২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

فَقُلۡنَا یٰۤـاٰدَمُ اِنَّ ہٰذَا عَدُوٌّ لَّکَ وَلِزَوۡجِکَ فَلَا یُخۡرِجَنَّکُمَا مِنَ الۡجَنَّۃِ فَتَشۡقٰی ﴿۱۱۸﴾

১১৮
তখন আমরা বলিলাম, ‘হে আদম! নিশ্চয় এই হইল তোমার ও তোমার সঙ্গিণীর শত্রু, সুতরাং সে যেন তোমাদেরকে এই বাগান১৮৫৭ হইতে বাহির করিয়া না দেয়, পাছে না তুমি দুঃখে নিপতিত হও;
১৮৫৭। হযরত আদমকে সতর্ক করা হইয়াছে যে, ইবলিসের চাটুবাক্যে যদি তুমি লোভের বশবর্তী হও এবং তাহার কথা গ্রহণ কর তাহা হইলে তুমি জান্নাত হইতে বঞ্চিত হইবে। ‘আল্ জান্নাত’ অর্থ পরম সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তির জীবন যাহা তিনি ইতিপূর্বে ভোগ করিতেছিলেন।

اِنَّ لَکَ اَلَّا تَجُوۡعَ فِیۡہَا وَلَا تَعۡرٰی ﴿۱۱۹﴾ۙ

১১৯
নিশ্চয় ইহাতে তোমার জন্য (বিধি ব্যবস্থা) রহিয়াছে যে, তুমি ইহাতে ক্ষুধার্ত থাকিবে না এবং উলঙ্গও থাকিবে না;

وَاَنَّکَ لَا تَظۡمَؤُا فِیۡہَا وَلَا تَضۡحٰی ﴿۱۲۰﴾

১২০
এবং তুমি ইহাতে তৃষ্ণার্ত থাকিবে না এবং রৌদ্রেও পুড়িবে না।’১৮৫৮
১৮৫৮। তফসীরাধীন এবং পূর্ববর্তী আয়াতের ইঙ্গিত বোধ হয় সভ্য জীবনের সুযোগ-সুবিধা ও আরাম-উপভোগের আনুসঙ্গিক উপকরণসমূহের প্রতি করা হইয়াছে। উক্ত দুই আয়াত এই বাস্তব সত্যের প্রতি ইঙ্গিত করিতেছে যে, মানুষের জীবনের প্রাথমিক প্রয়োজন খাদ্য, পানীয়বস্তু, বস্ত্র এবং আশ্রয় বা বাসস্থানের ব্যবস্থা করা যে কোন সভ্য সরকারের প্রথম কর্তব্য এবং কোন সমাজকে কেবল তখনই সভ্য সমাজ বলা যায় যখন উহার অধীনে সকল লোক এই চাহিদাগুলি পর্যাপ্তরূপে প্রাপ্ত হয়। মানবজাতি ততক্ষণ পর্যন্ত সামাজিক আন্দোলনে অশান্তিতে ভুগিতে থাকিবে এবং মানব সমাজে নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের অকৃত্রিম উন্নতি হইবে না, যতক্ষণ পর্যন্ত না এরূপ গুরুতর অর্থনৈতিক অসমতা, যেমন সমাজের এক শ্রেণীর লোক সম্পদে গড়াগড়ি করে এবং অন্যরা অনাহারে মৃত্যুবরণ করে, এই অবস্থার অবসান করা হয়। এখানে হযরত আদম (আঃ)-কে বলা হইয়াছে যে, তিনি এমন একস্থানে বসবাস করিবেন যেখানে জীবনের সকল প্রয়োজন এবং সকল সুখ-সুবিধা ইহার বাসিন্দাগণের জন্য পর্যাপ্ত পরিমাণে থাকিবে। এই অবস্থা কুরআন করীমের অন্যত্র এইভাবে বর্ণিত হইয়াছে, ‘এবং উহা হইতে যেখানে তোমাদের ইচ্ছা তৃপ্তিসহকারে আহার কর’ (২ঃ৩৬)। তফসীরাধীন আয়াতেও প্রতীয়মান হয় যে, হযরত আদম (আঃ)-এর সময় হইতে এক নূতন সমাজ ব্যবস্থা আরম্ভ হইয়াছিল এবং তিনি এক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করিয়াছিলেন, যাহা মানবজাতির সামাজিক অগ্রগতির পথ দেখাইয়াছিল।

فَوَسۡوَسَ اِلَیۡہِ الشَّیۡطٰنُ قَالَ یٰۤـاٰدَمُ ہَلۡ اَدُلُّکَ عَلٰی شَجَرَۃِ الۡخُلۡدِ وَمُلۡکٍ لَّا یَبۡلٰی ﴿۱۲۱﴾

১২১
কিন্তু শয়তান তাহার মনে কুমন্ত্রণা দিল, সে বলিল, ‘হে আদম! আমি কি তোমাকে এক চিরন্তন বৃক্ষের১৮৫৯ এবং অক্ষয় রাজ্যের সন্ধান দিব?’
১৮৫৯। ‘অমরত্ব লাভ করার বৃক্ষ’ নামে কোন বৃক্ষের অস্তিত্ব পৃথিবীতে নাই। কুরআন করীমের বর্তমান আয়াতে এবং ইহার অন্যত্র উল্লেখিত ‘এই বৃক্ষ’ ছিল বিশেষ একটি পরিবার বা গোত্র যাহা হইতে হযরত আদম (আঃ)-কে পৃথকভাবে দূরে থাকিতে ঐশী নির্দেশ দেওয়া হইয়াছিল, কারণ উহার লোকেরা তাঁহার শত্রু ছিল।

فَاَکَلَا مِنۡہَا فَبَدَتۡ لَہُمَا سَوۡاٰتُہُمَا وَطَفِقَا یَخۡصِفٰنِ عَلَیۡہِمَا مِنۡ وَّرَقِ الۡجَنَّۃِ ۫ وَعَصٰۤی اٰدَمُ رَبَّہٗ فَغَوٰی ﴿۱۲۲﴾۪ۖ

১২২
অতঃপর তাহারা উভয়ে উহা হইতে খাইল, ফলে তাহাদের নগ্নতা তাহাদের নিকট প্রকাশ হইয়া গেল১৮৬০ এবং তাহারা উভয়ে বাগানের বৃক্ষ-পত্র দ্বারা নিজদিগকে আবৃত করিতে লাগিল।১৮৬১ এবং আদম তাহার প্রভুর হুকুম পালন করিল না, যাহার ফলে সে বিপথে চলিয়া গেল।
১৮৬০। হযরত আদম (আঃ) কর্তৃক শয়তানের প্রস্তাব গৃহীত হওয়ার পরিণতিস্বরূপ তাঁহার অনুসারীগণের মধ্যে ধর্মগত মতভেদ বা দলাদলি আরম্ভ হইয়াছিল যাহা তাঁহার জন্য নিদারুণ যন্ত্রণা এবং মর্মপীড়ার কারণ হইয়াছিল। হযরত আদম (আঃ) এবং হাওয়া পরে বুঝিতে পারিয়াছিলেন যে, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া তাঁহারা শোচনীয় ভুল করিয়াছিলেন এবং নিজদিগকে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় জড়াইয়া ফেলিয়াছিলেন। এই আয়াতের অর্থ ইহা নহে যে, তাহাদের দুর্বলতা লোকের নিকট প্রকাশিত হইয়াছিল, বরং আদম (আঃ) এবং হাওয়া কেবল নিজেরাই এই বিষয়ে সচেতন হইয়াছিলেন।
১৮৬১। ‘ওয়ারাক’ শব্দের অর্থ সম্প্রদায়ের তরুণ বা কিশোরবৃন্দ (লেইন)। এই অর্থে আয়াতের অন্তর্নিহিত অর্থ ইহাই মনে হয় যে, আদম (আঃ)-এর গোত্রের লোকদিগের মধ্যে বিভেদ বা পার্থক্য সৃষ্টি করিতে শয়তান কৃতকার্য হইয়াছিল এবং কতক দুর্বল চরিত্রের সদস্য আওতার বাহিরে চলিয়া গিয়াছিল এবং হযরত আদম (আঃ) তরুণদিগকে একত্রিত করিয়াছিলেন এবং সম্প্রদায়ের সাধু ও সৎলোকদের ঐক্যবদ্ধ সহায়তায় তাঁহার গোত্রের লোকজনকে সংঘবদ্ধ করিয়াছিলেন। বাইবেলের মতে হযরত আদম (আঃ) ডুমুর পাতা ব্যবহার করিয়াছিলেন (আদি পুস্তক -৩ঃ৬-৭), কাশ্‌ফের ভাষায় যাহার অর্থ সৎলোক এবং ধার্মিক তরুণ।
সম্পূর্ণ সূরা দেখুন