২৫

الفرقان

সূরা আল্‌ ফুর্‌কান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৮ আয়াত এবং ৬ রুকু আছে।

وَلَقَدۡ اَتَوۡا عَلَی الۡقَرۡیَۃِ الَّتِیۡۤ اُمۡطِرَتۡ مَطَرَ السَّوۡءِ ؕ اَفَلَمۡ یَکُوۡنُوۡا یَرَوۡنَہَا ۚ بَلۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ نُشُوۡرًا ﴿۴۱﴾

৪১
এবং তাহারা (মক্কাবাসীগণ) সেই জনপদের নিকট দিয়া নিশ্চয় যাতায়াত করিয়াছে,২০৭৯ যাহার উপর কষ্টদায়ক নিকৃষ্ট বৃষ্টি বর্ষণ করা হইয়াছিল। তবু কি তাহারা ইহা দেখে না? বস্তুতঃ তাহারা পুনরুত্থানের আশাই রাখে না।
২০৭৯। হযরত লূত (আঃ)-এর শহর সদোম, যাহা আরব হইতে সিরিয়া যাওয়ার পথে অবস্থিত ছিল।

وَاِذَا رَاَوۡکَ اِنۡ یَّتَّخِذُوۡنَکَ اِلَّا ہُزُوًا ؕ اَہٰذَا الَّذِیۡ بَعَثَ اللّٰہُ رَسُوۡلًا ﴿۴۲﴾

৪২
এবং তাহারা যখন তোমাকে দেখে তখন তাহারা তোমাকে কেবল ঠাট্টা-বিদ্রূপের পাত্র বলিয়া গণ্য করে (এবং বলে): ‘এই কি সেই ব্যক্তি! যাহাকে আল্লাহ্ রসূলরূপে আবির্ভূত করিয়াছেন?

اِنۡ کَادَ لَیُضِلُّنَا عَنۡ اٰلِہَتِنَا لَوۡلَاۤ اَنۡ صَبَرۡنَا عَلَیۡہَا ؕ وَسَوۡفَ یَعۡلَمُوۡنَ حِیۡنَ یَرَوۡنَ الۡعَذَابَ مَنۡ اَضَلُّ سَبِیۡلًا ﴿۴۳﴾

৪৩
সে তো আমাদিগকে আমাদের মা’বূদ হইতে বিপথগামী করিয়া দেওয়ার উপক্রম করিয়াছিল যদি না আমরা ইহাদের উপর সুদৃঢ়ভাবে কায়েম থাকিতাম।’ এবং যখন তাহারা শাস্তিকে প্রত্যক্ষ করিবে তখন তাহারা নিশ্চয় জানিতে পারিবে যে (সঠিক) পথের দিক দিয়া সর্বাধিক বিভ্রান্ত কাহারা।

اَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰٮہُ ؕ اَفَاَنۡتَ تَکُوۡنُ عَلَیۡہِ وَکِیۡلًا ﴿ۙ۴۴﴾

৪৪
তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য করিয়াছ যে নিজের প্রবৃত্তিসমূহকে নিজের মা’বূদরূপে গ্রহণ করে? তুমি কি তাহার উপর অভিভাবক নিযুক্ত হইয়াছ?

اَمۡ تَحۡسَبُ اَنَّ اَکۡثَرَہُمۡ یَسۡمَعُوۡنَ اَوۡ یَعۡقِلُوۡنَ ؕ اِنۡ ہُمۡ اِلَّا کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ سَبِیۡلًا ﴿٪۴۵﴾

৪৫
তুমি কি মনে কর যে, তাহাদের অধিকাংশ লোক শ্রবণ করে এবং অনুধাবন করে? তাহারা একেবারে চতুষ্পদ জন্তুর ন্যায়—২০৮০ বরং (সঠিক) পথের দিক দিয়া তাহারা সর্বাধিক বিভ্রান্ত।
সূরা আল্‌ ফুর্‌কান - রুকু ৪
২০৮০। মানুষ সর্বাপেক্ষা অধিক পসন্দ করে তাহার কামনা, পূর্ব ধারণা ও অসার কল্পনাকে এবং ইহাই তাহার সত্য গ্রহণে প্রধান বাধা। মেধাগতভাবে মানবের হয়ত অনেক অগ্রগতি হইয়াছে— সেজন্য সে পাথর এবং নক্ষত্রের সামনে মাথা নত করে না, কিন্তু তাহার মিথ্যা আদর্শ, কুসংস্কার এবং পূর্ব ধারণার পূজা হইতে সে মুক্ত হইতে পারে নাই। ইহাই হইল সেই প্রতিমাগুলি, যাহা মানুষের হৃদয়ে আসন গাড়িয়া বসিয়াছে, যাহাদিগকে ভক্তি করা এখানে নিন্দিত হইয়াছে। খোদা-প্রদত্ত শ্রবণ-শক্তি এবং বুদ্ধি-বৃত্তিগুলি (যাহা মানুষকে সত্য উপলদ্ধি করিতে ও জানিতে সাহায্য করিতে পারে) ব্যবহার করার পরিবর্তে সে অন্ধকারে হাতড়াইতে পসন্দ করে এবং গরু-ভেড়ার স্তরে নামিয়া আসে— এমন কি উহা হইতেও নিম্নতর পর্যায়ে নামিয়া যায়। কেননা গবাদি-পশুকে বিচার-বুদ্ধি এবং পার্থক্য করার সহজাত গুণাবলী দান করা হয় নাই যদ্বারা মানবকে ভূষিত করা হইয়াছে।

اَلَمۡ تَرَ اِلٰی رَبِّکَ کَیۡفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوۡ شَآءَ لَجَعَلَہٗ سَاکِنًا ۚ ثُمَّ جَعَلۡنَا الشَّمۡسَ عَلَیۡہِ دَلِیۡلًا ﴿ۙ۴۶﴾

৪৬
তুমি কি তোমার প্রভুর প্রতি লক্ষ্য কর নাই যে, কিভাবে তিনি ছায়াকে লম্বা করিয়া২০৮১ দেন? তিনি ইচ্ছা করিলে উহাকে একই স্থানে স্থির করিয়া দিতেন। অতঃপর আমরা সূর্যকে ইহার উপর একটি নিদের্শক করিয়াছি।২০৮২
২০৮১। এই আয়াত ইসলাম ধর্মের উত্থান, অগ্রগতি এবং মর্যাদা আলংকারিক ভাষায় উল্লেখ করিয়াছে। প্রকৃতির ইন্দ্রিয় গোচর বিষয়াদির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া এই বাস্তব ঘোষণা বর্ণিত হইয়াছে। সূর্য কোন বস্তুর আড়ালে যতই হেলিতে থাকে ইহার ছায়া ততই প্রলম্বিত হইতে থাকে। সেইরূপে আল্লাহ্ যতক্ষণ পর্যন্ত কোন জাতির পৃষ্ঠপোষকতায় থাকেন ততক্ষণ পর্যন্ত তাহাদের প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধি পাইতে থাকে। আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, যেহেতু আল্লাহ্‌তা’লা ইসলামের পৃষ্ঠপোষক, সেহেতু ইহার ছায়া পৃথিবীর প্রান্তে প্রান্তে না পৌঁছা পর্যন্ত ব্যাপকভাবে বিস্তার লাভ করিতে থাকিবে এবং বিশ্বের জাতিসমূহ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করিয়া দুর্দশামুক্ত এবং শান্তিপ্রাপ্ত হইবে। আয়াতের মধ্যে উল্লেখিত সূর্য হইতেছে ইসলাম অথবা মহানবী (সাঃ)-এর প্রতীক স্বরূপ।
২০৮২। সূর্যের অবস্থান ছায়ার আয়তন নির্ধারণ করে।

ثُمَّ قَبَضۡنٰہُ اِلَیۡنَا قَبۡضًا یَّسِیۡرًا ﴿۴۷﴾

৪৭
অতঃপর উহাকে আমরা আমাদের দিকে ক্রমান্বয়ে গুটাইয়া আনি।২০৮২-ক
২০৮২-ক। সর্বোচ্চ স্থানে পৌঁছার পর মুসলমানদের পড়ন্ত অবস্থার প্রতিও আয়াতটি নির্দেশ করে। পূর্ববর্তী আয়াতের ছায়া যখন প্রভাব ও মর্যাদার প্রতীক, তখন বর্তমান আয়াতে ‘সংকুচিত করিয়া’ কথাটি ইসলামের অবক্ষয় এবং পতনের অবস্থা বুঝায়।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الَّیۡلَ لِبَاسًا وَّالنَّوۡمَ سُبَاتًا وَّجَعَلَ النَّہَارَ نُشُوۡرًا ﴿۴۸﴾

৪৮
এবং তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত্রিকে আবরণস্বরূপ২০৮৩ এবং নিদ্রাকে আরামস্বরূপ করিয়াছেন এবং দিবসকে উত্থান ও উন্নতির উপায়স্বরূপ করিয়াছেন।
২০৮৩। আয়াতের মধ্যে ‘রাত্র’ আল্লাহ্‌তা’লার প্রেরিত সংস্কারকের আবির্ভূত হওয়ার পূর্বের আধ্যাত্মিক অন্ধকার যুগ বুঝায় এবং ‘দিন’ ঐশী সংস্কারকের আবির্ভাবের পরবর্তী আধ্যাত্মিক প্রভাতের প্রতীক স্বরূপ।

وَہُوَ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ۚ وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً طَہُوۡرًا ﴿ۙ۴۹﴾

৪৯
এবং তিনিই সেই সত্তা যিনি বায়ুকে নিজ রহমত বর্ষণের পূর্বে সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেন এবং আমরা মেঘ হইতে বিশুদ্ধ ও পরিষ্কার পানি বর্ষণ করি,

لِّنُحۡیِ یَ بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا وَّنُسۡقِیَہٗ مِمَّا خَلَقۡنَاۤ اَنۡعَامًا وَّاَنَاسِیَّ کَثِیۡرًا ﴿۵۰﴾

৫০
যেন আমরা উহার দ্বারা মৃত ভূমিকে সঞ্জীবিত করি এবং আমাদের সৃষ্ট বহু সংখ্যক জীবজন্তু ও মানুষকে পানি পান করাই।