النور
An-Nur
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
বিভিন্ন পণ্ডিতদের মতামত হলো, বর্তমান সূরাটি হযরত রসূল করীম (সা.)-এর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছিল। নবী করীম (সা.)-এর পবিত্র সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে অপবাদজনিত দুঃখজনক ঘটনা, যা এ সূরাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তা হিজরি ৫ম সনে সংঘটিত হয়েছিল। হিজরি ৫ম সনে যখন হযরত মুহাম্মদ (সা.) বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফিরে আসেন তার পরে সেই বছরের রমযান মাসে উক্ত ঘটনা ঘটে। পূর্ববর্তী সূরা আল-মুমিনূনের সাথে বর্তমান সূরাটির এই দিক দিয়ে সম্পর্ক রয়েছে যে, পূর্বের সূরাতে বলা হয়েছিল, ইসলাম ধর্মে মুমিনদের মধ্যে এমন কিছু লোক সর্বদাই থাকবে যারা তাদের তাকওয়া ও পুণ্যকর্মের বদৌলতে আল্লাহর সন্তুষ্টি ও সহায়তা লাভ করবেন। কী প্রকারে বা পদ্ধতিতে আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করা যায় তা বর্তমান সূরাতে আলোচিত হয়েছে এবং একটি নির্ধারিত নীতি হিসাবে সাব্যস্ত হয়েছে যে, ন্যায় ও পুণ্যকর্মসমূহ সম্পাদন, জাতীয় পর্যায়ে উন্নত নৈতিকতা অর্জন ও সংরক্ষণ, পারিবারিক ও সম্প্রদায়গতভাবে কঠোর শৃঙ্খলা পালন ইত্যাদি এ লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। এজন্য বর্তমান সূরাটির শুরুতেই কীভাবে জাতীয় পর্যায়ে উন্নতি ও নৈতিকতা সংরক্ষণ করা যায় তার প্রতি গভীর গুরুত্বারোপসহ নরনারীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও সংস্কারমূলক কী বিধিব্যবস্থা মেনে চলতে হবে তার প্রতি জোর দেওয়া হয়েছে। পূর্ববর্তী সূরাতে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনায় বলা হয়েছে, এসব বিশ্বাসী যাদেরকে আল্লাহর সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের একটি গুণ হচ্ছে, তারা তাদের কাম-পবিত্রতা রক্ষায় যত্নবান। বর্তমান সূরার বিষয়বস্তুতে পূর্ববর্তী প্রসঙ্গের সম্প্রসারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় উন্নতি ও সফলতা লাভ করতে হলে এবং তা বজায় রাখার জন্য একটি জাতির প্রজ্ঞা, নীতি ও আদর্শ পবিত্র হওয়া জরুরি, সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তির মধ্যে পারস্পরিক সমঝোতা ও প্রশংসনীয় সুসম্পর্ক থাকা প্রয়োজন এবং সর্বোপরি জাতীয় পর্যায়ে কঠোর শৃঙ্খলা ও ব্যবস্থাপনার প্রতি গভীর গুরুত্ব প্রদান করা একান্তভাবে দরকার। তদুপরি প্রয়োজনে ব্যক্তিস্বার্থ অপেক্ষা জাতীয় স্বার্থের প্রতি সর্বাধিক গুরুত্ব ও জাতীয় প্রয়োজনকে ব্যক্তিগত প্রয়োজন অপেক্ষা অগ্রাধিকার দান করা বাঞ্ছনীয়।
আলোচ্য সূরা কয়েকটি বিশেষ বিষয়ের প্রতি আলোকপাত করে। যে-সকল বিষয় একটি সমাজের সামাজিক ও নৈতিক কাঠামোর ভিত্তি এবং যা অগ্রাহ্য করলে একটি জাতির নৈতিক অবক্ষয় ঘটে। সেই আদর্শ ও পবিত্রতার প্রতি এ সূরাতে সবিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। যেহেতু নারী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক একটি সমাজের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডকে এক বিপর্যয়ের মুখে ঠেলে দেয় এবং এর সাথে জড়িত মন্দ প্রভাব যেহেতু সমাজের নৈতিকতাকে গভীরভাবে প্রভাবান্বিত করে সেহেতু নারী-পুরুষের যৌন সম্পর্কিত বিষয়ে অকারণে সন্দেহ পরিহার করার জন্য এ সূরাটিতে জোরালো নির্দেশ প্রদান করা হয়েছে এবং তাগিদ দেওয়া হয়েছে, একটি সমাজে কতিপয় লোকের যৌন-নীতি বহির্ভূত বিপথগামিতায় যেন গোটা সমাজ আতঙ্কগ্রস্ত হয়ে না পড়ে, কেননা এ ধরনের কতিপয় অন্যায় কাজের দরুন হয়ত সমাজের অন্যান্য সবাই সচেতন ও সাবধান হবে এবং পরিণামে তা সমাজের জন্য মঙ্গল বলে বিবেচিত হবে। এ প্রসঙ্গকে আরো বিস্তৃতি প্রদানপূর্বক মিথ্যা অপবাদ রটানোকে গভীর নিন্দনীয় কাজ হিসাবে তিরস্কার করা হয়েছে, কেননা যদি মিথ্যা সন্দেহ অথবা এমন ব্যক্তির সাক্ষ্য যার সততা সম্পর্কে আপত্তির কারণ বিদ্যমান, এর ওপর ভিত্তি করে একে অপরের নীতিহীনতা সম্পর্কে অপবাদ ছড়ায় তাহলে যৌন কেলেঙ্কারি সমাজে অধিকতর বিস্তৃত হয়ে পড়বে। বিশেষ করে সমাজের অল্পবয়স্ক নারী-পুরুষ এ ধারণার বশবর্তী হয়ে পড়বে যে, অবাধ মেলামেশাতে কোনো অপরাধ নাই। অতঃপর বিশ্বাসীদেরকে কঠোরভাবে জাতীয় নৈতিকতা রক্ষা ও এ ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমানরা যেন এই নৈতিকতা রক্ষা ও হেফাজতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর থাকে। এ বিষয়ে সতর্কতার অভাব হলে জাতীয় পর্যায়ে নৈতিক অবক্ষয় অবশ্যম্ভাবী। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদিও যৌন-বিষয়ক নীতিহীনতা অনিয়ন্ত্রিতভাবে সমাজে প্রসার লাভ করলে সার্বিকভাবে পুরো সমাজের অধঃপতন ঘটে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবুও এ বিপথগামিতার জন্য দায়ী বলে সন্দেহভাজন ব্যক্তিদেরকে খুঁজে বের করে কঠোরভাবে শাস্তি দেওয়া ঠিক নয়। বস্তুত সকল সমাজে শিথিল চরিত্রের কিছু লোক বিদ্যমান থাকে যাদেরকে সাময়িকভাবে কিছুটা উপেক্ষা করা যেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সতর্কবাণীও উচ্চারিত হয়েছে, যারা ক্রমাগত তাদের পাপাচার ও অনিষ্টকারী কাজের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং অশ্লীল কথাবার্তা ও মিথ্যা অপবাদ ছড়ানোর ব্যাপারে নিজেদেরকে জড়িত রাখবে তারা ইহকালে ও পরকালে উভয় জগতেই শাস্তিপ্রাপ্ত হবে। আল্লাহ তা’লা তাদের অনাচার ও পাপকাজকে প্রকাশ করে দেবেন যার ফলে তারা লজ্জিত ও অপমানিত হবে।
অতঃপর সূরাটিতে বলা হয়েছে, মানুষ নিজ অসতর্ক কাজকর্মের ফলেই এ ধরনের সন্দেহজনক ও কলঙ্কজনক পরিস্থিতির সম্মুখীন হয় এবং এ ধরনের অসতর্ক কাজকর্মের জ্বলন্ত উদাহরণ হচ্ছে নারী-পুরুষের অবাধ মেলামেশা। কাজেই এ ধরনের পরিস্থিতি, যার ফলে মিথ্যা সন্দেহ ও অপবাদ সৃষ্টির আশঙ্কা থাকে, তা দূর করার লক্ষ্যে আলোচ্য সূরাটিতে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা পূর্ব-অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ না করে। মুসলমান নরনারীকে উদ্দেশ্য করে সূরাটিতে আরো বলা হয়েছে, যখন তারা একে অপরের সম্মুখীন হবে তখন তাদের দৃষ্টিকে অবনত করবে এবং এমন সকল পথ পরিহার করবে যা পাপ ও পদস্খলনের কারণ হতে পারে। অতিরিক্ত রক্ষাকবচ হিসাবে মুসলমান স্ত্রীলোকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের সৌন্দর্য, স্বাভাবিক ও কৃত্রিম যা-ই হোক না কেন, এসব পুরুষদের প্রদর্শন না করে যারা গয়ের-মাহরাম অর্থাৎ যারা তাদের সাথে বিয়ের জন্য নিষিদ্ধ ব্যক্তিদের বাইরের লোক (আয়াত: ৩২)। অবশ্য তাদের শরীরের এমন কিছু বাহ্যিক বৈশিষ্ট্য যা স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়ে পড়তে পারে যেমন তাদের গঠন, উচ্চতা ইত্যাদি এর আওতাভুক্ত নয়। এই উদ্দেশ্যে তারা মাথার কাপড় বা ওড়না-চাদর এমনভাবে পরিধান করবে, যেন বুক পর্যন্ত ঢাকা থাকে (পর্দা-সংক্রান্ত ব্যাপারে বিশদ অবগতির জন্য ৩২ নম্বর আয়াতের টীকা দ্রষ্টব্য)। জাতীয় পর্যায়ে নৈতিকতা রক্ষার আরেকটি রক্ষাকবচ হচ্ছে বিধবা বিবাহ। তাই লক্ষ রাখতে হবে, বিধবারা যেন অবিবাহিতা না থাকে। অতঃপর বলা হয়েছে, যুদ্ধবন্দি বা বন্দিনিদের মুক্তি প্রদানের ব্যাপারে যথাশীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো যুদ্ধবন্দি বা বন্দিনি মুক্তির শর্তাবলি পূর্ণ করতে অপারগ হয়, তাহলে সহজ কিস্তিতে সে যেন তার মুক্তিপণ প্রদান করতে পারে এর সুযোগ সৃষ্টি করতে হবে।
সূরাটির শেষাংশে মুসলমানদেরকে জোর তাগিদ দেওয়া হয়েছে, যেন তারা তাদের পরিবার-পরিজনকে সঠিক পথে পরিচালিত করে, জাতিগতভাবে নৈতিকতার ওপর গুরুত্ব দেয় এবং এই উদ্দেশ্যে নারী-পুরুষের অবাধ মেলামেশার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে। এ ব্যাপারে একটি বিশেষ নির্দেশ যা গুরুত্ব সহকারে প্রতিপালন করতে হবে তা হচ্ছে, যে-সব যুদ্ধবন্দি যারা গৃহভৃত্য হিসাবে কাজ করে তারা (এমনকি এসব নাবালক ছেলে-মেয়েরাও) বিনা অনুমতিতে তাদের গৃহের মালিক অথবা তাদের পিতামাতার শয়নকক্ষে সকাল হবার পূর্বে, দুপুরে এবং রাতে প্রবেশ করবে না। অন্য সময় অবশ্য বাড়ির সকল সদস্যই গৃহাভ্যন্তরে মুক্তভাবে চলাফেরা করতে পারবে। আর ছেলে-মেয়েরা যখন তাদের সাবালক অবস্থায় উপনীত হবে তখন তাদেরও পর্দার বিধান মেনে চলতে হবে। যারা বৃদ্ধা মহিলা আর বিয়ের কামনা ও প্রয়োজন যাদের নাই, ইচ্ছা করলে তারা পর্দার বিধান শিথিল করতে পারে, কিন্তু অপরিচিতদের নিকট তারাও নিজ নিজ সৌন্দর্য বা ভূষণ প্রদর্শন করতে পারবে না। পারিবারিক ব্যবস্থাপনার এই নির্দেশাবলির পর সূরাটি সামগ্রিকভাবে সমাজের সংশোধন যা পারিবারিক ক্ষেত্র থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ প্রদান করেছে এবং জাতীয় কর্মকাণ্ডের বিভিন্ন ব্যাপার যেন সুষ্ঠু ও সাফল্যজনকভাবে সম্পাদিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় নিয়ম ও নীতিমালা পেশ করেছে। অতঃপর মুসলমানদের উদ্দেশ্যে খিলাফতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারা যদি ঐশী নির্দেশিত নীতিমালা অনুযায়ী তাদের জীবন অতিবাহিত করে তাহলে তারা জাগতিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই এই পৃথিবীর নেতা বলে পরিগণিত হবে এবং তাদের ধর্মও পৃথিবীতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু যখন তাদের শাসন আল্লাহর পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং অন্যের ওপর তাদের ধর্ম বিজয়ী হবে তখন তারা যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করে, গরিব এবং অভাবগ্রস্তকে সাহায্য করে আর তাদের রসূলের নির্দেশাবলি মেনে চলে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سُوۡرَۃٌ اَنۡزَلۡنٰہَا وَفَرَضۡنٰہَا وَاَنۡزَلۡنَا فِیۡہَاۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ لَّعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲﴾
اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ ۪ وَّلَا تَاۡخُذۡکُمۡ بِہِمَا رَاۡفَۃٌ فِیۡ دِیۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۚ وَلۡیَشۡہَدۡ عَذَابَہُمَا طَآئِفَۃٌ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۳﴾
اَلزَّانِیۡ لَا یَنۡکِحُ اِلَّا زَانِیَۃً اَوۡ مُشۡرِکَۃً ۫ وَّالزَّانِیَۃُ لَا یَنۡکِحُہَاۤ اِلَّا زَانٍ اَوۡ مُشۡرِکٌ ۚ وَحُرِّمَ ذٰلِکَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۴﴾
وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ ثُمَّ لَمۡ یَاۡتُوۡا بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ فَاجۡلِدُوۡہُمۡ ثَمٰنِیۡنَ جَلۡدَۃً وَّلَا تَقۡبَلُوۡا لَہُمۡ شَہَادَۃً اَبَدًا ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ۙ﴿۵﴾
اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡا ۚ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۶﴾
وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ اَزۡوَاجَہُمۡ وَلَمۡ یَکُنۡ لَّہُمۡ شُہَدَآءُ اِلَّاۤ اَنۡفُسُہُمۡ فَشَہَادَۃُ اَحَدِہِمۡ اَرۡبَعُ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الصّٰدِقِیۡنَ ﴿۷﴾
وَالۡخَامِسَۃُ اَنَّ لَعۡنَتَ اللّٰہِ عَلَیۡہِ اِنۡ کَانَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۸﴾
وَیَدۡرَؤُا عَنۡہَا الۡعَذَابَ اَنۡ تَشۡہَدَ اَرۡبَعَ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ۙ﴿۹﴾
وَالۡخَامِسَۃَ اَنَّ غَضَبَ اللّٰہِ عَلَیۡہَاۤ اِنۡ کَانَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۰﴾