الشمس
Ash-Shams
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাও প্রাথমিক পর্যায়ের মক্কী সূরা। কোনো কোনো বিশেষজ্ঞ এর অবতীর্ণ হবার সময় নবুওয়তের প্রথম বছর বলে মনে করেন। আবার কেউ কেউ দ্বিতীয় বা তৃতীয় বছর এর অবতরণ কাল নির্ধারণ করেন। বিষয়বস্তুর দিক দিয়ে ৮৯ থেকে ৯৩ পর্যন্ত পাঁচটি সূরার মধ্যে খুব মিল রয়েছে। এ পাঁচটি সূরাতেই উন্নত নৈতিক মান অর্জনের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। বিশেষত যে-সকল নৈতিক গুণ জাতির সমন্বিত ও সার্বিক কল্যাণের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার প্রতি বেশি তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম সমাজকে জোরালো উপদেশ দেওয়া হয়েছে, তারা যেন সমাজে এমন আবহাওয়া ও পারিপার্শ্বিকতা সৃষ্টি করে, যেন গরিব-দুঃখী, এতিম-কাঙাল ও পতিত-অবহেলিতরা সমাজে যথাযোগ্য অংশীদারিত্বের ভিত্তিতে চলাফেরা ও কাজকর্মের সুযোগ পায় এবং নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে। তারা উন্নত হলেই সমাজের সামগ্রিক অবস্থার উন্নতি হবে। পূর্ববর্তী সূরাতে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) কত বিরাট ও মহান উদ্দেশ্যে কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিলেন, সেই সর্বোচ্চ উদ্দেশ্য ২:১৩০ আয়াতে বর্ণিত হয়েছে। যে নবীর কথা ২:১৩০ আয়াতে বর্ণিত হয়েছে, সেই নবী (সা.) ও তাঁর উচ্চ নৈতিক গুণাবলি সম্বন্ধে এ সূরাতে কিছু আলোকপাত করা হয়েছে। সূরাটির শেষ দিকে উপদেশ দেওয়া হয়েছে, নৈতিক উচ্চমান লাভ করা কারো পক্ষে তেমন কঠিন কাজ নয়। যে ব্যক্তি মন্দকে পরিত্যাগ করে এবং ধর্মপরায়ণতার পথ ছাড়া অন্য পথে চলে না, সে-ই উচ্চ নৈতিক মর্যাদায় অধিষ্ঠিত হয়। সূরাটি এক সাবধানবাণী উচ্চারণ করছে, যারা ঐশী বিধানকে অমান্য করার পথ বেছে নেয় এবং মন্দ কাজ করতে থাকে তারা নিজেদের হাত দিয়েই নিজেদের ধ্বংস সাধন করে।
** এ সূরায় যে ভবিষ্যদ্বাণী পুনর্ব্যক্ত করা হয়েছে তা হলো, ইসলামের সূর্য আরো একবার উদিত হবে এবং এর আলোয় আলোকিত হয়ে চাঁদ পুনরায় জ্যোতির্মণ্ডিত হবে। আর পুনরায় এক প্রভাতের উদয় হবে এবং তারপর এক অন্ধকার রাত ছেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক প্রভাতের পর ক্রমান্বয়ে অজ্ঞতা ও উদাসীনতার আঁধার পুনরায় মানবজাতিকে আচ্ছন্ন করে থাকে।
অতঃপর এই মহান ঘোষণা দেওয়া হয়েছে যে, সকল মানুষকে আল্লাহ তা’লা সুসামঞ্জস্যতা দিয়ে সৃষ্টি করেছেন আর তার প্রকৃতির মাঝে পাপ-পুণ্য ও নিজের ভালো-মন্দের পার্থক্য নিরূপণের সামর্থ্য প্রোথিত করে দিয়েছেন। যে তার মাঝে প্রোথিত এসব সুকুমার বৃত্তিকে সঠিকভাবে লালন করে- সে সফল হবে। পক্ষান্তরে যে এই বৃত্তিনিচয় ধুলায় মিশিয়ে দেয়- সে ধ্বংস হবে।
এ বর্ণনার পর সামূদ জাতি ও তাদের প্রতি প্রেরিত রসূলের উটের উল্লেখ এসেছে। খুব সম্ভব এর মাধ্যমে সেই উটের প্রতি ইঙ্গিত করা হয়েছে যাতে চড়ে হযরত সালেহ (আ.) সত্যের বাণীর প্রচারকাজে সফর করতেন। আর যখন তাঁর জাতির লোকেরা সেই উটের পায়ের রগ কেটে দেয় তখন তাদের ওপর ভয়ংকর শাস্তি আপতিত হয়। নবীদের শত্রুরা যখনই হিদায়াতের বাণী প্রচারের পথ রুদ্ধ করে তখন তাদেরকেও চিরাচরিত রীতি অনুযায়ী ধ্বংস করে দেওয়া হয়। *
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالشَّمۡسِ وَضُحٰہَا ۪ۙ﴿۲﴾
وَالۡقَمَرِ اِذَا تَلٰٮہَا ۪ۙ﴿۳﴾
وَالنَّہَارِ اِذَا جَلّٰٮہَا ۪ۙ﴿۴﴾
وَالَّیۡلِ اِذَا یَغۡشٰٮہَا ۪ۙ﴿۵﴾
وَالسَّمَآءِ وَمَا بَنٰہَا ۪ۙ﴿۶﴾
وَنَفۡسٍ وَّمَا سَوّٰٮہَا ۪ۙ﴿۸﴾
فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَتَقۡوٰٮہَا ۪ۙ﴿۹﴾
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰٮہَا ۪ۙ﴿۱۰﴾