১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

اِذۡ اَوَی الۡفِتۡیَۃُ اِلَی الۡکَہۡفِ فَقَالُوۡا رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً وَّہَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا ﴿۱۱﴾

১১
যখন কতিপয় যুবক প্রশস্ত গুহায় আশ্রয় লইয়াছিল তখন তাহারা বলিয়াছিল, ‘হে আমাদের প্রভু! আমাদিগকে তোমার নিজ পক্ষ হইতে বিশেষ রহমত দান কর এবং আমাদের বিষয়ে আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা করিয়া দাও।’

فَضَرَبۡنَا عَلٰۤی اٰذَانِہِمۡ فِی الۡکَہۡفِ سِنِیۡنَ عَدَدًا ﴿ۙ۱۲﴾

১২
অতএব, আমরা সেই প্রশস্ত গুহার মধ্যে কয়েক বৎসর পর্যন্ত (বহির্জগতের খবরা-খবর শুনিতে) তাহাদের কান বন্ধ করিয়া রাখিলাম।১৬৬৮
১৬৬৮। আরবী বাক্য ‘যারাবা আলা উযনিহী’ অর্থ সে তাহাকে শ্রবণ করিতে বাধা দিয়াছিল। কুরআনের বাক্য “অতএব আমরা সেই প্রশস্ত-গুহার মধ্যে কয়েক বৎসর পর্যন্ত (বহির্জগতের খবরা-খবর শুনিতে) তাহাদের কান বন্ধ করিয়া রাখিলাম।” ইহার অর্থ এইরূপও হয়, ’কোন শব্দ তাহাদের কর্ণে প্রবেশ করিতে না দিয়া, তাহাদিগকে আমরা নিদ্রিত রাখিয়াছিলাম, যাহাতে তাহাদের নিদ্রা ভঙ্গ হইতে পারিত’ (লেইন)। আক্ষরিকভাবে আয়াতের অর্থ ‘কোন শব্দ তাহাদের কর্ণে প্রবেশ করিতে বাধা দিয়াছিলাম বা কর্ণে প্রবেশ করিতে দেই নাই; অর্থাৎ বহুকাল ব্যাপিয়া তাহারা বহির্জগতের ঘটনাবলী হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন রহিয়াছিল এবং সেখানে কি ঘটিতেছিল কিছুই জানিত না বা শুনিত না।

ثُمَّ بَعَثۡنٰہُمۡ لِنَعۡلَمَ اَیُّ الۡحِزۡبَیۡنِ اَحۡصٰی لِمَا لَبِثُوۡۤا اَمَدًا ﴿٪۱۳﴾

১৩
অতঃপর, আমরা তাহাদিগকে উত্থিত করিলাম যেন আমরা জানিয়া লই যে, তাহারা যতকাল অবস্থান করিয়াছিল উহাকে দুই দলের১৬৬৯ মধ্যে কোন্‌টি গণনায় অধিকতর সংরক্ষণকারী।
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ১
১৬৬৯। প্রাথমিক যুগের খৃষ্টানগণ দুই দলে বিভক্ত হইয়াছিল বলিয়া প্রতীয়মান হয়। (ক) যাহারা মনোভাব গোপন করা বা কপট আচরণের মাধ্যমে ভিন্ন অবস্থার ভান করা পসন্দ করিত না এবং কুফরী ও পৌত্তলিকার প্রতি আপোষহীন ছিল। তাহারা ঈমানের জন্য ধৈর্য এবং বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সহিত নির্যাতন ও নিপীড়নের শিকার হইয়াছিল। ইহারাই পর্বত-গুহাতে আশ্রয় গ্রহণ করিয়াছিল। (খ) যাহারা বিচক্ষণতাকে সাহসিকতার চাইতে শ্রেয়ঃ ও শুভ মনে করিয়া তাহাদের ঈমানকে গোপন করিয়াছিল এবং অত্যাচার হইতে নিজদিগকে রক্ষা করিয়াছিল। ‘দুই দল’ বলিতে ‘যালেম ও মযলুম’ (অত্যাচারী ও অত্যাচারিত)-এর প্রতিও ইশারা করিতে পারে।

نَحۡنُ نَقُصُّ عَلَیۡکَ نَبَاَہُمۡ بِالۡحَقِّ ؕ اِنَّہُمۡ فِتۡیَۃٌ اٰمَنُوۡا بِرَبِّہِمۡ وَزِدۡنٰہُمۡ ہُدًی ﴿٭ۖ۱۴﴾

১৪
আমরা তাহাদের গুরুত্বপূর্ণ সংবাদ তোমার নিকট সঠিকভাবে বর্ণনা করিতেছি। তাহারা কয়েকজন যুবক ছিল, যাহারা তাহাদের প্রভুর উপর ঈমান আনিয়াছিল এবং তাহাদিগকে আমরা হেদায়াতে আরও বাড়াইয়াছিলাম।১৬৭০
১৬৭০। এই আয়াত ব্যক্ত করিতেছে যে, রসূল করীম (সাঃ)-এর সময়ে গুহা-বাসীগণের সম্বন্ধে বহু কল্পনাপ্রসূত উদ্ভট কাহিনী প্রচলিত ছিল। যাহা হউক তাহাদের সম্পর্কে আসল সত্য ইহাই যে, তাহারা (গুহার অধিবাসী) সচ্চরিত্র তরুণ ছিলেন, তাহারা তাহাদের প্রভুর খাতিরে জীবনের সর্বস্ব বাজি রাখিয়াছিলেন। যুলুম-অত্যাচারের মধ্য দিয়া তাহাদের ঈমান দৃঢ়ভাবে পূর্ণতা প্রাপ্ত হইয়াছিল।

وَّرَبَطۡنَا عَلٰی قُلُوۡبِہِمۡ اِذۡ قَامُوۡا فَقَالُوۡا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَنۡ نَّدۡعُوَا۠ مِنۡ دُوۡنِہٖۤ اِلٰـہًا لَّقَدۡ قُلۡنَاۤ اِذًا شَطَطًا ﴿۱۵﴾

১৫
এবং আমরা তাহাদের অন্তঃকরণ দৃঢ়১৬৭১ করিয়া দিলাম যখন তাহারা দাঁড়াইল তখন তাহারা বলিল, ‘তিনিই আমাদের প্রতিপালক যিনি আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক।’ আমরা তাঁহাকে ব্যতীত অন্য কোন মা’বূদকে কখনও ডাকিব না, অন্যথায় আমরা অসঙ্গত কথা বলিব;
১৬৭১। যদিও তাহাদের জাতির লোকেরা তাহাদের বিরোধী ছিল এবং নির্মমভাবে তাহাদিগকে নির্যাতন করিয়াছিল, তথাপি তাহারা আসহাবে কাহ্ফকে (গুহাবাসীগণকে) ভীতি প্রদর্শন করিয়া বশে আনিয়া ধর্মত্যাগে বাধ্য করিতে পারে নাই। আল্লাহ্‌তা’লা তাহাদের হৃদয়কে দৃঢ়রূপে অবিচল ও শক্তিশালী করিয়া দিয়াছিলেন এবং তাহাদিগকে করিয়াছিলেন অটল বিশ্বাসী।

ہٰۤؤُلَآءِ قَوۡمُنَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً ؕ لَوۡلَا یَاۡتُوۡنَ عَلَیۡہِمۡ بِسُلۡطٰنٍۭ بَیِّنٍ ؕ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ﴿ؕ۱۶﴾

১৬
ইহারা – আমাদের জাতি তাঁহাকে পরিত্যাগ করিয়া অন্যান্য মা’বূদ গ্রহণ করিয়াছে।১৬৭২ তাহারা উহাদের প্রমাণে কোন উজ্জ্বল দলীল কেন পেশ করে না? অতএব, যে ব্যক্তি আল্লাহ্‌র নামে মিথ্যা রচনা করে তাহার চাইতে অধিকতর যালেম আর কে হইতে পারে?
১৬৭২। আসহাবে কাহ্ফের জাতির অন্যান্য লোকেরা পৌত্তলিক ছিল। রোমবাসীরাও তাহাই ছিল।

وَاِذِ اعۡتَزَلۡتُمُوۡہُمۡ وَمَا یَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰہَ فَاۡوٗۤا اِلَی الۡکَہۡفِ یَنۡشُرۡ لَکُمۡ رَبُّکُمۡ مِّنۡ رَّحۡمَتِہٖ وَیُہَیِّیٴۡ لَکُمۡ مِّنۡ اَمۡرِکُمۡ مِّرۡفَقًا ﴿۱۷﴾

১৭
‘এবং যখন তোমরা তাহাদের নিকট হইতে এবং আল্লাহ্ ব্যাতিরেকে তাহারা যাহার ইবাদত করে তাহার নিকট হইতে পৃথক হইয়াছ, তখন তোমরা এই প্রশস্ত গুহায় আশ্রয় গ্রহণ কর,১৬৭৩ তাহা হইলে তোমাদের প্রভু তোমাদের জন্য তাঁহার রহমতের কোন পথ খুলিয়া দিবেন এবং তোমাদের জন্য তোমাদের বিষয়ে কোন সহজ ও সুবিধাজনক উপকরণ সরবরাহ করিবেন।’
১৬৭৩। এই আয়াত বাস্তব ঘটনারই প্রকাশ করে যে, ঐ সকল-একেশ্বরবাদী যুবক কোন ছত্রভঙ্গ ব্যক্তিবর্গ ছিল না বরং সংঘবদ্ধ ও শৃংখলাপূর্ণ ধর্মীয় জামাতের সদস্য ছিল, যাহারা প্রায়ই গোপনে মিলিত হইত। এই আয়াত ব্যক্ত করে যে, এই সকল যুবক যখন নিজেদের মধ্যে গুহায় আশ্রয় নেওয়ার কথা বলাবলি করিত তখন নির্দিষ্ট কোন গুহা তাহাদের মনে থাকিত। এই গুহা নির্দয় মালিকদের নিকট হইতে পালাইয়া আসা রোমীয় কৃতদাসগণ কর্তৃক পূর্বেই আশ্রয়স্থলরূপে ব্যবহৃত হইয়াছিল বলিয়া মনে হয়। ‘এবং যখন তোমরা তাহাদের নিকট হইতে পৃথক হইয়াছ,’ ব্যক্ত করে যে, তাহারা পূর্বাহ্নেই কঠোর সামাজিক বয়কটের শিকার হইয়াছিল এবং তাহারা তাঁহাদের গোত্র হইতে পৃথকভাবে ঈমান আনয়নকারী ছিল যাহারা শ্রেণীবদ্ধ হইয়া বাস করিতেছিল।

وَتَرَی الشَّمۡسَ اِذَا طَلَعَتۡ تَّزٰوَرُ عَنۡ کَہۡفِہِمۡ ذَاتَ الۡیَمِیۡنِ وَاِذَا غَرَبَتۡ تَّقۡرِضُہُمۡ ذَاتَ الشِّمَالِ وَہُمۡ فِیۡ فَجۡوَۃٍ مِّنۡہُ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰہِ ؕ مَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَلَنۡ تَجِدَ لَہٗ وَلِیًّا مُّرۡشِدًا ﴿٪۱۸﴾

১৮
এবং তুমি সূর্যকে দেখিবে, যখন উহা উদিত হয় তখন উহা তাহাদের গুহার ডানদিকে সরিয়া অতিক্রম করে, এবং যখন উহা অস্তমিত হয় তখন উহা তাহাদের বামদিকে পাশ কাটাইয়া যায় এবং তাহারা সেই গুহার ভিতরে একটি প্রশস্ত জায়গায় ছিল।১৬৭৪ ইহা আল্লাহ্‌র নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। আল্লাহ্ যাহাকে হেদায়াত দেন বস্তুতঃ সে-ই হেদায়াতপ্রাপ্ত, এবং যাহাকে তিনি পথভ্রষ্ট হইতে দেন তাহার জন্য তুমি কখনও কোন বন্ধু ও পথ প্রদর্শনকারী পাইবে না।
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ২
১৬৭৪। এই স্থলে উক্ত গুহার ভৌগোলিক অবস্থান ব্যক্ত হইয়াছে। মনে হয় গুহাটি এমনভাবে অবস্থিত ছিল যে, উহা উত্তর-পশ্চিম মুখী ছিল, কারণ সূর্য প্রদক্ষিণের পথ অর্থাৎ সূর্য কিরণ পতিত হওয়ার স্থান গুহার ডানদিকে এবং সূর্য অস্ত যাওয়ার সময় উহা গুহার বাম দিকে তখনই হইতে পারে যখন গুহার মুখ উত্তর দিকে হয়। ইহা প্রতীয়মান হয় যে, গুহাটি এক সমতল স্থান জুড়িয়া অবস্থিত ছিল ‘যাহা প্রশস্ত জায়গা’ শব্দ দ্বারা ব্যক্ত হইতেছে। রোমে আজও বিদ্যমান ‘ক্যাটাকম্বস্’ এই মতকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করিতেছে। ইহারা এক বিশাল অঞ্চল পরিবেষ্টন করিয়া রহিয়াছে যাহা ৮৭০ মাইল বিস্তীর্ণ এলাকা বলিয়া অনুমান করা হইয়াছে (এনসাইক, ব্রিট)। ইহাও অনুমান করা হয় যে, ক্যাটাকম্বগুলিতে খুব কম আলো প্রবেশ করিত। এই গুহাকে এমনভাবে প্রশস্ত করা হইয়াছিল যাহাতে উহার মধ্যে আত্মগোপন করিয়া বা লুকাইয়া থাকা যায়। খৃষ্টীয় ৪র্থ শতাব্দীতে সেন্ট জেরোমি ক্যাটাকম্বস পরিদর্শন ও পরীক্ষা করার পর বলেন, “এইগুলি এত অন্ধকার যে, মনে হয় নবীর [ঈসা (আঃ)] কথা (গীত সংহীতা-৫৫ঃ১৫) পূর্ণ হইয়া গিয়াছে, যথা— “তাহারা জীবদ্দশায় পাতালে নামুক।” কখনো কখনো মাত্র সাময়িকভাবে বিষাদ ও হতাশায় আতঙ্কের তীব্রতা হ্রাস করার মত আলো প্রবেশ করিত, তাহাও জানালার মধ্য দিয়া নহে, ছিদ্র দিয়া” (এন সাইক, ব্রিট, ১১শ সংস্করণ)।

وَتَحۡسَبُہُمۡ اَیۡقَاظًا وَّہُمۡ رُقُوۡدٌ ٭ۖ وَّنُقَلِّبُہُمۡ ذَاتَ الۡیَمِیۡنِ وَذَاتَ الشِّمَالِ ٭ۖ وَکَلۡبُہُمۡ بَاسِطٌ ذِرَاعَیۡہِ بِالۡوَصِیۡدِ ؕ لَوِ اطَّلَعۡتَ عَلَیۡہِمۡ لَوَلَّیۡتَ مِنۡہُمۡ فِرَارًا وَّلَمُلِئۡتَ مِنۡہُمۡ رُعۡبًا ﴿۱۹﴾

১৯
এবং তুমি তাহাদিগকে জাগ্রত মনে করিতেছ অথচ তাহারা নিদ্রিত;১৬৭৫ এবং আমরা তাহাদিগকে ফিরাই কখনও ডানদিকে এবং কখনও বামদিকে,১৬৭৫-ক এবং তাহাদের কুকুর দ্বারদেশে সম্মুখের পদদ্বয় ছড়াইয়া রহিয়াছে।১৬৭৬ যদি তুমি তাহাদের অবস্থা সম্বন্ধে অবহিত হইতে তাহা হইলে নিশ্চয় তুমি তাহাদের নিকট হইতে পলাইবার জন্য পিঠ ফিরাইয়া লইতে এবং তাহাদের ভয়ে ভীতি-বিহ্বল হইয়া পড়িতে।১৬৭৭
১৬৭৫। মহানবী (সাঃ)-এর সময়ের মুসলমানদিগকে পূর্বেই সতর্ক করা হইয়াছিল যে, উত্তরাঞ্চলের খৃষ্টান জাতিগুলি সুপ্তাবস্থায় নিষ্ক্রিয় রহিয়াছে, কিন্তু শীঘ্রই শত শত বর্ষের গভীর নিদ্রা হইতে তাহারা জাগিয়া উঠিবে এবং সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং পৃথিবীকে তাহাদের শাসনের প্রভাবাধীনে আনিবে।
১৬৭৫-ক। ‘আমরা তাহাদিগকে ফিরাই কখনও ডানদিকে’ এই বাক্য ইঙ্গিত করিতেছে যে, তাহারা পণ্য দ্রব্যের চাহিদার নূতন নূতন বাজারের সন্ধানে এবং নব নব বিজয় বলে পৃথিবীর চতুর্দিকে ছড়াইয়া পড়িবে।
১৬৭৬। ‘এবং তাহাদের কুকুর দ্বারদেশে সম্মুখের পদদ্বয় ছড়াইয়া রহিয়াছে’ এই কথা দ্বারা জানা যায় যে, আসহাবে কাহ্ফের খৃষ্টানগণ পাহারার জন্য কুকুর পুষিত এবং ইহা হইতেই খৃষ্টান জাতির মধ্যে কুকুর পোষার প্রবণতা চলিয়া আসিয়াছে। এই শব্দগুলি দ্বারা পাশ্চাত্যের খৃষ্টান জাতিসমূহের কুকুরাসক্তির প্রতি ইংগিত করা ছাড়াও সেই সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতি ইশারা করে বলিয়া ধরিয়া নেওয়া যায়, যাহারা তখন মর্মর সাগরের উভয় তীরে পাহারা দিয়া ইউরোপের উপরে নজর রাখিত এবং উহা (সাগর) দেখিতে সামনের পা দুইটি দুই দিকে প্রসারিত পাহারাদার কুকুরের মতই।
১৬৭৭। এই শব্দগুলি সেই সময়ের প্রতি ইংগিত করিতেছে যখন পশ্চিমের খৃষ্টান জাতিগুলি রাজনৈতিক ক্ষমতা অর্জন করিবে। কুরআন মজীদ বহু শত বৎসর পূর্বেই এই ঘটনা ভবিষ্যদ্বাণী করিয়াছিল যখন খৃষ্টান জাতিগুলি বহু শতাব্দীকালব্যাপী গভীর নিদ্রাভিভূত ছিল এবং ইহা প্রসারিত কল্পনার দূরদৃষ্টিতে আসাও অসম্ভব ছিল যে, পরবর্তীকালে তাহারা এরূপ ক্ষমতা ও মর্যাদার অধিকারী হইবে। এই আয়াত পূর্ব এবং দক্ষিণের দেশগুলির উপর পশ্চিমা জাতিসমূহের স্বৈর শাসনের বৈশিষ্ট্যমূলক চিত্র বা দৃশ্য অংকন করিয়াছে, তাহাদের স্বাতন্ত্রসূচক জীবনযাপন এবং ভয় ও আতঙ্ক যাহা এতদাঞ্চলের লোকের মনে সঞ্চারিত করিয়াছে— উহারও দৃশ্য অংকন করিয়াছে।

وَکَذٰلِکَ بَعَثۡنٰہُمۡ لِیَتَسَآءَلُوۡا بَیۡنَہُمۡ ؕ قَالَ قَآئِلٌ مِّنۡہُمۡ کَمۡ لَبِثۡتُمۡ ؕ قَالُوۡا لَبِثۡنَا یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ ؕ قَالُوۡا رَبُّکُمۡ اَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ ؕ فَابۡعَثُوۡۤا اَحَدَکُمۡ بِوَرِقِکُمۡ ہٰذِہٖۤ اِلَی الۡمَدِیۡنَۃِ فَلۡیَنۡظُرۡ اَیُّہَاۤ اَزۡکٰی طَعَامًا فَلۡیَاۡتِکُمۡ بِرِزۡقٍ مِّنۡہُ وَلۡـیَؔ‍‍‍تَلَطَّفۡ وَلَا یُشۡعِرَنَّ بِکُمۡ اَحَدًا ﴿۲۰﴾

২০
এবং এইভাবে আমরা তাহাদিগকে (নিঃসহায় অবস্থা হইতে) উত্থিত করিলাম যেন তাহারা আপোসে একে অপরকে জিজ্ঞাসাবাদ করে। তাহাদের মধ্য হইতে একজন বলিল, ‘তোমরা কতকাল অবস্থান করিয়াছ?’ তাহারা বলিল, ‘আমরা এক দিন বা একদিনের একাংশ অবস্থান করিয়াছি।’ তাহারা (অন্যেরা) বলিল, ‘তোমাদের অবস্থানকাল১৬৭৮ সম্বন্ধে তোমাদের প্রভুই ভাল জানেন।’ সুতরাং তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়া তোমাদের মধ্য হইতে কাহাকেও শহরের দিকে পাঠাও সে যেন দেখিয়া লয় যে, উহার মধ্যে কোন্‌ (ব্যক্তির) খাদ্য বেশী পবিত্র১৬৭৯ অতঃপর তাহার নিকট হইতে সে যেন কিছু খাদ্য-সামগ্রী তোমাদের নিকট লইয়া আসে এবং সে যেন বিচক্ষণতা অবলম্বন করে১৬৮০ এবং তোমাদের সম্বন্ধে যেন কাহাকেও কিছু না জানায়।১৬৮১
১৬৭৮। পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলি পৃথিবীর সর্বত্র ছড়াইয়া পড়ার পরবর্তী অবস্থার দিকে এই আয়াত নির্দেশ করিয়াছে বলিয়া মনে হয়। ‘আমরা তাহাদিগকে (নিঃসহায় অবস্থা হইতে) উত্থিত করিলাম’ শব্দগুচ্ছ গুরুত্বপূর্ণ উন্নতির দিকে ইংগিত করিতেছে যাহা এই জাতিসমূহের ভাগ্যে ভবিষ্যতের জন্য পূর্ব নির্ধারিত ছিল। ‘তাহাদের মধ্য হইতে একজন বলিল, তোমরা কতকাল অবস্থান করিয়াছ?’ এই বাক্য ব্যক্ত করিতেছে যে, খৃষ্টান জাতিগুলি সচেতন হইয়া অনুভব করিতে আরম্ভ করিবে যে, নিজদিগকে কর্মতৎপর করার এবং আলস্য ত্যাগ করার সময় ইহাই। এই জাগরণ আসিয়াছিল ক্রুসেডের (প্যালেষ্টাইন দখল করার) সময়ে, যখন ইংল্যাণ্ড, ফরাসী এবং জার্মানের নৃপতিগণ একই উদ্দেশ্যে সংঘবদ্ধ হইল এবং সমস্ত ইউরোপ একতাবদ্ধ হইয়া পরস্পরের সহযোগিতায় পরিকল্পিতভাবে মুসলমানদিগের হাত হইতে পবিত্র-ভূমি জবর দখল করিবার জন্য তাহাদের উপর আক্রমণ করিল। আরবী ভাষার বাকধারা অনুযায়ী তাহারা বলিল, ‘আমরা একদিন বা একদিনের একাংশ অবস্থান করিয়াছি’ বাক্যটি অনির্দিষ্ট সময়কে বুঝায়। অন্যত্র কুরআন করীম (২০ঃ১০৩-১০৪) পশ্চিমের খৃষ্টান জাতিগুলির নিদ্রিত বা নিষ্ক্রিয় থাকার যুগকে ১০০০ (এক হাজার) বৎসর বলিয়া নির্দিষ্ট করিয়াছে। ২০ঃ১০৩-১০৪ আয়াতে “দশ দিন” শব্দদ্বয় দ্বারা দশ শতাব্দী এবং নীলচক্ষু বিশিষ্ট শব্দ দ্বারা পাশ্চাত্যের অধিবাসী বুঝায়, যাহারা সাধারণতঃ নীল চক্ষু বিশিষ্টই হইয়া থাকে। ইহা প্রসিদ্ধ ঐতিহাসিক সত্য যে, প্রাচ্যের দেশসমূহে বৃটিশ শক্তির ভিত্তি স্থাপিত হইয়াছিল সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মহানবী (সাঃ)-এর পরবর্তী মোটামুটি এক হাজার বৎসর ধরিয়া এই সময়কাল অনুমিত হইয়া থাকে (মার্চ অব ম্যান)!
১৬৭৯। গুহাবাসীগণ যখন দেখিল যে, তাহাদিগের বিরুদ্ধে যুলুম-অত্যাচার প্রশমিত হইয়াছে, তখন তাহারা তাহাদের একজনকে কিছু পুরান মুদ্রাসহ খাদ্য সংগ্রহ করিতে এবং উহাদের ব্যাপারে পরিস্থিতি কেমন তাহা অনুসন্ধান করিতে শহরে পাঠাইয়া দিল। ‘তাআম’ এমন খাদ্য-দ্রব্য বুঝায় যেমন গম, বার্লি, জোয়ার, খেজুর, ইত্যাদি (লেইন)। ইহা পৃথিবীর সর্বত্র পাশ্চাত্য জাতিগুলির বাণিজ্যিক অভিযানের প্রতিও ইশারা করে।
১৬৮০। বাণিজ্যিক আচরণে ইউরোপীয় ব্যবসায়ীদের ভদ্রতা ও শিষ্টাচারের এক বিশেষ রূপ রহিয়াছে। “সে যেন বিচক্ষণতা অবলম্বন করে” কথাগুলি তাহাদের বৈশিষ্ট্যের প্রতি ইংগিত করিতেছে। ইহার অর্থ এরূপও হয় — ‘সে যেন নম্র ও ভদ্র হয়।’
১৬৮১। ‘এবং সে তোমাদের সম্বন্ধে যেন কাহাকেও কিছু না জানায়’ বাক্যটি প্রাচ্যের উপর পাশ্চাত্যের নিরুপদ্রব বা গোপন ও বিচক্ষণতাপূর্ণ আধিপত্যের দিকে ইংগিত করে।