২৭

النمل

সূরা আন্‌ নাম্‌ল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৪ আয়াত এবং ৭ রুকু আছে।

وَمَکَرُوۡا مَکۡرًا وَّمَکَرۡنَا مَکۡرًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۵۱﴾

৫১
এবং তাহারা এক বিরাট চক্রান্ত করিল এবং আমরাও এক বিরাট পরিকল্পনা গ্রহণ করিলাম, কিন্তু তাহারা ইহা উপলব্ধি২১৭৯ করিতে পারে নাই।
২১৭৯। হযরত নবী করীম (সাঃ) মক্কা হইতে হিজরত করিতে বাধ্য হইয়াছিলেন। কিন্তু তাঁহার মক্কা ত্যাগের ফলে কোরায়শদিগের শক্তি ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল, তাহারা উপলদ্ধি করিতে পারে নাই যে, আঁ-হযরত (সাঃ)-কে মক্কা ত্যাগে বাধ্য করিয়া নিজেরাই ধ্বংসের ভিত্তি স্থাপন করিয়াছিল।

فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ مَکۡرِہِمۡ ۙ اَنَّا دَمَّرۡنٰہُمۡ وَقَوۡمَہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۵۲﴾

৫২
অতএব তুমি চিন্তা করিয়া দেখ যে, তাহাদের চক্রান্তের পরিণাম কি হইয়াছিল! নিশ্চয় আমরা তাহাদিগকে এবং তাহাদের গোটা জাতিকেই ধ্বংস করিয়াছিলাম।

فَتِلۡکَ بُیُوۡتُہُمۡ خَاوِیَۃًۢ بِمَا ظَلَمُوۡا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۵۳﴾

৫৩
সুতরাং (দেখ!) এই তো হইল তাহাদের গৃহসমূহ, বিরান অবস্থায় পড়িয়া আছে, এই জন্য যে তাহারা যুলুম করিয়াছিল। নিশ্চয় ইহাতে জ্ঞানী জাতির জন্য নিদর্শন রহিয়াছে।

وَاَنۡجَیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿۵۴﴾

৫৪
এবং আমরা তাহাদিগকে রক্ষা করিয়াছিলাম যাহারা ঈমান আনিয়াছিল এবং তাক্‌ওয়া অবলম্বন করিয়া চলিত।

وَلُوۡطًا اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَتَاۡتُوۡنَ الۡفَاحِشَۃَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
এবং লূতকেও (আমরা পাঠাইয়াছিলাম), যখন সে তাহার জাতিকে বলিয়াছিল, ‘তোমরা কেন অশ্লীল কাজ করিতেছ, অথচ তোমরা অবলোকন করিতেছ?২১৭৯-ক
২১৭৯-ক। এই শব্দসমূহের অর্থ ‘তোমাদের চক্ষু খোলা রাখিয়া’ ও হইতে পারে।

اَئِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الرِّجَالَ شَہۡوَۃً مِّنۡ دُوۡنِ النِّسَآءِ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تَجۡہَلُوۡنَ ﴿۵۶﴾

৫৬
কী! তোমরাই এমন যে, নারীদিগকে ছাড়িয়া কামচরিতার্থে তোমরা পুরুষদের নিকট উপগত হইতেছ? প্রকৃতপক্ষে তোমরা এমন এক জাতি যে, মূর্থের কাজ করিতেছ।’

فَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَخۡرِجُوۡۤا اٰلَ لُوۡطٍ مِّنۡ قَرۡیَتِکُمۡ ۚ اِنَّہُمۡ اُنَاسٌ یَّتَطَہَّرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
তখন তাহার জাতির ইহা বলা ব্যতিরেকে আর কোন উত্তর ছিল না যে, ‘তোমরা লূতের পরিবারকে তোমাদের শহর হইতে বাহির করিয়া দাও। নিশ্চয় তাহারা এমন লোক, যাহারা পবিত্রতার বড়াই করে।’২১৮০
২১৮০। ‘ইয়াতাত্বাহ্‌হারূন’ অর্থ, তাহারা অতিরিক্ত সৎ বা সাধুরূপে নিজদিগকে জাহির করিয়া বেড়ায়; তাহারা সততা ও ন্যায়পরায়ণতার অহংকার করে (লেইন)।

فَاَنۡجَیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ۫ قَدَّرۡنٰہَا مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۵۸﴾

৫৮
অবশেষে আমরা তাহাকে এবং তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিবারের সকলকে রক্ষা করিলাম, এবং তাহাকে (লূতের স্ত্রীকে) পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে অবধারিত করিয়া দিলাম।

وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ﴿٪۵۹﴾

৫৯
এবং আমরা তাহাদের উপর প্রবল (শিলা) বৃষ্টি বর্ষণ করিলাম; বস্তুতঃ যাহাদিগকে সতর্ক করা হয়, তাহাদের উপর অতি মন্দ বৃষ্টিপাতই হইয়া থাকে।
সূরা আন্‌ নাম্‌ল - রুকু ৪

قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِہِ الَّذِیۡنَ اصۡطَفٰی ؕ آٰللّٰہُ خَیۡرٌ اَمَّا یُشۡرِکُوۡنَ ﴿ؕ۶۰﴾

৬০
তুমি বল, সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য, এবং সদা শান্তি বর্ষিত হয় তাঁহার ঐ সকল বান্দার উপর যাহাদিগকে তিনি মনোনীত করেন। শ্রেষ্ঠ কি আল্লাহ্ না উহারা, যাহাদিগকে তাহারা তাঁহার সহিত শরীক করে?২১৮১
২১৮১। এই আয়াত দ্বারা হযরত মূসা, দাউদ, সোলায়মান, সালেহ্ এবং লূত (আঃ)-এর প্রসঙ্গে আল্লাহ্‌তা’লার প্রেরিত নবী-রসূলগণের উপর ঐশী শান্তি এবং আর্শীবাদ কামনা করিয়া আলোচনা সমাপ্ত করা হইয়াছে, যাহাদের প্রতি মানব প্রকৃতি পৃথিবীর সর্বপ্রকার মঙ্গল এবং নৈতিক উৎকর্ষের জন্য ঋণী; অতঃপর এই সূরা আল্লাহ্‌তা’লার অস্তিত্ব এবং তাঁহার মহান ক্ষমতা এবং একত্বের সমর্থনে যুক্তি পেশ করিয়াছে।