২৪

النور

সূরা আন্‌ নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৫ আয়াত এবং ৯ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

سُوۡرَۃٌ اَنۡزَلۡنٰہَا وَفَرَضۡنٰہَا وَاَنۡزَلۡنَا فِیۡہَاۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ لَّعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲﴾

২
ইহা সেই সূরা,২০২৩ যাহা আমরা নাযেল করিয়াছি এবং যাহাকে আমরা ফরয২০২৪ করিয়াছি এবং ইহাতে আমরা সমুজ্জ্বল নিদর্শনাবলী নাযেল করিয়াছি যেন তোমরা উপদেশ গ্রহণ কর।২০২৫
২০২৩। কুরআনের সকল সূরার মধ্যে এই সূরাটিকে বিশেষভাবে ‘সূরাতুন’ অর্থাৎ একটি ‘সূরা’ বলিয়া অভিহিত করা হইয়াছে এই মর্মে যে, ‘সূরা’ শব্দের অর্থ যেহেতু পদ বা মর্যাদা এই জন্য মুসলমানগণ এই সূরার অন্তর্ভুক্ত বিধান ও অধ্যাদেশ পালন করিয়া উচ্চ মর্যাদা এবং মহত্বে উন্নীত হইতে পারে।
২০২৪। ‘যাহা আমরা নাযেল করিয়াছি এবং যাহাকে আমরা ফরয করিয়াছি’ এই উক্তির অন্তর্নিহিত ভাব এই সূরাতে সন্নিবিষ্ট আদেশগুলির বিশেষ গুরুত্বের প্রতি নির্দেশ করে, যদিও কুরআনের অন্যান্য সূরাও আল্লাহ্‌তা’লাই অবতীর্ণ করিয়াছেন এবং ঐগুলির মধ্যকার আদেশসমূহও ফরয বা অবশ্য পালনীয়।
২০২৫। ইহা দুঃখজনক যে, অন্য জাতির আচার-আচরণ ও রীতি-নীতির দাস-সুলভ অনুকরণের ফলে মুসলমানেরা কুরআন করীমের অন্যান্য সূরাতে বর্ণিত অধ্যাদেশ অপেক্ষা তফসীরাধীন সূরার অধ্যাদেশ ও নিষেধগুলি অধিকতর লংঘন ও অমান্য করিয়াছে।

اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ ۪ وَّلَا تَاۡخُذۡکُمۡ بِہِمَا رَاۡفَۃٌ فِیۡ دِیۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۚ وَلۡیَشۡہَدۡ عَذَابَہُمَا طَآئِفَۃٌ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۳﴾

৩
ব্যভিচারিণী ও ব্যভিচারী২০২৫-ক – ইহাদর প্রত্যেককে তোমরা একশত বেত্রাঘাত২০২৬ করিবে; এবং যদি তোমরা আল্লাহ্‌ ও পরকালের উপর ঈমান রাখ তাহা হইলে আল্লাহ্‌র বিধান পালনে যেন ঐ দুই অপরাধীর সম্বন্ধে তোমাদের অন্তরে মায়া-মমতার উদ্রেক না হয়, এবং যেন মো’মেনদের এক জমায়াত তাহাদের উভয়ের শাস্তি প্রত্যক্ষ করে।
২০২৫-ক। ‘আয্‌যানীয়াতু’ এবং ‘আয্‌যানী’ অর্থে যথাক্রমে বিবাহিত এবং অবিবাহিত উভয় অবস্থায় ব্যভিচারিণী এবং ব্যভিচারী বুঝায়।
২০২৬। ইসলামী শরীয়াতে নারী-পুরুষের সম্পর্ক নির্ণয়কারী নিয়মাবলীর মধ্যে নৈতিক গুণরূপে সতীত্ব ও সাধুতা অতি উচ্চ মার্গের গুণ বলিয়া স্বীকৃত হইয়াছে। ইহাকে রক্ষা করার ব্যাপক আদেশ-নিষেধ এই সূরাতে প্রবতির্ত হইয়াছে। এই নিয়মের সামান্যতম লংঘন ইসলামের দৃষ্টিতে চরমভাবে অননুমোদিত। সতীত্ব সম্বন্ধে ইসলামের অতি সূক্ষ্ম উপলব্ধির বিষয় এই স্থলে ব্যক্ত হইয়াছে যাহা উভয় অবস্থায় ব্যভিচারের জন্য নির্ধারিত শাস্তির মধ্যে প্রতিফলিত হইয়াছে। শাস্তি একশত বেত্রাঘাত—অপরাধী বিবাহিত হউক অথবা অবিবাহিত, একজন বিবাহিত এবং অপরজন অবিবাহিত হউক ইহাতে কোন পার্থক্য নাই। এই আয়াত মতে ব্যভিচারের শাস্তি হইতেছে নির্ধারিত বেত্রাঘাত, প্রস্তরাঘাতে হত্যা করা নহে। কুরআনে কোথাও ব্যভিচারের জন্য প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের উল্লেখ নাই। এমন কি ব্যভিচার অপেক্ষা অধিকতর জঘন্য অপরাধ যাহা - পরিকল্পিত হত্যা, ডাকাতি, রাষ্ট্রদ্রোহিতা এবং দেশের শান্তি বিঘ্নিত করার জন্যও ইসলাম ধর্ম অপরিহার্যভাবে বা শর্তহীনভাবে হত্যার শাস্তি নির্ধারণ করে নাই। যদিও এই সমস্ত অপরাধের চরম শাস্তি মৃত্যুদণ্ড, তথাপি হত্যার রক্ত-পণ বা খেসারত আদায় (২ঃ১৭৯) এবং অন্যান্য অপরাধগুলির জন্য কারাবাস অথবা নির্বাসন (৫ঃ৩৩-৩৪) বিকল্প শাস্তিরূপে নির্ণিত হইয়াছে। কুরআন করীমের অন্যত্র বিবাহিতা কৃতদাসীর ব্যভিচারের জন্য শাস্তি প্রসঙ্গে বর্ণিত হইয়াছে যে, সে বিবাহিতা স্বাধীন ব্যভিচারিণী নারীর জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক ভোগ করিবে (৪ঃ২৬); এবং স্পষ্টতঃই প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডকে অর্ধেক করা যায় না। কুরআন করীম অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে ব্যভিচারের শাস্তিরূপে বেত্রাঘাতকে বিধিবদ্ধ করিয়াছে এবং বিবাহিত বা অবিবাহিত অপরাধীর মধ্যে দণ্ডাজ্ঞার বিষয়ে কোন প্রকারে বৈষম্য করে নাই (কারণ আরবী ‘যানী’ অর্থ বিবাহিত এবং অবিবাহিত উভয় অবস্থায় যৌন-অপরাধী)। ইহা খুবই কৌতুহলোদ্দীপক যে, কোন ন্যায্যতা বা ভাষাবিদ্যাগত ধর্মীয় চিন্তাভাবনা ছাড়াই কোন কোন মুসলিম মহলে এই ভুল ধারণা চালাইয়া দেওয়া হইয়াছে যে, তফ্‌সীরাধীন আয়াতটি এই ব্যাপারে কেবল অবিবাহিতের শাস্তি সম্পর্কে ব্যবহৃত এবং বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীর শাস্তি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড। মনে হয় হাদীসে লিপিবদ্ধ কয়েকটি ঘটনা হইতে এই ভ্রান্ত ধারণার উদ্ভব হইয়াছিল যখন হযরত রসূল করীম (সাঃ)-এর নির্দেশে বিবাহিত ব্যক্তিরা যৌন অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হইয়াছিল। এই কয়েকটি ঘটনার একটি ছিল এক ইহুদী পুরুষ এবং এক ইহুদী নারী যাহারা মূসায়ী শরীয়াত অনুযায়ী প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হইয়াছিল (বুখারী)। তাঁহার নিকট নূতন ঐশী নির্দেশ অবতীর্ণ না হওয়া পর্যন্ত কোন মামলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তওরাতের বিধান মানিয়া চলা মহানবী (সাঃ)-এর নিয়ম ছিল। অপর দুই-একটি বর্ণিত ঘটনায় প্রস্তরাঘাতে দণ্ডাজ্ঞা প্রদান করা হইয়াছিল, তবে ইহা প্রমাণিত নহে যে, তফ্‌সীরাধীন আয়াত নাযেল হওয়ার পূর্বে অথবা পরে অপরাধ সংঘটিত হইয়াছিল। এইরূপ অবস্থায় প্রতিভাত হয় যে, অপরাধ সম্পাদিত হইয়াছিল আয়াতটি অবতীর্ণ হওয়ার পূর্বে, কিন্তু বর্ণনাকারীর কিছু ভুল হিসাবের দরুন ধারণা করা হইয়াছিল যে, এই আয়াত নাযেলের পরবর্তীতে ইহা ঘটিয়াছিল। হাদীস-গ্রন্থে ঐতিহাসিক কাল-নির্দেশে ভুল পাওয়া যায় অথবা ব্যভিচার ছাড়া এমন কিছু উত্যক্ত পরিস্থিতির উদ্ভব হইয়া থাকিতে পারে, যে জন্য আঁ-হযরত (সাঃ) দোষী ব্যক্তি বা ব্যক্তিগণকে মৃত্যুদণ্ডের মত চরম শাস্তি দিতে বাধ্য হইয়াছিলেন, যাহা ঘটনা বর্ণনাকারী ধর্তব্যের মধ্যে আনিতে ব্যর্থ হইয়াছিলেন। নচেৎ ইহা অভাবনীয় যে, পবিত্র নবী করীম (সাঃ) এই বিষয়ে সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ঐশী নির্দেশ লংঘন করিয়া থাকিতে পারেন। ব্যভিচারের দণ্ড সম্বন্ধে ভুল বুঝার আরও একটি সম্ভাব্য কারণ হইতে পারে খলীফা হযরত ওমর এবং আলী (রাঃ)-এর আরোপিত কিছু বর্ণনা। হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, “আল্লাহ্‌র কিতাবে ‘রজম’ (পাথর মারা) সম্বন্ধে একটি আয়াত ছিল। নবী করীম (সাঃ) ব্যভিচারীদিগকে পাথর মারিয়া হত্যা করিয়াছিলেন এবং আমরাও তাঁহার পরে পাথর মারিয়াছিলাম। আমি লিখিয়া রাখিতে পারিতাম, কিন্তু লোকেরা তখন কি বলিত যে, ওমর আল্লাহ্‌র গ্রন্থে যাহা ছিল না তাহা সংযোজন করিয়াছিল” (কাশফুল ঘোম্‌মাহ্‌, ২য় খণ্ড, পৃষ্ঠা-১১১)। সম্পূর্ণ হাদীসটি নির্জলা মিথ্যা উদ্ভাবন বলিয়া প্রতিভাত হয়, অথবা বড় জোর হযরত ওমর (রাঃ)-এর প্রকৃত বর্ণনা ভুল বুঝার ফলশ্রুতি। যাহা কুরআনের অংশ ছিল উহা কুরআনে লিপিবদ্ধ করিলে কেমন করিয়া উহা সংযোজন বলা যাইতে পারিত এবং হযরত ওমর (রাঃ)-এর মত ব্যক্তিত্ব সঠিক কর্ম করিতে কাহার ভয়ে ভীত হইতে পারিতেন। বর্ণিত আছে যে, হযরত আলী (রাঃ) এক ব্যভিচারিণীকে বেত্রাঘাত করার পর প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দিয়া বলিয়াছিলেন, ‘আমি তাহাকে বেত্রাঘাত করিয়াছি ঐশী কিতাবের হুকুম মানিতে এবং পাথর মারিয়া মৃত্যুদণ্ড দিয়াছি পবিত্র রসূল (সাঃ)-এর প্রথানুযায়ী’ (বুখারী)। এই বর্ণনাগুলি হইতে দুইটি বিষয় স্পষ্টতঃ উদ্ভূত হয়ঃ (১) ব্যভিচারের শাস্তির বিষয়ে রসূল করীম (সাঃ)-এর রীতি কুরআন মজীদে বর্ণিত আল্লাহ্‌র নির্দেশের বিরোধী, কিন্তু তাহা অসম্ভব; (২) কার্যতঃ যখন হযরত ওমর (রাঃ)-এর প্রতি আরোপিত বর্ণনানুযায়ী ঐশী গ্রন্থে ব্যভিচারীকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ ছিল, পক্ষান্তরে হযরত আলী (রাঃ)-এর কথিত মতে এইরূপ কোন হুকুম ছিল না, কিন্তু ইহা কেবল নবী করীম (সাঃ)-এর প্রথা ছিল যে মতে তিনি (আলী-রাঃ) ব্যভিচারের জন্য অপরাধী লোকদিগকে পাথর মারিয়া মৃত্যুদণ্ড দিয়াছিলেন। এই সমস্ত বিবৃতি কেবল পরস্পর বিরোধীই নহে। বরং এইগুলি প্রকাশ্য ঐশী বিধানের সহিত প্রবল সংঘর্ষের সৃষ্টি করে। অতএব এগুলি নির্জলা মিথ্যা উদ্ভাবন এবং অবশ্যই বাতিল (আরো দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ ১৮৩৬-১৮৩৮ পৃষ্ঠা)।

اَلزَّانِیۡ لَا یَنۡکِحُ اِلَّا زَانِیَۃً اَوۡ مُشۡرِکَۃً ۫ وَّالزَّانِیَۃُ لَا یَنۡکِحُہَاۤ اِلَّا زَانٍ اَوۡ مُشۡرِکٌ ۚ وَحُرِّمَ ذٰلِکَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۴﴾

৪
ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মোশরেক নারী ব্যতীত কাহারও সহিত যৌন সম্পর্ক স্থাপন করে না এবং ব্যভিচারিণী - ব্যভিচারী অথবা মোশরেক ব্যতীত কেহ তাহার সহিত যৌন সম্পর্ক স্থাপন২০২৬-ক করে না, এবং মো’মেনদের জন্য ইহা২০২৭ হারাম করা হইয়াছে।
২০২৬-ক। ‘নিকাহ’ শব্দের আভিধানিক অর্থ বিবাহের মাধ্যমে অথবা বিবাহ ছাড়া যৌন-সংসর্গ এবং যৌন সহবাসহীন বিবাহ (লেইন)। এই অর্থে আয়াতের উদ্দেশ্য সুস্পষ্ট অর্থাৎ যখন এক পুরুষ কোন স্ত্রী লোকের সঙ্গে রতি ক্রিয়া করে যে তাহার বৈধ বা বিবাহিতা স্ত্রী নহে, তখন সে যেমন ব্যভিচারী বলিয়া গণ্য হয়, তেমনি ঐ স্ত্রীলোকটিও ব্যভিচারিণী বলিয়া গণ্য হয়। এখানে নিকাহ্ শব্দ উক্ত আভিধানিক অর্থে যৌন-সহবাস বুঝায় এবং বিবাহ বুঝায় না। কিন্তু এই স্থানে নিকাহ্ শব্দের মর্ম যদি বিবাহ ধরিয়া নেওয়া হয়, যেমন কেহ কেহ এরূপ বলিয়াছেন, তাহা হইলে ইহার অর্থ হইবে, একজন ‘যানী’ অর্থাৎ এরূপ অসৎ লোক যে স্বাধীনভাবে নির্লজ্জ ব্যভিচারে প্রশ্রয়ী, সে একজন বিশ্বাসী সতী নারীকে তাহার সহিত বিবাহে কখনও সম্মত করাইতে পারিবে না। একমাত্র তাহারই মত দুষ্ট ও নীচমানের নৈতিক চরিত্রের অধিকারিণী এক নারীই তাহাকে বিবাহ করিতে রাজি হইতে পারে।
২০২৭। সর্বনাম ‘উহা’ শব্দটি ব্যভিচার করার প্রতি ইংগিত করিতেছে। ইসলাম ধর্ম সকল সামাজিক হীন পাপকর্মের অন্যতম পাপ ব্যভিচারকে নিকৃষ্টতম হিসাবে গণ্য করে এবং সমাজ জীবনে মানুষের মধ্যে এই ব্যাধি বিস্তারের সমস্ত প্রধান পথসমূহ রুদ্ধ করিতে চাহে এবং ইহাকে কঠোর শাস্তি প্রদান করে এবং দোষীপক্ষগুলিকে সমাজে পতিত-অস্পৃশ্য বলিয়া নিন্দা করে। পূর্ববর্তী আয়াতে ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের জন্য শাস্তির অংশ ভাগ করিয়া দেওয়া হইয়াছে, এবং বর্তমান আয়াত তাহাদিগকে সামাজিক কুষ্ঠরোগীরূপে চিহ্নিত করিয়াছে, যাহাদের সহিত সকল সামাজিক সম্পর্ক পরিহার করা উচিৎ।

وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ ثُمَّ لَمۡ یَاۡتُوۡا بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ فَاجۡلِدُوۡہُمۡ ثَمٰنِیۡنَ جَلۡدَۃً وَّلَا تَقۡبَلُوۡا لَہُمۡ شَہَادَۃً اَبَدًا ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ۙ﴿۵﴾

৫
এবং যাহারা সতী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর তাহারা চারিজন সাক্ষী উপস্থিত করে না, তাহা হইলে তাহাদিগকে তোমরা আশীটি বেত্রাঘাত কর এবং তাহাদের সাক্ষ্য কখনও গ্রহণ করিও না, বস্তুতঃ ইহারাই দুষ্কৃতকারী।২০২৮
২০২৮। ব্যভিচারের পরেই অপর জঘন্য সামাজিক ব্যাধি যাহা মানব সমাজের জীবনীশক্তি ক্ষয় করিয়া ফেলে, উহা হইতেছে নির্দোষ ব্যক্তির সম্বন্ধে অপবাদ দেওয়া। ইসলাম এই সামাজিক ব্যাধিকে চরম অপসন্দনীয় গণ্য করে (যাহা তথা-কথিত আধুনিক সভ্য সমাজে প্রায় সার্বজনীন হইয়া গিয়াছে) এবং নির্দোষ ব্যক্তিদের সম্পর্কে অভিযোগকারীর কঠোর শাস্তি বিধান করে। আয়াতটি অপবাদ রটনাকারীর জন্য পর্যায়ক্রমে তিন প্রকার শাস্তির বিধান দিয়াছেঃ (ক) দৈহিক বেত্র-দণ্ড, (খ) মিথ্যা বর্ণনাকারী ও মিথ্যা হলফকারীরূপে অপমানিত করা, যাহা তাহাদের সাক্ষ্য দানকে বাতিল করিয়া দেয় এবং (গ) ঐশী বিধান লংঘনকারীরূপে বিচারপূর্বক আধ্যাত্মিক কলংক চিহ্ন স্থির করা। লক্ষ্যণীয় যে, অভিযোগ সত্য বা মিথ্যা ইহার কোন উল্লেখ এখানে করা হয় নাই। সুতরাং যে পর্যন্ত না অভিযোগকারী তাহার অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য পেশ করিতে পারে, সে পর্যন্ত সেই নালিশ মিথ্যা সাব্যস্ত হইবে এবং প্রতিফলে অভিযোগ উত্থাপনকারী নিজেই নিজেকে নির্ধারিত শাস্তি-যোগ্য বলিয়া দায়ী করিবে। প্রকৃত ঘটনা যাহাই হউক না কেন, অভিযোগে বর্ণিত অভিযুক্ত স্ত্রীলোক নিরপরাধী বলিয়া সাব্যস্ত হইবে যে পর্যন্ত না শরীয়াত অনুযায়ী গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থিত করা হয়। প্রকৃতপক্ষে অপবাদ ও কুৎসা রটনার অপরাধ শক্ত হাতে দমন করা শরীয়াতের লক্ষ্য। এই আয়াতে অন্তর্ভুক্ত হুকুম পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রযোজ্য, যদিও ব্যবহৃত শব্দ ‘মুহ্‌সেনাত’ যাহার অর্থ ‘সতী নারী’। আরবী ভাষায় যখন পুরুষ এবং স্ত্রী উভয় সম্বন্ধে কিছু বলা হয় তখন পুংলিঙ্গের ব্যবহার হয়। কিন্তু যখন কোন বস্তুর সম্পর্কে কিছু বলা হয় যাহা পুরুষ অপেক্ষা নারীর সঙ্গে অধিকতর সংশ্লিষ্ট, সেখানে স্ত্রীলিঙ্গের ব্যবহার করা হয়। এই খানে অপবাদ রটনার শাস্তির সহিত সম্বন্ধযুক্ত এই নির্দেশ, এই মিথ্যা কলংকের শিকার পুরুষ বা নারী যেই হউক না কেন, কিন্তু যেহেতু স্ত্রীলোকই সাধারণতঃ এই জাতীয় অপবাদের শিকারে পরিণত হইয়া থাকে সেই কারণে আয়াতটিতে ‘সতী নারী’ বলা হইয়াছে। এইরূপে ‘আল্লাযীনা’ (তাহারা) শব্দ যদিও পুংলিঙ্গ, তবু পুরুষ এবং নারী উভয় অপবাদকারীকে বুঝায়।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡا ۚ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۶﴾

৬
কেবল তাহারা ব্যতীত, যাহারা ইহার পর তওবা করে এবং নিজেদের সংশোধন করে; কারণ নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল,২০২৯ পরম দয়াময়।
২০২৯। অপবাদ রটনাকারী অনুতাপ করিলে এবং নিজের সংশোধন করার পরে মিথ্যা কলংক রটনার জন্য নির্ধারিত শাস্তির মধ্যে কোন্‌টা লাঘব করা যাইবে এ বিষয়ে মতভেদ রহিয়াছে। প্রথম শাস্তি সম্বন্ধে প্রশ্নই উঠে না,কারণ দোষী ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই দৈহিক – দণ্ড কার্যকর করা হয়। শেষের দুইটি শাস্তি হ্রাস করা যাইতে পারে—কেবল মাত্র প্রকৃত অনুশোচনা প্রমাণিত হওয়ার পরেই।

وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ اَزۡوَاجَہُمۡ وَلَمۡ یَکُنۡ لَّہُمۡ شُہَدَآءُ اِلَّاۤ اَنۡفُسُہُمۡ فَشَہَادَۃُ اَحَدِہِمۡ اَرۡبَعُ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الصّٰدِقِیۡنَ ﴿۷﴾

৭
এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ২০৩০ করে এবং তাহারা নিজেরা ছাড়া তাহাদের নিকট অন্য কোন সাক্ষী থাকে না, তাহা হইলে তাহাদের প্রত্যেকের এইরূপ সাক্ষ্য হওয়া উচিত যে, সে আল্লাহ্‌র নামে চারিবার কসম খাইয়া সাক্ষ্য দিবে যে, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত;
২০৩০। স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্দেহ পোষণ যেহেতু পরিবারের সার্বিক সম্পর্কের উপর পরস্পর অবিশ্বাসপূর্ণ যন্ত্রণার সৃষ্টি করিতে পারে, সেইজন্য তফসীরাধীন আয়াতে এক বিশেষ ব্যবস্থা দেওয়া হইয়াছে যদ্বারা এইরূপ অশুভ অবস্থার উদ্ভব হইলে মোকাবিলা করা যায়।

وَالۡخَامِسَۃُ اَنَّ لَعۡنَتَ اللّٰہِ عَلَیۡہِ اِنۡ کَانَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۸﴾

৮
এবং পঞ্চমবার সাক্ষ্য দিবে যে, সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হইলে, তাহার উপর আল্লাহ্‌র অভিসম্পাত বর্ষিত হইবে।

وَیَدۡرَؤُا عَنۡہَا الۡعَذَابَ اَنۡ تَشۡہَدَ اَرۡبَعَ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ۙ﴿۹﴾

৯
কিন্তু সেই মহিলা হইতে ইহা শাস্তিকে দূর করিবে যে, সে চাড়িবার আল্লাহ্‌র কসম খাইয়া সাক্ষ্য দিবে, সেই পুরুষটিই মিথ্যাবাদী;

وَالۡخَامِسَۃَ اَنَّ غَضَبَ اللّٰہِ عَلَیۡہَاۤ اِنۡ کَانَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۰﴾

১০
এবং পঞ্চমবার সাক্ষ্য দিবে যে, যদি পুরুষটি সত্যবাদী হয়, তাহা হইলে স্ত্রীর উপর আল্লাহ্‌র ক্রোধ বর্ষিত হইবে।২০৩১
২০৩১। অভিযুক্তা স্ত্রী তাহার স্বামীর মিথ্যা অভিযোগে চারবার শপথের মাধ্যমে নিজের পাপ-শূন্যতা প্রতিপাদন করিলে এবং যদি স্বামীর অভিযোগ সত্য হইয়া থাকে, তাহা হইলে পঞ্চম শপথ তাহার নিজের উপর আল্লাহ্‌তা’লার অভিশাপের কসম উচ্চারণ করিলে কোন শাস্তি স্ত্রীর উপর বর্তাইবে না এবং স্বামীও স্ত্রীকে অভিযুক্ত করার দায়ে শাস্তি-যোগ্য থাকিবে না। কিন্তু এহেন গুরুতর ফাটল ধরার পর এই দম্পতি স্বামী-স্ত্রীরূপে বাস করিতে বিরত থাকিবে, কারণ এমতাবস্থায় তাহাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বাবস্থায় ফিরাইয়া আনার জন্য কোন সম্ভাবনা বাকী থাকিবে না।