৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَمَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖۤ اِذۡ قَالُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ عَلٰی بَشَرٍ مِّنۡ شَیۡءٍ ؕ قُلۡ مَنۡ اَنۡزَلَ الۡکِتٰبَ الَّذِیۡ جَآءَ بِہٖ مُوۡسٰی نُوۡرًا وَّہُدًی لِّلنَّاسِ تَجۡعَلُوۡنَہٗ قَرَاطِیۡسَ تُبۡدُوۡنَہَا وَتُخۡفُوۡنَ کَثِیۡرًا ۚ وَعُلِّمۡتُمۡ مَّا لَمۡ تَعۡلَمُوۡۤا اَنۡتُمۡ وَلَاۤ اٰبَآؤُکُمۡ ؕ قُلِ اللّٰہُ ۙ ثُمَّ ذَرۡہُمۡ فِیۡ خَوۡضِہِمۡ یَلۡعَبُوۡنَ ﴿۹۲﴾

৯২
তাহারা আল্লাহ্‌কে যোগ্য মর্যাদা দেয় নাই, যখন তাহারা এই কথা বলিল, ‘আল্লাহ্ কোন মানুষের উপর কিছুই নাযেল করেন নাই।’৮৭৩ তুমি বল, “কে ঐ কিতাব নাযেল করিয়াছিল যাহা মূসা লইয়া আসিয়াছিল যাহা মানুষের জন্য নূর এবং হেদায়াত -স্বরূপ —তোমরা ইহাকে পাতায় পাতায় (খণ্ড বিখণ্ড) করিতেছ, উহার কতকাংশ তোমরা প্রকাশ করিতেছ এবং অনেকাংশ গোপন করিতেছ;৮৭৪ অথচ তোমাদিগকে এমন কিছু শিখানো হইয়াছে যাহা না তোমরা জানিতে এবং না তোমাদের পিতৃপুরুষগণ?” তুমি বল, ‘আল্লাহ্।’ অতঃপর তুমি তাহাদিগকে তাহাদের বৃথা গল্প-গুজবের মধ্যে খেলাধুলা করিতে ছাড়িয়া দাও।
৮৭৩। “আল্লাহ্ কোন মানুষের উপর কিছুই নাযেল করেন নাই” এই বাক্যাংশের দ্বারা ইহাই জানিতে চাওয়া হইয়াছে যে, তাহা হইলে কে ইহার মধ্যে এইরূপ জ্ঞানপূর্ণ এবং ব্যাপক শিক্ষা অন্তর্ভুক্ত করিল যাহা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরও কখনো জানা ছিল না— ইহা এমন শিক্ষা যাহা প্রকাশ বা প্রদর্শন করা তোমাদের ক্ষমতার বহির্ভূত ছিল। একমাত্র আল্লাহ্‌তা’লাই এইরূপ শিক্ষা প্রদান করিতে পারেন।
৮৭৪। তাওরাত গ্রন্থের এক অংশকে প্রকাশ করিয়া অন্য অংশকে গোপন করার জন্য (যে অংশে হযরত মুহাম্মদ (সাঃ)-এর আর্বিভাব এবং নিদর্শনাবলীর ভবিষ্যদ্বাণীসমূহ রহিয়াছে) এখানে ইহুদীদের নিন্দা করা হইয়াছে।

وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ مُّصَدِّقُ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ وَلِتُنۡذِرَ اُمَّ الۡقُرٰی وَمَنۡ حَوۡلَہَا ؕ وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ یُؤۡمِنُوۡنَ بِہٖ وَہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ﴿۹۳﴾

৯৩
এবং ইহা এমন এক অতীব বরকতপূর্ণ কিতাব, যাহাকে আমরা নাযেল করিয়াছি, যাহা উহার পূর্ববর্তীর (বাণীর) সত্যায়নকারী, আর যেন তুমি ইহার দ্বারা জনপদ-জননী৮৭৫ (মক্কাবাসী)কে এবং তাহাদিগকে সতর্ক করিতে পার যাহারা ইহার চতুষ্পার্শ্বে রহিয়াছে। এবং যাহারা ঈমান আনে পরকালের উপর, তাহারা ঈমান আনে ইহার (কুরআনের) উপর৮৭৬ এবং তাহারা তাহাদের নামাযের হিফাযত করে।
৮৭৫। যে স্থানে আল্লাহ্‌র নবী আবির্ভূত হইয়া থাকেন উহাকে “জনপদ জননী” বলা হয়, কারণ সেই স্থান হইতে মানুষ আধ্যাত্মিকতার দুগ্ধ পান করিয়া থাকে—শিশু যেমন মায়ের বক্ষ হইতে দুগ্ধ পান করে। ‘তাহার চতুর্দিকের’ লোকরা এই কথাগুলির দ্বারা সারা পৃথিবীকে বুঝাইতে পারে, কেননা নবী করীম (সাঃ)-এর বাণী হইতেছে সমগ্র বিশ্ব-মানবের জন্য।
৮৭৬। এই শব্দগুলি দ্বারা ইহাই বুঝাইতেছে যে, পরকালে বিশ্বাসীকে কুরআনেও অবশ্যই বিশ্বাস রাখিতে হইবে। এইরূপে কুরআন এবং পরজীবনে বিশ্বাস অবিভাজ্য এবং একত্রে সম্পৃক্ত, একটি ছাড়া অপরটি তাৎপর্যহীন।
সম্পূর্ণ সূরা দেখুন