৯৯

الزلزال

সূরা আয-যিলযাল

Az-Zilzal

মক্কী ৯ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ৪:১২৪-১২৫; ১৭:৮; ২৮:৮৫; ৪১:৪৭পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۲﴾

২
পৃথিবীকে যখন এর (জন্য নির্ধারিত প্রচণ্ড) কম্পনে প্রকম্পিত করা হবে,৩৪০২
৩৪০২। সমগ্র বিশ্বই প্রচণ্ড ধরনের অভ্যন্তরীণ আলোড়ন ও উত্থান-পতনের অভূতপূর্ব দৃশ্যাবলি প্রত্যক্ষ করবে।

وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۳﴾

৩
এবং পৃথিবী নিজের বোঝা বের করে দেবে,৩৪০৩
৩৪০৩। (ক) ভূগর্ভ উন্মুক্ত করা হবে এবং পৃথিবী নিজ গর্ভস্থ খনিজ সামগ্রী ও ধনসম্পদ বের করে দেবে, (খ) সর্বপ্রকার প্রাকৃতিক ও আধ্যাত্মিক জ্ঞানবিজ্ঞানের শাখাপ্রশাখা, বিশেষ করে ভূবিদ্যা ও প্রত্নতত্ত্বের জ্ঞানের ক্ষেত্র বহুলাংশে বিস্তৃতি লাভ করবে।

وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۴﴾

৪
তখন মানুষ বলবে, ‘এর হলোটা কী?৩৪০৪
৩৪০৪। অসংখ্য সুদূরপ্রসারী পরিবর্তন ও নব নব আবিষ্কার মানুষকে এমনভাবে তাক লাগিয়ে দেবে যে, সে আশ্চর্যান্বিত হয়ে বলে উঠবে, পৃথিবীর হলো কী?

یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ﴿۵﴾

৫
সে-দিন এটি (অর্থাৎ পৃথিবী) নিজের (সব গোপন) সংবাদ বলে দেবে,৩৪০৫
৩৪০৫। নবী করীম (সা.)-কে আয়াতটির অর্থ জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেছিলেন, ‘গোপন কৃতকর্মও তখন প্রকাশিত হয়ে পড়বে’ (তিরমিযী)। সংবাদমাধ্যমের এত বাহুল্য হবে যে, কোনো কাজ গোপন রাখা সম্ভব হবে না।

بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۶﴾

৬
কেননা তোমার প্রতিপালক-প্রভু এর প্রতি ওহী করে রেখেছিলেন।৩৪০৬
৩৪০৬। পৃথিবী তার ধনসম্পদ বের করে দেবে, কেননা প্রতিপালক-প্রভু তাকে এরূপ করতে আদেশ দিয়ে রেখেছেন। ‘আওহা’ অর্থ সে আদেশ দিল (আকরাব)।

یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۷﴾

৭
সে-দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে একত্র হবে,৩৪০৭ যেন তাদের কর্মফল তাদেরকে দেখানো হয়।৩৪০৮
৩৪০৭। শেষ যুগে মানুষ নিজেদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নানাবিধ স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন দল, কোম্পানি, সমিতি, ইত্যাদি গঠন করবে। তাছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও আদর্শভিত্তিক দল ও দেশগুলো জোটভুক্ত হয়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করবে।
৩৪০৮। ব্যক্তিবর্গ নিজেদের ব্যক্তিগত ধনসম্পদ ও বিদ্যাবুদ্ধি একত্রীভূত করে সমষ্টিগত ও সমবেত প্রচেষ্টা চালাবে, যেন তাদের সম্মিলিত গুরুত্ব ও প্রতিপত্তি এবং সম্মিলিত শ্রম তাদের জন্য উত্তম ফল দিতে পারে।

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۸﴾

৮
সুতরাং যে অণু পরিমাণও পুণ্য (কাজ) করে থাকবে, সে তা দেখতে পাবে।

وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ﴿٪۹﴾

৯
আর যে অণু পরিমাণ পাপ (কাজ) করে থাকবে, সে-ও তা দেখতে পাবে।৩৪০৯,*
সূরা আয-যিলযাল - রুকু ১
৩৪০৯। মানুষের ছোটো-বড়ো কোনো কাজই বৃথা যায় না, অবশ্য অবশ্যই তা ফল দান করে থাকে।
* ৮ ও ৯ নম্বর আয়াত পড়ে বাহ্যত মনে হয় মানুষ ক্ষুদ্রাতিক্ষুদ্র পুণ্য বা পাপ যা-ই করুক না কেন সে এর ফল পাবেই, কিন্তু ‘মাগফিরাত’ (অর্থাৎ আল্লাহ তা’লার পক্ষ থেকে প্রদত্ত ক্ষমার) বিষয়টি এর অনেক ঊর্ধ্বে। কুরআন করীম থেকে জানা যায়, পাপ যত বড়োই হোক না কেন আল্লাহ তা’লা তা ক্ষমা করতে পারেন, কেননা তিনি মানুষের মনের খবর রাখেন এবং তিনি জানেন, কে ক্ষমা পাবার যোগ্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।