২৪

النور

সূরা আন্‌ নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৫ আয়াত এবং ৯ রুকু আছে।

قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۳۱﴾

৩১
তুমি মো’মেনদিগকে বল, তাহারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে২০৪৩ এবং তাহাদের লজ্জাস্থানসমূহের২০৪৩-ক হিফাযত করে। ইহা তাহাদের জন্য অত্যন্ত পবিত্রতার কারণ হইবে। নিশ্চয় তাহারা যাহা করে সেই সম্বন্ধে আল্লাহ্‌ ভালভাবে অবগত আছেন।
২০৪৩। উপরে বর্ণিত হইয়াছে যে, কুরআন করীম কোন বিষয়ে ভাসা ভাসা দেখিয়াই ক্ষান্ত হয় নাই বরং উহার মূল উৎসে পৌঁছে। কুরআন অনুযায়ী প্রত্যেক ভাল বা মন্দ নিশ্চিত এক মূল উৎস হইতে উৎসারিত হয়। সদ্‌গুণের ব্যাপারে উহাকে নিয়ন্ত্রণ করা এবং সম্পূর্ণ আয়ত্তে রাখা সমীচীন বলিয়া কুরআন নির্দেশ প্রদান করে এবং মন্দ বিষয়ে কুরআনের লক্ষ্য হইল ইহাকে সমূলে উৎপাটন করা ও সম্পূর্ণ ধ্বংস করা এবং এইভাবে ইহার সকল প্রবেশ পথ বন্ধ করিয়া দেওয়া। যেহেতু চক্ষুর মাধ্যমে সর্বাধিক মাত্রায় কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করিয়া থাকে সেইজন্য তফ্‌সীরাধীন আয়াতে মো’মেন পুরুষ এবং মো’মেন নারীকে নিজেদের দৃষ্টিকে সংযত রাখিতে আদেশ করা হইয়াছে যখন তাহাদের পরস্পরের সাক্ষাৎ ঘটে।
২০৪৩-ক। ‘ফুরূজ’ অর্থ জ্ঞানেন্দ্রিয়ও হইতে পারে।

وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا لِبُعُوۡلَتِہِنَّ اَوۡ اٰبَآئِہِنَّ اَوۡ اٰبَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اَبۡنَآئِہِنَّ اَوۡ اَبۡنَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اَخَوٰتِہِنَّ اَوۡ نِسَآئِہِنَّ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُنَّ اَوِ التّٰبِعِیۡنَ غَیۡرِ اُولِی الۡاِرۡبَۃِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفۡلِ الَّذِیۡنَ لَمۡ یَظۡہَرُوۡا عَلٰی عَوۡرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ؕ وَتُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ جَمِیۡعًا اَیُّہَ الۡمُؤۡمِنُوۡنَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۳۲﴾

৩২
এবং তুমি মো’মেন নারীদিগকে বল, তাহারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হিফাযত করে এবং নিজেদের সৌন্দর্যকে প্রকাশ না করে, কেবল উহা ব্যতিরেকে যাহা স্বতঃই প্রকাশ পায়; এবং তাহারা উড়নাগুলিকে নিজেদের বক্ষঃদেশের উপর টানিয়া লয়, এবং তাহারা যেন তাহাদের স্বামীগণ অথবা তাহাদের পিতাগণ অথবা তাহাদের স্বামীর পিতাগণ অথবা তাহাদের পুত্রগণ অথবা তাহাদের স্বামীর পুত্রগণ অথবা তাহাদের ভ্রাতাগণ অথবা তাহাদের ভ্রাতুষ্পুত্রগণ অথবা নিজেদের ভগ্নী-পুত্রগণ অথবা তাহাদের সমশ্রেণীর নারীগণ২০৪৩-খ অথবা তাহারা যাহাদের মালিক হইয়াছে তাহাদের ডান হাত অথবা পুরুষদের মধ্য হইতে যৌন-কামনাবিহীন অধীনস্থ ব্যক্তিগণ অথবা নারীদের গোপন বিষয়সমূহ সম্বন্ধে অজ্ঞ বালকগণ ব্যতীত অপর কাহারও নিকট নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এবং তাহাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে যেন তাহারা সজোরে পা দিয়া আঘাত না করে। এবং হে মো’মেনগণ! তোমরা সকলে আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তন কর যেন তোমরা সফলকাম হইতে পার।২০৪৪
২০৪৩-খ। সম্ভ্রম শীল ও ভদ্র স্ত্রীলোক।
২০৪৪। যেহেতু ইসলামী পর্দা সম্বন্ধে সঠিক জ্ঞানের অভাব এবং অতি মাত্রায় ভুল বোঝাবুঝি (এমনকি মুসলমানগণের মধ্যেও) বিরাজ করে, সেই কারণে বহু বিতর্কিত এই বিষয়টির উপর এস্থলে কিছু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। নিম্নে উল্লেখিত আয়াতগুলিতে পর্দা সম্পর্কিত বিষয়ে আলাচিত হইয়াছেঃ- (১) “এবং তুমি মো’মেন নারীদিগকে বল তাহারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহকে হিফাযত করে …… আয়াত শেষ পর্যন্ত (২৪ঃ৩২ অর্থাৎ তফ্‌সীরাধীন আয়াত)। (২) “হে নবী! তুমি তোমার পত্নীগণকে, তোমার কন্যাগণকে এবং মো’মেনগণের পত্নীগণকে বল, যেন তাহারা তাহাদের চাদরকে নিজেদের উপর (মাথা হইতে টানিয়া বক্ষঃদেশ) পর্যন্ত ঝুলাইয়া লয়, এতদ্বারা তাহাদের পরিচয় অত্যন্ত সহজ হইবে এবং তাহাদিগকে কষ্ট দেওয়া হইবে না” (৩৩ঃ৬০)। এই আয়াতে (৩৩ঃ৬০) আরবী শব্দ ‘জালাবীব্‌’ এক বচনে ‘জিলবাব্‌’ যাহার অর্থ বহিরাবরণ বা চাদর (লেইন)। (৩) “হে নবী(সাঃ)-এর পত্নীগণ ! তোমরা কোন সাধারণ নারীগণের মত নহ যদি তোমরা তাক্‌ওয়া অবলম্বন করিয়া চল; অতএব তোমরা চাপা মিহিসূরে কথা বলিও না, নতুবা যাহার অন্তরে ব্যাধি আছে সে প্রলুদ্ধ হইতে পারে এবং সদা ন্যায়-সঙ্গত কথা বলিও। এবং তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করিও এবং পূর্বতন অজ্ঞযুগের পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য প্রকাশ করিও না,………….(৩৩ঃ৩৩-৩৪)। (৪) “হে যাহারা ঈমান আনিয়াছ! তোমাদের ডান হাত যাহাদের অধিকারী হইয়াছে তাহারা এবং তোমাদের মধ্য হইতে যাহারা এখনও প্রাপ্ত বয়সে পৌঁছায় নাই তাহারা যেন তিন সময়ে তোমাদের নিকট হইতে অনুমতি গ্রহণ করে (এবং তোমাদের শয়ন কক্ষে প্রবেশ করে), ফজরের নামাযের পূর্বে এবং দ্বিপ্রহরের সময় যখন তোমরা তোমাদের পোশাক খোল এবং ইশার নামাযের পর;.............. (২৪ঃ৫৯)। উপরোক্ত চারটি আয়াত হইতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ উদ্ভূত হয়ঃ (ক) মুসলমান নারী যখন বাহিরে যায় তাহাদিগের ‘জিলবাব’ অর্থাৎ বহিরাবরণ পরিধান করা আবশ্যক, যদ্বারা মাথা হইতে বক্ষঃদেশ পর্যন্ত সমস্ত দেহ ঢাকিয়া যায়। ইহাই কুরআন মজীদে বর্ণিত ‘ইউদ্‌নীনা আলায়্‌হিন্না মিন জালাবীবিহিন্না’ (৩৩ঃ৬০)। বাহ্যিক দেহাবরণ ব্যবহার করার উদ্দেশ্য হইতেছে একজন মুসলমান স্ত্রীলোককে সন্দেহজনক চরিত্রের লোকের জলন্ত দৃষ্টি বা উত্ত্যক্ত করা অথবা অন্য কোন ঝামেলাপূর্ণ মানসিক যন্ত্রণার হাত হইতে রক্ষা করা। (খ) মুসলমান পুরুষ এবং নারী পরস্পরের সহিত সাক্ষাতে তাহাদের দৃষ্টি সংযত রাখিবে। (গ) তৃতীয় আদেশটি, আপাতঃ দৃষ্টিতে যদিও নবী করীম (সাঃ)-এর প্রতি প্রযোজ্য তবু ইহা কুরআন মজীদের রীতি অনুযায়ী অন্যান্য মুসলমান স্ত্রীলোকদিগকেও অন্তর্ভুক্ত করে। ‘এবং তোমরা নিজ গৃহে অবস্থান করিও’ (৩৩ঃ৩৪) কথাগুলির পরোক্ষ প্রকাশ এই যে, প্রয়োজনে স্ত্রীলোকেরা ঘরের বাহিরে যাইতে পারে, কিন্তু পক্ষান্তরে তাহাদের প্রধান ও মুখ্য কর্মক্ষেত্র হইল গৃহাভ্যন্তর। (ঘ) উল্লেখিত তিনটি সময়ে, এমনকি শিশুদেরও তাহাদের পিতামাতার একান্ত কক্ষে প্রবেশ নিষিদ্ধ, পারিবারিক ভৃত্য বা কৃতদাসীরও মালিকের শয়ন কক্ষে উল্লেখিত নির্দিষ্ট সময়ে প্রবেশের অনুমতি নাই। প্রথম আদেশ স্ত্রীলোকদের বাহিরে যাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। বাড়ীর বাহিরে যাওয়ার সময় তাহারা দেহের বহিরাবরণ (বোরকা বা চাদর ইত্যাদি) পরিধান করিবে যাহাতে সমস্ত শরীর ঢাকিয়া যায়। দ্বিতীয় আদেশ ‘পর্দা’ সম্পর্কে বুনিয়াদিভাবে ঘরের চারি দেওয়ালের মধ্যে যখন নিকট পুরুষ আত্মীয়গণ বার বার আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে পুরুষ এবং নারীকে তাহাদের দৃষ্টি সংযত রাখা আবশ্যক এবং নারীর জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন যাহাতে তাহাদের ‘যিনাত’ অর্থাৎ দেহের পোশাকের ও অলংকারের সৌন্দর্য প্রকাশ করা না হয়। সেই সময় তাহাদিগকে ‘জিল্‌বাব’ (বোরকা ইত্যাদি) পরিধান করা আবশ্যকীয় নহে। কারণ খুবই নিকট স্বগোত্রীর লোকজনের অবাধ এবং সচরাচর গমনাগমনের মধ্যে এইরূপ করা বিরক্তিকর এবং অসম্ভবও। বর্ণনার প্রসঙ্গে ইহাই মনে হয় যে, এই হুকুম বাসগৃহের অভ্যন্তরের ‘পর্দা’ সম্পর্কিত, কারণ তফসীরাধীন আয়াতে উল্লেখিত ব্যক্তিগণ নিকটতম আত্মীয়, যাহারা তাহাদের জ্ঞাতি লোকদের বাড়ীতে সাধারণতঃ যাওয়া আসা করে। নিকট আত্মীয় ছাড়া ইহাতে চার প্রকার লোকের কথা বলা হইয়াছে, যথা শালীন মহিলা, বৃদ্ধ চাকর, কৃতদাসী এবং অপ্রাপ্ত বয়স্ক বালক। তাহাদের বিশেষ উল্লেখ এই অনুমানের উপরেই অতিরিক্ত জোর দেয় যে, আয়াতের নির্দেশ বাড়ীর চার দেয়ালের ভিতরের পর্দা সম্পর্কযুক্ত। প্রথমোক্ত আদেশ বাড়ীর বাহিরের ‘পর্দা’ বুঝায় এবং দ্বিতীয় আদেশ মূলতঃ অভ্যন্তরের ‘পর্দা’ বুঝায়। ইহা সংশ্লিষ্ট আয়াত অর্থাৎ ৩৩ঃ৬০ এবং তফ্‌সীরাধীন আয়াতসমূহে দুই প্রকার ‘পর্দার’ জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহারের দ্বারা সুস্পষ্ট করিয়া দিয়াছে। কার্যতঃ ৩৩ঃ৬০ আয়াত অনুযায়ী স্ত্রীলোক বাড়ীর বাহির গেলে তাহাকে জিলবাব্‌ (বহিরাবরণ) পরিধান করিতে হয়, কিন্তু পক্ষান্তরে গৃহাভ্যন্তরে যখন নিকটাত্মীয়রা আসা-যাওয়া করে তখন তাহাকে ‘খিমার’ (মাথার ঘোমটা) ব্যবহার করিতে হয়। তদুপরি ৩৩ঃ৬০ আয়াতে যেখানে ব্যবহৃত শব্দসমূহ হইতেছে ‘ইউদ্‌নীনা আলায়হিন্না মিন যালাবিবিহিন্না’ অর্থাৎ তাহাদের বহিরাবরণ আলম্বিত করিতে বলা হইয়াছে (জিলবাব্‌ এবং ইউদী্নান সম্বন্ধে বিস্তারিত আলোচনার জন্য দেখুন ৩৩ঃ৬০); এখানে তফসীরাধীন আয়াতে বলা হইয়াছে ‘ইয়াযরিব্‌না বিখুমু রিহিন্না আলা ‘জুইয়ূবিহিন্না’, অর্থাৎ তাহাদের উড়নাগুলিকে বক্ষঃদেশের উপর দিয়া প্রলম্বিত করিতে হইবে। ইহা স্পষ্ট যে, প্রথমোক্ত ব্যাপারে যখন পোশাক, মাথা, মুখমণ্ডল ও বক্ষঃদেশ ঢাকিয়া দিবে, তখন দ্বিতীয়টিতে কেবল মাথা ও বক্ষঃদেশ ঢাকা পড়িবে এবং মুখমণ্ডল উন্মুক্ত রাখিতে পারিবে। আলোচনা প্রসঙ্গে ইহা উল্লেখ্য যে, যেমন উপরে বর্ণিত হইয়াছে যে, বাহিরে যাওয়ার সময় একজন মহিলাকে যে ধরণের লম্বা ও ঢিলা পোশাক পরিধান করা আবশ্যক যাহা তাহার সমস্ত শরীর ঢাকিয়া রাখিবে, উহার গঠন এবং আকার-আকৃতি মুসলমান সমাজের রীতি, অভ্যাস, সামাজিক মর্যাদা, পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী ভিন্ন রূপ হইবে। গৃহাভ্যন্তরে ‘পর্দা’ সম্পর্কিত নির্দেশ দোকান-পাট, মাঠ-ঘাট ইত্যাদির বেলায়ও প্রযোজ্য হইবে। যেখানে মুসলিম সমাজের কোন শ্রেণীর নারীদেরকে নিজেদের জীবিকা অর্জনের কাজ করিতে হয়, সেই ক্ষেত্রে একজন স্ত্রীলোককে মুখ ঢাকিবার প্রয়োজন হইবে না। সে কেবল নিজের দৃষ্টি সংযত রাখিবে এবং তাহার ‘যীনাত’ অর্থাৎ দেহের গহনাদি ও অন্যান্য সৌন্দর্য ঢাকিয়া রাখিবে, যেমন ঘরের ভিতরে নিকট পুরুষ আত্মীয়-স্বজনের সাক্ষাতে করিতে হয়। তৃতীয় নির্দেশ মতে অপরিচিত পুরুষের সহিত কথা বলার সময় নারীর পক্ষে গাম্ভীর্যপূর্ণ আচরণ প্রদর্শন করা আবশ্যক এবং তাহাদের জন্য ইহাই আবশ্যক যে, তাহারা নিজ জাতির হিত সাধনে এবং গৃহস্থালী বিষয়ের ব্যবস্থাপনায় এবং সন্তান পালন এবং তদ্‌সম্বন্ধযুক্ত বিষয়াদির উপর নজর রাখার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কর্তব্যের প্রতি পূর্ণ মনযোগ দিবে। চতুর্থ হুকুম স্বামী এবং স্ত্রীকে নির্দেশ দান করে যে, তাহাদের শয়নকক্ষ, যতদূর সম্ভব, পরিবারের অন্যান্য সদস্যদিগের নিকট হইতে পৃথক রাখা, যেখানে ৫৯ আয়াতে বর্ণিত সময়ে, এমনকি নাবালেগ ছেলেদেরও প্রবেশের অনুমতি নাই। তফসীরাধীন আয়াতে ব্যবহৃত ‘যীনাত’ শব্দ স্বাভাবিক এবং কৃত্রিম উভয় সৌন্দর্যকে অন্তর্ভুক্ত করে—দৈহিক সৌন্দর্য, পোশাক ও অলংকারের সৌন্দর্য। ‘উহা ব্যতিরেকে যাহা স্বতঃই প্রকাশ পায়’ উক্তিটি ঐ সমস্ত বিষয়ের প্রতি ইঙ্গিত করে যাহা একজন মহিলার পক্ষে ঢাকিয়া রাখা সম্ভব নহে, যেমন তাহার কণ্ঠস্বর, তাহার চলনভঙ্গি অথবা তাহার দৈহিক উচ্চতা এবং তাহার শরীরের অংশ বিশেষও, যাহা তাহার সামাজিক পদমর্যাদা, পারিবারিক ঐতিহ্য, তাহার পেশা ও সমাজের রীতি-নীতি অনুযায়ী তাহাকে খোলা রাখিতে হয়। দেহের কোন কোন অংশ উন্মুক্ত রাখার যে অনুমতি তাহা বিশেষ অবস্থা সাপেক্ষ। অতএব ‘তাহারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে’ কথাগুলি সমাজের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন অংশের স্ত্রীলোকগণের জন্য ভিন্ন ভিন্ন গুরুত্ব প্রকাশক এবং জাতির প্রথা ও জীবন-যাত্রার প্রণালী এবং পেশার পরিবর্তনের সঙ্গে ইহার অর্থেও পরিবর্তন ঘটিবে। ‘এবং তাহাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্য যে, তাহারা পা দিয়া আঘাত না করে’ (২৪ঃ৩২) উক্তিটি প্রতিপন্ন করে যে, জনসাধারণ্যে প্রকাশ্য নাচ, যাহা কোন কোন দেশে অত্যধিক প্রচলিত, তাহার অনুমতি ইসলাম কোন মতেই দেয় না। ইহা হইল ‘পর্দা’ সম্বন্ধে ইসলামী ধারণা। এই ধারণা মতে মুসলমান নারী তাহার যুক্তি-সম্মত প্রয়োজনে বাহিরে যাইতে পারে, কিন্তু তাহাদের প্রাথমিক ও প্রধান কর্তব্য তাহাদের বাড়ীর মধ্যে সীমাবদ্ধ থাকা যাহা বাহিরে পুরুষের কাজের ন্যায় প্রয়োজনীয় এবং গুরত্বপূর্ণ। নারী যদি পুরুষের পেশা গ্রহণ করে তাহা হইলে তাহারা প্রকৃতিকে অস্বীকার করে এবং প্রকৃতি কোন প্রকারেই ইহার বিধান লংঘন করিতে দেয় না।

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۳۳﴾

৩৩
এবং তোমাদের মধ্যে বিধবা২০৪৫ এবং তোমাদের দাস এবং দাসীগণের মধ্যে যাহারা সৎ, তোমরা তাহাদের বিবাহ করাও। যদি তাহারা অভাবগ্রস্ত হয়, তাহা হইলে আল্লাহ্‌ নিজ অনুগ্রহ দ্বারা তাহাদিগকে সচ্ছল করিবেন। বস্তুতঃ আল্লাহ্‌ প্রাচুর্যের অধিকারী, সর্বজ্ঞানী।
২০৪৫। ‘আইয়ামা’ বহুবচন, একবচনে ‘আঈম’ অর্থঃ সে কুমারীই হউক বা না হউক, বা সে পূর্বে বিবাহিতা হইয়া থাকুক বা অবিবাহিতা; স্বাধীনা স্ত্রীলোক (লেইন); এমন পুরুষ যাহার কোন স্ত্রী নাই (মুফরাদাত)। বিধবা ও কুমারীগণের বিবাহের উপর শক্তভাবে জোর দেওয়া হয়। প্রকৃতপক্ষে ইসলাম অবিবাহিত অবস্থাকে খুব বেশী অপসন্দ করে এবং বিবাহিত অবস্থাকে স্বাভাবিক ও প্রকৃতি-সম্মত বলিয়া বিবেচনা করে। হযরত নবী করীম (সাঃ) হইতে বর্ণিত আছে, “বিবাহ আমার সুন্নত এবং যে কেহ আমার সুন্নতের খেলাফ করে এবং অমান্য করে সে আমা হইতে নহে” (মুসলিম, কিতাবুন্‌ নিকাহ্)।

وَلۡیَسۡتَعۡفِفِ الَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ نِکَاحًا حَتّٰی یُغۡنِیَہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَالَّذِیۡنَ یَبۡتَغُوۡنَ الۡکِتٰبَ مِمَّا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ فَکَاتِبُوۡہُمۡ اِنۡ عَلِمۡتُمۡ فِیۡہِمۡ خَیۡرًا ٭ۖ وَّاٰتُوۡہُمۡ مِّنۡ مَّالِ اللّٰہِ الَّذِیۡۤ اٰتٰٮکُمۡ ؕ وَلَا تُکۡرِہُوۡا فَتَیٰتِکُمۡ عَلَی الۡبِغَآءِ اِنۡ اَرَدۡنَ تَحَصُّنًا لِّتَبۡتَغُوۡا عَرَضَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَمَنۡ یُّکۡرِہۡہُّنَّ فَاِنَّ اللّٰہَ مِنۡۢ بَعۡدِ اِکۡرَاہِہِنَّ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۴﴾

৩৪
এবং যাহাদের বিবাহ করিবার সামর্থ্য নাই, তাহারা যেন পবিত্রতা রক্ষা করিয়া চলে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ্ তাহাদিগকে নিজ অনুগ্রহ দ্বারা সামর্থ্যবান করিয়া দেন। এবং তোমাদের ডান হাত যাহাদের মালিক হইয়াছে তাহাদের মধ্য হইতে যাহারা ‘মুকাতেবত’২০৪৬ (মুক্তি-পণ ধার্য) করিতে চাহে, তোমরা তাহাদের মধ্যে কোন কল্যাণ দেখিলে তাহাদের সহিত মুকাতেবত কর, এবং আল্লাহ্‌র সেই ধন-সম্পদ হইতে যাহা তিনি তোমাদিকে দান করিয়াছেন, তোমরা তাহাদিগকে দান কর। এবং তোমরা যাহাতে পার্থিব ধন-সম্পদ লাভ করিতে পার তজ্জন্য তোমাদের দাসীগণকে (বিবাহ না করাইয়া দেওয়ার দরুণ) ব্যভিচারী জীবন যাপনে বাধ্য করিও না যখন তাহারা সতীত্ব রক্ষা করিয়া চলিতে চাহে। এবং যে কেহ তাহাদিগকে বাধ্য করিবে সেক্ষেত্রে তাহারা বাধ্য হওয়ার পর আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
২০৪৬। ‘মুকাতাবা’ (কৃতদাসত্ব মোচন) একটি লিখিত চুক্তি-নামা যদ্বারা একজন কৃতদাস বা দাসী তাহার দাসত্বের বন্ধন হইতে স্বাধীনভাবে মালিকের পসন্দ বা অপসন্দকে গ্রহণ না করিয়া মুক্তি লাভ করিতে পারে। এই চুক্তি অনুযায়ী একটি কৃতদাসের মুক্তির বিনিময়ে এক নির্দিষ্ট পরিমাণ টাকা বা শ্রম ধার্য করা হয়।

وَلَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ وَمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿٪۳۵﴾

৩৫
এবং আমরা তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলী নাযেল করিয়াছি এবং তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদের দৃষ্টান্ত (বর্ণনা করিয়াছি) এবং মুত্তাকীগণের জন্য উপদেশও (বর্ণনা করিয়াছি)।
সূরা আন্‌ নূর - রুকু ৪

اَللّٰہُ نُوۡرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ مَثَلُ نُوۡرِہٖ کَمِشۡکٰوۃٍ فِیۡہَا مِصۡبَاحٌ ؕ اَلۡمِصۡبَاحُ فِیۡ زُجَاجَۃٍ ؕ اَلزُّجَاجَۃُ کَاَنَّہَا کَوۡکَبٌ دُرِّیٌّ یُّوۡقَدُ مِنۡ شَجَرَۃٍ مُّبٰرَکَۃٍ زَیۡتُوۡنَۃٍ لَّا شَرۡقِیَّۃٍ وَّلَا غَرۡبِیَّۃٍ ۙ یَّکَادُ زَیۡتُہَا یُضِیۡٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡہُ نَارٌ ؕ نُوۡرٌ عَلٰی نُوۡرٍ ؕ یَہۡدِی اللّٰہُ لِنُوۡرِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَیَضۡرِبُ اللّٰہُ الۡاَمۡثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿ۙ۳۶﴾

৩৬
আল্লাহ্‌ আকাশসমূহের এবং পৃথিবীর নূর;২০৪৬-ক তাহার নূরের উপমা হইল একটি২০৪৬-খ তাক সদৃশ, যাহার মধ্যে একটি প্রদীপ আছে,২০৪৬-গ সেই প্রদীপটি একটি গোলাকার কাঁচের চিমনির মধ্যে আছে, সেই কাঁচের চিমনিটি এমনই দীপ্তিমান, যেন উহা একটি উজ্জ্বল তারকা। উহা (প্রদীপটি) এক এমন বরকতপূর্ণ যায়তুন বৃক্ষের (তৈল) দ্বারা প্রজ্বলিত হয়, যাহা পূর্বেরও নহে পশ্চিমেরও নহে (বরং উহা সারা বিশ্বের জন্য), উহার তৈল এমন যেন এক্ষণই উহা (স্বতঃপ্রবৃত্তভাবে) জ্বলিয়া উঠিবে যদিও অগ্নি উহাকে স্পর্শ না করে। নূরের উপর নূর! আল্লাহ্ যাহাকে চাহেন নিজের নূরের দিকে পরিচালিত করেন। এবং আল্লাহ্ মানব-মণ্ডলীর জন্য উপমাসমূহ বর্ণনা করেন; বস্তুতঃ আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বজ্ঞানী।২০৪৭
২০৪৬-ক। ‘নূর’ অর্থ আলো, অন্ধকারের বিপরীত। ইহার মর্ম ‘যিয়া’ অপেক্ষা বেশী ব্যাপক, অধিক গভীর এবং স্থায়ী (লেইন)।
২০৪৬-খ। ‘মিশকাত’ অর্থ দেওয়াল-গাত্রের কোটর, অর্থাৎ দেওয়ালের গায়ের গর্ত যাহাতে প্রদীপ রাখিলে অন্য স্থানে রাখা অপেক্ষা অধিক আলো দান করে; বাতি রাখার থাম বা স্তম্ভ (লেইন)।
২০৪৬-গ। ‘যুজাজাহ্‌’ অর্থ কাঁচ, কাঁচের চিমনি বা গোলক (লেইন)।
২০৪৭। আয়াতটি একটি চমৎকার রূপক। ইহা তিনটি বিষয়ের প্রকাশক— প্রদীপ, কাঁচের চিমনি এবং দেওয়াল গাত্রস্থ কোটর বা তাক। ঐশী পবিত্র আলো এই তিনটি জিনিসের মধ্যে সীমাবন্ধ, যাহা রূপকে বর্ণিত হইয়াছে, সেগুলি একত্রিত হইলে ইহার ঔজ্জ্বল্য এবং দীপ্তি পূর্ণতা প্রাপ্ত হয়। ‘প্রদীপ’ হইল আলোর যথার্থ উৎস, কাঁচের চিমনি যাহা প্রদীপের ঢাকনা স্বরূপ দমকা বাতাসের ঝাপ্‌টায় নিভিয়া যাওয়া হইতে ইহার আলোককে রক্ষা করে এবং ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং দেওয়াল-গাত্রের ফোঁকর আলোককে সুরক্ষিত করে। এই উপমা বৈদ্যুতিক টর্চের সঙ্গে যথাযথভাবে তুলনীয়, যাহার অপরিহার্য অংশগুলি হইতেছে বৈদ্যুতিক তার যাহা আলো প্রজ্বলিত করে, বালু ইহাকে সুরক্ষিত করে এবং প্রতিফলক আলোককে বিস্তৃত ও বিকীর্ণ করে এবং পরিচালন করে আধ্যাত্মিক পরিভাষায় তিনটি বস্তু—‘প্রদীপ’, ‘কাঁচের চিমনি’ এবং ‘দেওয়াল গাত্রস্থ কোটর’ – যথাক্রমে প্রদীপ অর্থাৎ ঐশী নূর বা আলো, আল্লাহ্‌তা’লার প্রেরিত-নবী রসূলগণ হইতেছেন কাঁচের চিমনি স্বরূপ যাহারা সেই নূরকে বিলুপ্তি হইতে সুরক্ষিত করেন এবং আলোর বিস্তার ও ঔজ্জ্বল্যকে বৃদ্ধি করেন এবং মিশকাত অর্থাৎ দেওয়াল-কোটর হইতেছে নবীদের খলীফা বা প্রতিনিধিগণ, যাহারা এই ঐশী আলো বিকীর্ণ করেন ও প্রচার করেন এবং জগদ্বাসীকে পথ-প্রদর্শনের জন্য এবং আলোকিত করার লক্ষ্যে পরিচালনা করেন। এই আয়াত আরো ঘোষণা করে যে, প্রদীপ জ্বলিতে ব্যবহৃত তৈল (যয়তুন) এরূপ নির্ভেজাল ও সহজ দাহ্য যে, না জ্বলিলেও ইহাতে (তৈল) অকস্মাৎ শিখা বিস্ফোরিত হয়। এই তৈল এক প্রকার বৃক্ষের নির্যাস হইতে প্রস্তুত—সেই বৃক্ষ যাহা না প্রাচ্যের না পাশ্চাত্যের, ইহা কোন বিশেষ গোষ্ঠী বা জাতির পক্ষে বা বিপক্ষে বৈষম্যমূলক আচরণ করে না। এই আয়াতের অন্য এক ব্যাখ্যাও হইতে পারে। আয়াতে বর্ণিত নূর বা আলো পবিত্র নবী করীম (সাঃ)-এর জন্য ব্যবহৃত বলিয়া ধরিয়া নেওয়া যাইতে পারে, কারণ কুরআনে তাঁহাকে নূর হিসাবে অভিহিত করা হইয়াছে (৫ঃ১৬)। এই অর্থে দেওয়াল গাত্রস্থ কোটরীর মর্ম হইবে নবী করীম (সাঃ)-এর হৃদয় এবং প্রদীপ তাঁহার সর্বাধিক বিশুদ্ধ ও নিষ্কলংক স্বভাব যাহা সর্বোৎকৃষ্ট ও মহোত্তম সদ্‌গুণাবলীর দ্বারা সমৃদ্ধ এবং কাঁচের মর্মার্থ এই যে, পবিত্র আলো যদ্বারা তাঁহার চরিত্র বিভূষিত করা হইয়াছে তাহা স্ফটিকের ন্যায় স্পষ্ট এবং উজ্জ্বল। যখন আল্লাহ্‌তা’লার ওহীর নূর নবী করীম (সাঃ)-এর স্বভাবের আলোর উপর নামিয়া আসিত, তখন উহা দ্বিগুণ তুল্য আলোর বন্যা হইয়া উদ্ভাসিত হইত, যাহাকে কুরআনের ভাষায় ‘নূরুন আলা নূর’ অর্থাৎ আলোর উপরে আলোতুল্য বর্ণিত হইয়াছে। আঁ-হযরত (সাঃ)-এর এই নূর পরিপুষ্ট হইত এক প্রকার তৈল দ্বারা যাহা পবিত্র বলিয়া ঘোষিত এক প্রকার বৃক্ষ হইতে উদ্ভূত হইয়াছিল অর্থাৎ রসূল করীম (সাঃ)-এর নূর কেবল উজ্জ্বল ও দীপ্তমানই ছিল না, অধিকন্তু প্রচুর ও দৃঢ় প্রতিষ্ঠিত এবং অনন্ত ছিল (যেমন ‘মুবারাকা’ শব্দে বুঝায়) এবং লক্ষ্য ছিল প্রাচ্য এবং প্রাশ্চাত্য উভয়কে আলোকিত করা। তদুপরি, মহানবী (সাঃ)-এর হৃদয় এতই পবিত্র ছিল এবং তাঁহার প্রকৃতি এরূপ সহজাত মহৎ গুণসম্পন্ন ছিল যে, পবিত্র ওহীর নূর তাঁহার উপর অবতীর্ণ হওয়ার পূর্বেই মহৎ প্রচার কার্যের দায়িত্ব পালনে তিনি প্রায় উপযুক্ত ছিলেন। ইহাই হইতেছে ‘উহার তৈল এমন যেন এক্ষণই উহা স্বতঃপ্রবৃত্তভাবে জ্বলিয়া উঠিবে যদিও অগ্নি উহাকে স্পর্শ না করে’ উক্তিটির অন্তর্নিহিত মর্ম। এই রূপকের আরো একটি ব্যাখ্যা থাকিতে পারে। আয়াতের ‘দেওয়াল কোটর’ মানুষের শরীরকে বলা যায়। মানবদেহ আপন অভ্যন্তরে সাহস বা কর্মশক্তি ধারণা করে যাহা দেহের ইন্দ্রিয়াদির মাধ্যমে নিজকে সৃষ্টি করিয়া প্রকাশ করে। দেওয়াল-কোটরীর মতই মানুষের দেহ আলোরূপ শক্তিকে সংরক্ষিত করে এবং ইহার অভিব্যক্তিকে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ মানবদেহ ‘মিসবাহ’ বা আত্মার প্রদীপটি ধারণ করে যাহা মানবের অন্তরকে আলোকিত করে এবং ইহাকে আল্লাহ্‌তা’লার সংস্পর্শে আনয়ন করে। এই প্রদীপটি একটি ‘যুজাজাতে’ (কাঁচের গ্লোব বা চিমনিতে) রক্ষিত, যাহা ইহাকে ক্ষতি এবং অমঙ্গল হইতে রক্ষা করে এবং ইহার উজ্জ্বল আলো প্রতিফলিত করে। এই ‘যুজাজাহ্’ বা কাঁচরূপী মানবমস্তিষ্কের গঠন প্রণালী এতই নিখুঁত যে, কোন কোন দার্শনিক এইরূপ চিন্তা করিয়াছেন যে, ইহাই ঐশী আলোর চরম উৎস। ‘এক পবিত্র যয়তুন বৃক্ষ হইতে উদ্ভূত তৈল দ্বারা’ অর্থাৎ ঐ সমস্ত মৌলিক এবং পরম সত্য দ্বারা এই আলো বাঁচিয়া থাকে, যেগুলি প্রাচ্য এবং পাশ্চাত্য জাতিগুলির কাহারও একচেটিয়া নহে। এই চিরসত্যগুলি কাহারও একচেটিয়া নহে। এই চিরসত্যগুলি মানবের প্রকৃতির মধ্যেই রোপিত রহিয়াছে এবং এমন কি আল্লাহ্‌তা’লার ওহী-ইলহামের সাহায্য ব্যতিরেকেও ঐগুলি প্রায় প্রকাশমান হইয়া থাকে।

فِیۡ بُیُوۡتٍ اَذِنَ اللّٰہُ اَنۡ تُرۡفَعَ وَیُذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ ۙ یُسَبِّحُ لَہٗ فِیۡہَا بِالۡغُدُوِّ وَالۡاٰصَالِ ﴿ۙ۳۷﴾

৩৭
(এই নূর) এমন গৃহসমূহে আছে যাহাদিগকে উন্নীত করার এবং উহাদের মধ্যে তাহার নাম উচ্চারিত করার জন্য আল্লাহ্ আদেশ দিয়াছেন। প্রভাতে ও সন্ধ্যায় ঐগুলির মধ্যে তাঁহার পবিত্রতা ঘোষণা করে—২০৪৭-ক
২০৪৭-ক। এই আয়াতটি প্রমাণ এবং ভবিষ্যদ্বাণী দুইই বহন করে। ইহার ভবিষ্যদ্বাণী হইল যে, কুরআনের আলোতে আলোকিত ঘরগুলিকে মহিমান্বিত করা হইবে এবং উহার বাসিন্দাগণ সদা আল্লাহ্‌তা’লার প্রসংশা গাহিবে। ইহাই প্রমাণ স্বরূপ হইবে যে, তাহারা আল্লাহ্‌র নূরে আলোকিত।

رِجَالٌ ۙ لَّا تُلۡہِیۡہِمۡ تِجَارَۃٌ وَّلَا بَیۡعٌ عَنۡ ذِکۡرِ اللّٰہِ وَاِقَامِ الصَّلٰوۃِ وَاِیۡتَآءِ الزَّکٰوۃِ ۪ۙ یَخَافُوۡنَ یَوۡمًا تَتَقَلَّبُ فِیۡہِ الۡقُلُوۡبُ وَالۡاَبۡصَارُ ﴿٭ۙ۳۸﴾

৩৮
এমন লোক, যাহাদিগকে ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহ্‌র স্মরণ হইতে এবং নামায কায়েম ও যাকাত প্রদান২০৪৮ হইতে অমনোযোগী করিতে পারে না। তাহারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তরসমূহকে এবং দৃষ্টিসমূহকে উল্টা পাল্টা করিয়া দেওয়া হইবে;
২০৪৮। এই আয়াত হযরত রসূল করীম (সাঃ)-এর সাহাবীগণের সাধুতা, ধর্মপরায়ণতা এবং তাহাদের ঐশী-প্রেমের এক প্রামাণ্য দলীল। আয়াত বর্ণনা করে যে, তাহারা হাড়-মাংসে গড়া মানুষ। তাহাদের পার্থিব আকাংখা, বাসনা, পেশা ও বৃত্তি আছে। তাহারা সংসারত্যাগী সন্ন্যাসী এবং বৈরাগী নহে। এতদ্‌সত্ত্বেও পার্থিব সকল অভীষ্ট এবং আকর্ষণের মধ্যে থাকিয়াও তাহারা আল্লাহ্‌তা’লা এবং মানবের প্রতি কর্তব্য পালনে কোন প্রকার অবহেলা করে না।

لِیَجۡزِیَہُمُ اللّٰہُ اَحۡسَنَ مَا عَمِلُوۡا وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۹﴾

৩৯
যেন আল্লাহ্ তাহাদিগকে তাহাদের কৃত-কর্মের সর্বোত্তম প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহ দ্বারা তাহাদিগকে আরও বাড়াইয়া দেন। এবং আল্লাহ্ যাহাকে চাহেন বেহিসাব রিয্‌ক দান করেন।

وَالَّذِیۡنَ کَفَرُوۡۤا اَعۡمَالُہُمۡ کَسَرَابٍۭ بِقِیۡعَۃٍ یَّحۡسَبُہُ الظَّمۡاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَہٗ لَمۡ یَجِدۡہُ شَیۡئًا وَّوَجَدَ اللّٰہَ عِنۡدَہٗ فَوَفّٰٮہُ حِسَابَہٗ ؕ وَاللّٰہُ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿ۙ۴۰﴾

৪০
এবং যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের কৃত-কর্মসমূহ বিশাল মরুভূমিতে অবস্থিত মরীচিকার ন্যায়, যাহাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে। এমন কি সে যখন উহার নিকট পৌঁছে তখন সে উহাকে দেখে যে উহা কিছুই নহে। এবং আল্লাহ্‌কে নিজের নিকটে দেখিতে পায়, তখন আল্লাহ্ তাহাকে তাহার হিসাব পূর্ণ মাত্রায় চুকাইয়া দেন; বস্তুতঃ আল্লাহ্‌ হিসাব গ্রহণে অতি তৎপর।