১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّکُمۡ مِّنۡہُ شَرَابٌ وَّمِنۡہُ شَجَرٌ فِیۡہِ تُسِیۡمُوۡنَ ﴿۱۱﴾

১১
তিনিই তো (তোমাদের জন্য) মেঘমালা হইতে পানি বর্ষণ করিয়াছেন, উহা হইতে তোমাদের জন্য পানীয় সরবরাহ হয়, এবং উহা দ্বারা সেই সকল বৃক্ষলতাদি উৎপন্ন হয় যাহাতে তোমরা পশু চারণ করিয়া থাক।

یُنۡۢبِتُ لَکُمۡ بِہِ الزَّرۡعَ وَالزَّیۡتُوۡنَ وَالنَّخِیۡلَ وَالۡاَعۡنَابَ وَمِنۡ کُلِّ الثَّمَرٰتِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۱۲﴾

১২
তিনি উহার দ্বারা তোমাদের জন্য শস্যক্ষেত্র, যায়তূন, খর্জূরবৃক্ষ, আঙ্গুর এবং সর্ব প্রকার ফল উৎপন্ন করেন। ইহাতে নিশ্চয় ঐ জাতির জন্য নিদর্শন রহিয়াছে যাহারা চিন্তা করে।১৫৩৩
১৫৩৩। উদ্ভিদ ও গুল্মাদি গজাইবার উৎপাদিকা শক্তি মাটিতে সুপ্ত থাকিতে পারে, কিন্তু বৃষ্টির পানি না পাইলে সেই শক্তি ক্রিয়াশীল হয় না। একইভাবে মানুষ অতি উত্তম সহজাত বা স্বাভাবিক কার্যক্ষমতা বা মনোবৃত্তির অধিকারী হইলেও সে পবিত্র ওহী-ইলহামের সাহায্য ব্যতিরেকে ঐ সকল গুণাবলীকে উন্নত স্তরে নিয়া যাইতে পারে না। মানুষের আধ্যাত্মিক উন্নতি কেবলমাত্র তাহার বুদ্ধিমত্তার উপরই নির্ভরশীল—এই কথা বলা, আর পানি ছাড়াই মাটি হইতে গাছ-গাছড়ার উৎপাদন হইতে পারে বলা; একই কথা।

وَسَخَّرَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ ۙ وَالشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ وَالنُّجُوۡمُ مُسَخَّرٰتٌۢ بِاَمۡرِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
এবং তিনি রাত্রি ও দিবসকে এবং সূর্য ও চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন এবং তাঁহারই আদেশে নক্ষত্ররাজিও তোমাদের সেবায় নিয়োজিত রহিয়াছে। নিশ্চয় ইহাতে ঐ জাতির জন্য বহু নিদর্শন রহিয়াছে যাহারা বিবেক-বুদ্ধি খাটায়।

وَمَا ذَرَاَ لَکُمۡ فِی الۡاَرۡضِ مُخۡتَلِفًا اَلۡوَانُہٗ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّذَّکَّرُوۡنَ ﴿۱۴﴾

১৪
এবং ভূ-পৃষ্ঠে তিনি বিবিধ বর্ণের যে সকল বস্তু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন উহাও (তিনি তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন)।১৫৩৪ নিশ্চয় ইহাতে ঐ জাতির জন্য নিদর্শন রহিয়াছে যাহারা উপদেশ গ্রহণ করে।১৫৩৫
১৫৩৪। আল্লাহ্‌তা’লার সৃষ্টির অত্যাশ্চর্য বৈশিষ্ট্যপূর্ণ একটা অংশ হইল এই যে, কোন দুইটি বস্তু বা ব্যক্তি হুবহু এক রকম নয়। এই বৈসাদৃশ্য না থাকিলে পৃথিবীতে এক অবর্ণনীয় বিশৃংখলাপূর্ণ সমস্যার উদ্ভব হইত। এক বস্তু বা ব্যক্তি অন্য এক বস্তু বা ব্যক্তি হইতে পৃথক করিয়া চেনা বা জানা সম্ভব হইত না। একইরূপে মানুষের প্রকৃতি ও মেযাজের মধ্যে বিভিন্নতা বা বৈসাদৃশ্য রহিয়াছে। ইহা মানবীয় শক্তির ঊর্ধ্বে যে, সে তাহার শিক্ষার জন্য এমন কোন পদ্ধতি বা পরিকল্পনা করিতে পারে যাহা সকল প্রকৃতি বা স্বভাবের জন্য সমভাবে উপযোগী বা প্রযোজ্য। এইরূপ পার্থক্য বা বিভিন্নতা যাহা প্রকৃতির মধ্যে বিদ্যমান রহিয়াছে সে সম্বন্ধে কোন মানুষেরই পূর্ণ জ্ঞান নাই। একমাত্র আল্লাহ্‌তা’লাই এসকল প্রভেদ ও বৈসাদৃশ্য সম্বন্ধে জ্ঞান রাখেন এবং এই কারণেই তিনিই কেবলমাত্র প্রয়োজনীয় শিক্ষা দিতে পারেন যাহা সকলের জন্য সমভাবে উপযোগী এবং উপকারী।
১৫৩৫। এই তিনটি শব্দের প্রত্যেকটি অর্থাৎ ‘ইয়াতাফাক্কারুন’, ‘ইয়াকেলূন’, ‘ইয়ায্‌যাক্‌কারুন’ যথাক্রমে ১২, ১৩ এবং ১৪ আয়াতের শেষে ব্যবহৃত হইয়াছে। এই শব্দগুলির চয়ন আয়াত বিশেষে ব্যবহৃত বিষয়বস্তুর সঙ্গে শুধু বিশেষভাবে উপযোগীই নহে, বরং সমষ্টিগতভাবে এই তিনটি আয়াতে বর্ণিত সাধারণ প্রশংসার সম্পর্কও প্রযোজ্য। স্ব স্ব স্থানে উহাদের বিশেষ ব্যবহার তাহাদের গুরুত্বের পরিমাণ নির্ধারক। ‘ইয়াতাফাক্কারুন’ অর্থঃ (প্রতিফলন, প্রতিবিম্ব, গভীর চিন্তা) শব্দটি প্রথমে ব্যবহার হইয়াছে, কারণ মানুষের নৈতিক পুনর্গঠন বা সংস্কার সাধনের প্রক্রিয়ায় ইহাই সকল নৈতিক গুণাবলীর মধ্যে সর্বপ্রথম উপায় যাহাকে সর্বাগ্রে জাগ্রত করিতে হয়। গভীর চিন্তাশীলতার অভ্যাস হইতে ধীশক্তি ও জ্ঞানের উদ্ভব হয় বা যুক্তিপূর্ণভাবে বিবেকের সঠিক ব্যবহার হইয়া থাকে। দ্বিতীয়তঃ ইয়াকেলুন- স্তরে মানুষ নৈতিক সংশোধন বা সংস্কার সাধনে সাফল্য বা পরিপূর্ণতা অর্জন করে। ইহার পরেই আসে তৃতীয় স্তর যেখানে কুপ্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং নৈতিক যুদ্ধ বা বিবাদ শেষ হইয়া যায়; এবং ‘ইয়ায্‌যাক্কারুন’ স্তরে মানুষ উপদেশ গ্রহণ করে এবং স্বতঃ সতর্ককারী হয় এবং সৎকর্মশীলতা তাহার স্বভাবে পরিণত হইয়া যায়।

وَہُوَ الَّذِیۡ سَخَّرَ الۡبَحۡرَ لِتَاۡکُلُوۡا مِنۡہُ لَحۡمًا طَرِیًّا وَّتَسۡتَخۡرِجُوۡا مِنۡہُ حِلۡیَۃً تَلۡبَسُوۡنَہَا ۚ وَتَرَی الۡفُلۡکَ مَوَاخِرَ فِیۡہِ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۵﴾

১৫
এবং তিনিই তোমাদের সেবায় সমুদ্রকে নিয়োজিত করিয়াছেন যেন তোমরা উহা হইতে তাজা গোশ্‌ত খাও এবং উহা হইতে সংগ্রহ করিয়া আন অলংকার যাহা তোমরা পরিধান করিয়া থাক। এবং তুমি উহার মধ্যে জাহাজগুলিকে (পানি) চিরিয়া চলিতে দেখিতেছ, যেন তোমরা (উহাতে আরোহণ করিয়া)১৫৩৬ তাঁহার আরও অন্যান্য অনুগ্রহের সন্ধান লাভ কর এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
১৫৩৬। মানবজাতির জন্য পার্থিব সুবিধা ও উপকারার্থে সমুদ্র এক অতীব গুরুত্বপূর্ণ আবশ্যকীয় উৎস। সমুদ্র হইল বিশাল জল-ভাণ্ডার যেখান হইতে সূর্য আমাদিগকে বৃষ্টির যোগান দেয়। ইহা যাতায়াত এবং বাণিজ্যের জন্য এবং মানুষের খাদ্যের জন্য এক গুরুত্বপূর্ণ উৎস।

وَاَلۡقٰی فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِکُمۡ وَاَنۡہٰرًا وَّسُبُلًا لَّعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿ۙ۱۶﴾

১৬
এবং তিনি ভূপৃষ্ঠে সংস্থাপিত করিয়াছেন মযবূত পর্বতমালা যেন উহা তোমাদিগকে লইয়া (এদিক ওদিক) টলিতে না পারে,১৫৩৭ এবং এইভাবে নদীমালা এবং পথসমূহ-কেও১৫৩৮ যাহাতে তোমরা গন্তব্য স্থানে পৌছিতে পার
১৫৩৭। ভূতত্ব বিজ্ঞান ইহা প্রমাণ করিয়াছে যে, পর্বতসমূহ পৃথিবীকে ভূমিকম্প হইতে অনেকাংশে নিরাপদ করিয়াছে।
১৫৩৮। এ স্থলে “সুবুলান” (অর্থ- পথ) মানুষের তৈরী কৃত্রিম পথ বুঝায় না, বরং ঐ সকল প্রাকৃতিক চলাচলের পথ বুঝায় যাহা নদ-নদী, উপত্যকা ও গিরিবর্ত্মের মাধ্যমে সৃষ্টি হইয়াছে এবং সর্বযুগে এইগুলিই জনপথ বা রাজপথ রূপে ব্যবহৃত হইয়াছে।

وَعَلٰمٰتٍ ؕ وَبِالنَّجۡمِ ہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۱۷﴾

১৭
এবং তিনি অপর কতকগুলি চিহ্নও (সংস্থাপন করিয়াছেন), এবং তাহারা নক্ষত্ররাজি দ্বারাও পথের দিশা পায়।১৫৩৯
১৫৩৯। এই আয়াতে এই মর্মই ব্যক্ত হইয়াছে যে, ভূপৃষ্ঠ যদি সমতল হইত এবং নদ-নদী, উপত্যকা, পাহাড়-পর্বতময় উঁচু নিচু না হইত, তাহা হইলে মানুষের জন্য একস্থান হইতে অন্য স্থানে গমনাগমনের পথ খুঁজিয়া পাওয়া প্রায় অসম্ভব হইয়া পড়িত। ভূপৃষ্ঠের এই বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য সূচক প্রাকৃতিক গঠনশৈলী মানুষকে তাহার চলার পথে সাহায্য করে। বর্তমান যুগে এই সকল প্রাকৃতিক চিহ্নসমূহ আকাশ-যান চলাচলে অতীব সাহায্যকারী বলিয়া প্রমাণিত হইয়াছে। আকাশের নক্ষত্রসমূহও জলে এবং স্থলে পথচারীকে পথ দেখিতে সাহায্য করে।

اَفَمَنۡ یَّخۡلُقُ کَمَنۡ لَّا یَخۡلُقُ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব, যিনি সৃষ্টি করেন তিনি কি তাহার মত যে কিছুই সৃষ্টি করে না? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?

وَاِنۡ تَعُدُّوۡا نِعۡمَۃَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ اللّٰہَ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۹﴾

১৯
এবং যদি তোমরা আল্লাহ্‌র নেয়ামতকে গণনা করিতে চেষ্টা কর তাহা হইলে তোমরা আদৌ উহাদের সংখ্যা নির্ণয় করিতে পারিবে না। নিশ্চয়ই আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُسِرُّوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ ﴿۲۰﴾

২০
এবং তোমরা যাহা কিছু গোপন কর এবং যাহা কিছু প্রকাশ কর, তাহা আল্লাহ্‌ জানেন।