ভূগর্ভে কোন সুড়ঙ্গ অন্বেষণ করার মর্ম হইতেছে পার্থিব উপকরণ ব্যবহার করা, অর্থাৎ সত্যের প্রচার ও প্রসার করা; এবং আকাশের কোন সিঁড়ি অনুসন্ধান করার তাৎপর্য হইতেছে আধ্যাত্মিক উপায় ব্যবহার, অর্থাৎ আল্লাহ্তা’লার নিকট প্রার্থনা করা যাহাতে তিনি অবিশ্বাসীদিগকে সঠিক পথ প্রদর্শন করেন, ইত্যাদি। আল্লাহ্র নিকট দোয়াই প্রকৃত পক্ষে ঐশী-নৈকট্য লাভের মাধ্যম বা সিঁড়ি। আঁ-হযরত (সাঃ)- কে উভয় উপকরণ ব্যবহারের কথাই বলা হইয়াছে। ২ঃ২৭৪ আয়াতে উল্লেখিত ‘জাহেল’ শব্দ দ্বারা ‘যে জানে না’ বা ‘যে অপরিচিত’ তাহাকে বুঝায়। নবী করীম (সাঃ)-কে এই বিষয়ে আল্লাহ্তা’লার বিধান সম্পর্কে অজ্ঞ না থাকার জন্য উপদেশ দেওয়া হইয়াছে। এই আয়াত রসূল আকরাম (সাঃ)-এর উম্মতের আধ্যাত্মিক মঙ্গলের জন্য তাঁহার গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপারেও আলোকপাত করিতেছে। তিনি তাহাদিগকে নিদর্শন দেখাইবার জন্য যে কোন অবস্থার মোকাবেলা করিতে প্রস্তুত ছিলেন এমন কি ভূ-গর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সিঁড়ি অন্বেষণ করিতে হইলেও।