৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

فَطَوَّعَتۡ لَہٗ نَفۡسُہٗ قَتۡلَ اَخِیۡہِ فَقَتَلَہٗ فَاَصۡبَحَ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۳۱﴾

৩১
অতঃপর, তাহার (দুষ্ট) চিত্ত তাহাকে তাহার ভাইকে হত্যা করিতে প্রবৃত্ত করিল; অতএব, সে তাহার ভাইকে হত্যা করিল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল।

فَبَعَثَ اللّٰہُ غُرَابًا یَّبۡحَثُ فِی الۡاَرۡضِ لِیُرِیَہٗ کَیۡفَ یُوَارِیۡ سَوۡءَۃَ اَخِیۡہِ ؕ قَالَ یٰوَیۡلَتٰۤی اَعَجَزۡتُ اَنۡ اَکُوۡنَ مِثۡلَ ہٰذَا الۡغُرَابِ فَاُوَارِیَ سَوۡءَۃَ اَخِیۡ ۚ فَاَصۡبَحَ مِنَ النّٰدِمِیۡنَ ﴿ۚۛۙ۳۲﴾

৩২
তখন আল্লাহ্ এক কাক প্রেরণ করিলেন, সে মাটি খুঁড়িতে লাগিল৭৩৯ যাহাতে সে তাহাকে দেখায় যে কিভাবে সে তাহার ভ্রাতার লাশকে ঢাকিয়া দেয়। সে বলিল, ‘হায় পরিতাপ আমার জন্য! আমি কি এই কাকের মতও হইতে পারি নাই যে, আমি আমার ভ্রাতার লাশ ঢাকিয়া দিই?’ অতঃপর, সে অনুতাপকারীদের অন্তর্ভুক্ত হইল।
৭৩৯। দাঁড়কাকের ঘটনা সত্যি ঘটিয়াছিল কিনা অথবা ইহা একটি উপদেশপূর্ণ উপাখ্যান মাত্র, এই নিয়া তফ্‌সীরকারকগণের মাঝে মতভেদ আছে। ইহা একেবারে অসম্ভবও নয় যে, এইরূপ বাস্তবিকই ঘটিয়াছিল। পাখীদের আচরণ ও অভ্যাস পাঠে এরূপ ধরণের বহু তথ্য আবিস্কৃতও হইয়াছে। (আদিপুস্তক-৪ঃ১- ১৫ এবং ‘দি জেরুসালেম তরগুম’ দেখুন )

مِنۡ اَجۡلِ ذٰلِکَ ۚۛؔ کَتَبۡنَا عَلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَنَّہٗ مَنۡ قَتَلَ نَفۡسًۢا بِغَیۡرِ نَفۡسٍ اَوۡ فَسَادٍ فِی الۡاَرۡضِ فَکَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیۡعًا ؕ وَمَنۡ اَحۡیَاہَا فَکَاَنَّمَاۤ اَحۡیَا النَّاسَ جَمِیۡعًا ؕ وَلَقَدۡ جَآءَتۡہُمۡ رُسُلُنَا بِالۡبَیِّنٰتِ ۫ ثُمَّ اِنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ بَعۡدَ ذٰلِکَ فِی الۡاَرۡضِ لَمُسۡرِفُوۡنَ ﴿۳۳﴾

৩৩
এই কারণে আমরা বনী ইস্‌রাঈলের জন্য বিধিবদ্ধ করিয়াছিলাম যে, কেহ কোন ব্যক্তিকে—কোন ব্যক্তির (হত্যার) বদলা ব্যতিরেকে অথবা দেশে কলহ-বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ব্যতিরিকে—হত্যা করিলে, সে যেন সমগ্র মানবমণ্ডলীকে হত্যা করিল, যে কেহ একটি জীবনকে বাঁচাইল সে যেন সমগ্র মানব মণ্ডলীকে বাঁচাইল।৭৪০ এবং আমাদের রসূলগণ অবশ্যই তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলীসহ আসিয়াছিল, কিন্তু ইহার পরেও তাহাদের মধ্যে অনেক লোকই দেশে বাড়াবাড়ি করে।
৭৪০। এই আয়াতে ইঙ্গিত দেওয়া হইয়াছে যে, আদম (আঃ)-এর দুই পুত্রের ঘটনার মত একটি ঘটনা ভবিষ্যতেও ঘটিবার উপক্রম হইবে। তবে, পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার চাইতে বহুগুণ তাৎপর্যপূর্ণ হইবে। ইস্‌রাঈলীদের ভ্রাতৃবংশে একজন নবী আসার কথা তাহাদের ধর্মগ্রন্থে আছে। এই সত্যটি ইসরাঈলীদের সহ্য হইবার কথা নয়, তাহারা ঈর্ষাবশতঃ তাঁহার রক্ত ঝরাইবে, যেমন কাবীল তাহার ভ্রাতা হাবীলের রক্ত ঝরাইয়াছিল। কিন্তু ঐ নবীতো সাধারণ আত্মার মানব নহেন। বিশ্ব-সংস্কারের জন্য তাঁহার আগমন নির্ধারিত ছিল যাহার মাধ্যমে ভবিষ্যতের বিশ্বমানবের জন্য চিরস্থায়ী বিধি-বিধান আসা অবধারিত ছিল এবং যাহার উপর মানবের ভবিষ্যৎ ভাগ্য জড়িত থাকার কথাও লিপিবদ্ধ। কাজেই তাঁহাকে হত্যা করার অর্থ দাঁড়াইতো বিশ্বের সকল মানুষকে যেন হত্যা করা এবং তাঁহাকে সংরক্ষণ করার অর্থ দাঁড়াইতো বিশ্বের সমগ্র মানবজাতিকে সংরক্ষণ করা।

اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیۡنَ یُحَارِبُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَیَسۡعَوۡنَ فِی الۡاَرۡضِ فَسَادًا اَنۡ یُّقَتَّلُوۡۤا اَوۡ یُصَلَّبُوۡۤا اَوۡ تُقَطَّعَ اَیۡدِیۡہِمۡ وَاَرۡجُلُہُمۡ مِّنۡ خِلَافٍ اَوۡ یُنۡفَوۡا مِنَ الۡاَرۡضِ ؕ ذٰلِکَ لَہُمۡ خِزۡیٌ فِی الدُّنۡیَا وَلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۙ۳۴﴾

৩৪
যাহারা আল্লাহ্‌ এবং তাহার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় দৌড়িয়া বেড়ায়, তাহাদের কর্মের প্রতিফল ইহাই যে, তাহাদিগকে হত্যা করা হইবে বা ক্রুশবিদ্ধ করিয়া নিহত করা হইবে বা (তাহাদের শত্রুতামূলক কাজের জন্য) তাহাদের হাত পা বিপরীত দিক হইতে কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদিগকে দেশ হইতে নির্বাসিত করা হইবে।৭৪১ ইহা হইবে তাহাদের জন্য ইহকালের লাঞ্ছনা, এবং পরকালেও তাহাদের জন্য মহা শাস্তি (অবধারিত) রহিয়াছে;
৭৪১। রাষ্ট্রের বা সমাজের সামগ্রিক স্বার্থের প্রয়োজনে, বিপদ -জনক সর্বনাশা দুষ্কৃতকারীকে কঠোরতম শাস্তি প্রদানে ইসলাম ইতস্ততঃ করে না। স্বপ্নবিলাসীগণের আবেগ-উচ্ছাস ইত্যাদির তোয়াক্কা না করিয়া, যুক্তি ও বিচারের মাপকাঠি অনুসরণ করতঃ ইসলাম রাষ্ট্রের বা জনগণের বিরুদ্ধে অপরাধকারীর শাস্তি নির্ধারণ করে। এখানে চারি প্রকারের শাস্তি উল্লেখিত হইয়াছে, কোন্ স্থলে কোন্ শাস্তি প্রযোজ্য হইবে, তাহা অপরাধ-সংশ্লিষ্ট অবস্থাবলীর বিচার-বিশ্লেষণ দ্বারা স্থিরীকৃত হইবে ৷ শাস্তি-ঘোষণা ও বাস্তবায়ন সরকারের দায়িত্ব, কোন ব্যক্তি বিশেষের দায়িত্ব নহে। ইমাম আবু হানিফার মতে, “দেশান্তর করণের’ তাৎপর্য কারাদণ্ড।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡ قَبۡلِ اَنۡ تَقۡدِرُوۡا عَلَیۡہِمۡ ۚ فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿٪۳۵﴾

৩৫
তাহারা ব্যতিরেকে যাহারা তাহাদের উপর তোমাদের আধিপত্য বিস্তার লাভ করার পূর্বে তওবা করিবে, তাহা হইলে জানিয়া রাখ যে, আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।৭৪২
সূরা আল্‌ মায়েদা - রুকু ৫
৭৪২। এই আয়াত ও পূর্ববর্তী আয়াতে সাধারণ চোর-ডাকাতের কথা বলা হয় নাই। বরং বিদ্রোহী, যুদ্ধ-বিগ্রহ ও সন্ত্রাস সৃষ্টিকারী, যাহারা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে এইরূপ কর্মতৎপরতা চালায় তাহাদের জন্য প্রযোজ্য। “যাহারা আল্লাহ্ ও তাঁহার রসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে” বাক্যাংশটি উপরোক্ত অর্থ সমর্থন করে। এই অর্থই যে ঠিক, তাহা এই কথা হইতেও বুঝা যায় যে, অপরাধীরা অনুশোচনা করিলে, তাহা - দিগকে ক্ষমাও করা যাইতে পারে। কিন্তু যাহারা ব্যক্তির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে জঘন্য ও হিংসাত্মক অপরাধ করে, স্বাভাবিকভাবেই, রাষ্ট্র তাহাদিগকে ক্ষমা করিতে পারে না; তাহারা অনুশোচনা করিলেও না। আইন-সম্মত শাস্তি তাহাকে ভূগিতেই হইবে। অবশ্য অনুশোচনা আল্লাহ্‌র ক্ষমা আকর্ষণ করে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা বিধিবদ্ধ ও সীমাবদ্ধ। অবশ্য রাজনৈতিক অপরাধীগণকে, অনু শোচনা ও ভবিষ্যতে কোনও ধরণের রাষ্ট্রবিরোধী অপরাধ না করার অঙ্গীকার সাপেক্ষে ক্ষমা করা যাইতে পারে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَابۡتَغُوۡۤا اِلَیۡہِ الۡوَسِیۡلَۃَ وَجَاہِدُوۡا فِیۡ سَبِیۡلِہٖ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۳۶﴾

৩৬
হে যাহারা ঈমান আনিয়াছ! আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং তাঁহার নৈকট্য লাভের উপায়৭৪৩ অন্বেষণ কর এবং তাঁহার পথে জিহাদ কর, যাহাতে তোমরা সফলকাম হও।
৭৪৩। ‘উসিলা’র অর্থ, কোন কিছুতে পৌঁছাইবার উপায়, বাদ্‌শাহের কাছে মর্যাদাসম্পন্ন পদ, উপাধি, একাত্মতা, নৈকট্য, সংযোগ বা বন্ধন (লেইন)। শব্দটির অর্থ “আল্লাহ্ ও মানবের মধ্যে মধ্যস্থতাকারী” নহে। কারণ, আরবী ভাষা, ব্যবহারিক দিক হইতে এই অর্থ মোটেই সমর্থন করে না। তাহা ছাড়া, “মধ্যস্থতাকারী আল্লাহ্ ও মানবের মধ্যে” এই ধারণাটাই কুরআনের শিক্ষার বিপরীত। ইহা রসূলুল্লাহ (সাঃ)-এর হাদীসেরও পরিপন্থী। আযান দেওয়ার পর সাধারণতঃ যে দোয়া পাঠ করা হয়, তাহাতে আছে “হে আল্লাহ্, মুহাম্মদ (সাঃ)-কে উসিলা দান কর”। ইহার অর্থ, আল্লাহ্‌তা’লা যেন নবী করীম (সাঃ)-কে অধিক হইতে অধিকতর নৈকট্য ক্রমাগত ভাবে দান করিতে থাকেন। ইহার অর্থ কখনও এইরূপ হইতে পারে না যে, আল্লাহ যেন তাঁহার ও মুহাম্মদ (সাঃ)-এর মধ্যে একজন মধ্যস্থতাকারী দান করেন।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ اَنَّ لَہُمۡ مَّا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا وَّمِثۡلَہٗ مَعَہٗ لِیَفۡتَدُوۡا بِہٖ مِنۡ عَذَابِ یَوۡمِ الۡقِیٰمَۃِ مَا تُقُبِّلَ مِنۡہُمۡ ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
নিশ্চয় যাহারা অস্বীকার করিয়াছে, জগতে যাহা কিছু আছে যদি উহা সবই এবং তৎসঙ্গে উহার সমতুল্য আরও তাহাদের নিকট থাকিত যাহাতে তাহারা কিয়ামতের দিনের আযাব হইতে রক্ষা পাওয়ার জন্য উহা মুক্তি-পণ স্বরূপ দিতে পারিত, তবু উহা তাহাদের নিকট হইতে কবুল করা হইত না; বস্তুতঃ তাহাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে।

یُرِیۡدُوۡنَ اَنۡ یَّخۡرُجُوۡا مِنَ النَّارِ وَمَا ہُمۡ بِخٰرِجِیۡنَ مِنۡہَا ۫ وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿۳۸﴾

৩৮
তাহারা আগুন হইতে বাহির হইবার চেষ্টা করিবে, কিন্তু তাহারা উহা হইতে বাহির হইতে পারিবে না, এবং তাহাদের জন্য এক স্থায়ী আযাব রহিয়াছে।

وَالسَّارِقُ وَالسَّارِقَۃُ فَاقۡطَعُوۡۤا اَیۡدِیَہُمَا جَزَآءًۢ بِمَا کَسَبَا نَکَالًا مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۳۹﴾

৩৯
এবং যে পুরুষ চোর এবং যে নারী চোর, তোমরা তাহাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ হাত কাটিয়া দাও, ইহা আল্লাহ্‌র তরফ হইতে দৃষ্টান্ত-মূলক শাস্তি৭৪৪ এবং আল্লাহ্‌ মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৭৪৪। এই আয়াতে “যে পুরুষ চোর” এই কথাটি, “যে নারী চোর” কথাটির পূর্বে বলা হইয়াছে, ইহার কারণ পুরুষেরাই সাধারণতঃ চুরি করে বেশী, মেয়ে চোর সংখ্যায় কম। আবার ২৪ঃ৩ আয়াতে ব্যভিচারিণী উল্লেখ হইয়াছে “ব্যভিচারী”র পূর্বে। কারণ স্ত্রীলোকের ক্ষেত্রে, অবৈধ সঙ্গমের প্রমাণ মিলে সহজে, কিন্তু পুরুষের ক্ষেত্রে প্রমাণ তত সহজে মিলে না। তাছাড়া অধিক পর্দা করার আদেশ দেওয়া হইয়াছে স্ত্রীলোককে। স্ত্রীলোকের যথাযথ পর্দা না করার কারণেও অনেক সময় এই জঘন্য অপরাধ সংঘটিত হয়, এই জন্যও ব্যভিচারিণীর উল্লেখ ব্যভিচারীর আগে করা হইয়াছে, বলা যায়। ইহাদ্বারা প্রমাণিত হয় যে, কুরআনের কথাগুলি অতিশয় প্রজ্ঞার সহিত সুশৃঙ্খলভাবে সাজানো হইয়াছে। এমনকি শব্দ-সাজানোর মধ্যেও বুদ্ধিমত্তা ও শৃঙ্খলা এবং বিন্যাস রহিয়াছে। চুরি করার যে শাস্তি নির্ধারণ করা হইয়াছে, তাহা খুবই কঠোর বলিয়া মনে হয়। তবে, মানুষের অভিজ্ঞতা হইতে ইহাই প্রমাণিত হয় যে, অপরাধ নিবারণ করিতে হইলে শাস্তি দৃষ্টান্ত মূলক হওয়া প্রয়োজন। সহস্র জনকে কুপথ হইতে বাঁচাইতে গিয়া একজনের প্রতি কঠোর হওয়া ভাল, কিন্তু একজনকে প্রশ্রয় দিয়া হাজারো জনকে নষ্ট করা কোন মতেই ঠিক নহে। যে সার্জ্জন পচনশীল অঙ্গকে কাটিয়া ফেলিয়া দেন, তিনিই ভাল সার্জ্জন, কেননা তিনি বাকী সমস্ত শরীরটাকে বাঁচাইলেন। ইসলামের পূর্ণ বিকাশের দিনে চোরের হাত কাটার ঘটনা বড় একটা ঘটে নাই বলিলেই চলে। কারণ, এই দৃষ্টান্তমূলক শাস্তি ছিল কার্যকর প্রতিরোধক। আরব দেশে, যেখানে এই শাস্তিদান এখনও বলবৎ আছে, চুরির ঘটনা কদাচিত ঘটিয়া থাকে। এই শাস্তির প্রকৃত স্বরূপ বুঝার জন্য, কাত্‌উ’ ‘ইয়াদ’ (কর্তন ও হাত) দুইটি শব্দের আক্ষরিক ও রূপক অর্থ জানা দরকার। আরবীতে ‘কাতাআ’হু বিল হুজ্জাতি’ অর্থ ‘সে যুক্তিদ্বারা তাহাকে নীরব করিয়া দিল’ (লেইন)। ‘ইয়াদ’এর অন্যান্য অর্থ ছাড়াও একটি অর্থে কর্মক্ষমতা বুঝায়। যেমন, ‘কাতাআ’ ইয়াদাহু’ রূপক অর্থে বুঝায়, তাহাকে কাজ করিবার ক্ষমতা-রহিত করা হইল বা তাহাকে কাজ করা হইতে বিরত বা সংযত করা হইল ৷ ১২ঃ৩২ দেখুন। শব্দ দুইটির এই তাৎপর্য অনুযায়ী, এই আয়াতে ‘ফাক্‌তায়ূ’আইদিয়াহুমা’র অর্থ এইরূপ হইতে পারে, তাহাদের চুরি করিবার ক্ষমতা হরণ কর অর্থাৎ এমন ব্যবস্থা গ্রহণ কর যাহাতে তাহারা চুরি করিতে না পারে’। আক্ষরিক অর্থ নিলে, এই আয়াতে যে শাস্তির কথা বলা হইয়াছে, তাহা সর্বোচ্চ শাস্তি। আর শাস্তি সেই পাকা চোরের ক্ষেত্রেই প্রযোজ্য, চুরি করা যাহার স্বভাবের অঙ্গ হইয়া গিয়াছে। আর নিম্নতর শাস্তি হইল, এমন উপায় অলম্বন করা যাহাতে অপরাধী ব্যক্তি চুরি করার ক্ষমতা হইতে বিরত ও নিবৃত্ত থাকে। শাস্তি-দানের সময়, কার্য-কারণ ও অবস্থা-ব্যবস্থা ইত্যাদি বিষয়াদিও বিবেচনা করিতে হইবে। এতদ্ব্যতীত, ‘আস্-সারিক’ শব্দের মধ্যে ‘আতিশয্যের ভাব’ বিদ্যমান থাকায় সাধারণ চোর না বুঝাইয়া বরং ‘স্বভাব চোর’ বা ‘পাকা চোর’ বুঝাইতেছে, এই কথা বিবেচনায় রাখিতে হইবে। কি পরিমাণ অর্থ বা সম্পত্তি চুরি করিলে এই হাত কাটার শাস্তি প্রযোজ্য হইবে, এই নিয়াও জ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। কেহ কেহ বলিয়াছেন, তিন দিরহাম বা সিকি দীনার চুরি করিলে এই শাস্তি দেওয়া যাইতে পারে। কেহ কেহ বলেন, গাছ হইতে ফল পাড়িলে, কিংবা ভ্রমণরত অবস্থায় চুরি করিলে এই শাস্তি দেওয়া যাইবে না (দাউদ)। ইমাম্ আবু হানিফা ১০ দিরহাম, ইমাম মালিক ও ইমাম শাফী ৩ দিরহাম চুরি করা, এই শাস্তির জন্য নূন্যতম সম্পদের পরিমাণ নির্ধারণ করিয়াছেন। ধর্ম বিশারদগণের মতানৈক্য ইহাই প্রমাণ করে যে, শাস্তি দানের ব্যাপারে ইহার প্রকৃতি, ধরণ ও পরিমাণাদি নির্ণয়ে বিচারক বহুলাংশে স্বীয় বুদ্ধি-বিবেচনা খাটাইতে পারেন।

فَمَنۡ تَابَ مِنۡۢ بَعۡدِ ظُلۡمِہٖ وَاَصۡلَحَ فَاِنَّ اللّٰہَ یَتُوۡبُ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴۰﴾

৪০
কিন্তু যে কেহ তাহার যুলুম করার পর তওবা করে এবং সংশোধন করে, তাহা হইলে আল্লাহ্ অবশ্যই তাহার প্রতি দয়ার দৃষ্টিপাত করিবেন, নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।