الشعراء
Ash-Shu`ara'
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার তারিখ, শিরোনাম এবং প্রসংগ
অধিকাংশ মুসলিম পণ্ডিতের অভিমত অনুযায়ী আলোচ্য সূরাটি একটি মক্কী সূরা। ইহার শিরোনাম হইতেছে আশ্ শো’আরা বা কবিবৃন্দ, এই নামকরণের মাধ্যমে আল্লাহ্তা’লা মুসলমানদেরকে একটি উত্তম দৃষ্টান্ত প্রদান করিতেছেন। আর উক্ত দৃষ্টান্ত হইতেছে এই যে, কোন জাতি তখনই সাফল্য লাভ করে যখন উহাদের কথা ও কাজের সমন্বয় থাকে এবং কবিদের মত শুধু মাত্র বাকসর্বস্ব হওয়াতে এই লক্ষ্য অর্জন সম্ভবপর নয়। এই সূরার বিষয়বস্তু উপস্থাপনার ধারা পূর্ববর্তী ষোলটি সূরা হইতে ব্যতিক্রম-ধর্মী। কেননা সূরা ইউনুস হইতে লক্ষ্য করিলে দেখা যাইবে যে, মূখ্যতঃ ইহুদী ও খৃষ্টানদের উদ্দেশ্যেই উল্লেখিত সূরাগুলির বক্তব্য কেন্দ্রীভূত ছিল।কিন্তু আলোচ্য সূরা হইতে মো’মেনদের উদ্দেশ্যেই বেশীর ভাগ প্রসঙ্গ বর্ণিত হইয়াছে, ফলে সম্ভাষণের স্বরূপ, রীতি ও কার্যক্ষেত্র পাল্টাইয়া গিয়াছে, এমনকি,সূরাটির শুরুতে উপস্থাপিত “হুরূফে মুকাত্তায়াতের” ব্যাপারেও পরিবর্তন সাধিত হইয়াছে। পূর্ববতী সূরাতে এই প্রসঙ্গ তুলিয়া সমাপ্তি টানা হইয়াছিল যে, এমন ধারণা করা নিতান্তই বোকামী যে, প্রাচীন কাল হইতে চিরাচরিত ঐশী নিয়ম যেভাবে নবী-রসূলের মাধ্যমে কার্যকরী ছিল, তাহা আল্লাহ্তা’লা ধ্বংস করিয়া দিবেন। পরন্তু আল্লাহ্তা’লা মানুষকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করিয়াছেন যাহাতে সে আল্লাহ্তা’লার মহান সিফতসমূহ দ্বারা নিজেকে ভূষিত করে এবং ঐশী আহবানে সাড়া দেয়। মানুষ যদি তাহার সৃষ্টির উদ্দেশ্য না বুঝে এবং উহা পূর্ণ না করে, তাহা হইলে তাহার জীবনের অস্তিত্বের কোনই প্রয়োজন নাই এবং তাহাকে ধ্বংস করিবার জন্য আল্লাহ্র দ্বিধা করিবারও কোন কারণ নাই। সূরাটিতে আরো বলা হইয়াছে যে, মানবতার প্রতি অকৃত্রিম মমতা ও উদ্বেগের কারণে হযরত মুহাম্মদ (সাঃ) ব্যথিত চিত্তে সর্বদা এই আশংকা করিতেন যে, মানুষ যেন তাহার কৃত-কর্মের জন্য ধ্বংসের কারণ হইয়া না পড়ে। তিনি ব্যাকুলভাবে কামনা করিতেন যাহাতে মানুষ সম্ভাব্য ধ্বংস হইতে রক্ষা প্রাপ্ত হয়। আর মানুষের ধ্বংস সাধন তো আল্লাহ্তা’লার অভিপ্রেত পরিকল্পনার পরিপন্থী। কেননা, আল্লাহ্ তো চাহেন যে, মানুষকে যে জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করা হইয়াছে, উহার সুষ্ঠু প্রয়োগ ও চেষ্টা-প্রচেষ্টার মাধ্যমে সে আল্লাহ্র নৈকট্য প্রাপ্তির পথের সন্ধান করুক, অতঃপর সে তাহার নৈকট্য অর্জন করুক। কিন্তু সে যদি ইহা করিতে অস্বীকার করে, তাহা হইলে অস্বীকার-জনিত পরিণাম তাহাকে ভোগ করিতে হইবে। অতঃপর, সূরাটিতে বলা হইয়াছে যে, মানুষকে যদি স্বাধীন ইচ্ছা ও পসন্দের ক্ষমতা না দেওয়া হইত, তাহা হইলে সে শুধু মাত্র একটি যন্ত্র বা যন্ত্রমানবে পরিণত হইত এবং সেই অবস্থায় সে তাহার স্রষ্টার প্রতিচ্ছবি হিসাবে যে মর্যাদায় ভূষিত, তাহা হইতে বঞ্চিত হইত। সুতরাং মানুষের উচিত ঐশী পরিকল্পনার আলোকে তাহার জীবনকে পরিচালিত করা। ইহা না করিলে মানুষ কিছুতেই সত্যিকার মুক্তি বা পরিত্রাণ লাভ করিতে পারিবে না।
বিষয়বস্তু
সূরাটির শুরুতেই এই দাবী করা হইয়াছে যে, কুরআন স্বয়ং ইহার সত্যতার প্রমাণ ও যুক্তি হিসাবে যথেষ্ট এবং ইহার সমর্থনে বাহিরের কোন সাহায্য ও সমর্থনের প্রয়োজন নাই। অতঃপর বলা হইয়াছে যে, পার্থিব জগতে মানুষের প্রয়োজন ও অভাব মিটাইবার জন্য আল্লাহ্তা’লা যেভাবে প্রত্যেক বস্তুর জোড়া সৃষ্টি করিয়াছেন, সেইজন্য ইহাই যুক্তি-সঙ্গত যে, আধ্যাত্মিক জগতেও আল্লাহ্তা’লা প্রত্যেক বস্তুর জোড়া করিবেন। অতঃপর, অত্যন্ত যুক্তিযুক্ত উপায়ে সূরাটিতে কয়েকজন নবী-রসূলের জীবনের কিছু বিবরণী দেওয়া হইয়াছে। প্রথমেই হযরত মূসা (আঃ)-এর কাহিনী বর্ণনা পূর্বক দেখানো হইয়াছে যে, কিভাবে ঐশী আদেশের অনুসরণে মূসা (আঃ) বনী ইসরাঈলকে মিশর হইতে বাহির করিয়া নিতে সক্ষম হন। সত্যই পরিণামে বিজয়ী হয় এবং মিথ্যা পরাভূত হয়— এই শাশ্বত বিষয়টিকে আরো ব্যাখ্যার লক্ষ্যে সূরাটিতে অতঃপর সংক্ষিপ্তভাবে হযরত ইবরাহীম, নূহ, হূদ, সালেহ, লুত এবং শুয়াইব (আঃ)-এর ঘটনা বর্ণিত হইয়াছে। হযরত ইবরাহীম (আঃ) তাঁহার জাতির কাছে প্রতিমা পূজার আযৌক্তিকতা ও অসারতা প্রমাণিত করেন। অতঃপর,হযরত নূহ (আঃ)-এর ঘটনায় দেখা যায় যে, কিভাবে তাঁহার কওম তাঁহাকে এই ধারণার বশবর্তী হইয়া অস্বীকার করিয়াছিল যে, তিনি সমাজের সকল উচ্চ ও নীচুর ব্যবধান বিলোপ করিতে চাহিয়াছিলেন। ইহার পর হযরত হূদ এবং সালেহ (আঃ)-এর ঘটনা বর্ণিত হইয়াছে। ঐশী বাণী বাহক এই উভয় নবীই তাঁহাদের স্বজাতিকে এই বিষয়টি অনুধাবনের জন্য কঠোর পরিশ্রম করিয়াছিলেন যে, সত্যিকার সফলতা জাগতিক উপকরণ ও ক্ষমতার উপর নির্ভর করে না, বরং উহা নির্মল নৈতিকতা ও আধ্যাত্মিক শক্তির উপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাহাদের জাতি এই শিক্ষা এবং সতর্কবাণীকে নিতান্ত অবহেলাভরে বর্জন করিয়াছিল। হযরত লুত এবং শুয়াইব (আঃ)-এর স্বজাতিও তাঁহাদের সাথে কোন ভাল ব্যবহার করে নাই। হযরত লুত (আঃ)-এর সম্প্রদায় এক অস্বাভাবিক পাপকার্যে নিজেদেরকে জড়িত রাখে, আর শুয়াইব (আঃ)-এর কওম বাণিজ্যিক লেনদেনে বড়ই অসাধুতার পরিচয় দেয়। যেই বিষয় লইয়া সূরাটির শুরু হইয়াছিল, উহাই শেষাংশে পুনরায় আলোচিত হইয়াছে, অর্থাৎ পবিত্র কুরআন আল্লাহ্র অবতীর্ণ বাণী, ইহার সত্যতা ও দাবীর প্রমাণ স্বরূপ ইহা নিজেই যুক্তিপূর্ণ নিদর্শন পেশ করে। শুধু তাহাই নহে, অতীতের নবী-রসূলরাও ইহার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দান করিয়া গিয়াছেন। এমনকি শিক্ষিত বনী ইসরাঈলীদের অনেকেই তাহাদের হৃদয়ের অন্তঃস্থলে এই কথার স্বীকৃতি প্রদান করে যে, কুরআন স্বয়ং আল্লাহ্র বাণী, কেননা তাহাদের ধর্মগ্রন্থের অনেক ভবিষ্যদ্বাণী ইহার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করিয়াছে। অতঃপর, সূরাটিতে অবিশ্বাসীদেরকে কুরআনের শিক্ষার উপর গভীরভাবে চিন্তা করার আহবান জানাইয়া বলা হইয়াছে যে, তাহারা কি অনুধাবন করিয়া দেখে না যে, কুরআনের মত এমন অনুপম শিক্ষা কি কোন শয়তানের কাজ হইতে পারে? কিংবা হযরত মুহাম্মদ (সাঃ) এর মত একজন মানুষ কর্তৃক রচিত হইতে পারে? ইহাতে আরো বলা হইয়াছে যে, কুরআনের অনেক বিষয় বা শিক্ষাই পূর্ববর্তী ধর্মগ্রন্থের প্রকৃত শিক্ষার সহিত সামঞ্জস্যপূর্ণ, কাজেই শয়তান প্রকৃতির মানুষের এই সব ধর্মগ্রন্থের ঐশী উৎসের মধ্যে তো হস্তক্ষেপ করিবার ব্যাপারে কোন সুযোগ ছিল না। শয়তান তো কেবল উহাদের উপরই অবতীর্ণ হয় যাহারা পাপী, মিথ্যাবাদী, এবং তাহাদের কাজই হইতেছে অসত্যের সমর্থন করা এবং নির্জলা মিথ্যার উদ্ভাবন করা। যাহারা কবি, তাহারা এই ধরণের মিথ্যার সমর্থন ও ভক্তরদের অনুপ্রেরণা লাভ করিয়া থাকে। তদুপরি তাহাদের অনুসারীরা সাধারণভাবে দুর্বল নৈতিকতার অধিকারী হয় এবং কোন নীতি-নৈতিকতা মানিয়া চলে না। ইহা ছাড়া কবি এবং তাহাদের অনুসারীরা অর্থহীন বাগাড়ম্বর-প্রিয় হয়। আসলে তাহারা যাহা বলে তাহা কখনো কার্যে পরিণত করিয়া দেখায় না। অতঃপর, সূরাটিতে হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি কতিপয় নির্দেশ প্রদান পূর্বক বলা হইয়াছে যে, তিনি যেন তাঁহার লোকদের নিকট আল্লাহ্র তওহীদ ও একত্বের বিষয় প্রচার করিতে থাকেন এবং ইসলামের উন্নতিকে ত্বরান্বিত করার জন্য তাহাদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করেন। তাহাকে আরো নির্দেশ দেওয়া হইয়াছে যে তিনি যেন আল্লাহ্র প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা পোষণ করেন। কেননা, তাঁহারই নিরাপত্তা ও সাহায্যের আশ্রয়ে তাহার জীবন অতিবাহিত হইতেছে। পরিশেষে এই আশ্বাস-বাণীসহ সূরাটির সমাপ্তি টানা হইয়াছে যে, শীঘ্রই আল্লাহ্তা’লা মুসলমানদের বিক্ষিপ্ত অবস্থার নিরসন ঘটাইবেন এবং এমন এক স্থানে তাহাদেরকে একত্রিত করিবেন যেথায় তাহারা সুখে-শান্তিতে অবস্থান করিবে এবং পরিপূর্ণ নিরাপত্তার সহিত এক আল্লাহ্র ইবাদত করিবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
طٰسٓمّٓ ﴿۲﴾
تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾
لَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ اَلَّا یَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۴﴾
اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ اٰیَۃً فَظَلَّتۡ اَعۡنَاقُہُمۡ لَہَا خٰضِعِیۡنَ ﴿۵﴾
وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا کَانُوۡا عَنۡہُ مُعۡرِضِیۡنَ ﴿۶﴾
فَقَدۡ کَذَّبُوۡا فَسَیَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۷﴾
اَوَلَمۡ یَرَوۡا اِلَی الۡاَرۡضِ کَمۡ اَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍ کَرِیۡمٍ ﴿۸﴾
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹﴾
وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۱۰﴾