২৪

النور

সূরা আন্‌ নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৫ আয়াত এবং ৯ রুকু আছে।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ وَاَنَّ اللّٰہَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿٪۲۱﴾

২১
এবং যদি তোমাদের উপর আল্লাহ্‌র ফযল ও তাঁহার রহমত না হইত (তাহা হইলে তোমরা কষ্টে পতিত হইতে) বস্তুতঃ আল্লাহ্‌ অতীব স্নেহশীল, পরম দয়াময়।
সূরা আন্‌ নূর - রুকু ২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ وَمَنۡ یَّتَّبِعۡ خُطُوٰتِ الشَّیۡطٰنِ فَاِنَّہٗ یَاۡمُرُ بِالۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ ؕ وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ مَا زَکٰی مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰکِنَّ اللّٰہَ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۲﴾

২২
হে মো’মেনগণ! তোমরা শয়তানের২০৩৬ পদাংক অনুসরণ করিও না এবং যে ব্যক্তি শয়তানের পদাংক অনুসরণ করে, তাহার জানা উচিত যে, নিশ্চয় সে অশ্লীল ও ঘৃণ্য কাজের আদেশ দেয়, এবং যদি তোমাদের উপর আল্লাহ্‌র ফযল ও তাহার রহমত না হইত, তাহা হইলে তোমাদের কেহই পবিত্র হইতে পারিত না, কিন্তু আল্লাহ্ যাহাকে চাহেন পবিত্র করেন; এবং আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
২০৩৬। যেহেতু মানব প্রকৃতির মধ্যে স্পষ্ট ও প্রকাশ্য অসৎ কর্ম করিতে দ্বিধা এবং আতংকানুভূতি জন্মগতভাবে রোপিত, সেহেতু প্রাথমিক অবস্থায় শয়তান তাহার প্রতারণার শিকারকে প্রকাশ্যে অসৎ কর্ম করিতে প্রলুদ্ধ করা এড়াইয়া চলে। সে তাহাকে ধাপে ধাপে ক্রমশঃ নৈতিক ধ্বংসের দিকে পরিচালিত করে। অন্যায়ভাবে অপরাধের নামে কৌশলে বা গোপনে অপবাদ দেওয়া আরম্ভ করিয়া অবশেষে ব্যক্তিটি নিজেই সেই অপরাধটি করিয়া বসে।

وَلَا یَاۡتَلِ اُولُوا الۡفَضۡلِ مِنۡکُمۡ وَالسَّعَۃِ اَنۡ یُّؤۡتُوۡۤا اُولِی الۡقُرۡبٰی وَالۡمَسٰکِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۪ۖ وَلۡیَعۡفُوۡا وَلۡیَصۡفَحُوۡا ؕ اَلَا تُحِبُّوۡنَ اَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۳﴾

২৩
এবং তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তাহারা যেন কসম না খায় যে, তাহারা তাহাদের আত্মীয়স্বজনকে এবং মিসকীনগণকে২০৩৭ এবং আল্লাহ্‌র পথে হিজরতকারীদিগকে সাহায্য দান করিবে না। তাহারা যেন মার্জনা করে এবং ক্ষমা করে। তোমরা কি চাহনা যে, আল্লাহ্ তোমাদের অপরাধ ক্ষমা করুন; বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
২০৩৭। হইতে পারে যে, এই ইশারা হযরত আবুবকর (রাঃ)-এর প্রতি করা হইয়াছে। তিনি মিস্তাহ্ নামীয় তাহার এক দরিদ্র আত্মীয়কে বরাদ্দকৃত ভাতা বন্ধ করিয়াছিলেন, যে দুর্ভাগ্যবশতঃ হযরত আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে কুৎসা রটনায় জড়িত ছিল।

اِنَّ الَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ الۡغٰفِلٰتِ الۡمُؤۡمِنٰتِ لُعِنُوۡا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۪ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۙ۲۴﴾

২৪
নিশ্চয় ঐ সকল লোক যাহারা সতী, অসতর্ক২০৩৮ মো’মেন মহিলাদের বিরুদ্ধে অপবাদ রটায় তাহারা ইহকালে ও পরকালে অভিশপ্ত হইবে এবং তাহাদের জন্য মহা আযাব অবধারিত।
২০৩৮। হযরত আয়েশা (রাঃ)-এর বিষয় ‘গাফেলাৎ’ (অসতর্ক) শব্দ তাঁহার সম্পূর্ণ নির্দোষিতা সাব্যস্ত করিয়া ইহাই বুঝাইতেছে যে, সেই সততা এবং পরমোৎকর্ষের আদর্শ স্থানীয়ার কোন অন্যায় করার চেতনাই ছিল না।

یَّوۡمَ تَشۡہَدُ عَلَیۡہِمۡ اَلۡسِنَتُہُمۡ وَاَیۡدِیۡہِمۡ وَاَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۵﴾

২৫
যেদিন তাহাদের জিহ্বা, তাহাদের হস্ত এবং তাহাদের পদসমূহ তাহাদের কৃত-কর্ম সম্বন্ধে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে;২০৩৯
২০৩৯। অতি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এই আয়াতের সত্যতা প্রতিপন্ন করিয়াছে। বৈজ্ঞানিক আবিষ্কার এমন যন্ত্রের উদ্ভাবন করিয়াছে যাহার ব্যবহার কোন ব্যক্তির কথাকে সুরক্ষিত করিতে পারে, এমনকি তাহার হাত, পা অথবা তাহার দেহের অন্যান্য অঙ্গ সঞ্চালনের শব্দ পর্যন্ত ধরিয়া রাখিতে পারে। এই সকল যন্ত্রপাতি চোর এবং অন্যান্য অপরাধী হইতে সচেতন হইতে এবং কৈফিয়ৎ লইতে পুলিশকে অনেক সাহায্য করিতেছে। এইসকল যন্ত্রের সহায়তায় একজন দোষী ব্যক্তির জিহ্বা, হাত ও পা কেমন অবস্থায় ছিল উহাকে সাক্ষ্যরূপে উহার বিরুদ্ধে উপস্থাপন করিতে পারে। বিজ্ঞান এই বাস্তব অবস্থাও প্রতিপাদন করিয়াছে যে, বায়ুমণ্ডলে প্রতিটি ব্যক্ত কথা, অবস্থা বা ক্রিয়া ইহার ছাপ রাখিয়া যায়। পবিত্র কুরআন অনুযায়ী এই ছাপসমূহ পরজীবনে বাস্তবে মূর্ত করা হইবে এবং এইরূপে ভাল বা মন্দ কর্মের কর্তার অঙ্গ-প্রতঙ্গ তাহার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষ্য দান করিবে।

یَوۡمَئِذٍ یُّوَفِّیۡہِمُ اللّٰہُ دِیۡنَہُمُ الۡحَقَّ وَیَعۡلَمُوۡنَ اَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ الۡمُبِیۡنُ ﴿۲۶﴾

২৬
সেদিন আল্লাহ্ তাহাদিগকে তাহাদের সঠিক ও পূর্ণ প্রতিফল পুরাপুরি দিবেন এবং তাহারা জানিবে যে, আল্লাহ্‌ই সুস্পষ্ট সত্য।২০৪০
২০৪০। সকল সত্যই আপেক্ষিক। একটি বিষয় এক প্রকার দৃষ্টিভঙ্গিতে সঠিক হইতে পারে, কিন্তু অপর দৃষ্টিকোণ হইতে সঠিক নাও হইতে পারে, একমাত্র আল্লাহ্‌ই সম্পূর্ণ ও নিশ্চিত সত্য এবং সকল বিষয়ের সঠিক অবস্থা সম্বন্ধে জ্ঞাত। অতএব তিনিই একমাত্র সঠিক এবং পূর্ণ প্রতিদান ও প্রতিফল দেওয়ার অধিকারী।

اَلۡخَبِیۡثٰتُ لِلۡخَبِیۡثِیۡنَ وَالۡخَبِیۡثُوۡنَ لِلۡخَبِیۡثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیۡنَ وَالطَّیِّبُوۡنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓئِکَ مُبَرَّءُوۡنَ مِمَّا یَقُوۡلُوۡنَ ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿٪۲۷﴾

২৭
অপবিত্র বিষয়সমূহ অপবিত্র লোকগণের জন্য এবং অপবিত্র লোকগণ অপবিত্র বিষয়সমূহের জন্য এবং পবিত্র বিষয়সমূহ পবিত্র লোকগণের জন্য এবং পবিত্র লোকগণ পবিত্র বিষয়সমূহের জন্য,২০৪১ এই সকল লোক ঐ সব বিষয়ে নির্দোষ যাহা তাহারা বলে। তাহাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক রিয্‌ক (নির্ধারিত) আছে।
সূরা আন্‌ নূর - রুকু ৩
২০৪১। ‘আল্-খাবিসাতু’ শব্দের এক অর্থ অসৎ কর্ম বা অশ্লীল কথা। এই অর্থে আয়াতের মর্ম দাঁড়ায় এই যে, দুষ্ট লোকেরা অসৎ কর্ম রটনার প্রশ্রয় নিয়া থাকে, অথচ সাধু এবং ধার্মিক ব্যক্তিগণ হইতে সৎকর্ম এবং পবিত্র ও মহৎ কথা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَتُسَلِّمُوۡا عَلٰۤی اَہۡلِہَا ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲۸﴾

২৮
হে মো’মেনগণ! তোমরা নিজেদের গৃহ ব্যাতিরেকে অন্য গৃহে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি গ্রহণ কর এবং গৃহবাসীগণকে সালাম কর।২০৪২ ইহা তোমাদের জন্য উত্তম হইবে যেন তোমরা উপদেশ গ্রহণ কর।
২০৪২। কোন ব্যক্তির বাড়ীতে বা অফিসে তাহার সাক্ষাৎপ্রার্থী হইলে নিজের পরিচয়-পত্র পাঠাইবার রীতি একটি সঠিক পন্থা, যদ্বারা জানা যায় যে, সেই ব্যক্তি উক্ত সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাৎ দানে রাজি আছে কিনা। ইহা কুরআনের উপযুক্ত নির্দেশ মোতাবেক বটে, কিন্তু কুরআন তৎসঙ্গে সালাম জানাইবারও আদেশ দান করিয়াছে যাহা পারস্পরিক প্রীতি, শুভেচ্ছা ও দোয়ার মনোরম প্রতীক স্বরূপ।

فَاِنۡ لَّمۡ تَجِدُوۡا فِیۡہَاۤ اَحَدًا فَلَا تَدۡخُلُوۡہَا حَتّٰی یُؤۡذَنَ لَکُمۡ ۚ وَاِنۡ قِیۡلَ لَکُمُ ارۡجِعُوۡا فَارۡجِعُوۡا ہُوَ اَزۡکٰی لَکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۹﴾

২৯
এবং যদি তোমরা ঐসকল গৃহে কাহাকেও না পাও, তাহা হইলে তোমরা উহাতে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত না তোমাদিগকে অনুমতি দেওয়া হয়। এবং যদি তোমাদিগকে বলা হয়, ‘ফিরিয়া যাও’ তাহা হইলে তোমরা ফিরিয়া আসিও, ইহা তোমাদের জন্য অধিকতর পবিত্রতার কারণ হইবে। এবং তোমরা যাহা কর আল্লাহ্ উহা ভালভাবে জানেন।

لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ مَسۡکُوۡنَۃٍ فِیۡہَا مَتَاعٌ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُبۡدُوۡنَ وَمَا تَکۡتُمُوۡنَ ﴿۳۰﴾

৩০
তোমাদের উপর কোন পাপ বর্তাইবে না যদি তোমরা এমন অনাবাদ গৃহসমূহে প্রবেশ কর যাহাতে তোমাদের দ্রব্য সম্ভার রহিয়াছে, এবং আল্লাহ্ জানেন উহাও যাহা তোমরা প্রকাশ কর এবং উহাও যাহা তোমরা গোপন কর।