مريم
Maryam
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার তারিখ ও প্রসংগ
হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাহাবাগণের সর্ববাদী সম্মত অভিমত এই যে, আলোচ্য সূরাটি মক্কী জীবনের গোড়ার দিকে, খুব সম্ভবতঃ নবুওয়াতের চতুর্থ বৎসরের শেষ লগ্নে এবং আবিসিনিয়ায় হিজরতের পূর্বে যাহা হিজরী ৫ম বৎসরের রজব মাসে সংঘটিত হইয়াছিল - তৎমধ্যবর্তী সময়ে নাযেল হইয়াছিল। পূর্ববর্তী সূরা বনী ইস্রাঈল ও আল্ কাহ্ফের সহিত এই দিক দিয়া বর্তমান সূরাটির সম্পর্ক রহিয়াছে যে, উল্লেখিত দুইটি সূরাতেই ইহুদী এবং খৃষ্টানের উত্থান ও সাফল্যের কিছু বিষয়ে আলোকপাত করা হইয়াছিল, যাহার ধারাবাহিকতা আলোচ্য সূরাতেও বিদ্যমান। সূরা বনী ইস্রাঈলে বিশেষভাবে বর্ণিত হইয়াছিল যে, ইহুদীরা জাতীয় পর্যায়ে দুই বার বিপর্যয়ের সম্মুখীন হইবে এবং দুই বারই তাহারা আবার সাফল্য ও ক্ষমতার অধিকারী হইবে। অনুরূপভাবে ইঙ্গিত দেওয়া হইয়াছিল যে, মুসলমানরাও দুইবার জাতীয় পর্যায়ে ক্ষমতা ও সাফল্যের অধিকারী হইবে এবং দুইবার ইহুদীদের মত তাহারাও অবনতি এবং পতনের সম্মুখীন হইবে। সূরা আল্ কাহ্ফে এই বিষয়টিই আরো বিস্তৃত পরিসরে আলোচিত হইয়াছিল, তবে উহাতে খৃষ্টানদের সহিত সংশ্লিষ্ট বিষয়গুলিই বেশী প্রাধান্য পাইয়াছিল। প্রসঙ্গতঃ বলা যাইতে পারে যে, সূরা কাহ্ফে উল্লেখ করা হইয়াছিল যে, মূসায়ী শরীয়াতের মসীহ্ অর্থাৎ ঈসা (আঃ)-এর অনুসারী কর্তৃক এক সময় মুসলমানরা জাতীর বিপর্যয়ের সম্মুখীন হইবে, যখন তাহারা ইসলামী শরীয়াতের মসীহ্-এর নেতৃত্বে পুনরায় তাহাদের হারানো গৌরব ফিরিয়া পাইবে। বর্তমান সূরাতে পূর্ব-প্রসঙ্গের সূত্র ধরিয়া খৃষ্টীয় বিশ্বাসের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। এই দিক হইতে আলোচ্য সূরাটি একই শ্রেণীর বক্তব্য-সমৃদ্ধ তিনটি সূরার তৃতীয়-সংযোজক যাহার প্রথম দুইটি হইতেছে সূরা বনী ইস্রাঈল ও সূরা আল কাহ্ফ। বস্তুতঃ এই তিনটি সূরা একই বিষয়বস্তু নিয়া আলোচনা করিয়াছে এবং উপস্থাপনার দিক হইতে একই ধরণের প্রকাশভঙ্গী অনুসরণ করিয়াছে।
বিষয়বস্তু
সূরাটির শুরুতে যে সংক্ষিপ্ত বর্ণমালা বা “হুরূফে মুকাত্তায়াত” রহিয়াছে, উহার মাধ্যমে ইসলামী শিক্ষা ও খৃষ্টীয় বিধি-ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক চিত্র প্রদান করা হইয়াছে এবং এই সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে যে, মূলতঃ খৃস্টীয় বিধান ছিল ঐশী, কিন্তু পরবর্তীতে ইহার মধ্যে ভ্রান্ত-বিশ্বাস ও মতবাদ প্রক্ষিপ্ত হইয়াছে। যেহেতু এইসব প্রক্ষিপ্ত মতবাদ ঐশী-গুণাবলীর সহিত বৈসাদৃশ্যপূর্ণ, তাই ঐগুলি খণ্ডন করার লক্ষ্যে হযরত ঈসা (আঃ)-এর সংক্ষিপ্ত জন্ম-বৃত্তান্ত বর্ণনা করা হইয়াছে। অবশ্য হযরত ঈসা (আঃ)-এর জন্ম-বৃত্তান্ত বর্ণনা করিবার পূর্বে হযরত যাকারিয়া (আঃ)-এর প্রসঙ্গেও কিছুটা বর্ণনা দেওয়া হইয়াছে। কেননা, বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে এলীয় ভাববাদীর প্রেরিত হইবার কথা (মালকি-৪ঃ৫)। আর ইহুদীরা যখন এলীয় সম্পর্কে হযরত ঈসা (আঃ)-এর নিকট জানিতে চাহিয়াছিল, মনুষ্য-পুত্রের আগমন হওয়ার পূর্বেই যাহার আগমন আবশ্যক, তখন তিনি বলিয়াছিলেন, “তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও, তবে জানিবে, যে এলীয়ের আগমন হইয়াছে তিনি এই ব্যক্তি, অর্থাৎ যোহনই এলীয়।” এলীয়ের শক্তি ও প্রকৃতি প্রাপ্ত হইয়া যোহন আসিয়াছেন। (মথি-১১ঃ১৪-১৫, ১৭ঃ১২ ও মার্ক-৯ঃ১৩)। তিনি ইহুদীদিগকে আরো বলিয়াছিলেন যে, এলীয় স্বর্গ হইতে আসিবেন না, বরং অন্যান্য সকল মানুষের মত তিনিও এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করিবেন অন্য একজন মানুষের আকৃতিতে এবং তিনিই যোহন। (মথি-১১:১১ ও লুক-৭ঃ২৮)।
অতঃপর, হযরত ঈসা (আঃ)-এর প্রসঙ্গ বর্ণনায় এই সূরাটি তাঁহার জন্ম যে এক অস্বাভাবিক প্রক্রিয়ায়, কোন পিতার মাধ্যম ব্যতিরেকেই সম্পন্ন হইয়াছে উহার উল্লেখ করিয়াছে। এই অতি অসাধারণ ঘটনা অবলম্বন করার পিছনে যে ইঙ্গিত রহিয়াছে তাহা হইল এই যে,নবুওয়াতের ধারা বনী ইসহাক হইতে বনী ইসমাঈলে স্থানান্তরিত হইতে যাইতেছে। কেননা, বনী ইসহাক তথা ঈসরাঈল জাতির মধ্যে এমন কোন পুরুষ বর্তমান নাই যাহার ঔরসে আল্লাহ্র কোন নবী জন্ম লাভ করিতে পারে। অতঃপর সূরাটিতে হযরত ঈসা (আঃ)-এর ঈশ্বরত্বের কথিত দাবীকে এই যুক্তি দ্বারা খণ্ডন করা হইয়াছে যে, হযরত আদম (আঃ) হইতে শুরু করিয়া হযরত ঈসা (আঃ)-এর পূর্ব পর্যন্ত সকল নবীই যখন মানুষ ছিলেন, তখন হযরত ঈসা (আঃ), যিনি নিজেও একজন নবী, তিনি কি করিয়া মানুষ ব্যতিরেকে অন্য কিছু হইতে পারেন এবং কেনই বা তাঁহার প্রতি ঈশ্বরত্ব বা খোদার পুত্রের ঐশী গুণাবলী আরোপ করা যাইতে পারে? যেহেতু খৃষ্টান জাতি কর্তৃক আখেরী যামানায় পুনরুত্থান ও মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ব্যাপকভাবে অস্বীকৃতি প্রকাশ পাইবে এবং যেহেতু এই সূরাটিতে খৃষ্টীয় মতবাদ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হইয়াছে, সেহেতু এই সূরার পরবর্তী আলোচ্য বিষয় হইল মৃত্যুর পরবর্তী জীবন।এই বিষয়ে সূরাটিতে খুবই গুরুত্বপূর্ণ যুক্তির অবতারণা করা হইয়াছে যাহার মোকাবিলায় অবিশ্বাসীদের বিভিন্ন মামুলি ও নীরস যুক্তিসমূহ উন্মোচিত ও খণ্ডিত হইয়া গিয়াছে। সূরাটিতে বলা হইয়াছে যে, অবিশ্বাসীরা, তাহাদের জাগতিক সম্পদ, বস্তু-সম্ভার ও অধিক সংখ্যা দেখিয়া এক ধরণের অমূলক আনন্দের মধ্যে থাকে এবং এইসব জিনিষকে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে তাহাদের অবিশ্বাস-জনিত মিথ্যা ধারণার অনুকূলে বলিয়া যুক্তি প্রদর্শন করে এবং তাহাদের আত্ম-পক্ষ সমর্থনে বলিতে থাকে যে, ইহকাল ছাড়া আসলে আর কোন জীবন নাই। তাহাদেরকে সতর্ক করিয়া বলা হইয়াছে যে, বিশ্বাসীদের আপাত সংখ্যাল্পতা ও সম্পদহীনতা এবং তাহাদের নিজেদের জাগতিক প্রাচুর্য,ক্ষমতা ও সম্পদ দেখিয়া তাহারা যেন এই কপট ধারণার বশবর্তী হইয়া না পড়ে যে, চিরকাল অবস্থা এমনই থাকিবে। বরং আসল কথা হইতেছে এই যে, সত্য ধীরে ধীরে ও ধাপে ধাপে অগ্রসর হয় এবং ইহা অবধারিত যে, পরিণামে সত্যই বিজয়ী হয়। পরিশেষে একটি ইঙ্গিত-পূর্ণ প্রশ্নের জবাব দানের মাধ্যমে এই সূরার পরিসমাপ্তি টানা হইয়াছে, আর উক্ত প্রশ্নটি হইল— আরবী ভাষাকে কেন কুরআন শরীফের মাধ্যম হিসাবে ব্যবহার করা হইয়াছে? উত্তরে বলা হইয়াছে যে, যেহেতু আরববাসীদের উদ্দেশ্যেই কুরআনের প্রথম সম্বোধন, কাজেই ইহাই স্বাভাবিক ও যুক্তিসংগত যে কোন বাণী সেই ভাষাতেই কোন সম্প্রদায়ের নিকট প্রচারিত হওয়া উচিত যাহার মাধ্যমে তাহারা নিজেরা ভাব বিনিময় করে। ইহাতে তাহাদের পক্ষে উক্ত বাণীর বিষয়বস্তু অনুধাবন ও পারস্পরিক মত বিনিময় করা সহজ সাধ্য হইয়া পড়ে এবং এইজন্যই কুরআন শরীফ আরবী ভাষায় অবতীর্ণ হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
کٓہٰیٰعٓصٓ ۟﴿ۚ۲﴾
ذِکۡرُ رَحۡمَتِ رَبِّکَ عَبۡدَہٗ زَکَرِیَّا ۖ﴿ۚ۳﴾
اِذۡ نَادٰی رَبَّہٗ نِدَآءً خَفِیًّا ﴿۴﴾
قَالَ رَبِّ اِنِّیۡ وَہَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَاشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّلَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا ﴿۵﴾
وَاِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۙ﴿۶﴾
یَّرِثُنِیۡ وَیَرِثُ مِنۡ اٰلِ یَعۡقُوۡبَ ٭ۖ وَاجۡعَلۡہُ رَبِّ رَضِیًّا ﴿۷﴾
یٰزَکَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُکَ بِغُلٰمِ ۣاسۡمُہٗ یَحۡیٰی ۙ لَمۡ نَجۡعَلۡ لَّہٗ مِنۡ قَبۡلُ سَمِیًّا ﴿۸﴾
قَالَ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا وَّقَدۡ بَلَغۡتُ مِنَ الۡکِبَرِ عِتِیًّا ﴿۹﴾
قَالَ کَذٰلِکَ ۚ قَالَ رَبُّکَ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ وَّقَدۡ خَلَقۡتُکَ مِنۡ قَبۡلُ وَلَمۡ تَکُ شَیۡئًا ﴿۱۰﴾