১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِفَتٰٮہُ لَاۤ اَبۡرَحُ حَتّٰۤی اَبۡلُغَ مَجۡمَعَ الۡبَحۡرَیۡنِ اَوۡ اَمۡضِیَ حُقُبًا ﴿۶۱﴾

৬১
এবং (সেই সময়কেও স্মরণ কর) যখন মূসা তাহার যুবক (সঙ্গী) কে বলিয়াছিল, ‘আমি (যে পথে চলিতেছি সে পথে চলায়) বিরত হইব না যতক্ষণ পর্যন্ত না আমি দুই সমুদ্রের সংগমস্থলে১৭০৪ পৌঁছিব, অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব।১৭০৪-ক
১৭০৪। এই আয়াত দ্বারা হযরত মুসা (আঃ)-এর ইস্‌রা (আধ্যাত্মিক নৈশ-ভ্রমণ)-এর বিষয় আরম্ভ হইয়াছে। উপরে উল্লেখ করা হইয়াছে যে, হযরত ঈসা (আঃ)-এর শিষ্যগণ প্রচুর পার্থিব ক্ষমতা ও উন্নতির অধিকারী হইয়াছিল এবং তাহাদের বৈচিত্রপূর্ণ জীবনের অগ্রগতিতে পৃথিবীর ইতিহাসে দুইবার অমোচনীয় ছাপ ও প্রভাব রাখিয়াছিল। খৃষ্টান জাতিসমূহের এই সাফল্য ৩৩ আয়াতে উল্লেখিত “দুইটি বাগান” এর সাদৃশ্য দ্বারা বর্ণনা করা হইয়াছে। এই দুই যুগের প্রথমটির সূচনা হইয়াছিল রোম সম্রাট কনষ্ট্যান্টাইনের খৃষ্টধর্ম গ্রহণের মাধ্যমে, যখন ইহা রাষ্ট্রীয় ধর্মরূপে স্বীকৃত হইয়াছিল এবং তাহা ইসলাম ধর্মের নবী করীম (সাঃ)-এর জন্মের পূর্ব পর্যন্ত চলিয়াছিল। এই দুই যুগের দ্বিতীয় এবং অতীব গুরুত্বপূর্ণ যুগটি বর্তমান যুগ, এ সময়ে পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলি এত বেশী ক্ষমতা ও গৌরব অর্জন করিয়াছে যে, এশিয়া এবং আফ্রিকার জাতিসমূহ যেন কৃতদাসবৎ দায়বদ্ধ কৃষক এবং কেনা গোলামের মত তাহাদের আদেশ ও অনুকম্পার অপেক্ষায় উন্মুখ হইয়া থাকে। এই “দুইটি বাগান”-এর মধ্যবর্তী স্থানে নহর প্রবাহিত (আয়াত-৩৪)। এই ‘নহর’ ইসলামের জন্ম এবং ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নিদর্শন জ্ঞাপন করে, যাহা এই দুইটি যুগের মধ্যবর্তীকালে মানবজাতির ইতিহাসে এক গভীর ছাপ রাখিয়াছিল। এই বিষয়ে ঐতিহাসিক ধারাবাহিকতা বর্ণনা করার উদ্দেশ্যে এবং ইহাকে সংযুক্ত ছিদ্রের ন্যায় পরিদৃষ্ট করিবার জন্য, হযরত মূসা (আঃ)-এর ‘ইস্‌রা’ বা আধ্যাত্মিক ভ্রমণ বৃত্তান্তের কিছুটা বিস্তারিত বর্ণনা বর্তমান তফসীরাধীন এবং পরবর্তী কতক আয়াতে দেওয়া হইয়াছে। মূসা (আঃ) তাঁহার সদৃশ্য এক নবীর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন (দ্বিতীয় বিবরণ-১৮ঃ১৮)। উক্ত ভবিষ্যদ্বাণীকে কুরআন করীমের ৭৩ঃ১৬ আয়াতে সম্পর্কযুক্ত করা হইয়াছে। খৃষ্টধর্মের সূচনা এবং ইহার পরবর্তী উন্নতি এবং অগ্রগতি দুইটি যুগের সঙ্গে সম্পৃক্ত গুহাবাসীগণ ইয়া’জুজ-মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর আবির্ভাবের মধ্যবর্তী সময়ে মূসা (আঃ)-এর আধ্যাত্মিক সফরের কথা বর্ণনার মধ্য দিয়া কুরআন মজীদ, তাঁহার ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত ইসলামের নবী করীম (সাঃ)-এর আগমনের ঘটনাকে নির্দিষ্ট করিয়াছে, যিনি মূসা (আঃ)-এর অনুরূপ এবং উক্ত দুই যুগের মধ্যবর্তী সময়ে যাঁহার আবির্ভাব হওয়া নির্ধারিত ছিল। এইরূপে এই সকল ঘটনা প্রবাহ ঐতিহাসিক ধারাবাহিকতায় উল্লেখিত হইয়াছে।
১৭০৪-ক। “হুকুব” বহুবচন, একবচনে “হুকবাহ্” অর্থঃ দীর্ঘকাল, অনির্দিষ্ট কাল; এক যুগ; সত্তর বছর বা তদধিক সময় (মুফরাদাত, লেইন)। হযরত মূসা (আঃ)-এর ‘ইস্‌রা’ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ‘ইস্‌রা’র অনুরূপ ছিল (১৭ঃ২)—এই ভ্রমণ দৈহিক ছিল না, ইহা ছিল এক আধ্যাত্মিক বা রূহানী অবস্থা, যাহার মাধ্যমে হযরত মূসা (আঃ)-কে রক্ত-মাংসের দেহ হইতে বিস্মৃত করিয়া গভীর রূহানী মর্যাদায় উন্নীত করা হইয়াছিল। বাইবেল এবং কুরআন উভয়ই এই মতের সমর্থন করে। এই সমর্থনের কতকগুলি যুক্তি নিম্নে উল্লেখ করা হইলঃ (১) হযরত মূসা (আঃ)-এর জীবন সম্পর্কে খৃষ্টানগণ বাইবেলকে মোটামুটি বিশ্বাসযোগ্য দলীলরূপে মানিয়া থাকে। কিন্তু বাইবেল এইরূপ অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনাটির উল্লেখ ছাড়িয়া দিয়াছে, এমনকি প্রসঙ্গ-ক্রমে উচ্চারণ করিতেও ব্যর্থ হইয়াছে। (২) আল্লাহ্‌তা’লার নবীরূপে প্রত্যাদিষ্ট হওয়ার পূর্বে এবং পরেও মূসা (আঃ) মাত্র একটি সফরই করিয়াছিলেন এবং তাহা মিদিয়ানে। বাইবেল ও কুরআন উভয়ই এই ভ্রমণের প্রতি নির্দেশ করিয়াছে। উভয়ে এই বিষয়ে একমত যে, হযরত মূসা (আঃ) কেবল মিদিয়ানের দিকেই ভ্রমণ করিয়াছিলেন, কিন্তু বর্তমান এবং পরবর্তী আয়াতসমূহে যে সফর সম্পর্কে বর্ণনা রহিয়াছে তাহাতে উল্লেখিত হইয়াছে যে, এই সফরে মূসা (আঃ)-এর সাথে তাঁহার তরুণ সঙ্গী ছিল। (৩) পৃথিবীতে ‘মাজ্‌মায়াল বাহ্‌রায়্‌ন’ নামে পরিচিত কোন স্থান নাই। এই কথার অর্থ ‘দুই সমুদ্রের সংযোগস্থল’। মূসা (আঃ)-এর বাসস্থানের নিকটবর্তী এরূপ সংযোগ হইতেছে “বাবুল মান্দাব” যাহা ভারত মহাসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করিয়াছে, দার্দানেল প্রণালী যাহা ভূমধ্যসাগরকে মর্মর সাগরের সঙ্গে সংযুক্ত করিয়াছে; এবং আল-বাহ্‌রায়্‌ন যেখানে আসিয়া পারস্য উপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হইয়াছে। এই সকল স্থানের মধ্যে একমাত্র দার্দানেল প্রণালীই এইরূপ একটি মিলন কেন্দ্র হওয়া সম্ভব ছিল; কারণ মিশর হইতে ইহার গতিপথের মধ্যে কেনান অবস্থিত, যাহা মূসা (আঃ)-এর গন্তব্য স্থান ছিল। কিন্তু তাঁহার জীবদ্দশায় তিনি সেখানে পৌঁছিতে সক্ষম হন নাই। এই তিনটি কেন্দ্র বা অন্তরীপই হযরত মূসা (আঃ)-এর বসতি হইতে প্রায় এক হাজার মাইল দূরত্বে ছিল এবং সেই যুগে যাতায়াতের অসুবিধা এবং যানবাহনের অভাব বিবেচনা করিয়া বলা যায় যে, এইরূপ সুদীর্ঘ দূরত্ব অতিক্রম করিতে তাঁহার বহু মাস সময় লাগিয়া যাওয়ার কথা এবং এমতাবস্থায় হযরত মূসা (আঃ)-এর পক্ষে তাঁহার শিষ্যদিগের আধ্যাত্মিক মঙ্গল মারাত্মকভাবে বিপন্ন না করিয়া এত দীর্ঘ কাল অনুপস্থিত থাকা সম্ভব ছিল না। বিশেষতঃ তাহাদের সম্পর্কে তাঁহার তিক্ত অভিজ্ঞতা হইয়াছিল—তাহাদেরকে ছাড়িয়া মাত্র চল্লিশ দিনের জন্য তুর পর্বতে থাকাকালীন সময়ে। ‘মাজ্‌মায়াল বাহ্‌রায়্‌ন’ শব্দের দ্বারা মনে হয় দুইটি বিধানের সংযোগ বা মিলন ক্ষেত্র বুঝাইতেছে। যথা—মূসায়ী শরীয়াত এবং ইসলামী শরীয়াতের সংযোগ বা মিলন ক্ষেত্র। এতদ্ব্যতীত অর্থাৎ এই বাহ্যিক প্রমাণ ছাড়াও অনেক অভ্যন্তরীণ প্রমাণ ৬১-৮৩ আয়াতসমূহে রহিয়াছে যদ্বারা প্রতিপন্ন হয় যে, মূসা (আঃ)-এর সফর দৈহিক বা বাহ্যিক ঘটনা ছিল না বরং আধ্যাত্মিক ছিলঃ- (ক) রাজা কর্তৃক জবর দখল হইতে রক্ষা করার জন্য, ‘সে (সেই বুযুর্গ) নৌকার মধ্যে এক বড় ছিদ্র করিয়া দিলেন’ (আয়াত ৭২)। কিন্তু ছিদ্র করার পরে কি নৌকাটি চলাচলের উপযোগী ছিল না? উপযোগী থাকিলে রাজা উহা বাজেয়াপ্ত করিল না কেন? না থাকিলে উহা ডুবিয়া গেল না কেন? এই জড় জগতে কোন নৌকার তলাতে বিরাট ছিদ্র করিয়া দেওয়ার পরে ভাসমান থাকিতে পারে না। শুধু দিব্য-দর্শন বা কাশ্‌ফের জগতেই এইরূপ ব্যাপার সম্ভব। (খ) আল্লাহ্‌তা’লার কোন নবী দূরে থাক, সুস্থ মস্তিকের সচেতন ব্যক্তি, বৈধ কারণ ছাড়া, অপরের প্রাণ নাশ করিতে পারে না, যেমনটি সেই বুযূর্গ করিয়াছিলেন বলিয়া বর্ণিত হইয়াছে (আয়াত-৭৫)। (গ) হযরত মূসা (আঃ)-এর মত আল্লাহ্‌তা’লার এক মহান নবী এবং উৎকৃষ্ট গুণবিশিষ্ট উদারচেতা ব্যক্তি সেই বুযুর্গের অপরাধ সাব্যস্ত করিলেন শুধু এই জন্য যে, তিনি পিতৃ-মাতৃহীন দরিদ্র বালক দুইটির ভাঙ্গা দেওয়াল মেরামতের জন্য মজুরী দাবী করিলেন না, কারণ শহরের লোকেরা তাঁহাদিগকে আপ্যায়ন করিতে অস্বীকৃতি জানাইয়াছিল? এতীম বালক দুইটি মূসা (আঃ)-এর অসন্তুষ্টি অর্জনের মত কি করিয়াছিল? বালকদ্বয় নহে বরং শহরের লোকেরাই তাহাদের আতিথেয়তা করিতে অস্বীকার করিয়াছিল। (ঘ) ইহা কল্পনাও করা যায় না যে, হযরত মূসা (আঃ)-এর মত আল্লাহ্‌তা’লার মহান নবীকে কষ্টকর দীর্ঘ ভ্রমণে বাহির হইতে হইয়াছিল শুধু মাত্র এক ‘আল্লাহ্‌র বান্দা’র সন্ধানে এবং তাঁহার নিকট এই শিক্ষা গ্রহণ করিবার জন্য যে, কেমন করিয়া নৌকার তলায় ছিদ্র করিতে হয় বা এক যুবককে হত্যা করিতে হয় অথবা কিরূপে দেওয়াল মেরামত করিয়া উহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে না হয়। এতদ্ব্যতীত বর্ণিত আছে যে, মহানবী (সাঃ) বলিয়াছেন যে, মূসা (আঃ) যদি নীরব থাকিতেন তাহা হইলে আল্লাহ্‌তা’লা গায়েবের বহু গোপন রহস্য আমাদের নিকট উদঘাটন করিয়া দিতেন। (বুখারী, কিতাবুত্ তফসীর)। কিন্তু অস্বাভাবিক কাজের মধ্যে গায়েবের কোনই রহস্য নাই যাহা “আল্লাহ্‌তা’লার বান্দা” করিয়াছিলেন বলিয়া কথিত হইয়াছে। মাওয়ারদির মতে মূসা (আঃ) যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়াছিলেন তিনি কোন মানুষ ছিলেন না, আল্লাহ্‌তা’লার ফিরিশ্‌তা ছিলেন (কাসীর)। এই সমস্ত ঘটনা একত্রিত করিয়া বিবেচনা করিলে অতীব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রমাণ মিলে যে, হযরত মূসা (আঃ)-এর সফর কাশ্‌ফ ছাড়া অন্য কিছু ছিল না, যাহার প্রকৃত মর্মার্থ জ্ঞাত হইবার জন্য তা’বিল বা ব্যাখ্যা করার প্রয়োজন। ৬১ আয়াতে ‘যুবক সঙ্গী’ শব্দটি ‘নূন’ এর পুত্র যশুয়ার প্রতি ইশারা হইতে পারে, কিন্তু ইহা হযরত ঈসা (আঃ)-এর প্রতি অধিকতর সঙ্গতভাবে প্রযোজ্য। হযরত ঈসা (আঃ)-ই ছিলেন হযরত মূসা (আঃ)-এর তরুণ সঙ্গী (অনুগামী) যিনি তাঁহার বিধানকে (শরীয়তকে) বিনষ্ট করার জন্য নহে বরং পূর্ণ করিতে আসিয়াছিলেন (মথি-৫ঃ১৭)। “আমি (যে পথে চলিতেছি সে পথে) চলায় যতক্ষণ পর্যন্ত না আমি দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছি” এই বাক্য প্রকাশ করিতেছে যে, মূসা (আঃ)-এর যুবক সঙ্গী তাঁহার ভ্রমণের প্রায় শেষ প্রান্তে আসিয়া তাঁহার সঙ্গে মিলিত হইয়াছিলেন। সফরের সূচনাতেই তিনি যুবকটিকে সঙ্গে লইয়াছিলেন বলিয়া মনে হয় না। মূসা (আঃ)-এর আবির্ভাবের ১৪শত বৎসর পরে ঈসা (আঃ)-এর আগমন। “অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব”-এই শব্দগুলি ব্যক্ত করিতেছে যে, মূসায়ী শরীয়াত বহু শতাব্দী ব্যাপিয়া কার্যকর থাকিবে বা চালু থাকিবে। মূসা (আঃ)-এর সময় হইতে আরম্ভ করিয়া মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আবির্ভাব পর্যন্ত, যখন মূসা (আঃ)-এর শরীয়াতের কার্যকারিতা শেষ হইয়া গেল, এই সময় কালের ব্যাপ্তী দুই হাজার বৎসরের ঊর্ধ্বে।

فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَیۡنِہِمَا نَسِیَا حُوۡتَہُمَا فَاتَّخَذَ سَبِیۡلَہٗ فِی الۡبَحۡرِ سَرَبًا ﴿۶۲﴾

৬২
অতঃপর, যখন তাহারা উভয়ে দুই সমুদ্রের পরস্পর সংগমস্থলে পৌঁছিল তখন তাহারা তাহাদের মাছের কথা১৭০৫ ভুলিয়া গেল, এবং উহা দ্রুতবেগে সমুদ্রে নিজ পথ ধরিল।
১৭০৫। ‘হূত’ অর্থ মাছ। কাশ্‌ফে মাছ দেখার ব্যাখ্যা ধার্মিক লোকগণের ইবাদতগৃহ (তাতিরূল আনাম); এই অর্থে ‘যখন তাহারা উভয়ে দুই সমুদ্রের পরস্পর সঙ্গমস্থলে পৌঁছিল তখন তাহারা (সেখানে) তাহাদের মাছের কথা ভুলিয়া গেল’ এই বাচনভঙ্গী বা অভিব্যক্তির মর্ম দাঁড়ায় যখন মূসায়ী শরীয়ত এবং ইসলামী শরীয়ত মিলিত হইবে, অর্থাৎ মূসায়ী বিধান যখন সক্রিয় থাকবে না, উপেক্ষিত হইবে এবং যখন ইসলামী শরীয়ত কার্যকরী হইবে, সেই সময়ে হযরত মূসা ও ঈসা (আঃ)-এর অনুসারীগণ হইতে প্রকৃত ধর্মপরায়ণতা উঠিয়া যাইবে এবং তখন হইতে নূতন শরীয়তের অনুসারীগণ বিশেষ রূপে চিহ্নিত হইবে (৪৮ঃ৩০)।

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰٮہُ اٰتِنَا غَدَآءَنَا ۫ لَقَدۡ لَقِیۡنَا مِنۡ سَفَرِنَا ہٰذَا نَصَبًا ﴿۶۳﴾

৬৩
অতঃপর, যখন তাহারা (সে স্থান) অতিক্রম করিয়া আগে বাড়িয়া গেল তখন সে তাহার যুবককে বলিল, ‘আমাদের নিকট আমাদের সকালের খাবার১৭০৬ আন, আমরা আমাদের এই সফরের জন্য খুব ক্লান্ত হইয়া পড়িয়াছি।’
১৭০৬। কাশ্‌ফে নাস্তা বা সকালের খাদ্য চাওয়ার অর্থ ‘ক্লান্তি’ (তাতীরুল আনাম) এবং এই আয়াতের দাবী যে, ‘দুই সমূদ্রের সঙ্গমস্থল’ অতিক্রম করার পর এবং দীর্ঘকাল তাঁহারা পৃথকভাবে ভ্রমণ করিয়া এবং প্রতিশ্রুত নবীর জন্য (দ্বিতীয়-১৮ঃ১৮) ব্যর্থ প্রতীক্ষায় ক্লান্ত হইয়া মূসা (আঃ) এবং তাঁহার যুবকসঙ্গী বিস্ময়ে ভাবিতে শুরু করিবে যে, তিনি (প্রতিশ্রুত নবী) হয়ত পূর্বেই আবির্ভূত হইয়াছেন কিন্তু তাঁহাকে চিনিতে তাঁহারা ব্যর্থ হইয়াছেন। আয়াতের মধ্যে মূসা (আঃ) এবং তাঁহার যুবক সফর-সঙ্গী (ঈসা-আঃ) যথাক্রমে ইহুদী এবং খৃষ্টানদিগের প্রতীক।

قَالَ اَرَءَیۡتَ اِذۡ اَوَیۡنَاۤ اِلَی الصَّخۡرَۃِ فَاِنِّیۡ نَسِیۡتُ الۡحُوۡتَ ۫ وَمَاۤ اَنۡسٰنِیۡہُ اِلَّا الشَّیۡطٰنُ اَنۡ اَذۡکُرَہٗ ۚ وَاتَّخَذَ سَبِیۡلَہٗ فِی الۡبَحۡرِ ٭ۖ عَجَبًا ﴿۶۴﴾

৬৪
সে বলিল, ‘বলুন তো (এখন কি উপায় হইবে) যখন আমরা সেই পাথরের১৭০৭ উপর বিশ্রাম করিবার জন্য অবস্থান করিয়াছিলাম তখন আমি মাছের কথা ভুলিয়া গিয়াছি এবং আমাকে এই কথা (আপনার নিকট) উল্লেখ করিতে শয়তান ব্যতীত আর কেহ ভুলায় নাই; এবং উহা আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজ পথ ধরিয়াছে।’
১৭০৭। ‘সাখরাহ্‌’ অর্থ পাথর। কাশ্‌ফ এবং স্বপ্নের ভাষায় ইহার অর্থ অধর্ম এবং পাপময় জীবন। অতএব ‘যখন আমরা সেই পাথরের উপর বিশ্রাম করিবার জন্য অবস্থান করিয়াছিলাম’ এই কথাটির মর্ম হইল, যখন দুই সমুদ্র মিলিত হইবে, অর্থাৎ যখন হযরত মূসা (আঃ)-এর শরীয়াত শেষ প্রান্তে পৌঁছিবে এবং এক নূতন নবী এবং নূতন শরীয়াত প্রকাশিত হইবে, ইহুদী ও খৃষ্টানজাতি তখন অপরাধবৃত্তি ও পাপাচারে নিমগ্ন থাকিবে। ‘এবং উহা আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ ধরিল’ এই বাচনভঙ্গী প্রকাশ করিতেছে যে, প্রকৃত সাধুতা এবং খোদাতা’লার ইবাদত ইহাদের নিকট হইতে বিস্ময়কর ভাবে বিদায় নিবে।

قَالَ ذٰلِکَ مَا کُنَّا نَبۡغِ ٭ۖ فَارۡتَدَّا عَلٰۤی اٰثَارِہِمَا قَصَصًا ﴿ۙ۶۵﴾

৬৫
সে বলিল, ‘উহাই (সেই স্থান) আমরা যাহার অনুসন্ধানে ছিলাম।’ অতঃপর তাহারা উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসরণ করিতে করিতে ফিরিয়া গেল।

فَوَجَدَا عَبۡدًا مِّنۡ عِبَادِنَاۤ اٰتَیۡنٰہُ رَحۡمَۃً مِّنۡ عِنۡدِنَا وَعَلَّمۡنٰہُ مِنۡ لَّدُنَّا عِلۡمًا ﴿۶۶﴾

৬৬
তখন তাহারা আমাদের বান্দাদের মধ্য হইতে এমন একজন বান্দার১৭০৮ সাক্ষাৎ পাইল যাহাকে আমরা আমাদের নিকট হইতে রহমত দান করিয়াছিলাম এবং আমাদের সন্নিধান হইতে তাহাকে (বিশেষ) জ্ঞান শিক্ষা দিয়াছিলাম।
১৭০৮। তখন তাহারা ‘এমন একজন বান্দার’ সাক্ষাৎ পাইল। কে এই “আল্লাহ্‌র বান্দা” যাহার উপর আল্লাহ্‌তা’লা ‘অনুগ্রহ’ করিয়াছিলেন এবং যাহাকে তিনি বিশেষ শিক্ষা দিয়াছিলেন এবং কাহার সন্ধানে, ঐশী নির্দেশ অনুসারে হযরত মূসা (আঃ) এত দীর্ঘ ও কষ্টকর সফর করিয়াছিলেন এবং কে এই বিখ্যাত কেন্দ্র-বিন্দু এবং সমস্ত ঘটনার কেন্দ্রীয় চরিত্র? তিনি হযরত মুহাম্মদ (সাঃ) ছাড়া আর কে? তাঁহারই আত্মা দৈহিক রূপে মূসা (আঃ)-এর কাশ্‌ফে পরিদৃষ্ট হইয়াছিল। ইহার যুক্তি সমূহ হইতেছেঃ (ক) তাঁহাকে আব্‌দ (আল্লাহ্‌র বান্দা) বলা হইয়াছে কুরআন করীমে (২ঃ২৪; ৮ঃ৪২; ১৭ঃ২; ১৮ঃ২; ২৫ঃ২; ৩৯ঃ৩৭; ৫৩ঃ১১; এবং ৭২ঃ২০) অর্থাৎ প্রকৃত অর্থে ও গুণে তিনিই আবদুল্লাহ্ (আল্লাহ্‌র দাস)। (খ) তাঁহাকে রহমাতুল্লিল আলামীন (সারা বিশ্বের জন্য রহমত) একমাত্র পবিত্র মহানবী (সাঃ) ব্যতীত আর কাহারো জন্য কুরআনে ব্যবহৃত হয় নাই। (গ) তাঁহাকে স্বেচ্ছায় বা সানুগ্রহে আধ্যাত্মিক ও অতুলনীয়ভাবে বর্ধিত ঐশী-জ্ঞান প্রদান করা হইয়াছিল (৪ঃ১১৪ঃ ২০ঃ১১৫ এবং ২৭ঃ৭)। (ঘ) মূসা (আঃ)-কে ‘আল্লাহ্‌র (এই) বান্দা’ বলিয়াছিলেন যে, তিনি (মূসা) চুপ থাকিবেন না (আয়াত ৬৮), এবং নবী করীম (সাঃ) বলিয়াছেন, যেমন বর্ণিত হইয়াছে, যে, ‘মূসা কি ধৈর্য ধারণ করিতে পারিয়াছিলেন! যদি তিনি এইরূপ করিতেন, তাহা হইলে আমরা অধিক পরিমাণে গায়েবের জ্ঞান দ্বারা অনুগৃহীত হইতাম’ (বুখারী, কিতাবুত্ তফসীর)। প্রকৃত ঘটনা হইল মূসা (আঃ) আল্লাহ্‌তা’লার প্রকাশ্য নিদর্শন দেখিয়াছিলেন ‘আগুনের মধ্যে’ যখন মিদিয়ান হইতে মিশরের দিকে যাইতেছিলেন (২৮ঃ৩০)। যাহা হউক পরবর্তী সময়ে তাঁহাকে (মূসাকে) আল্লাহ্‌তা’লা জানাইয়াছিলেন যে, ঈসরাঈলের ভাইদের মধ্য হইতে এক নবীর আবির্ভাব হইবে যাহার মুখে আল্লাহ্ নিজের কথা (কালাম) প্রকাশ করিবেন (দ্বিতীয়-১৮ঃ১৮-২২)। ভবিষ্যদ্বাণীর কথাগুলির মর্ম ইহাই যে, প্রতিশ্রুত নবী আল্লাহ্‌তা’লার বৃহত্তর প্রকাশের স্থল ও নিদর্শনের লক্ষ্য বস্তু হইবেন। সুতরাং মূসা (আঃ) স্বভাবতঃই তাঁহাকে দেখার আকাংখা করিয়াছিলেন, কে হইতে পারেন সেই নবী? তাঁহার অর্থাৎ মূসা (আঃ)-এর কৌতুহল নিবারণের জন্য আল্লাহ্‌তা’লা তাঁহাকে অনেক বেশী আধ্যাত্মিক শক্তিশালী ‘সেই নবীকে’ কাশ্‌ফে দেখাইয়াছিলেন। মূসা (আঃ)-এর কাশ্‌ফে দর্শনলব্ধ এই মহাজ্ঞানী “আল্লাহ্‌র বান্দা”—যিনি সাধারণ্যে প্রচলিত ‘খিজির’ নামে পরিচিত—তিনি আমাদের মহান নেতা পবিত্র মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁহারই পবিত্র আত্মা আধ্যাত্মিক জগতে দৈহিক অবয়ব ধারণ করিয়াছিল (আরো দেখুন ৭ঃ১১৪)।

قَالَ لَہٗ مُوۡسٰی ہَلۡ اَتَّبِعُکَ عَلٰۤی اَنۡ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدًا ﴿۶۷﴾

৬৭
মূসা তাহাকে বলিল, ‘আমি কি আপনার অনুসরণ করিতে পারি এই শর্তে যে আপনাকে যে জ্ঞান শিক্ষা দেওয়া হইয়াছে উহা হইতে কিছু হেদায়াত আপনি আমাকেও শিক্ষা দিবেন?’১৭০৯
১৭০৯। হযরত মূসা (আঃ)-কে সেই আধ্যাত্মিক জ্ঞানের উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই যেখানে রসূলে আকরাম (সাঃ) পৌঁছিয়াছিলেন।

قَالَ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۶۸﴾

৬৮
সে বলিল, ‘তুমি তো আমার সহিত কখনও ধৈর্য ধারণ করিতে পারিবে না।’১৭১০
১৭১০। আঁ-হযরত (সাঃ)-এর অনুসারীগণের মত ভয়াবহ অবস্থাধীনে কঠিন পরীক্ষার সময় মূসা (আঃ)-এর অনুসারীরা ধৈর্য এবং অবিচলতায় উচ্চ স্তরের কোন নমুনা পেশ করিতে পারে নাই (৫ঃ২২-২৫ এবং বুখারী, কিতাবুল মাগাযী)। এই আয়াত মূসা (আঃ) এবং নবী করীম (সাঃ)-এর স্বাভাবিক মেযাজেরও তুলনা করিয়াছে। মূসা (আঃ) অধৈর্য হইয়া “আল্লাহ্‌র বান্দা”কে প্রশ্ন করিয়াছিলেন সেই বিষয়ে যাহা তাহার বোধগম্য হইতেছিল না, কিন্ত আঁ-হযরত (সাঃ) সহিষ্ণুতার সাথে অপেক্ষা করিয়াছিলেন যে পর্যন্ত না হযরত জিব্‌রাঈল তাঁহাকে বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে ব্যাখ্যা করিয়াছিলেন যেসব তিনি নিজের মে’রাজের সময়ে দেখিয়াছিলেন। এই দুই প্রসিদ্ধ নবীর প্রকৃতিতে বিদ্যমান প্রভেদ তাঁহাদের নিজ নিজ শিষ্যগণের আচরণেও প্রতিফলিত হইয়াছিল। সর্বপ্রকার অপ্রয়োজনীয় এবং নির্বোধ প্রশ্ন-বাণে ইহুদীগণ যখন হযরত মূসা (আঃ)-কে একটানাভাবে বিরক্ত ও জ্বালাতন করিয়াছিল, তখন হযরত মুহাম্মাদ (সাঃ)-এর অনুসারীগণের ব্যবহার ও আচরণ অত্যন্ত সংযম এবং মর্যাদায় বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তাঁহারা বিশেষ সতর্কতার সহিত নবী করীম (সাঃ)-কে কোন ধর্মীয় বিষয় প্রশ্ন করা হইতে এড়াইয়া চলিতেন। নবী করীম (সাঃ) এবং সাহাবায়ে কেরাম (রাঃ) উভয়ে অত্যন্ত বিশ্বস্ততার সহিত ২০ঃ১১৫ আয়াতে প্রদত্ত বিশেষ উপদেশ রক্ষা করিয়াছিলেন যে, ‘আল্লাহ্‌ই সর্বোচ্চ যিনি প্রকৃত সর্বাধিপতি, এবং তুমি কুরআন পাঠে তোমার প্রতি ইহার ওহী পূর্ণভাবে নাযেল হওয়ার পূর্বে তাড়াহুড়া করিও না।’

وَکَیۡفَ تَصۡبِرُ عَلٰی مَا لَمۡ تُحِطۡ بِہٖ خُبۡرًا ﴿۶۹﴾

৬৯
‘আর তুমি যে বিষয়ের জ্ঞান আয়ত্ত কর নাই উহার সম্বন্ধে তুমি ধৈর্য ধারণ করিবেই বা কিরূপে?’

قَالَ سَتَجِدُنِیۡۤ اِنۡ شَآءَ اللّٰہُ صَابِرًا وَّلَاۤ اَعۡصِیۡ لَکَ اَمۡرًا ﴿۷۰﴾

৭০
সে বলিল, ‘যদি আল্লাহ্‌ চাহেন তাহা হইলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাইবেন এবং আমি আপনার কোন আদেশের অবাধ্যতা করিব না।’

قَالَ فَاِنِ اتَّبَعۡتَنِیۡ فَلَا تَسۡـَٔلۡنِیۡ عَنۡ شَیۡءٍ حَتّٰۤی اُحۡدِثَ لَکَ مِنۡہُ ذِکۡرًا ﴿٪۷۱﴾

৭১
সে বলিল, ‘আচ্ছা, যদি তুমি আমার অনুসরণ কর তাহা হইলে তুমি কোন বিষয় সম্বন্ধে আমাকে প্রশ্ন করিবে না, যে পর্যন্ত না আমি তোমাকে সে সম্বন্ধে কোন কিছু বলি।’
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ৯

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَا رَکِبَا فِی السَّفِیۡنَۃِ خَرَقَہَا ؕ قَالَ اَخَرَقۡتَہَا لِتُغۡرِقَ اَہۡلَہَا ۚ لَقَدۡ جِئۡتَ شَیۡئًا اِمۡرًا ﴿۷۲﴾

৭২
অতঃপর তাহারা উভয়ে যাত্রা করিল, এমন কি যখন তাহারা এক নৌকায় আরোহণ করিল, তখন সে (সেই বুযূর্গ) উহাতে ছিদ্র১৭১১ করিয়া দিল। সে (মূসা) বলিল, ‘আপনি কি ইহার আরোহীদিগকে ডুবাইবার উদ্দেশ্যে ইহাতে ছিদ্র করিয়াছেন? আপনি নিশ্চয় এক গুরুতর কাজ করিয়াছেন।’
১৭১১। পূর্ববর্তী কতকগুলি আয়াত হযরত মূসা (আঃ)-এর ‘ইস্‌রা’ সম্পর্কে কেবল ভূমিকার কাজ করিয়াছে। বর্তমান আয়াত দ্বারা মূসা (আঃ) কাশ্‌ফে যাহা দেখিয়াছিলেন সেই সকল প্রকৃত ঘটনাবলীর বিস্তারিত বিবরণ শুরু হইয়াছে। ‘সে উহাতে ছিদ্র করিয়াছিল’ শব্দের ব্যাখ্যা করিলে এইরূপ দাঁড়ায় যে, মহানবী (সাঃ) এমন হুকুম জারি করিবেন ঠিক যেন নৌকায় ছিদ্র করিয়া দেওয়া, স্বপ্নের ভাষায় যাহার অর্থ পার্থিব ধন-সম্পদ, অর্থাৎ তিনি এই দিকে নজর দিবেন যাহাতে অর্থ-সম্পদ অল্প সংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত না হয় বরং ন্যায়ের ভিত্তিতে বন্টন করা হয়।

قَالَ اَلَمۡ اَقُلۡ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۷۳﴾

৭৩
সে বলিল, ‘আমি কি (তোমাকে) বলি নাই যে, তুমি আমার সহিত কখনও ধৈর্য ধারণ করিতে পারিবে না?১৭১২
১৭১২। হযরত মূসা (আঃ)-এর দিব্য-দর্শনে আল্লাহ্‌র বান্দা (মহানবী)-এর প্রতিরূপ তাঁহাকে বলিতেছেন যে, মূসা তাঁহার অনুগমন করিতে পারিবে না, অর্থাৎ মূসা (আঃ)-এর উম্মতের লোকেরা তাঁহাকে (বিশ্ব-নবী) সহজে গ্রহণ করিবে না।

قَالَ لَا تُؤَاخِذۡنِیۡ بِمَا نَسِیۡتُ وَلَا تُرۡہِقۡنِیۡ مِنۡ اَمۡرِیۡ عُسۡرًا ﴿۷۴﴾

৭৪
সে বলিল, ‘আপনি আমাকে উহার কারণে ধৃত করিবেন না যাহা আমি ভুলিয়া গিয়াছি, অতএব আমার এই বিচ্যুতির দরুন আপনি আমার প্রতি কঠোরতা প্রয়োগ করিবেন না।’

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَہٗ ۙ قَالَ اَقَتَلۡتَ نَفۡسًا زَکِیَّۃًۢ بِغَیۡرِ نَفۡسٍ ؕ لَقَدۡ جِئۡتَ شَیۡئًا نُّکۡرًا ﴿۷۵﴾

৭৫
পুনরায়, তাহারা যাত্রা করিল,১৭১৩ এমন কি যখন তাহারা এক বালকের১৭১৩-ক সাক্ষাৎ পাইল, তখন সে তাহাকে হত্যা করিয়া ফেলিল। ইহাতে সে (মূসা) বলিল, ‘আপনি কি একজন নিষ্পাপ ব্যক্তিকে অন্য কাহাকেও (হত্যার অপরাধ) ব্যতিরেকে হত্যা করিয়াছেন! নিশ্চয় আপনি এক অতি মন্দ কাজ করিয়াছেন।’
১৭১৩। ‘ইনতালাকা’ অর্থ ‘তাহারা যাত্রা করিল’ যেভাবে এই শব্দটি সংশ্লিষ্ট আয়াতসমূহে বহুবার ব্যবহৃত হইয়াছে, অবিকল ফিরিশ্‌তা-প্রধান জিব্‌রাঈল কর্তৃক নবী করীম (সাঃ)-এর জন্যও এই শব্দ তাঁহার মে’রাজের সময়ে ব্যবহৃত হইয়াছিল।
১৭১৩-ক। কাশ্ ফী ভাষায় যুবক বা তরুণের অর্থ হইতেছে—অজ্ঞতা, শক্তি এবং পশুবৃত্তির তাড়না বা আকস্মিক উত্তেজনা। মূসা (আঃ) কর্তৃক কাশ্‌ফে দেখা কিশোর বালককে ধার্মিক আল্লাহ্‌র বান্দা কর্তৃক হত্যার ব্যাখ্যা হইল— ইসলাম ধর্ম ইহার অনুসারীদিগকে যৌন বাসনা এবং কুপ্রবৃত্তিগুলির প্রকৃত সংযম এবং হত্যা করার প্রয়োজনীয়তা শিক্ষা দিবে।

قَالَ اَلَمۡ اَقُلۡ لَّکَ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۷۶﴾

৭৬
সে বলিল ‘আমি কি তোমাকে বলি নাই যে, তুমি আমার সহিত কখনও ধৈর্য ধারণ করিতে পারিবে না?’

قَالَ اِنۡ سَاَلۡتُکَ عَنۡ شَیۡءٍۭ بَعۡدَہَا فَلَا تُصٰحِبۡنِیۡ ۚ قَدۡ بَلَغۡتَ مِنۡ لَّدُنِّیۡ عُذۡرًا ﴿۷۷﴾

৭৭
সে (মূসা) বলিল, আমি যদি ইহার পর আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করি তাহা হইলে আপনি আর আমাকে সঙ্গে রাখিবেন না, কারণ আপনি আমার পক্ষ হইতে ওজর-আপত্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়াছেন।

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَہۡلَ قَرۡیَۃِ ۣاسۡتَطۡعَمَاۤ اَہۡلَہَا فَاَبَوۡا اَنۡ یُّضَیِّفُوۡہُمَا فَوَجَدَا فِیۡہَا جِدَارًا یُّرِیۡدُ اَنۡ یَّنۡقَضَّ فَاَقَامَہٗ ؕ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَیۡہِ اَجۡرًا ﴿۷۸﴾

৭৮
অতঃপর তাহারা যাত্রা করিল এমন কি তাহারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছিল, তাহারা উহার অধিবাসীদের নিকট কিছু খাবার চাহিল, কিন্তু তাহারা তাহাদের মেহমানদারি১৭১৪ করিতে অস্বীকার করিল। অতঃপর, তাহারা উহার মধ্যে এমন এক প্রাচীর পাইল যাহা পড়িয়া যাওয়ার উপক্রম হইয়াছিল, সুতরাং সে উহাকে খাড়া করিয়া দিল। সে (মূসা) বলিল, ‘আপনি ইচ্ছা করিলে নিশ্চয় ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন।’
১৭১৪। এই আয়াতের মর্ম ইহা হইতে পারে যে, মূসা (আঃ) এবং মহানবী (সাঃ) ইহুদী ও খৃষ্টানদিগের নিকট হইতে আল্লাহ্‌র পথে সহযোগিতা কামনা করিবেন কিন্তু উভয়েই উপেক্ষিত হইবেন।

قَالَ ہٰذَا فِرَاقُ بَیۡنِیۡ وَبَیۡنِکَ ۚ سَاُنَبِّئُکَ بِتَاۡوِیۡلِ مَا لَمۡ تَسۡتَطِعۡ عَّلَیۡہِ صَبۡرًا ﴿۷۹﴾

৭৯
সে বলিল, ‘এই হইল আমার ও তোমার মধ্যে বিচ্ছেদ; যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করিতে পার নাই, আমি এখন তোমাকে ইহার তত্ব অবগত করাইতেছি;

اَمَّا السَّفِیۡنَۃُ فَکَانَتۡ لِمَسٰکِیۡنَ یَعۡمَلُوۡنَ فِی الۡبَحۡرِ فَاَرَدۡتُّ اَنۡ اَعِیۡبَہَا وَکَانَ وَرَآءَہُمۡ مَّلِکٌ یَّاۡخُذُ کُلَّ سَفِیۡنَۃٍ غَصۡبًا ﴿۸۰﴾

৮০
নৌকাটির বিষয় হইল এই, ইহা ছিল কয়েকজন নিঃসহায় দরিদ্র ব্যক্তির১৭১৫ যাহারা সমুদ্রে কাজকর্ম করিত, এবং তাহাদের পশ্চাতে ছিল এক (যালেম) বাদশাহ্, যে প্রত্যেক নৌকা বলপূর্বক ছিনাইয়া লইত, এই জন্য আমি উহাকে খুঁতযুক্ত করিয়া দিতে চাহিলাম।
১৭১৫। ‘নিঃসহায় দরিদ্র ব্যক্তি’ এখানে ‘মুসলমান জাতির’ প্রতীক হইতে পারে। নৌকাটি ছিদ্র করা– ইহার মর্ম এই যে, ইসলাম মুসলমানদিগকে আল্লাহ্‌তা’লার জন্য দান ও যাকাতের মধ্যে অর্থ ব্যয়ে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করিবে। ইহা প্রকৃত উন্নতি এবং শক্তির পরিবর্তে অর্থনৈতিক দুর্বলতার উৎস বলিয়া মনে হইবে, কিন্তু আসল ঘটনা উহার বিপরীত। ইস্‌রার মধ্যে যালেম বাদশাহ্ ছিল বাইজেনটাইন এবং পারস্য সম্রাটগণ, যাহারা আরবদেশকে গিলিয়া ফেলিত যদি তাহারা উহাকে দরিদ্র, অনুর্বর এবং কষ্ট করিয়া জয় করার অনুপযুক্ত দেশ মনে না করিত। এইরূপে উহাকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্য সংরক্ষণ করা হইয়াছিল।

وَاَمَّا الۡغُلٰمُ فَکَانَ اَبَوٰہُ مُؤۡمِنَیۡنِ فَخَشِیۡنَاۤ اَنۡ یُّرۡہِقَہُمَا طُغۡیَانًا وَّکُفۡرًا ﴿ۚ۸۱﴾

৮১
এবং বালকটির১৭১৬ ঘটনা এই যে, তাহার পিতামাতা উভয়ে ঈমানদার ছিল; এবং আমরা আশংকা করিলাম যে, সে (বয়ঃপ্রাপ্ত হইয়া) বিদ্রোহাচরণ ও কুফরী করিয়া তাহাদিগকে কষ্ট দিবে।
১৭১৬। ‘গুলামুন’ অর্থ কিশোর বা যুবক, স্বপ্নে বা কাশ্‌ফে দেখিলে অর্থ হয় অজ্ঞতা, শক্তি ও পশু-বৃত্তি। আয়াতে ‘তাহার পিতামাতা’ হইতেছে দেহ এবং আত্মা। কারণ উৎস (বা পিতা-মাতা) হইতেই সন্তান গুণাবলী প্রাপ্ত হয়। ইসলামের শিক্ষানুযায়ী, মানুষ প্রকৃতিগতভাবেই সদ্‌গুণের প্রতি অনুরক্ত। বিশ্বাসীগণ আকস্মিক শক্তি বা উত্তেজনার টানে পাপাচারের প্রতি আকৃষ্ট হইতে পারে যাহা কিশোরের প্রতিরূপ। ইসলাম এই সকল আকস্মিক উত্তেজনা সমূলে উৎপাটন করে এবং দেহ ও আত্মার মিলিত মানুষকে হিতকর পথে তাহার অন্তর্নিহিত শক্তি বিকশিত করার জন্য ছাড়িয়া দেয় এবং এইভাবে মানবজীবনের উচ্চ উদ্দেশ্য সিদ্ধ হয়।

فَاَرَدۡنَاۤ اَنۡ یُّبۡدِلَہُمَا رَبُّہُمَا خَیۡرًا مِّنۡہُ زَکٰوۃً وَّاَقۡرَبَ رُحۡمًا ﴿۸۲﴾

৮২
অতএব, আমরা ইচ্ছা করিলাম যেন তাহাদের প্রতিপালক তাহাদিগকে তাহার স্থলে তাহার অপেক্ষা পবিত্রতায় উত্তম এবং দয়া মমতায় ঘনিষ্টতর পুত্র দান করেন।

وَاَمَّا الۡجِدَارُ فَکَانَ لِغُلٰمَیۡنِ یَتِیۡمَیۡنِ فِی الۡمَدِیۡنَۃِ وَکَانَ تَحۡتَہٗ کَنۡزٌ لَّہُمَا وَکَانَ اَبُوۡہُمَا صَالِحًا ۚ فَاَرَادَ رَبُّکَ اَنۡ یَّبۡلُغَاۤ اَشُدَّہُمَا وَیَسۡتَخۡرِجَا کَنۡزَہُمَا ٭ۖ رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ ۚ وَمَا فَعَلۡتُہٗ عَنۡ اَمۡرِیۡ ؕ ذٰلِکَ تَاۡوِیۡلُ مَا لَمۡ تَسۡطِعۡ عَّلَیۡہِ صَبۡرًا ﴿ؕ٪۸۳﴾

৮৩
আর বাকি রহিল সেই প্রাচীরের কথা, উহা আসলে সেই শহরের দুই এতীম বালকের১৭১৭ সম্পত্তি ছিল এবং উহার নীচে তাহাদের জন্য (প্রোথিত) ধন-ভাণ্ডার ছিল এবং তাহাদের পিতা ছিল একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি; সুতরাং তোমার প্রতিপালক ইচ্ছা করিলেন যেন তাহারা পূর্ণ যৌবনে উপনীত হয় এবং তাহারা তাহাদের ধন-ভাণ্ডার নিজেরা বাহির করিয়া লয়, ইহা তোমার প্রতিপালকের পক্ষ হইতে বিশেষ রহমত স্বরূপ, বস্তুতঃ আমি ইহা আমার নিজ ইচ্ছায় করি নাই।১৭১৭-ক ইহাই হইল সেই সকল বিষয়ের ব্যাখ্যা যাহার সম্বন্ধে তুমি ধৈর্য ধারণ করিতে পার নাই।১৭১৮
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ১০
১৭১৭। এতীমদ্বয় হইতেছে মূসা ও ঈসা (আঃ)। তাঁহাদের ধার্মিক পিতা হইতেছেন ইব্‌রাহীম (আঃ)। তাঁহাদের শিক্ষারূপী ধন-সম্পদ তাঁহারা তাঁহাদের ভবিষ্যৎ লোকের জন্য রাখিয়া গিয়াছিলেন, কিন্তু তাঁহাদের ভবিষ্যৎ বংশধরগণ অধার্মিক আচরণের কারণে উহা হারাইয়া ফেলিয়াছিল। এই সম্পদের ভাণ্ডার কুরআন মজীদে সংরক্ষিত হইয়াছে এই উদ্দেশ্যে যেন তাহারা কুরআনের শিক্ষার সত্যতা উপলদ্ধি এবং গ্রহণ করিতে পারে।
১৭১৭-ক। আল্লাহ্‌তা’লার নির্দেশে এইরূপ করা হইয়াছিল।
১৭১৮। হযরত মূসা (আঃ)-এর কাশ্‌ফ এই ঘটনার প্রতি নির্দেশ করে। যেহেতু ইসলামী শিক্ষা এমন নীতি বা বিধান সম্বলিত ছিল যাহার সহিত মূসায়ী শরীয়াতের কতক নীতিগত মৌলিক পার্থক্য থাকার কারণে ইহুদী এবং মুসলমানের মধ্যে প্রকৃত সহযোগিতা অসম্ভব ছিল। ৬১-৮৩ আয়াতের বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ পৃঃ ১৫১৭ - ১৫৩০ দেখুন।
সম্পূর্ণ সূরা দেখুন