২৭

النمل

সূরা আন্‌ নাম্‌ল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৪ আয়াত এবং ৭ রুকু আছে।

اَمَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ لَکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنۡۢبَتۡنَا بِہٖ حَدَآئِقَ ذَاتَ بَہۡجَۃٍ ۚ مَا کَانَ لَکُمۡ اَنۡ تُنۡۢبِتُوۡا شَجَرَہَا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ یَّعۡدِلُوۡنَ ﴿ؕ۶۱﴾

৬১
অথবা কে আকাশমণ্ডল ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন এবং কে তোমাদের জন্য মেঘমালা হইতে বারি বর্ষণ করেন? অতঃপর আমরাই উহার দ্বারা সুদৃশ্য বাগানসমূহ উদগত করি;২১৮২ তোমাদের পক্ষে সম্ভবপর নহে যে, তোমরাই ঐ সকল বাগানের বৃক্ষসমূহ উদগত কর। আল্লাহ্‌র সহিত কি অন্য কোন মা’বূদও আছে? কিন্তু তাহারা এমন এক জাতি যাহারা (আল্লাহ্‌র সহিত) সমকক্ষ শরীক স্থির করিতেছে।
২১৮২। পূর্ববর্তী আয়াতে উপস্থাপিত বিষয় বস্তুর পক্ষে প্রথম যুক্তি গ্রহণ করা হইয়াছে প্রকৃতি হইতে, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি হইতে, বৃষ্টি বর্ষণ হইতে যাহা নির্জীব পৃথিবীকে সজীব করে এবং পর্বত শ্রেণী ও নদীসমূহ হইতে।

اَمَّنۡ جَعَلَ الۡاَرۡضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَہَاۤ اَنۡہٰرًا وَّجَعَلَ لَہَا رَوَاسِیَ وَجَعَلَ بَیۡنَ الۡبَحۡرَیۡنِ حَاجِزًا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿ؕ۶۲﴾

৬২
অথবা কে পৃথিবীকে অবস্থান স্থলরূপে সৃষ্টি করিয়াছেন এবং উহার মধ্য দিয়া নদ-নদীসমূহ প্রবাহিত করিয়াছেন এবং উহার উপর সুদৃঢ় পর্বতমালা স্থাপন করিয়াছেন এবং দুই সমুদ্রের মধ্যে অন্তরায় সৃষ্টি করিয়াছেন?২১৮৩ আল্লাহ্‌র সহিত কি অন্য কোন মা’বূদ আছে? প্রকৃত কথা এই যে, তাহাদের অধিকাংশই জানে না।
২১৮৩। পূর্বগামী আয়াতে সূচিত যুক্তি-প্রমাণ আরো সম্প্রসারিত ও বিশদতর হইয়াছে।

اَمَّنۡ یُّجِیۡبُ الۡمُضۡطَرَّ اِذَا دَعَاہُ وَیَکۡشِفُ السُّوۡٓءَ وَیَجۡعَلُکُمۡ خُلَفَآءَ الۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿ؕ۶۳﴾

৬৩
অথবা কে উদ্বিগ্নচিত্ত ব্যক্তির দোয়া শুনেন যখন সে তাঁহার নিকট দোয়া করে২১৮৪ এবং (তাহার) কষ্ট দূর করিয়া দেন এবং তোমাদিগকে পৃথিবীর উত্তরাধিকারী করিয়া দেন? আল্লাহ্‌র সহিত কি অন্য কোন মা’বূদ আছে? তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।
২১৮৪। প্রকৃতির নিয়মের বিস্ময়কর ক্রিয়াকলাপে যেমন আল্লাহ্‌তা’লার মহান শক্তিসমূহের প্রকাশ (পূর্ববর্তী আয়াত) সেইরূপে উহারা মানুষের অন্তরাত্মার বিবেকে প্রকাশিত হইয়া থাকে যখন সে তাহার আত্মার নিদারুণ যন্ত্রণায় আল্লাহ্‌তা’লার নিকট ক্রন্দন করে এবং আল্লাহ্ তাহার এই কান্না শ্রবণ করিয়া থাকেন।

اَمَّنۡ یَّہۡدِیۡکُمۡ فِیۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ وَمَنۡ یُّرۡسِلُ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ تَعٰلَی اللّٰہُ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
অথবা কে তোমাদিগকে স্থলের ও জলের অন্ধকার রাশির মধ্যে উদ্ধারের পথ দেখান? এবং কে স্বীয় রহমত বর্ষণের পূর্বে শুভ সংবাদস্বরূপ বায়ু প্রেরণ করেন?২১৮৫ আল্লাহ্‌র সহিত কি অন্য কোন মা’বূদ আছে? তাহারা যাহাকে শরীক করে আল্লাহ্ উহা হইতে বহু ঊর্ধ্বে।
২১৮৫। ‘রীহ্‌’ (বাতাস) যখন একবচনে ব্যবহৃত হয়, তখন ইহার অর্থ সাধারণভাবে ঐশী শাস্তি বুঝায় (১৭ঃ৭০; ৫৪ঃ২০, ৬৯ঃ৭ ইত্যাদি), কিন্তু যখন ইহা বহু বচনে ব্যবহৃত হয় তখন সাধারণতঃ ইহার অর্থ ঐশী দান বা আশীর্বাদ বুঝায়।

اَمَّنۡ یَّبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ وَمَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۶۵﴾

৬৫
অথবা কে প্রথম সৃষ্টির উদ্ভব করেন, অতঃপর উহার পুনরাবৃত্তি করেন?২১৮৬ এবং কে তোমাদিগকে আকাশ ও পৃথিবী হইতে রিয্‌ক দেন? আল্লাহ্‌র সহিত কি অন্য কোন মা’বূদ আছে? তুমি বল, ‘যদি তোমরা সত্যবাদী হও তাহা হইলে তোমরা তোমাদের প্রমাণ পেশ কর।’
২১৮৬। ‘কে প্রথম সৃষ্টির উদ্ভব করেন, অতঃপর উহার পুনরাবৃত্তি করেন’ কথাগুলির মমার্থ, আদি সৃষ্টি এবং বারবার পর্যায়ক্রমে সৃষ্টির ক্রমবিকাশ হইতে থাকা।

قُلۡ لَّا یَعۡلَمُ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ الۡغَیۡبَ اِلَّا اللّٰہُ ؕ وَمَا یَشۡعُرُوۡنَ اَیَّانَ یُبۡعَثُوۡنَ ﴿۶۶﴾

৬৬
তুমি বল, ‘আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে আল্লাহ্ ব্যতিরেকে কেহই অদৃশ্য বিষয় অবগত নহে; এবং তাহারা জানে না যে কখন তাহাদিগকে পুনরুত্থিত করা হইবে।’

بَلِ ادّٰرَکَ عِلۡمُہُمۡ فِی الۡاٰخِرَۃِ ۟ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡہَا ۫۟ بَلۡ ہُمۡ مِّنۡہَا عَمُوۡنَ ﴿٪۶۷﴾

৬৭
বরং প্রকৃত বিষয় এই যে,পরকাল সম্বন্ধে তাহাদের জ্ঞান শেষ পর্যায়ে পৌঁছিয়া গিয়াছে; বরং তাহারা পরকাল সম্বন্ধে সন্দেহে পড়িয়া আছে, বরং তাহারা ইহার সম্বন্ধে অন্ধ।২১৮৭
সূরা আন্‌ নাম্‌ল - রুকু ৫
২১৮৭। মানুষের জ্ঞান এবং বুদ্ধি যে পরিমাণই হউক না কেন, ইহা এক মানবাত্মার আকুল কামনাকে না সন্তুষ্টি, না স্বস্তি দান করিতে পারে, না সে পারে ধর্মীয় দুইটি মৌলিক বিষয়—আল্লাহ্‌তা’লার অস্তিত্ব এবং পরকাল সম্বন্ধে নানা সংশয় হইতে মুক্তি দান করিতে। কারণ, ইহাদের পূর্ণ উপলদ্ধি মানুষের জ্ঞান-সীমার বাহিরে। কেবলমাত্র আল্লাহ্‌তা’লার ওহীর মাধ্যমে অর্জিত পবিত্র ঐশী জ্ঞানই ইহাদের সম্বন্ধে মানব-মনে নিশ্চয়তা সৃষ্টি করিতে পারে এবং প্রকৃতপক্ষে করিয়াও থাকে। মানুষের জ্ঞান বড় জোর, এই সিদ্ধান্তে পরিচালিত করিতে পারে যে, একটি ঐশ্বরিক সত্তা এবং পরকাল ‘বিদ্যমান থাকা উচিৎ’। কিন্তু একমাত্র আল্লাহ্‌তা’লার ওহী-ইলহামই এই ‘থাকা উচিত’ ধারণাকে ‘নিশ্চিতই আছে’ এই বিশ্বাসে পরিবর্তন করিতে পারে।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا ءَاِذَا کُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَئِنَّا لَمُخۡرَجُوۡنَ ﴿۶۸﴾

৬৮
এবং যাহারা অস্বীকার করিয়াছে তাহারা বলে, ‘যখন আমরা এবং আমাদের পিতৃপুরুষগণ মাটি হইয়া যাইব তখন কি (পুনরায়) আমাদিগকে (জীবিত করিয়া ভূমি হইতে) অবশ্যই বাহির করিয়া আনা হইবে?

لَقَدۡ وُعِدۡنَا ہٰذَا نَحۡنُ وَاٰبَآؤُنَا مِنۡ قَبۡلُ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۶۹﴾

৬৯
নিশ্চয় আমাদিগকে এবং আমাদের পিতৃপুরুষদিগকে ইতিপূর্বে এই প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল, কিন্তু ইহা শুধু পূর্ববর্তীদের কেচ্ছা-কাহিনী ব্যতীত আর কিছুই নহে।’

قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُجۡرِمِیۡنَ ﴿۷۰﴾

৭০
তুমি বল, ‘তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ কর এবং দেখ যে, অপরাধীগণের পরিণাম কিরূপ (মন্দ) হইয়াছিল?’