২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

طٰسٓمّٓ ﴿۲﴾

২
তা সীন মীম্‌।২০৯৪
২০৯৪। তা সীন্‌ মীম্‌, এইগুলি ‘হুরূফে মুকাত্তাআত’ (সাংকেতিক বা সংক্ষিপ্ত বর্ণমালা)। এখানে প্রতীকরূপে ‘তাহের’ (পবিত্র)-এর তা, ‘সামী’ (সর্বশ্রোতা)-এর সীন্‌ এবং ‘মজীদ’ (মর্যাদাবান)-এর মীম, ইঙ্গিত করে যে, সূরাটি এই উপায়ে হৃদয়ের পবিত্রতা অর্জন, দোয়ার কবূলিয়ত এবং মর্যাদা লাভের শিক্ষা দেয়। তফ্‌সীরাধীন এবং পরবর্তী তা সীন মীম্ মুকাত্তা’আত-বিশিষ্ট দুইটি সূরা একই বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এইগুলির প্রত্যেকটি বিষয়-বস্তুতে পরস্পরের খুবই ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে। এইগুলি প্রায় একই সময়ে মক্কায় অবতীর্ণ হইয়াছিল। যেহেতু এই সূরাগুলি বিশেষভাবে হযরত মূসা (আঃ)-এর ঘটনাসমূহ কিছুটা বিস্তারিত বর্ণনা করে, সেইহেতু কোন কোন তফসীরকারক এই সংক্ষিপ্ত বর্ণমালাসমূহকে সীনাই পর্বত এবং মূসা (আঃ)-এর স্থানে গ্রহণ করিয়াছেন — তা সীনকে তূরে সীনীন (সীনাই পর্বত) এবং মীম্‌কে মূসা (আঃ)-এর প্রতীক রূপে নিয়াছেন।

تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾

৩
এইগুলি সুস্পষ্ট (বর্ণনাকারী) কিতাবের আয়াত।২০৯৪-ক
২০৯৪-ক। দেখুন টীকা ১৩৫৬।

لَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ اَلَّا یَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۴﴾

৪
সম্ভবতঃ তুমি নিজের প্রাণকে বিনাশ করিয়া ফেলিবে২০৯৪-খ এই জন্য যে, তাহারা মো’মেন হইতেছে না।
২০৯৪-খ। দেখুন টীকা ১৬৬৪।

اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ اٰیَۃً فَظَلَّتۡ اَعۡنَاقُہُمۡ لَہَا خٰضِعِیۡنَ ﴿۵﴾

৫
আমরা চাহিলে তাহাদের উপর আকাশ হইতে এমন এক নিদর্শন নাযেল করিয়া দিব যাহার সম্মুখে তাহাদের ঘাড়সমূহ২০৯৫ নত হইয়া যাইবে।
২০৯৫। হযরত নবী করীম (সাঃ)-এর মর্মবেদনা বৃথা যাইবে না। যদি তাঁহার জাতির লোকেরা তাঁহার বিরোধিতায় ক্ষান্ত না হয়, তাহা হইলে শাস্তির নিদর্শন তাহারা প্রত্যক্ষ করিবে, যাহা তাহাদের প্রধানদিগকে অবমানিত এবং পর্যুদস্ত করিবে৷ আ’নাক অর্থ প্রধানগণ (লেইন)।

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا کَانُوۡا عَنۡہُ مُعۡرِضِیۡنَ ﴿۶﴾

৬
এবং রহমানের পক্ষ হইতে তাহাদের নিকট কখনও কোন নূতন২০৯৬ উপদেশ-বাণী আসে না যাহা হইতে তাহারা মুখ ফিরাইয়া না লয়।
২০৯৬। ‘নূতন’ শব্দটি দ্বারা ‘এক নূতন আকারে’ অথবা ‘নূতন বিবরণ সহকারে’ অর্থ প্রকাশ করা হইয়াছে। প্রকৃত ঘটনা এই যে, সকল ধর্মের মৌলিক বিষয় এবং বুনিয়াদী শিক্ষাসমূহ পরস্পর সদৃশ এবং অভিন্ন, কেবল ব্যাখ্যা ক্ষেত্রে ঐগুলি বিসদৃশ। অথবা নুতন বিধান রূপান্তরিত এবং উন্নত আকারে অবতীর্ণ হয় যাহাতে ইহা নাযেল হওয়ার সময় জাতির অবস্থা, ধ্যান-ধারণা, প্রয়োজনীয়তা ও অভাব মিটানোর দিক দিয়া বিশেষ সময়োপযোগী হইতে পারে। কোন কোন নবী শরীয়াত নিয়া আসেন, যদিও অপর কতক তাহাদের পূর্ববর্তী শরীয়াতের অনুসরণে কাজ করিয়া থাকেন মাত্র।

فَقَدۡ کَذَّبُوۡا فَسَیَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۷﴾

৭
সুতরাং যেহেতু তাহারা (আল্লাহ্‌র উপদেশ-বাণীকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে এইজন্য তাহাদের নিকট অচিরেই উহার সংবাদ আসিয়া পৌঁছিবে যাহা লইয়া তাহারা ঠাট্টা-বিদ্রূপ করিত।

اَوَلَمۡ یَرَوۡا اِلَی الۡاَرۡضِ کَمۡ اَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍ کَرِیۡمٍ ﴿۸﴾

৮
তাহারা কি পৃথিবীর প্রতি লক্ষ্য করিয়া দেখে নাই যে, আমরা উহাতে কত রকমের উৎকৃষ্ট জোড়া উৎপন্ন করিয়াছি?

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹﴾

৯
নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۱۰﴾

১০
এবং নিশ্চয় তোমার প্রভুই মহা পরাক্রমশালী, পরম দয়াময়।২০৯৭
সূরা আশ্‌ শো’আরা - রুকু ১
২০৯৭। ‘নিশ্চয় তোমার প্রভুই মহা পরাক্রমশালী, পরম দয়াময়’ বাক্যের অন্তর্নিহিত মর্ম এই যে, এই সূরাতে বর্ণিত অন্যান্য নবীগণের অবস্থার সঙ্গে আঁ-হযরত (সাঃ)-এর অবস্থা সদৃশ হইবে, কিন্তু যেখানে এই সকল নবীগণের বিরুদ্ধবাদীগণকে আল্লাহ্‌তা’লা পাকড়াও করিয়াছিলেন ও ধ্বংস করিয়াছিলেন, সেখানে নবী করীম (সাঃ)-এর ক্ষেত্রে পরাক্রমশালী খোদা রসূল (সাঃ)-কে বিজয় ও উন্নতি প্রদান করিয়া এবং তাঁহার জয়ের আনন্দ সৃষ্টি করিয়া কেবল তাঁহার শক্তি এবং ক্ষমতার নিদর্শনই প্রকাশ করিবেন না, অধিকন্তু তাঁহার জাতির প্রতি করুণা প্রদর্শন করিবেন, যেজন্য তাহাদের এক ক্ষুদ্র অংশ ধ্বংসপ্রাপ্ত হইবে বটে, কিন্তু এক বিরাট সংখ্যা গরিষ্ঠ দল আল্লাহ্‌তা’লার ক্ষমা এবং করুণা লাভ করিবে এবং অবশেষে তাহারা ঈমান আনিবে।