২৭

النمل

সূরা আন্‌ নাম্‌ল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৪ আয়াত এবং ৭ রুকু আছে।

وَاَلۡقِ عَصَاکَ ؕ فَلَمَّا رَاٰہَا تَہۡتَزُّ کَاَنَّہَا جَآنٌّ وَّلّٰی مُدۡبِرًا وَّلَمۡ یُعَقِّبۡ ؕ یٰمُوۡسٰی لَا تَخَفۡ ۟ اِنِّیۡ لَا یَخَافُ لَدَیَّ الۡمُرۡسَلُوۡنَ ﴿٭ۖ۱۱﴾

১১
এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ কর।’ অতঃপর যখন সে উহাকে নড়িতে দেখিল যেন উহা একটি ছোট সাপ,২১৪৮-ক তখন সে পিছনের দিকে ছুটল এবং ফিরিয়াও তাকাইল না; (তখন আমরা বলিলাম) ‘হে মূসা! ভয় করিও না; নিশ্চয় আমি এমন সত্তা যে, আমার দরবারে রসূলগণ ভয় করে না;
২১৪৮-ক। টীকা ১০২৩ দেখুন।

اِلَّا مَنۡ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنًۢا بَعۡدَ سُوۡٓءٍ فَاِنِّیۡ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۲﴾

১২
কেবল সে ব্যাতিরেকে যে যুলুম করিয়া বসে, অতঃপর মন্দকর্মের পরিবর্তে সৎকর্ম করে (তাহার প্রতি) আমি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়;

وَاَدۡخِلۡ یَدَکَ فِیۡ جَیۡبِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ ۟ فِیۡ تِسۡعِ اٰیٰتٍ اِلٰی فِرۡعَوۡنَ وَقَوۡمِہٖ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿۱۳﴾

১৩
এবং তুমি স্বীয় হস্তকে নিজ বগলে প্রবিষ্ট কর, উহা শুভ্র হইয়া নির্দোষরূপে বাহির হইবে, ইহা ফেরাউন ও তাহার জাতির জন্য নয়টি নিদর্শনের অন্তর্গত;২১৪৯ নিশ্চয় তাহারা এক সীমালংঘনকারী জাতি।
২১৪৯। ‘নয়টি নিদর্শন’-এর জন্য দেখুন ১৭ঃ১০২। সংক্ষেপে এই নিদর্শনগুলি ছিলঃ (১) লাঠির; (২) শ্বেত হস্তের ৭ঃ১০৮-১০৯; (৩) উকুনের; (৪) ব্যঙের (যাহাতে অস্বাভাবিক মুষল ধারে বৃষ্টির ইংঙ্গিত নিহিত ছিল) (৫) পঙ্গ পালের; (৬) রক্তের অর্থাৎ এক প্রকার প্লেগ রোগ যাহার আক্রমণে নাসিকা হইতে রক্তক্ষরণ হইত; (৭) তুফানের (যাহা ইসরাঈলীগণ নিরাপদে সমুদ্র পার হওয়ার পর পশ্চাদ্ধাবনকারী ফেরাউন ও তাহার সৈন্যদলকে পার হওয়ার সময়ে সমূদ্রের জলরাশি দ্বারা ডুবাইয়া মারিয়াছিল) (৭ঃ১৩৪); (৮) খরার এবং (৯) ফল-ফলাদি ধ্বংসের নিদর্শন (৭ঃ১৩১)।

فَلَمَّا جَآءَتۡہُمۡ اٰیٰتُنَا مُبۡصِرَۃً قَالُوۡا ہٰذَا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۱۴﴾

১৪
অতঃপর যখন তাহাদের নিকট আমাদের দৃষ্টি উন্মোচনকারী নিদর্শন আসিল২১৫০ তখন তাহারা বলিল, ‘ইহা সুস্পষ্ট যাদু।’
২১৫০। ‘মোবসেরা’ অর্থ স্পষ্টতঃ প্রতীয়মান, দ্যুতিমান; ইন্দ্রিয় গোচরীভূত, মানসিকভাবে প্রত্যক্ষকরণ বা জ্ঞানার্জন (লেইন)।

وَجَحَدُوۡا بِہَا وَاسۡتَیۡقَنَتۡہَاۤ اَنۡفُسُہُمۡ ظُلۡمًا وَّعُلُوًّا ؕ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُفۡسِدِیۡنَ ﴿٪۱۵﴾

১৫
এবং তাহারা যুলুম ও অহংকারপূর্বক ঐগুলিকে প্রত্যাখ্যান করিল, অথচ তাহাদের হৃদয় উহাদের (সত্যতার) উপর দৃঢ় বিশ্বাস আনিয়াছিল; অতএব দেখ, বিশৃংখলা সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল!
সূরা আন্‌ নাম্‌ল - রুকু ১

وَلَقَدۡ اٰتَیۡنَا دَاوٗدَ وَسُلَیۡمٰنَ عِلۡمًا ۚ وَقَالَا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ فَضَّلَنَا عَلٰی کَثِیۡرٍ مِّنۡ عِبَادِہِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۶﴾

১৬
এবং নিশ্চয় আমরা দাউদ ও সোলায়মানকে২১৫১ জ্ঞান দান করিয়াছিলাম; এবং তাহারা উভয়েই বলিল, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাদিগকে তাঁহার বহু মো’মেন বান্দা হইতে অধিক মর্যাদা দিয়াছেন।’
২১৫১। হযরত দাউদ (আঃ) একজন বড় যোদ্ধা ছিলেন এবং শক্তিশালী ও দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যুডিয়ান (ইহুদী) রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইহুদী (হিব্রু) রাজ্যের প্রকৃত স্থপতি ছিলেন। তাঁহারই মাধ্যমে ‘ড্যান’ হইতে ‘বীরসেবা’ পর্যন্ত সকল ইসরাঈল গোত্রগুলি একত্রিত এবং সংগঠিত হইয়া এক শক্তিশালী জাতিতে পরিণত হইয়াছিল, তাহাদের রাজ্য ইউফ্রেটিস (ফোরাত) হইতে নীলনদ পর্যন্ত বিস্তার লাভ করিয়াছিল। হযরত সোলায়মান (আঃ) পিতার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য পুনঃবিন্যস্ত করিয়া সুদৃঢ় করিয়াছিলেন। তিনিও একজন মহান রাষ্ট্রনায়ক এবং উত্তম নৃপতি ছিলেন। স্বদেশের ব্যবসা-বাণিজ্য তিনি ব্যাপক ভাবে বিস্তৃত এবং উন্নীত করিয়াছিলেন। ইসরাঈল রাজাগণের মধ্যে তিনিই ছিলেন প্রধান নির্মাতা এবং যেরুযালেমের বিখ্যাত উপাসনালয় নির্মাণের জন্য বিখ্যাত। এই উপাসনালয়ই ইসরাঈলীদিগের ‘কিবলায়’ (উপাসনার কেন্দ্র স্থল) পরিণত হইয়াছিল।

وَوَرِثَ سُلَیۡمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّہَا النَّاسُ عُلِّمۡنَا مَنۡطِقَ الطَّیۡرِ وَاُوۡتِیۡنَا مِنۡ کُلِّ شَیۡءٍ ؕ اِنَّ ہٰذَا لَہُوَ الۡفَضۡلُ الۡمُبِیۡنُ ﴿۱۷﴾

১৭
এবং সোলায়মান দাউদের উত্তরাধিকারী হইল। এবং সে বলিল, ‘হে লোকসকল! আমাদিগকে পক্ষীকুলের ভাষা শিক্ষা২১৫২ দেওয়া হইয়াছে এবং আমাদিগকে প্রত্যেক প্রকারের (আবশ্যকীয়) বস্তু দেওয়া হইয়াছে। নিশ্চয় ইহা তাঁহার প্রকাশ্য অনুগ্রহ।’
২১৫২। ‘মানতিক্ব্‌’ (ভাষা) ইহার উৎপত্তি নাতাক্বা হইতে, যাহার অর্থ, সে শব্দ এবং বর্ণমালা দ্বারা কথা বলিল যাহা তাহার উদ্দেশ্য সুস্পষ্টভাবে প্রকাশ করিল। অতএব ‘নুতক্ব’ বোধগম্য এবং অসংলগ্ন বা অস্পষ্ট উভয় প্রকারের কথা প্রকাশের জন্য প্রযোজ্য হয় এবং বিষয়ের এমন অবস্থার প্রতিও ইহা প্রযোজ্য হয় যাহা স্পষ্ট উক্তি সূচক। ইহা বাহ্যিক অর্থাৎ উচ্চারিত কথা এবং অভ্যন্তরীণ অর্থাৎ উপলদ্ধি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। পশু-পাখী সম্পর্কেও কথা বা উক্তির অর্থে ব্যবহার হয় যখন এই প্রয়োগ রূপকে হয় (মুফরাদাত)। কীট-পতঙ্গের মনোভাব ব্যক্ত করার জন্য তাহাদের নিজস্ব উপায় রহিয়াছে। ভ্রমণশীল পাখীরা মৌসুম পরিবর্তনের সঙ্গে এক অঞ্চল হইতে অন্য অঞ্চলে চলিয়া যায়। উহারা ঝাঁক বাঁধিয়া উড়ে এবং সুশৃংখল ভাবে উড়ে। পিপীলিকা দল বাঁধিয়া বাস করে এবং মৌমাছিদের খুব সুনিয়ন্ত্রিত ব্যবস্থা ও নিয়ম রহিয়াছে। তাহাদের মধ্যে যোগাযোগের উপায় উপকরণ ছাড়া এইরূপ কিছুতেই সম্ভব হইত না। যোগাযোগের এই উপায়কে তাহাদের ভাষা বলা যাইতে পারে। হযরত দাউদ এবং সোলায়মান (আঃ)-কে পাখীর ভাষা শিক্ষা দেওয়া হইয়াছিল বলিয়া এখানে বর্ণিত হইয়াছে। ইহার অর্থ হইতে পারে যে, তিনি পক্ষীকুলকে তাঁহার কাজে ব্যবহার করার জ্ঞান অর্জন করিয়াছিলেন। এক স্থান হইতে অন্যস্থানে সংবাদ-বাহকের কাজে পাখীকে ব্যবহার করার কৌশল হযরত সোলায়মান (আঃ) কর্তৃক প্রভূত উন্নতি লাভ করিয়াছিল এবং তাঁহার শাসনাধীন বিশাল সাম্রাজ্যের ব্যবস্থাপনায় ইহার ঘন ঘন ব্যবহার করা হইত।

وَحُشِرَ لِسُلَیۡمٰنَ جُنُوۡدُہٗ مِنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ وَالطَّیۡرِ فَہُمۡ یُوۡزَعُوۡنَ ﴿۱۸﴾

১৮
এবং (একদা) সোলায়মানের সম্মুখে জিন্ন্‌২১৫৩ ও ইন্‌সান এবং পক্ষীকুল২১৫৪ হইতে তাহার সেনাদল একত্রিত করা হইল, অতঃপর তাহাদিগকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হইল,২১৫৫
২১৫৩। এখানে ‘জিন্ন্‌’-এর মর্ম পর্বতশ্রেণী অথবা বন্য জাতি বুঝাইতে পারে। তফসীরাধীন আয়াত ২১ঃ৮৩; ৩৪ঃ১৩ এবং ৩৮ঃ৩৮ আয়াতগুলির সহিত মিলাইয়া পড়া উচিৎ। ইহা হযরত সোলায়মান (আঃ)-এর সামরিক বাহিনীর কর্মকর্তাদিগের প্রতি ইশারা বলিয়া মনে হয়। ‘জিন্ন্‌’ (বন্য জাতি), ‘ইন্‌স্‌’ (মানুষ) ও ‘তায়ের’ (পাখী) তিনটি শব্দ তাঁহার সামরিক বাহিনীর তিন শাখার প্রতিকী নাম হইতে পারে। বর্তমান আয়াতে এবং ৩৪ঃ১৩ আয়াতে জিন্ন্‌ শব্দ সেনাবাহিনীর বিশেষ শাখাকে বুঝাইবার জন্য ব্যবহার করা হইয়াছে, আবার, ২১ঃ৮৩ এবং ৩৮ঃ৩৮ আয়াতদ্বয়ে ‘শায়াতীন’ শব্দ একই শ্রেণীকে বুঝাইবার জন্য ব্যবহার করা হইয়াছে। ইহাতে প্রতীয়মান হয় যে, সোলায়মান (আঃ) কোন কোন বন্য জাতিকে দমন করিয়া বশে আনিয়াছিলেন। উভয় শব্দের এই আনুমানিক অর্থে ‘জিন্ন্‌’ এবং ‘শায়াতীন’ তাঁহার সেনাবহিনীর অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তাঁহার জন্য অন্যান্য কতিপয় কঠিন কার্য সম্পাদন করিত। ‘তায়ের’ শব্দের অপর অর্থ দ্রুতগামী অশ্ব। সেই অর্থে ‘তায়ের’ সোলায়মান (আঃ)-এর অশ্বারোহী সৈন্যবাহিনীকে বুঝাইতে পারে। শব্দের এই অর্থের পক্ষে দৃঢ় সমর্থন পাওয়া যায় ৩৮ঃ৩২-৩৪ আয়াতসমূহে যাহাতে অশ্বের প্রতি হযরত সোলায়মান (আঃ)-এর গভীর ভালবাসার কথা বর্ণিত হইয়াছে। অতএব যেখানে ‘জিন্ন্‌‘ এবং ‘ইন্‌স্’ সোলায়মান (আঃ)-এর পদাতিক বাহিনীর দুই শাখাকে বুঝায়, সেখানে ‘তায়ের’ শব্দের অর্থ প্রকৃতই পাখী লওয়া হইলে এই শব্দ দ্বারা হযরত সোলায়মান (আঃ) যে সকল পাখীকে সংবাদ বহনের কাজে নিয়োজিত করিয়াছিলেন উহাদিগকে বুঝাইবে। অতএব উহারাও তাঁহার সেনাবাহিনীর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিগণিত ছিল। কিন্তু এই তিনটি শব্দ রূপকে ব্যবহৃত হইলে এগুলির অর্থ হইতে পারে যথাক্রমে ‘বড়লোক’, ‘সাধারণ মানুষ’ এবং ‘অতি উচ্চ মর্যাদা সম্পন্ন আধ্যাত্মিক মানুষ।’
২১৫৪। ‘তায়ের’ শব্দটি পাখী ছাড়াও দ্রুতগামী পশু যেমন অশ্ব ইত্যাদির জন্যও প্রয়োগ হইতে পারে। ‘তায়্যার’ শব্দটি ‘তায়ের’ শব্দের গাম্ভীর্যপূর্ণ রূপ, যাহার মর্মার্থ হইতেছে, খুব তেজস্বী এবং দ্রুত গতিসম্পন্ন অশ্ব, যাহা এত দ্রুত দৌড়ায় যে মনে হয় যেন উড়িয়া চলিয়াছে (লেইন ও লিসান)।
২১৫৫। ‘ওযাআ’ অর্থ সে সৈন্যদলের অগ্রভাগকে থামাইয়া দিয়াছিল, যাহাতে তাহাদের শেষ অংশ আসিয়া তাহাদের সংগে মিলিত হইতে পারে। হুয়া ইয়া যাউল জায়শা—অর্থ সে সৈন্যদিগকে সঠিক ভাবে বিন্যস্ত করিল এবং শ্রেণীবদ্ধ করিল (আকরাব)। কুরআন করীমের ভাষ্যের অর্থ হইতেছেঃ (১) তাহারা পৃথকভাবে দলবদ্ধ হইল, (২) তাহারা সুদক্ষ ও সুশৃংখল বাহিনীর মত দুর্বার অগ্রযাত্রা করিল, (৩) তাহাদের অগ্রভাগকে রুখিয়া দেওয়া হইল যাহাতে তাহাদের পশ্চাদভাগ আসিয়া তাহাদের সঙ্গে যোগ দিতে পারে। এই শব্দগুলি হইতে ইহাই প্রতীয়মান হয় যে, হযরত সোলায়মান (আঃ)-এর এক সুশিক্ষিত এবং সুশৃংখল সৈন্যবাহিনী ছিল, যাহার কতিপয় পৃথক এবং নির্দিষ্ট শাখা ছিল।

حَتّٰۤی اِذَاۤ اَتَوۡا عَلٰی وَادِ النَّمۡلِ ۙ قَالَتۡ نَمۡلَۃٌ یّٰۤاَیُّہَا النَّمۡلُ ادۡخُلُوۡا مَسٰکِنَکُمۡ ۚ لَا یَحۡطِمَنَّکُمۡ سُلَیۡمٰنُ وَجُنُوۡدُہٗ ۙ وَہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۹﴾

১৯
এমন কি যখন তাহারা নাম্‌লের উপত্যকায়২১৫৬ পৌঁছিল তখন এক নামলীয় বলিল, ‘হে নামলীয়রা! তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর, যেন সোলায়মান ও তাহার সেনাদল তাহাদের অজ্ঞাতসারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে।’২১৫৭
২১৫৬। ‘নমল’ শব্দ যেহেতু নামবাচক বিশেষ্য সেহেতু ‘আন্‌ নামল’ এর উপত্যকা অর্থ পিপীলিকার দেশ বুঝায় না, যেমনটি সাধারণভাবে ভ্রান্ত ধারণা করা হইয়া থাকে, বরং সেই উপত্যকায় ‘নমল’ নামীয় এক উপজাতি বাস করিত। ‘কামুস’-এর মধ্যে আমরা দেখিতে পাই, ‘আল আব্‌রিক্বাতু মিন্ মীইয়াহিল নামলাতি’,অর্থাৎ ‘আবরিকা’ নাম্‌লাদের এক বংশধর। সুতরাং ‘নমল’ একটি গোত্রের নাম, ঠিক যেমন এক আরববাসীর নাম ছিল ‘মাযিন’ (হামাসাহ্‌) যাহার অর্থ পিপীলিকার ডিম। আরব দেশে সাধারণভাবে জীব-জন্তুর নামে উপজাতি বা গোত্রের নাম রাখা হইত যথা-বনু আসাদ, বনু কাল্‌ব, বনু নমল ইত্যাদি। এতদ্ব্যতীত আয়াতে ‘উদ্‌খুলু’ (প্রবেশ কর), এবং ‘মাসাকিনাকুম’ (তোমাদের গৃহে) শব্দ দ্বয়ের ব্যবহার এই মতের জোর সমর্থন করে যে, নমল একটি গোত্র ছিল। কেননা পূর্ববর্তী ক্রিয়াপদ (কেবলমাত্র) সচেতন সত্তার জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তী উক্তিও (তোমাদের বাসগৃহে) কুরআনে ব্যবহৃত হইয়াছে একমাত্র মানুষের বাসস্থানের জন্য (২৯ঃ৩৯ ও ৩২ঃ২৭)। অতএব নামলাহ্ অর্থ আন্‌ নামল উপজাতির এক ব্যক্তি অর্থাৎ এক নমলবাসী। উল্লিখিত এই নম্‌লবাসী সম্ভবতঃ তাহাদের নেতা ছিল, যে সোলায়মান (আঃ)-এর সৈন্যবাহিনীর গতিপথ হইতে সরিয়া যাইবার জন্য এবং তাহাদের গৃহে প্রবেশ করিবার জন্য লোকদিগকে নির্দেশ দিয়াছিল। কোন কোন নির্ভরযোগ্য পণ্ডিতের মতে এই উপত্যকা সীনাই-এর নিকটবর্তী গাজার বার মাইল উত্তরে সমুদ্র উপকুলবর্তী শহর আস্‌কালান এবং জিবরীন-এর মধ্যবর্তী স্থলে অবস্থিত (তাকভীমুল বুলদান)। জিবরীন শহর দামেশ্‌কের ভিলাইয়াহ্‌ হইতে উত্তর দিকে অবস্থিত। ইহাতে প্রতীয়মান হয় যে, নম্‌ল উপত্যকা সমূদ্র উপকুলের নিকটবর্তী জেরুযালেমের অদূরে অথবা বিপরীতে দামেশক্‌ হইতে হেজাযের পথে একশত মাইল দূরে অবস্থিত ছিল। হযরত সেলায়মান (আঃ)-এর সময় পর্যন্ত দেশের এই অংশে আরব এবং মিদীয়ানীরা বাস করিত (দেখুন, সিরিয়া ও প্যালেষ্টাইনের প্রাচীন এবং আধুনিক মানচিত্র)। অন্যান্য বিশেষজ্ঞের মতে ইহা (নম্‌ল) ইয়েমেনে অবস্থিত। শেষের অভিমতটি অধিকতর বাস্তব-সম্মত। এই ঐতিহাসিক ঘটনা হইতে বুঝা যায় যে, এই উপত্যকাকে কেন্দ্র করিয়া রচিত কাহিনীসমূহ অনুমান ছাড়া আর কিছুই নয়। আসল কথা হইতেছে, সাবার বিরুদ্ধে যুদ্ধাভিযানের সময় হযরত সোলায়ান (আঃ) যখন এই উপত্যকার মধ্য দিয়া অতিক্রম করিয়াছিলেন তখন সেখানে নমল উপজাতির লোকেরা বসবাস করিত।
২১৫৭। ইহা সুস্পষ্ট যে, হযরত সোলায়মান (আঃ)-এর সৈন্যরা তাহাদের ধার্মিকতা ও সততার জন্য চতুর্দিকে বিখ্যাত ছিল। তাহারা জ্ঞাতসারে কোন লোকের ক্ষতি বা অপকার করিত না। মনে হয় ‘হুম্ লা ইয়াশউরূন (অর্থ, তাহারা জ্ঞাত নহে) এই উক্তির অন্তর্নিহিত মর্ম ইহাই। পরবর্তী আয়াত হইতেও স্পষ্ট বুঝা যায় যে, সোলায়মান (আঃ) এই কারণে খুব খুশী হইয়াছিলেন।

فَتَبَسَّمَ ضَاحِکًا مِّنۡ قَوۡلِہَا وَقَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰٮہُ وَاَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ ﴿۲۰﴾

২০
তখন সোলায়মান তাহার কথায় মৃদু হাস্য করিল২১৫৮ এবং বলিল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার নেয়ামতসমূহের কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে পারি, যাহা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দিয়াছ এবং যেন এমন সৎকর্ম করিতে পারি যাহা তুমি পসন্দ কর এবং তুমি নিজ রহমত দ্বারা আমাকে তোমারই নেক বান্দাগণের অন্তর্ভুক্ত কর।’
২১৫৮। ‘যাহিকা’ অর্থ সে অবাক হইল অথবা সে খুশী হইল (লেইন)। এই অর্থে আয়াতের মর্ম এই যে, হযরত সোলায়মান (আঃ) বিস্মিত হইলেন এবং তাঁহার নিজের সম্বন্ধে ও তাঁহার সেনাবাহিনীর ক্ষমতা ও সাধুতা সম্বন্ধে নম্‌লবাসী লোকটির সুধারণা প্রকাশে খুশী হইলেন।