৫৩

النجم

সূরা আন্‌ নাজ্‌ম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।

فَاَوۡحٰۤی اِلٰی عَبۡدِہٖ مَاۤ اَوۡحٰی ﴿ؕ۱۱﴾

১১
অতঃপর তিনি নিজ বান্দার প্রতি উহাই ওহী করিলেন যাহা তিনি ওহী (করিবার সিদ্ধান্ত) করিয়াছিলেন।২৮৭৭
২৮৭৭। “মা” কখনও কখনও সম্মান, আশ্চর্য কিংবা জোরালোভাবে প্রকাশ এই তিনটির কোন একটি প্রকাশার্থে ব্যবহাত হইয়া থাকে (আকরাব)। এইস্থানে আশ্চর্যবোধ অভিব্যক্ত হইয়াছে এইভাবে– আল্লাহ্ তাঁহার বান্দা মহানবী (সাঃ)-এর নিকট ওহী প্রকাশ করিলেন, আর সে এক চমৎকার মহিমামণ্ডিত ওহীর প্রকাশ!

مَا کَذَبَ الۡفُؤَادُ مَا رَاٰی ﴿۱۲﴾

১২
(মুহাম্মদের) অন্তঃকরণ মিথ্যা বলে নাই যাহা সে দেখিয়াছিল।২৮৭৮
২৮৭৮। এই আয়াতের তাৎপর্য এই যে, মহানবী (সাঃ)-এর অন্তর যাহা দেখিয়াছে তাহাই তিনি সত্য সত্য ব্যক্ত করিয়াছেন, ইহাতে মিথ্যার কোন অবকাশ নাই। ইহা ছিল নিশ্চিত সত্য-দর্শন যাহাতে কল্পনার লেশমাত্রও মিশ্রিত ছিল না। এই আয়াতটিও স্পষ্ট নিদের্শ করিতেছে যে, মে’রাজ বস্তুতঃ একটি অতি পবিত্র রূহানী ও আধ্যাত্মিক ভ্রমণ ছিল, যাহাতে নবী করীম (সাঃ)-এর কল্পনাতীত উচ্চ মর্যাদার প্রতি ইঙ্গিত নিহিত রহিয়াছে।

اَفَتُمٰرُوۡنَہٗ عَلٰی مَا یَرٰی ﴿۱۳﴾

১৩
তোমরা কি তাহার সহিত সেই সম্বন্ধে বিতর্ক করিতেছ যাহা সে দেখিয়াছে?

وَلَقَدۡ رَاٰہُ نَزۡلَۃً اُخۡرٰی ﴿ۙ۱۴﴾

১৪
এবং নিশ্চয় সে তাহাকে দ্বিতীয়বার দেখিয়াছে,২৮৭৯
২৮৭৯। মহানবী (সাঃ)-এর এই দিবা-দর্শন দ্বিগুণিত যুগল আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল।

عِنۡدَ سِدۡرَۃِ الۡمُنۡتَہٰی ﴿۱۵﴾

১৫
সর্বশেষ প্রান্তবর্তী কুল বৃক্ষের নিকটে,২৮৮০
২৮৮০। মহানবী (সাঃ) মে’রাজের মাধ্যমে আল্লাহ্‌তা’লার এতই সান্নিধ্যে পৌঁছিয়াছিলেন যে, মানুষ তাহা কল্পনাও করিতে পারে না। এই আয়াতের ইহাও অর্থ হইতে পারে যে, সমুদ্র-প্রমাণ আধ্যাত্মিক জ্ঞান ও তত্ব-তথ্য এবং সত্যের এক অফুরন্ত ভাণ্ডার তাঁহার সম্মুখে তুলিয়া ধরা হইল, ‘সাদির’ শব্দটি, যাহার অর্থ সমুদ্র, একই মূল-ধাতু হইতে উৎপন্ন হইয়াছে, যে মূল-ধাতু হইতে ‘সিদরাত’ উৎপন্ন হইয়াছে (লেইন)। আয়াতটি এই কথাও রূপকাকারে বুঝাইতে পারে যে, কুলগাছের মত, মহানবী (সাঃ)-এর ঐশী লব্ধ জ্ঞান ও শিক্ষামালা আধ্যাত্মিক পথের যাত্রীদের শ্রান্ত-ক্লান্ত অঙ্গ-প্রত্যঙ্গকে সবল-সুস্থ রাখিবে। কুলগাছের পাতা মৃতদেহকে যেমন পচন হইতে রক্ষা করে, তেমনি মহানবী (সাঃ)-এর পবিত্র ঐশী শিক্ষা শুধু আপন পবিত্রতাই রক্ষা করিবে না বরং বিশ্ব-মানবকেও পচন ও অপবিত্র হওয়া হইতে রক্ষা করিবে। এমনও হইতে পারে যে, হুদায়বিয়ার সন্ধির পূর্বে মহানবী (সাঃ)-এর হাতে হাত রাখিয়া সাহাবীগণ একটি বৃক্ষের ছায়াতলে তাঁহার প্রতি প্রাণান্ত আনুগত্যের অনন্য সাধারণ শপথ গ্রহণ করিয়াছিলেন। এই শপথের সাথে সাথে এই বৃক্ষও চিরস্মরণীয় হইয়া রহিয়াছে এবং চিরস্মরণীয় থাকিবেও। এই আয়াতের বৃক্ষটি ভবিষ্যদ্বাণীর আকারে হুদায়বিয়ার ঐ বৃক্ষটিকেও নির্দেশ করিতে পারে।

عِنۡدَہَا جَنَّۃُ الۡمَاۡوٰی ﴿ؕ۱۶﴾

১৬
উহার নিকট চিরস্থায়ী আশ্রয়স্থলের জান্নাত রহিয়াছে।

اِذۡ یَغۡشَی السِّدۡرَۃَ مَا یَغۡشٰی ﴿ۙ۱۷﴾

১৭
(সে এই দৃশ্য তখন দেখিয়াছিল) যখন কুল বৃক্ষকে উহা (ঐশী-বিকাশ) আচ্ছাদন করিতেছিল যাহা (ঐসময়) আচ্ছাদন করিয়া থাকে।২৮৮১
২৮৮১। “যাহা ঢাকিয়া বা ছাইয়া ফেলে” শব্দগুলি দ্বারা আল্লাহ্‌তা’লার জ্যোতির্বিকাশকে বুঝাইতেছে।

مَا زَاغَ الۡبَصَرُ وَمَا طَغٰی ﴿۱۸﴾

১৮
তাহার দৃষ্টি তখন বিভ্রান্তও হয় নাই এবং লক্ষ্য অতিক্রমও করে নাই।

لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّہِ الۡکُبۡرٰی ﴿۱۹﴾

১৯
নিশ্চয় সে তাহার প্রতিপালকের নিদর্শনসমূহের মধ্যে সর্বাধিক মহান নিদর্শন দেখিয়াছিল।

اَفَرَءَیۡتُمُ اللّٰتَ وَالۡعُزّٰی ﴿ۙ۲۰﴾

২০
এখন তোমরা আমাকে ‘লাত’ এবং ‘উয্‌যার’ অবস্থা শুনাও;