২১

الأنبياء

সূরা আল্ আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৩ আয়াত এবং ৭ রুকু আছে।

یُسَبِّحُوۡنَ الَّیۡلَ وَالنَّہَارَ لَا یَفۡتُرُوۡنَ ﴿۲۱﴾

২১
তাহারা দিবারাত্রি (তাঁহারই) তসবীহ্ করে এবং তাহারা কখনও অবসন্ন হয় না।১৮৭৭
১৮৭৭। আল্লাহ্‌র প্রকৃত দাসগণের কতিপয় চিহ্ন এই আয়াতে বর্ণিত হইয়াছে। তাহারা আল্লাহ্‌র ইবাদতে এবং মানবের সেবায় ক্লান্ত হয় না। তাহারা ক্ষণস্থায়ী আকস্মিক ভাবাবেগে প্রেরিত নবীকে গ্রহণ করে না এবং তৎপর কষ্ট ও বঞ্চনার চাপের মুখে নিরুৎসাহিত হয় না। একবার সত্য গ্রহণ করিলে তাহারা সকল বাধা-বিপত্তির মুখেও ঈমানে অটল থাকে। তাহাদের উৎসাহ ও উদ্যম সত্যের খেদমতে কখনও নিস্তেজ হয় না। আল্লাহ্‌র ইবাদত তাহাদের নিকট স্ফূর্তির উৎস এবং দুঃশ্চিন্তা ও উদ্বেগ মুক্তির উপায় (১৩ঃ২৯)। হযরত মুহাম্মাদ (সাঃ) বলিয়াছেন, ‘নামাযের মধ্যে আমার চক্ষুর স্নিগ্ধতা নিহিত’ (নেসাঈ)।

اَمِ اتَّخَذُوۡۤا اٰلِہَۃً مِّنَ الۡاَرۡضِ ہُمۡ یُنۡشِرُوۡنَ ﴿۲۲﴾

২২
তাহারা কি পৃথিবীর মধ্য হইতে এমন উপাস্য গ্রহণ করিয়াছে যাহারা (মৃতকে) পুনরুত্থিত করে?১৮৭৮
১৮৭৮। সৃষ্টি করা অথবা মৃতকে জীবন দান করা কেবল মাত্র আল্লাহ্‌তা’লার অনন্য গুণ এবং বিশেষ অধিকার। ঈসা (আঃ) বা অন্য কোন ব্যক্তি-সত্তা আল্লাহ্‌র এই গুণের অংশীদার হইতে পারে না। এই গুণের প্রতি ইংগিত করার উদ্দেশ্য হইতেছে বিশেষভাবে যীশুর খোদায়ী-ঈশ্বরত্বকে চুরমার করিয়া দেওয়া। এই আয়াতসমূহের বিষয়-বস্তু ইহাই।

لَوۡ کَانَ فِیۡہِمَاۤ اٰلِہَۃٌ اِلَّا اللّٰہُ لَفَسَدَتَا ۚ فَسُبۡحٰنَ اللّٰہِ رَبِّ الۡعَرۡشِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۲۳﴾

২৩
যদি (আকাশ ও পৃথিবী) এতদুভয়ের মধ্যে আল্লাহ্ ছাড়া আরও মা’বূদ থাকিত তাহা হইলে নিশ্চয় উভয়েই বিনষ্ট হইয়া যাইত।১৮৭৯ সুতরাং আল্লাহ্‌, যিনি আরশের অধিপতি, উহা হইতে পবিত্র যাহা তাহারা বর্ণনা করে।
১৮৭৯। বর্তমান আয়াত একাধিক খোদা বা বহু-ঈশ্বরবাদের বিরুদ্ধে একটি কার্যকরী ও চূড়ান্ত দলীল উপস্থাপন করিয়াছে। একজন কট্টর নাস্তিক ইহা অস্বীকার করিতে পারে না যে, এক ত্রুটি-হীন শৃংখলাপূর্ণ নিয়ম সারা বিশ্বকে পরিব্যপ্ত করিয়া রহিয়াছে। উক্ত বিন্যাস এই বাস্তব ঘটনার প্রতিই নির্দেশ করে যে, এক অবিচল নিয়ম ইহাকে নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক নিয়মের এই সঙ্গতি নিখিল সৃষ্টির সৃজন-কর্তা এবং নিয়ন্ত্রণকারী এক ও অভিন্ন হওয়া প্রমাণ করে। যদি অধিক খোদা থাকত তাহা হইলে একাধিক বিধান ও নিয়ম পৃথিবী নিয়ন্ত্রণ করিত—কারণ একেক জন খোদার জন্য নিজস্ব বিশেষ আইনের অধীন জগৎ সৃষ্টি করা হইতে এবং এইরূপ অবস্থায় বিভ্রান্তি ও বিশৃংখলা অবশ্যম্ভাবী হইয়া উঠিত, ফলে এই বিশ্ব খণ্ড-বিখণ্ড হইয়া যাইত। অতএব এই কথা বলা যে, তিন খোদা সর্ববিষয়ে সমভাবে স্বয়ংসম্পূর্ণ হইয়া একত্রে এই বিশ্বের স্রষ্টা এবং পরিচালক, তাহা স্পষ্টতঃই অসম্ভব।

لَا یُسۡـَٔلُ عَمَّا یَفۡعَلُ وَہُمۡ یُسۡـَٔلُوۡنَ ﴿۲۴﴾

২৪
তিনি যাহা করেন সেই সম্বন্ধে তিনি জিজ্ঞাসিত হন না, কিন্তু তাহারা জিজ্ঞাসিত হইবে।১৮৮০
১৮৮০। এই আয়াত বিশ্ব-প্রকৃতির মধ্যে শৃংখলাপূর্ণ নিয়মের নিখুঁত এবং পূর্ণাঙ্গরূপের প্রতি ইঙ্গিত করে এবং সেজন্যই ইহার স্রষ্টা এবং পরিচালকেরও পূর্ণাঙ্গরূপ প্রকাশ করে এবং তাঁহার এক-অদ্বিতীয় হওয়ার প্রতিও ইশারা করে। আয়াতের মর্ম ইহাও যে, আল্লাহ্‌তা’লার কর্তৃত্ব সর্বোচ্চ এবং অন্যান্য সকল সত্তা ও বস্তু তাঁহার মহান আধিপত্যের অধীন। ইহা বহু-ঈশ্বরত্বের বিরুদ্ধে আরও একটি দলীল উপস্থাপন করে।

اَمِ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ ۚ ہٰذَا ذِکۡرُ مَنۡ مَّعِیَ وَذِکۡرُ مَنۡ قَبۡلِیۡ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ۙ الۡحَقَّ فَہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۲۵﴾

২৫
তাহারা কি তাঁহাকে ছাড়িয়া অন্য মা’বূদ গ্রহণ করিয়াছে? তুমি বল, ‘তোমরা নিজেদের প্রমাণ উপস্থিত কর; ইহা (এই কুরআন) তাহাদের জন্যও মর্যাদার কারণ যাহারা আমার সঙ্গে আছে এবং তাহাদের জন্যও মর্যাদার কারণ যাহারা আমার পূর্বে অতীত হইয়াছে।’১৮৮০-ক কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশই সত্যকে চিনে না, ফলে তাহারা মুখ ফিরাইয়া লয়?
১৮৮০-ক। এই মহান কুরআন পূর্ববর্তী নবীগণের জন্যও সম্মান এবং মর্যাদার দলীল, কারণ ইহা তাহাদের বিরুদ্ধে ঐ সকল আপত্তি ও অপবাদসমূহ খণ্ডন করিয়া তাঁহাদিগকে নির্দোষ প্রমাণ করে, যাহা তাঁহাদের সমকালীন জাতিগুলি মিথ্যারূপে উত্থাপন করিয়াছিল।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡہِ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ ﴿۲۶﴾

২৬
এবং আমরা তোমার পূর্বে যত রসূল পাঠাইয়াছি, আমরা তাহাদের প্রত্যেকের প্রতিই এই ওহী করিয়াছি, ‘আমি ব্যতীত কোন মা’বূদ নাই; অতএব তোমরা একমাত্র আমারই ইবাদত কর।’

وَقَالُوا اتَّخَذَ الرَّحۡمٰنُ وَلَدًا سُبۡحٰنَہٗ ؕ بَلۡ عِبَادٌ مُّکۡرَمُوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
এবং তাহারা বলে, ‘রহমান আল্লাহ্‌ নিজের জন্য এক পুত্র গ্রহণ করিয়াছেন।’ তিনি পবিত্র, বরং তাহারা (যাহাদিগকে তাহারা পুত্র বলিতেছে) তাহার সম্মানিত বান্দা;

لَا یَسۡبِقُوۡنَہٗ بِالۡقَوۡلِ وَہُمۡ بِاَمۡرِہٖ یَعۡمَلُوۡنَ ﴿۲۸﴾

২৮
তাহারা১৮৮১ তাঁহার কথা বলার পূর্বে কোন কথা বলে না; তাহারা (কেবল) তাঁহারই হুকুম অনুযায়ী কাজ করে।
১৮৮১। আয়াতে ‘তাহারা’ সর্বনাম দ্বারা নবীগণকে বুঝায়। আল্লাহ্‌তা’লার প্রেরিত পয়গম্বরগণ অবাধ্যতা, নৈতিক অপরাধ এবং পাপ করিতে পারেন না। এই আয়াত নবীগণের নিষ্পাপ হওয়ার দলীল।

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ وَلَا یَشۡفَعُوۡنَ ۙ اِلَّا لِمَنِ ارۡتَضٰی وَہُمۡ مِّنۡ خَشۡیَتِہٖ مُشۡفِقُوۡنَ ﴿۲۹﴾

২৯
তিনি জানেন উহাও যাহা তাহাদের সম্মুখে আছে এবং উহাও যাহা তাহাদের পশ্চাতে আছে১৮৮২ এবং তাহারা ঐ ব্যক্তি ব্যতীত, যাহার প্রতি তিনি সন্তুষ্ট, অন্য কাহারও জন্য সুপারিশ করে না; এবং তাহারা তাঁহার ভয়ে কম্পমান।
১৮৮২। ‘উহাও যাহা তাহাদের সম্মুখে আছে এবং উহাও যাহা তাহাদের পশ্চাতে আছে’ এই উক্তির অর্থ এইরূপ হইতে পারেঃ তাহারা যাহা করিয়াছিল এবং যাহা করে নাই বা যাহা করিতে পারে নাই। অথবা এমনও বুঝাইতে পারেঃ যে প্রভাবের অধীনে তাহারা ছিল বা যে সকল পরিবর্তন তাহারা সাধন করিয়াছিল।

وَمَنۡ یَّقُلۡ مِنۡہُمۡ اِنِّیۡۤ اِلٰہٌ مِّنۡ دُوۡنِہٖ فَذٰلِکَ نَجۡزِیۡہِ جَہَنَّمَ ؕ کَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
এবং তাহাদের মধ্য হইতে যে কেহ ইহা বলিবে, ‘নিশ্চয় তিনি ব্যতীত আমি মা’বূদ,’ তাহা হইলে আমরা এইরূপ ব্যক্তিকে প্রতিফলে জাহান্নাম দান করিব। বস্তুতঃ যালেমদিগকে আমরা এইরূপ প্রতিফলই দিয়া থাকি।১৮৮৩
সূরা আল্ আম্বিয়া - রুকু ২
১৮৮৩। ইহা বড় তাৎপর্যপূর্ণ বিষয় যে, যে ক্ষেত্রে খোদায়ী দাবীকারকের মিথ্যা দাবীর অপরাধে কেবল পরলোকে শাস্তি প্রাপ্ত হইবে, সে ক্ষেত্রে ভণ্ড নবুওয়াতের মিথ্যা দাবীদার ইহলোকেই শাস্তি পাইয়া থাকে। তাহার অকাল মৃত্যুবরণ করে এবং ধ্বংস প্রাপ্ত হয় এবং তাহাদের সমস্ত সংগঠন নিজেদের জীবনেই নিশ্চিহ্ন হইয়া থাকে (৬৯ঃ৪৫-৪৮)। এই দুই শ্রেণীর ভণ্ড দাবীকারকের সঙ্গে ব্যবহারের মধ্যে পার্থক্যের কারণ এই যে, খোদায়ী দাবীর অসম্ভাব্যতা স্বপ্রমাণিত, সুতরাং এইরূপ দাবীকারকের শাস্তি ইহজগতে হওয়া অনাবশ্যক। কিন্তু নবুওয়াতের এক জন মিথ্যাদাবীদার সরলমনা মানুষকে প্রতারণা করিয়া তাহার মিথ্যা দাবী গ্রহণ করাইতে সফলকাম হইতে পারে যদি তাহাকে শাস্তি-মুক্ত থাকার জন্য আশ্রয় দেওয়া হয়। অতএব তাহাকে পরাজয়, বিহ্বলতা এবং ধ্বংসের পরিণাম ইহজীবনেই ভোগ করিতে হয় এবং দীর্ঘকাল তাহাকে বাঁচিতে দেওয়া হয় না এবং তাহার প্রচারের অগ্রগতিকে রুখিয়া দেওয়া হয়।