিশ্বাসীগণ মুসলিম জাতিকে যুদ্ধ হইতে ফিরাইয়া রাখিবার উদ্দেশ্যে, তাহাদের মনে যুদ্ধ-ভীতি সঞ্চার করিতে চায়। কিন্তু মুসলমানরা এইসব যুদ্ধ-ভীতি ও সতর্কীকরণ বাণী অগ্রাহ্য করিয়া অবিশ্বাসীদের সাথে আরও অধিকতর দৃঢ়তার সহিত যুদ্ধ করিবার জন্য সংকল্প নিয়া থাকে। ইহাতে অবিশ্বাসীদের মন দুঃখে ও অনুশোচনায় ভরিয়া যায়, কেননা তাহাদের প্রচেষ্টা কেবল ব্যর্থই হয় নাই, বরং বিপরীতমুখী ফলোদয় ঘটাইয়া মুসলমানদিগকে আরো দৃঢ়সংকল্প করিয়াছিল।

وَلَئِنۡ قُتِلۡتُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَۃٌ مِّنَ اللّٰہِ وَرَحۡمَۃٌ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
এবং যদি তোমরা আল্লাহ্‌র পথে নিহত হও অথবা মৃত্যু বরণ৫১১ কর তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌র পক্ষ হইতে ক্ষমা এবং রহমত উহা হইতে অনেক উত্তম যাহা তাহারা সঞ্চয়৫১২ করিতেছে।
৫১১। যাহারা সত্যের জন্য যুদ্ধ করে এবং জীবন উৎসর্গ করে, তাহাদিগকে মৃত মনে করা উচিত নয়। কেননা সকল জীবনের যিনি সৃষ্টিকর্তা ও অধিকর্তা, তাঁহারই উদ্দেশ্যে তাহারা নিজেদের জীবনকে সমর্পণ করে। তাহারা শারীরিকভাবে মরিয়া গেলেও আধ্যাত্মিকভাবে চিরঞ্জীব থাকেন (২ঃ১৫৫)।
৫১২। যে স্থলে মোনাফেকগণ ধন-দৌলতকে প্রাণের মতই ভালবাসে এবং সেই কারণে মৃত্যুকে অত্যন্ত ভয় করে, সেই স্থলে মুসলমানগণ আল্লাহ্‌র পথে মৃত্যুবরণ করিয়া এমন অফুরন্ত ভাণ্ডারের অধিকারী হয় যে, মোনাফেকদের জমাকৃত ধন-দৌলত ও বিশ্বাসীদের অর্জিত ইহলৌকিক ধন-সম্পদ সবকিছু একত্রিত করিয়াও সেই ভাণ্ডারের সমকক্ষ ও সমান হইতে পারে না।

وَلَئِنۡ مُّتُّمۡ اَوۡ قُتِلۡتُمۡ لَاِلَی اللّٰہِ تُحۡشَرُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
এবং যদি তোমরা৫১৩ মৃত্যুমুখে পতিত হও অথবা নিহত হও তাহা হইলে নিশ্চয় তোমাদিগকে আল্লাহ্‌র নিকট সমবেত করা হইবে।
৫১৩। ‘তুমি’ সর্বনামটি মো’মেন ও মোনাফেক সকলকেই বুঝাইয়াছে। কেননা যথাযোগ্য পুরস্কার ও শাস্তির জন্য সকলকেই আল্লাহ্‌তা’লার কাছে একত্রিত করা হইবে।

فَبِمَا رَحۡمَۃٍ مِّنَ اللّٰہِ لِنۡتَ لَہُمۡ ۚ وَلَوۡ کُنۡتَ فَظًّا غَلِیۡظَ الۡقَلۡبِ لَانۡفَضُّوۡا مِنۡ حَوۡلِکَ ۪ فَاعۡفُ عَنۡہُمۡ وَاسۡتَغۡفِرۡ لَہُمۡ وَشَاوِرۡہُمۡ فِی الۡاَمۡرِ ۚ فَاِذَا عَزَمۡتَ فَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَوَکِّلِیۡنَ ﴿۱۶۰﴾

১৬০
বস্তুতঃ আল্লাহ্‌র তরফ হইতে পরম রহমতের কারণে তুমি তাহাদের প্রতি সদয়-চিত্ত হইয়াছ,৫১৪ যদি তুমি রুক্ষ এবং কঠোর-চিত্ত হইতে তাহা হইলে নিশ্চয় তাহারা তোমার চারিপার্শ্ব হইতে ছত্রভঙ্গ হইয়া পড়িত। অতএব, তুমি তাহাদিগকে মার্জনা কর এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং (শাসন) কার্যের ব্যাপারে তাহাদের সঙ্গে পরামর্শ কর,৫১৫ অতঃপর, যখন তুমি সংকল্প কর তখন আল্লাহ্‌র উপর নির্ভর কর। নিশ্চয় আল্লাহ্ নির্ভরশীলগণকে ভালবাসেন।
৫১৪। এই শব্দগুলি রসূলুল্লাহ্ (সাঃ)-এর চরিত্রের অনুপম সৌন্দর্যের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছে। তাঁহার ভদ্রোচিত, প্রীতিপূর্ণ ও সদাশয় চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রহিয়াছে সর্বব্যাপী দয়া-দাক্ষিণ্যের অনন্য সাধারণ গুণ, যাহা মানুষকে চুম্বকের মত আকর্ষণ করিত। মানব হিতৈষণা ও কৃপা-করুণায় তিনি এতই ভরপুর ছিলেন যে, কেবল নিজের সাথীগণ ও অনুসারীদের প্রতিই তিনি দয়া দেখান নাই, বরং তাঁহার প্রাণঘাতী শত্রুরাও তাঁহার দয়া-মায়া ও স্নেহ-প্রীতি হইতে সমভাবে অংশ পাইয়াছে। ইতিহাস সাক্ষ্য দিতেছে যে, উহুদের যুদ্ধের সময় যে সকল মোনাফেক বিশ্বাসঘাতকতাপূর্বক রণক্ষেত্র হইতে সরিয়া পড়িয়াছিল, তাহাদিগকেও তিনি শাস্তিদান হইতে বিরত থাকেন। এমন কি রাষ্ট্র পরিচালনায় তাহাদের পরামর্শ গ্রহণেও বিরত হন নাই।
৫১৫। অন্যান্য বৈশিষ্ট্য ছাড়াও, ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য এই যে, ইহা পরামর্শ গ্রহণ বা ‘মুশাওয়ারা’কে একটি মৌলিক নীতি হিসাবে অঙ্গীভূত করিয়াছে। রাষ্ট্র প্রধানের জন্য, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, মুসলমানদের সঙ্গে পরামর্শ করা বাধ্যকর করা হইয়াছে। মহানবী (সাঃ) সকল বড় বড় ব্যাপারেই তাঁহার অনুসারীদের পরামর্শ নিতেন। বদরের যুদ্ধের পূর্বেও তিনি পরামর্শ করিয়াছেন; তেমনি করিয়াছেন উহুদ ও আহযাবের যুদ্ধের পূর্বে। এমনকি তাঁহার মহিমান্বিতা স্ত্রী আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে মিথ্যা রটনার ব্যাপারেও তিনি যোগ্য ব্যক্তিগণের সাথে পরামর্শ করিয়াছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, ‘রসূলুল্লাহ্ (সাঃ) সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে যোগ্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করিবার জন্য উদ্‌গ্রীব থাকিতেন (মনসুর, ২য়, ৯০)। দ্বিতীয় খলীফা হযরত উমর বলিয়াছেন, “পরামর্শ ছাড়া খেলাফত থাকিতে ও চলিতে পারে না” (ইযা্‌লাতুল খীফা আন্ খিলাফাতুল খুলাফা)। অতএব, পরামর্শ দান ও গ্রহণ, বিশেষতঃ গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ আহ্বান, ইসলামের একটি মৌলিক নির্দেশ, যাহা আধ্যাত্মিক ও জাগতিক নেতার পক্ষে অবশ্য কর্তব্য। খলীফা বা মুসলিম রাষ্ট্র-প্রধান অবশ্যই মুসলমান প্রতিনিধি বৃন্দের পরামর্শ আহ্বান করিবেন, যদিও তিনিই শেষ সিদ্ধান্তের মালিক। ইসলামী ‘শূরা’ বা ‘মুশাওয়ারা’ (পরামর্শসভা), পশ্চিমা পার্লামেন্টের মত নহে। মুসলিম রাষ্ট্রের নেতার এই অধিকার আছে যে, তিনি ইচ্ছা করিলে, পরামর্শ সভার সুপারিশ গ্রহণ না-ও করিতে পারেন। তবে, তিনি তাহার এই ইচ্ছা কদাচিৎ বিশেষ বিবেচনার সহিত প্রয়োগ করিবেন। সাধারণতঃ গ্রহণের জন্যই পরামর্শ ও সুপারিশগুলি লওয়া হইয়া থাকে।