২৭

النمل

সূরা আন্‌ নাম্‌ল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৪ আয়াত এবং ৭ রুকু আছে।

قَالَ الَّذِیۡ عِنۡدَہٗ عِلۡمٌ مِّنَ الۡکِتٰبِ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ یَّرۡتَدَّ اِلَیۡکَ طَرۡفُکَ ؕ فَلَمَّا رَاٰہُ مُسۡتَقِرًّا عِنۡدَہٗ قَالَ ہٰذَا مِنۡ فَضۡلِ رَبِّیۡ ۟ۖ لِیَبۡلُوَنِیۡۤ ءَاَشۡکُرُ اَمۡ اَکۡفُرُ ؕ وَمَنۡ شَکَرَ فَاِنَّمَا یَشۡکُرُ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ کَفَرَ فَاِنَّ رَبِّیۡ غَنِیٌّ کَرِیۡمٌ ﴿۴۱﴾

৪১
(ইহাতে) সেই ব্যক্তি যাহার নিকট কিতাবের জ্ঞান ছিল বলিল, ‘আমি আপনার নিকট ইহা আপনার চক্ষুর পলক ফেলিবার২১৭৪ পূর্বেই লইয়া আসিব।’ অতঃপর যখন সে (সোলায়মান) উহাকে নিজের সম্মুখে সংস্থাপিত দেখিল, তখন সে বলিল ‘ইহা আমার প্রভুর এক অনুগ্রহ যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি তাঁহার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, না অকৃজ্ঞতা জ্ঞাপন করি; এবং যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে নিজের কল্যাণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং যে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে জানিয়া রাখুক যে, আমার প্রতিপালক অসীম সম্পদশালী; পরম দাতা।’
২১৭৪। ‘তারফু’ অর্থ এক নজর; সম্ভ্রান্ত ব্যক্তি; সরকারী রাজস্ব, ইয়েমেনের সংবাদবাহক (লেইন)। এই অর্থে উক্তির মর্মঃ (১) আপনার দূত ইয়েমেন হইতে আপনার নিকট প্রত্যাবর্তনের পূর্বেই; (২) চক্ষের পলকে; (৩) খাজাঞ্চিখানায় সরকারী রাজস্ব জমা হওয়ার পূর্বে। শেষোক্ত অর্থে এই উক্তির মর্মার্থে, আমার অধিকতর অর্থের প্রয়োজন হইবে না, সরকারী রাজস্বে জমাকৃত টাকা রাণীর সিংহাসন তৈয়ার করিবার খরচের জন্য যথেষ্ট হইবে। ‘যাহার নিকট কিতাবের জ্ঞান ছিল’, উক্তিটি মনে হয় এমন ব্যক্তিকে ইঙ্গিত করিতেছে যিনি অর্থনৈতিক জটিলতা সম্বন্ধে জ্ঞাত ছিলেন। সম্ভবতঃ তিনি সোলায়মান (আঃ)-এর রাজস্ব মন্ত্রী ছিলেন। বর্তমান এবং পূর্ববর্তী আয়াতে হযরত সোলায়মান (আঃ)-এর নির্দেশে সিংহাসন তৈয়ার করার দুইটি প্রস্তাবের উল্লেখ রহিয়াছে। (এক) ‘ইফরীত’ কর্তৃক যিনি সোলায়মান (আঃ)-এর তাবুগুটাইয়া প্রত্যাবর্তনের পূর্বেই সিংহাসন খানা প্রস্তুত করিবার প্রস্তাব করিয়াছিলেন। অপর প্রস্তাবটি সেই ব্যক্তি দ্বারা প্রদত্ত হইয়াছিল ‘যিনি জ্ঞানের অধিকারী ছিলেন’। শেষোক্ত ব্যক্তির প্রস্তাব অর্থাৎ সোলায়মান (আঃ)-এর দূত সাবার রাণীর নিকট হইতে তাঁহার পত্রের জওয়াব লইয়া প্রত্যাবর্তনের পূর্বেই সিংহাসনটি প্রস্তুত করার প্রস্তাব উৎকৃষ্টতর ছিল। বর্ণনা-প্রসঙ্গ হইতে বুঝা যায় যে, হযরত সোলায়মান (আঃ) দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করিয়াছিলেন, কেননা সাবার রাণী তাঁহার সম্মানে সাক্ষাৎ প্রার্থনার জন্য আসিবার পূর্বেই সিংহাসনটির নির্মাণ শেষ করিতে চাহিয়াছিলেন। কারণ সাবার রাণী সেস্থানে আসিয়া সমারোহ-পর্যবেক্ষণ না হওয়া পর্যন্ত হযরত সোলায়মান (আঃ) সেই শিবিরেই অবস্থান করা স্থির করিয়াছিলেন। আয়াতের অন্তর্নিহিত মর্ম ইহাও বুঝায় যে, সোলায়মান (আঃ) সর্বপ্রকার লোক-নিয়োগ করিয়াছিলেন— বিজ্ঞ ও অভিজ্ঞ লোক, দক্ষ এবং অদক্ষ শ্রমিক, কারিগর এবং প্রকৌশলী।

قَالَ نَکِّرُوۡا لَہَا عَرۡشَہَا نَنۡظُرۡ اَتَہۡتَدِیۡۤ اَمۡ تَکُوۡنُ مِنَ الَّذِیۡنَ لَا یَہۡتَدُوۡنَ ﴿۴۲﴾

৪২
সে বলিল, ‘তোমরা (এই সিংহাসনকে অধিক সুন্দর কর এবং) তাহার (রাণীর) সিংহাসনকে তাহার জন্য সাধারণ২১৭৫ তুচ্ছ করিয়া দেখাও, আমরা দেখিব যে, সে হেদায়াত পায় অথবা ঐসকল লোকের অন্তর্গত হয় যাহারা হেদায়াত পায় না।’
২১৭৫। ‘নাক্বারাহু’ অর্থ সে ইহাকে এমনভাবে পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছিল যে, ইহা দেখিয়া চিনিতে পারা যায় না; সে ইহাকে দেখিতে অতি সাধারণ করিয়াছিল (লেইন)। অতএব এই উক্তির অর্থ এইরূপ হইতে পারে, ‘এই সিংহাসনটিকে তাহার (রাণীর) সিংহাসনটির তুলনায় অতি সাধারণ বলিয়া মনে হয়।’ তফসীরাধীন আয়াত ইহা বুঝাইতে চহিয়াছে যে, হযরত সোলায়মান (আঃ) রাণীর জন্য সিংহাসন নির্মাণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে সিংহাসনটিকে এমন সৌন্দর্যমণ্ডিত করিয়া প্রস্তুত করিবার জন্য নির্দেশ দিয়াছিলেন যাহাতে রাণী দেখিয়া ইহার কারিগরী দক্ষতার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করিয়া নিজের সিংহাসনকে অপসন্দ করেন এবং তৎদৃষ্টে রাণী বুঝিতে পারেন যে, হযরত সোলায়মান (আঃ) রাণী অপেক্ষা শ্রেষ্ঠ ও অধিক ক্ষমতা এবং সমৃদ্ধির অধিকারী। ‘সে হেদায়াত পায় না’, বাক্যের মর্মার্থ মনে হয় ইহাই। হযরত সোলায়মান (আঃ)-এর বিরোধিতা বা প্রতিবন্ধকতায় রাণীর ব্যর্থতার কথা তাহাকে তিনি বুঝাইয়া দিতে চহিয়াছিলেন। রাণী এবং তাঁহার মন্ত্রীপরিষদ তাহাদের শক্তি-সামর্থ্য সম্বন্ধে গর্ব বোধ করিত বলিয়া ধারণা হয় (২৭ঃ৩৪) এবং হযরত সোলায়মান (আঃ) তাহাদের এই ভ্রান্ত ধারণা ভাঙ্গিয়া দিতে চাহিয়াছিলেন (২৭ঃ৩৭)। ‘তাহার (রাণীর) সিংহাসনকে’ শব্দদ্বয় যদি হযরত সোলায়মান (আঃ)-কে উপহার স্বরূপ রাণীর প্রেরিত সিংহাসন অর্থে নেওয়া হয় তাহা হইলে ‘নাক্বিরু’ শব্দের অর্থ হইবে এই যে, সিংহাসনটি এমন সুন্দর ও সৌষ্ঠবপূর্ণ হওয়া উচিৎ এবং উহার উপর খচিত কোন প্রতিমা যদি থাকে, তাহা সম্পূর্ণরূপে এমনভাবে মুছিয়া ফেলা উচিৎ যাহাতে তিনি (রাণী) ইহাকে সনাক্ত করিতে ব্যর্থ হন।

فَلَمَّا جَآءَتۡ قِیۡلَ اَہٰکَذَا عَرۡشُکِ ؕ قَالَتۡ کَاَنَّہٗ ہُوَ ۚ وَاُوۡتِیۡنَا الۡعِلۡمَ مِنۡ قَبۡلِہَا وَکُنَّا مُسۡلِمِیۡنَ ﴿۴۳﴾

৪৩
অতঃপর যখন সে আসিল তখন বলা হইল, ‘তোমার সিংহাসন কি এইরূপই?’ সে বলিল, ‘মনে হয় ইহা যেন উহাই। আসলে আমাদিগকে ইহার পূর্বেই জ্ঞান দান করা হইয়াছিল এবং আমরা (পূর্বেই) আত্মসমর্পিত হইয়া গিয়াছিলাম।’২১৭৬
২১৭৬। ‘আসলে আমাদিগকে ইহার পূর্বেই জ্ঞান দান করা হইয়াছিল’ কথাগুলির মর্মার্থ এই যে, রাণী পূর্বাহ্নেই হযরত সোলায়মান (আঃ)-এর বিশাল শক্তি ও সামর্থ্য সম্বন্ধে অবগত হইয়াছিলেন এবং তাঁহার আনুগত্য স্বীকার করার জন্য মন স্থির করিয়াছিলেন।

وَصَدَّہَا مَا کَانَتۡ تَّعۡبُدُ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اِنَّہَا کَانَتۡ مِنۡ قَوۡمٍ کٰفِرِیۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং আল্লাহ্‌র পরিবর্তে সে যাহার ইবাদত করিত উহা হইতে সে তাহাকে বিরত রাখিল, নিশ্চয় সে কাফের জাতির অন্তর্গত ছিল।

قِیۡلَ لَہَا ادۡخُلِی الصَّرۡحَ ۚ فَلَمَّا رَاَتۡہُ حَسِبَتۡہُ لُجَّۃً وَّکَشَفَتۡ عَنۡ سَاقَیۡہَا ؕ قَالَ اِنَّہٗ صَرۡحٌ مُّمَرَّدٌ مِّنۡ قَوَارِیۡرَ ۬ؕ قَالَتۡ رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ وَاَسۡلَمۡتُ مَعَ سُلَیۡمٰنَ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۴۵﴾

৪৫
তাহাকে বলা হইল, ‘তুমি এই মহলে প্রবেশ কর।’ যখন সে উহা দেখিল তখন উহাকে সে এক ঢেউ-খেলানো গভীর জলাশয় মনে করিল এবং সে নিজের পায়ের নলাদ্বয় হইতে কাপড় উঠাইয়া লইল।২১৭৭ সে (সোলায়মান) বলিল, ‘ইহা একটি স্বচ্ছ কাঁচ-খচিত মহল।’ তখন সে বলিল, ‘হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার নিজের প্রাণের প্রতি যুলুম করিয়াছি, আমি সোলায়মানের সহিত সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণ করিলাম।’
সূরা আন্‌ নাম্‌ল - রুকু ৩
২১৭৭। বিখ্যাত আরবী বাগ্‌ধারা ‘কাশাফা আন সাক্বেহী’-এর অর্থ সংকটের মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়া অথবা বিব্রত বা কিংকর্তব্য বিমূঢ় হওয়া। ‘কাশাফাত আন সাক্বায়হা’ অর্থঃ (১) সে (রাণী) পায়ের নলাদ্বয় উন্মুক্ত করিয়াছিল; (২) সে অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়াছিল; (৩) সে উদ্বিগ্ন বা কিংকর্তব্যবিমুঢ় বা হতচকিত হইয়া গিয়াছিল (লেইন এবং লিসান)। হযরত সোলায়মান (আঃ) চাহিয়াছিলেন যে, রাণী প্রতিমা-পূজা পরিত্যাগ করুক এবং সত্যের প্রতি ঈমান আনয়ন করুক। এই উদ্দেশ্যে তিনি বিজ্ঞতার সহিত এমন উপায় অবলম্বন করিয়াছিলেন যাহাতে অভিজাত এবং বিচক্ষণ এই রাণী আপন পথ-ভ্রান্তি বুঝিতে পারেন। এই সৃষ্টিকোণ হইতে হযরত সোলায়ান (আঃ) রাণীর জন্য সিংহাসনটি নির্মাণ করাইয়াছিলেন। তাহার নিজ সিংহাসন যাহার জন্য রাণী গর্ববোধ করিতেন, উহা হইতেও ইহাকে সর্বতোভাবে অধিক সৌন্দর্যমণ্ডিত এবং উৎকদষ্টতর করা হইয়াছিল। হযরত সোলায়ান (আঃ) সেইজন্য এইরূপ করিয়াছিলেন যাহাতে রাণী উপলব্ধি করিতে পারেন যে, তিনি (আঃ) আল্লাহ্‌র প্রেরিত ছিলেন এবং তাঁহাকে রাণী অপেক্ষা জাগতিক এবং আধ্যাত্মিক সহজাত গুণাবলীর অধিকতর প্রাচুর্যে ভূষিত করা হইয়াছিল। আয়াতে বর্ণিত রাজ প্রাসাদও একই দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যে নির্মাণ করা হইয়াছিল। আয়াতে প্রতিপন্ন হয় যে, প্রাসাদের প্রবেশপথ কাচের আস্তরণ দ্বারা আবৃত করা হইয়াছিল যাহার তলদেশ দিয়া স্ফটিকতুল্য স্বচ্ছ স্রোতস্বিনী প্রবাহিত ছিল। যখন রাণী প্রাসাদে প্রবেশ করিতে উদ্যত হইয়াছিলেন যখন স্বচ্ছ কাঁচকে পানি ভ্রমে পায়ের নলাদ্বয় উন্মোচিত করিয়াছিলেন এবং পানির এই দৃশ্য তাঁহাকে হতবুদ্ধি এবং কিংকর্তব্যবিমূঢ় করিয়া দিয়াছিল। এই পরিকল্পিত কৌশল দ্বারা হযরত সোলায়মান (আঃ) রাণীর মনযোগ এই বাস্তব ঘটনার প্রতি পরিচালিত করিয়াছিলেন যে, কাঁচের আস্তরণকে তিনি যেমন পানি বলিয়া ভুল করিয়াছিলেন, ঠিক সেইরূপ সূর্য এবং অন্যান্য আসমানী অস্তিত্বসমূহ যেগুলিকে তিনি পূজা করিতেন সেগুলি আলোর প্রকৃত উৎস নহে। উহারা কেবল আলো বিকীরণ করে, কিন্তু ঐগুলি নির্জীব পদার্থ সর্বশক্তিমান খোদাতালা উহাদিগকে আলো দ্বারা বিভূষিত করিয়াছেন যাহা তাহারা বিকীর্ণ করে। এইভাবে হযরত সোলামান (আঃ) তাঁহার পরিকল্পিত লক্ষ্যে কৃতকার্য হইয়াছিলেন। সাবার রাণী তাঁহার ভ্রম স্বীকার করিয়াছিলেন এবং কাষ্ঠ ও প্রস্তর নির্মিত প্রতিমার উপাসনা ছাড়িয়া এক আল্লাহ্‌র তৌহীদে তথা তাঁহার একত্বে ঈমান আনিয়াছিলেন।

وَلَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا اَنِ اعۡبُدُوا اللّٰہَ فَاِذَا ہُمۡ فَرِیۡقٰنِ یَخۡتَصِمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
এবং নিশ্চয় আমরা সামূদ জাতির নিকট তাহাদের ভাই সালেহ্‌কে পাঠাইয়াছিলাম (এই বাণীসহ) যে, ‘তোমরা আল্লাহ্‌র ইবাদত কর।’ তখন দেখ! সহসা তাহারা দুই দলে বিভক্ত হইয়া পরস্পর বিবাদ আরম্ভ করিয়া দিল।

قَالَ یٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُوۡنَ بِالسَّیِّئَۃِ قَبۡلَ الۡحَسَنَۃِ ۚ لَوۡلَا تَسۡتَغۡفِرُوۡنَ اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
সে বলিল, ‘হে আমার জাতি! কেন তোমরা কল্যাণের পূর্বে অকল্যাণের জন্য তাড়াতাড়ি করিতেছ? কেন তোমরা আল্লাহ্‌র নিকট নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করিতেছ না যেন তোমাদের উপর দয়া করা হয়?’

قَالُوا اطَّیَّرۡنَا بِکَ وَبِمَنۡ مَّعَکَ ؕ قَالَ طٰٓئِرُکُمۡ عِنۡدَ اللّٰہِ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تُفۡتَنُوۡنَ ﴿۴۸﴾

৪৮
তাহারা বলিল, ‘আমরা তোমার এবং তোমার সঙ্গীদের দরুন কুলক্ষণ প্রত্যক্ষ করিতেছি।’২১৭৭-ক  সে বলিল, ‘তোমাদের কুলক্ষণের কারণ আল্লাহ্‌র নিকট আছে, বস্তুতঃ তোমরা এমন এক জাতি যাহাদিগকে পরীক্ষায় ফেলা হইয়াছে।’
২১৭৭-ক। ‘তাত্বাইয়ারবিহী’ অর্থ সে ইহার বা তাহার অশুভ পূর্বাভাষ সূচনা করিয়াছিল; সে তাহাকে বা ইহাকে অশুভ পূর্বলক্ষণ মনে করিয়াছিল (লেইন)।

وَکَانَ فِی الۡمَدِیۡنَۃِ تِسۡعَۃُ رَہۡطٍ یُّفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর সেই শহরে এমন নয়জন লোক ছিল যাহারা২১৭৮ দেশে ফাসাদ করিয়া বেড়াইত এবং সংশোধন- মূলক কাজ করিত না।
২১৭৮। হযরত নবী করীম (সাঃ)-এর নয়জন ঘোরতর শত্রুর প্রসঙ্গ উল্লিখিত হইয়াছে এই আয়াতে। তাহাদের আটজন বদরের যুদ্ধে নিহত হইয়াছিল এবং নবম জন কুখ্যাত আবু লাহাব বদরেরর যুদ্ধে পরাজয়ের খবর শুনিয়া মক্কাতে মারা গিয়াছিল। উক্ত আট ব্যক্তি ছিল: আবু জাহ্‌ল, মুত’ইম বিন্‌ ‘আদী, শাইবাহ বিন রাবীয়াহ্, ‘উত্‌বা বিন রাবীয়াহ্, ওলীদ বিন উতবাহ, উমাইয়া বিন খাল্‌ফ, নাযর বিন হারেস এবং ‘আক্‌বাহ্‌ বিন আবী মুয়াইত। তাঁহারা হযরত নবী আকরাম (সাঃ)-কে হত্যার ষড়যন্ত্র করিয়াছিল। পরিকল্পনা ছিল কোরায়শদিগের প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া লোক বাছাই করিয়া তাহাদের পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে খুনের আক্রমণ রচনা করা, যাহাতে কোন বিশেষ গোত্র তাঁহার হত্যার জন্য একক ভাবে দায়ী না হয়। এই কুচক্রিদলের সদার আবু জাহ্‌ল ছিল এই ষড়যন্ত্রের নেতা।

قَالُوۡا تَقَاسَمُوۡا بِاللّٰہِ لَنُبَیِّتَنَّہٗ وَاَہۡلَہٗ ثُمَّ لَنَقُوۡلَنَّ لِوَلِیِّہٖ مَا شَہِدۡنَا مَہۡلِکَ اَہۡلِہٖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۵۰﴾

৫০
তাহারা বলিল, ‘তোমরা সকলে পরস্পর আল্লাহ্‌র কসম খাও যে, নিশ্চয় আমরা তাহার উপর এবং তাহার পরিজনের উপর রাত্রিকালে আক্রমণ করিব, অতঃপর আমরা তাহার অভিভাবককে বলিব যে,২১৭৮-ক আমরা তাহার পরিজনের ধ্বংসের ঘটনা প্রত্যক্ষ করি নাই এবং নিশ্চয় আমরা সত্যবাদী।’
২১৭৮-ক। ‘ওয়ালী’ অর্থ উত্তরাধিকারী; এমন ব্যক্তি যে হত্যার শাস্তিমূলক প্রতিশোধ দাবী করে, রক্তের প্রতিশোধ গ্রহণকারী (লেইন)।