১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

قَالُوۡۤا ءَاِنَّکَ لَاَنۡتَ یُوۡسُفُ ؕ قَالَ اَنَا یُوۡسُفُ وَہٰذَاۤ اَخِیۡ ۫ قَدۡ مَنَّ اللّٰہُ عَلَیۡنَا ؕ اِنَّہٗ مَنۡ یَّـتَّقِ وَیَصۡبِرۡ فَاِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۹۱﴾

৯১
তাহারা বলিল, ‘তাহা হইলে তুমিই কি ইউসুফ?’ সে বলিল, ‘হাঁ আমিই ইউসুফ এবং এই আমার ভাই। নিশ্চয় আল্লাহ্ আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয় যে (আল্লাহ্‌র) তাক্‌ওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ্ পরোপকারীদের পুরস্কার কখনও নষ্ট করেন না।’ 

قَالُوۡا تَاللّٰہِ لَقَدۡ اٰثَرَکَ اللّٰہُ عَلَیۡنَا وَاِنۡ کُنَّا لَخٰطِئِیۡنَ ﴿۹۲﴾

৯২
তাহারা বলিল, ‘আল্লাহ্‌র কসম। নিশ্চয় আল্লাহ্‌ তোমাকে আমাদের উপর প্রাধান্য দান করিয়াছেন এবং প্রকৃতই আমরা অপরাধী ছিলাম।’ 

قَالَ لَا تَثۡرِیۡبَ عَلَیۡکُمُ الۡیَوۡمَ ؕ یَغۡفِرُ اللّٰہُ لَکُمۡ ۫ وَہُوَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ ﴿۹۳﴾

৯৩
সে বলিল, ‘আজকের দিনে তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ১৪০৭ নাই, আল্লাহ্ তোমাদিগকে ক্ষমা করুন। বস্তুতঃ তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠতম দয়ালু, 
১৪০৭। হযরত ইউসুফ (আঃ) তাঁহার ভাইদিগকে অনিশ্চয়তায় ঝুলাইয়া না রাখিয়া তাহাদের প্রতি তাঁহার ব্যবহার কিরূপ হইবে এই সম্বন্ধে তাহাদিগকে ভীতি ও আশংকা মুক্ত করিয়া বলিলেন যে, তাঁহার ক্ষমা শর্তবিহীন এবং অকপট। এইরূপ বিরাট অন্তঃকরণের অতুলনীয় মহৎ দয়াপূর্ণ ক্ষমা যাহা ইউসুফ (আঃ) তাঁহার ভাইদের প্রতি দেখাইয়াছিলেন উহার সাদৃশ্য কেবল নবী করীম (সাঃ)-এর মধ্যেই পরিলক্ষিত হয়। ইউসুফ (আঃ)-এর মত আমাদের নবী করীম (সাঃ) মদিনায় দেশান্তরী হওয়ার পর সম্মান ও ক্ষমতার অধিকারী হইয়াছিলেন; এবং বেশ কয়েক বছর পর দশ হাজার সাহাবীর নেতারূপে যখন তাঁহার মাতৃভূমির শহরে বিজয়ীর বেশে প্রবেশ করিয়াছিলেন এবং যখন মক্কার কাফেরগণ তাঁহার পদতলে পতিত হইয়াছিল তখন নবী করীম (সাঃ) মক্কাবাসীদিগকে এই কথাই জিজ্ঞাসা করিয়াছিলেন যে, তাহারা তাঁহার নিকট কেমন ব্যবহার প্রত্যাশা করে। উত্তরে মক্কাবাসীগণও এইরূপ বলিয়াছিল, “হযরত ইউসুফ (আঃ) তাঁহার ভাইদের প্রতি যেইরূপ ব্যবহার করিয়াছিলেন।” তৎক্ষণাৎ রসূল করীম (সাঃ) ঘোষণা করিলেন, “আজ তোমাদের উপর কোন প্রতিশোধ গ্রহণ করা হইবে না।” পূর্বেকার রক্তপিপাসু জাত-শত্রু মক্কার কুরায়শগণ, যাহারা নবী করীম (সাঃ)-এর জীবন নাশের এবং ইসলাম ধর্মের বিনাশ সাধনের জন্য কোন চেষ্টারই ত্রুটি করে নাই, আজ তাহাদেরই প্রতি মহানবীর এইরূপ ক্ষমা-সুন্দর উন্নত চরিত্র ও আদর্শ ব্যবহার বিশ্বমানব জাতির ইতিহাসে অদ্বিতীয় ও অনুপম।

اِذۡہَبُوۡا بِقَمِیۡصِیۡ ہٰذَا فَاَلۡقُوۡہُ عَلٰی وَجۡہِ اَبِیۡ یَاۡتِ بَصِیۡرًا ۚ وَاۡتُوۡنِیۡ بِاَہۡلِکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿٪۹۴﴾

৯৪
তোমরা আমার এই জামাটি লইয়া যাও এবং উহা আমার পিতার সম্মুখে রাখিয়া দিও, তিনি (বিচক্ষণ ব্যক্তির ন্যায়) সব কিছুই বুঝিতে পারিবেন। এবং তোমরা তোমাদের পরিবারের সকলকে আমার নিকট লইয়া আসিও।’ 
সূরা ইউসুফ - রুকু ১০

وَلَمَّا فَصَلَتِ الۡعِیۡرُ قَالَ اَبُوۡہُمۡ اِنِّیۡ لَاَجِدُ رِیۡحَ یُوۡسُفَ لَوۡلَاۤ اَنۡ تُفَنِّدُوۡنِ ﴿۹۵﴾

৯৫
এবং যখন (উটের) কাফেলাটি রওয়ানা হইল, তাহাদের পিতা বলিল, ‘তোমরা যদিও বলবে, আমার মতিভ্রম১৪০৮ হইয়াছে, তথাপি নিশ্চয় আমি বলিব যে, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি।’ 
১৪০৮। তাহাদের দল (ইউসুফের ভাইয়েরা) বাড়ীতে প্রত্যাবর্তনের পূর্বেই হযরত ইয়াকুব (আঃ) তাঁহার লোকজনের কাছে বলিয়াছিলেন যে, সকল প্রতিকূল অবস্থা সত্বেও তাঁহার আশা, তিনি শীঘ্রই ইউসুফ (আঃ)-এর দেখা পাইবেন, এমনকি তাঁহার এই নিশ্চিত ধারণাকে জোর দিয়া ব্যক্ত করিবার জন্য তিনি বলিয়াছিলেন, “যদিও বল যে আমার মতিভ্রম হইয়াছে তথাপি নিশ্চয় আমি বলিব যে, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি।”

قَالُوۡا تَاللّٰہِ اِنَّکَ لَفِیۡ ضَلٰلِکَ الۡقَدِیۡمِ ﴿ٙ۹۶﴾

৯৬
তাহারা বলিল, ‘আল্লাহ্‌র কসম! তুমি নিশ্চয় (এখনও) তোমার পুরাতন ভ্রমে পড়িয়া আছ।’ 

فَلَمَّاۤ اَنۡ جَآءَ الۡبَشِیۡرُ اَلۡقٰٮہُ عَلٰی وَجۡہِہٖ فَارۡتَدَّ بَصِیۡرًا ۚ قَالَ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ ۚۙ اِنِّیۡۤ اَعۡلَمُ مِنَ اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۹۷﴾

৯৭
অতঃপর, যেমনি (ইউসুফকে পাওয়ার) সুসংবাদদাতা (ইয়াকুবের নিকট) আসিয়া পৌঁছিল, সে তাহার সম্মুখে (জামাটি) রাখিয়া দিল, তখন সে বিচক্ষণ ব্যক্তির ন্যায় সকল বিষয় বুঝিতে১৪০৯ পারিল। সে বলিল “আমি কি তোমাদিগকে বলি নাই, আমি আল্লাহ্‌র নিকট হইতে যাহা জ্ঞাত হই তাহা তোমরা জ্ঞাত নহ?” 
১৪০৯। আল্লাহ্‌তা’লা হইতে প্রাপ্ত ইলহামের ভিত্তিতে হযরত ইউসুফ (আঃ)-এর জীবিত থাকার ব্যাপারে যে বিশ্বাস এবং প্রত্যয় হযরত ইয়াকুব (আঃ)-এর মনে ছিল, উহা এখন তাঁহার নিকট তথ্যপূর্ণ জ্ঞানে পরিণত হইল যখন তাঁহার সামনে ইউসুফের (আঃ) জামা আনিয়া রাখা হইল। ফার্‌তাদ্দা বাসীরান অর্থাৎ তিনি বিচক্ষণ ব্যক্তির ন্যায় পূর্ণজ্ঞানের দৃষ্টিতে দেখিতে লাগিলেন। হযরত ইয়াকুব (আঃ) অন্ধ হইয়া গিয়াছিলেন কুরআন এই কথা সমর্থন করে না। এই ধারণা আল্লাহ্‌তা’লার এক নবীর মর্যাদার সহিত শুধু অসামঞ্জস্যপূর্ণই নহে, বরং কুরআনের বহু আয়াত এই কথা অস্বীকার করে। প্রতীয়মান হয় যে, ইহাই সেই জামা যাহা ইউসুফ (আঃ) কে কূপে ফেলিয়া দেওয়ার সময় তাঁহার পরিধানে ছিল।

قَالُوۡا یٰۤاَبَانَا اسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَاۤ اِنَّا کُنَّا خٰطِئِیۡنَ ﴿۹۸﴾

৯৮
তাহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমাদের পাপের জন্য (আল্লাহ্‌র নিকট) ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয় আমরা পাপী ছিলাম।’ 

قَالَ سَوۡفَ اَسۡتَغۡفِرُ لَکُمۡ رَبِّیۡ ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۹۹﴾

৯৯
সে বলিল, ‘অবশ্যই আমি আমার প্রভুর নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিব। নিশ্চয় তিনিই অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।’ 

فَلَمَّا دَخَلُوۡا عَلٰی یُوۡسُفَ اٰوٰۤی اِلَیۡہِ اَبَوَیۡہِ وَقَالَ ادۡخُلُوۡا مِصۡرَ اِنۡ شَآءَ اللّٰہُ اٰمِنِیۡنَ ﴿ؕ۱۰۰﴾

১০০
এবং যখন তাহারা ইউসুফের নিকট আসিল, সে তাহার পিতামাতাকে১৪১০ তাহার কাছে সম্মানপূর্ণ স্থান দান করিল এবং বলিল, ‘আল্লাহ্‌র ইচ্ছা অনুযায়ী তোমরা সকলে শান্তিতে মিশরে প্রবেশ কর।’ 
১৪১০। হযরত ইউসুফ (আঃ)-এর আপন মা রাহেল পূর্বেই ইন্তেকাল করিয়াছিলেন, কিন্তু এই আয়াত ‘আবাওয়ায়্‌হে অর্থ পিতামাতা’ শব্দ দ্বারা ইহাই ব্যক্ত করিতেছে যে, সৎমাও গর্ভধারিণী আপন মায়ের সমান ভক্তি শ্রদ্বার দাবী রাখে।